০৭:০৪ পি.এম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা জানান দিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছেন মো. শহিদুল ইসলাম হাওলাদার। ইউনিয়নকে শান্তিপূর্ণ, উন্নত ও আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় ও জনসংযোগ শুরু করেছেন।
এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় উত্তর রমজানপুরের ২৪ ঘর হাওলাদার বাড়ির ঈদগাহ মাঠে তাঁর প্রথম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। পারিবারিক উদ্যোগে আয়োজিত এ বৈঠকে স্থানীয় বাসিন্দা, বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে এলাকায় নির্বাচনী আমেজ সৃষ্টি হয়।
এ বি এম শাজাহান ব্যাপারী (মাস্টার)-এর সভাপতিত্বে এবং মো. হাসান হাওলাদার (মাস্টার)-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রমজানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. স্বপন মোল্লা। এ ছাড়া উপস্থিত ছিলেন মো. আলী হোসেন হাওলাদার, মো. হেমায়েত হোসেন বেপারী, মো. জাবেদ হোসেন পলকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরও পড়ুন: ঝিরি থেকে পাথর তুলে উন্নয়ন প্রকল্পে যাচ্ছে
বক্তব্যে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. স্বপন মোল্লা বলেন, ২৪ ঘর হাওলাদার বাড়ি দীর্ঘদিন ধরে অন্যদের নির্বাচনে সহযোগিতা করে আসছে। তাঁদের সমর্থন নিয়ে অনেকেই চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এবার নিজেদের মধ্য থেকে প্রার্থী বাছাই করা হয়েছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী মো. শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ‘আমি রমজানপুর ইউনিয়নকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। দল-মতনির্বিশেষে সাধারণ মানুষের পাশে থেকে তাঁদের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য।’
এ সময় তিনি উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বৈঠকে উপস্থিত স্থানীয় বাসিন্দা ও নেতাকর্মীরা শহিদুল ইসলাম হাওলাদারের প্রতি সমর্থন জানান এবং আসন্ন নির্বাচনে তাঁকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আরও পড়ুন: পূর্বধলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথি ও স্থানীয়দের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন