বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৫:৩০ পি.এম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা বজ্রপাতের কারণে ঘটেছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউয়ের বাড়ির গেটে গ্যাসের রাইজারে আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরের সময় বৃষ্টির সঙ্গে সাথে প্রচণ্ড বজ্রপাত হচ্ছিল। বজ্রপাতে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নিজ বাসভবনের সামনে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখা যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ করে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম জানিয়েছেন, দুপুর ১টা ১৫ মিনিটে মন্ত্রীর বাড়িতে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও বলেন, বাড়ির গেটম্যানের মতে, গ্যাস রাইজারে বজ্রপাত হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিএসজির বিশ্বরেকর্ড, তবু কেন ‘প্রচারবিমুখ’ ক্লাব
একই ক্লাব থেকে একসঙ্গে ১০ ফুটবলার ব্যালন ডি’অরের মনোনয়ন পেয়েছে, এমন ঘটনা বিশ্ব ফুটবলে আগে কখনো দেখা যায়নি। পিএসজি এই অনন্য ইতিহাস গড়েছে।
প্যারিসের এই পরাশক্তি দলটির প্রতি এখন উত্তেজনা তুঙ্গে থাকলেও ক্লাব কর্তৃপক্ষ বেছে নিয়েছে এক ব্যতিক্রমী কৌশল। তারা প্রিয় কোনো তারকার জন্য প্রচারণায় নামতে অস্বীকৃতি জানিয়েছে।
৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় পিএসজির সরাসরি ৯ জন ফুটবলার স্থান পেয়েছে, যা গত বছরের রেকর্ডের সমান। তবে গ্রীষ্মের দলবদলে বার্সেলোনা থেকে স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তোরেস প্যারিসে পাড়ি জমানোর ফলে পিএসজির সঙ্গে সম্পর্কিত মোট ১০ জন ফুটবলার এই তালিকার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।
পিএসজির মনোনীতদের তালিকার শীর্ষে রয়েছেন বর্তমান ব্যালন ডি’অরজয়ী ওসমানে ডেম্বেলে। তালিকায় আরও আছেন খভিচা কাভারেস্খেইয়া, আশরাফ হাকিমি, নুনো মেন্দেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ফাবিয়ান রুইস, মার্কিনিয়োস, উইলিয়ান পাচো এবং নতুন আসা ফেরান তোরেস।
স্প্যানিশ মিডফিল্ডার ফাবিয়ান রুইস এবার চ্যাম্পিয়ন্স লিগ ও বিশ্বকাপের জোড়া মুকুট জিতে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছেন। অধিনায়ক মার্কিনিয়োসের নেতৃত্বের গুণ এবং কাভারেস্খেইয়ার সাম্প্রতিক দুর্দান্ত ফর্ম তাদের এই দৌড়ে এগিয়ে রেখেছে।
তবে ক্লাব কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তারা নিজেদের কোনো এক খেলোয়াড়ের জন্য আলাদা করে প্রচার চালাবে না।
ফরাসি দৈনিক লেকিপ-এর তথ্য অনুযায়ী, ড্রেসিংরুমের ভারসাম্য রক্ষা করতেই ক্লাব এই অবস্থান নিয়েছে। তারা মনে করছে, এক তারকার চেয়ে অন্য তারকাকে এগিয়ে রাখলে দলের ভেতরে নেতিবাচক প্রভাব পড়তে পারে। ফুটবল ইতিহাসে এত বিশাল সংখ্যার মনোনয়ন পেয়েও কোনো ক্লাবের এমন নীরব ভূমিকা সত্যিই বিরল।
আগামী ২৬ অক্টোবর লন্ডনে বর্ষসেরার এই জমকালো আসর বসতে যাচ্ছে।
পিএসজি কোনো একক তারকার পেছনে না দাঁড়িয়ে যে নিরপেক্ষতার ছক কষেছে, শেষ পর্যন্ত তা কতটা সফল হয়, সেটাই এখন দেখার বিষয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভোলা, ৯ সেপ্টেম্বর, ২০২৬ : ‘চেতনায় নারী, বিপ্লবে নারী, গণতন্ত্র ফেরাতে আমরাই পারি’ এ প্রতিপাদ্যে ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে জেলা মহিলা দল।
আজ বুধবার সকাল ১০ টায় জেলা মহিলা দলের উদ্যোগে শহরের মহাজনপট্টি এলাকায় অবস্থিত জেলা বিএনপির দলীয় প্রধান কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই এলাকায় গিয়ে শেষ হয়। এতে জেলা ও বিভিন্ন পর্যায়ের মহিলা দলের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে দলীয় কার্যালয়ে জেলা মহিলা দলের সভাপতি সাজেদা আক্তার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ।
আলোচনা সভায় মহিলা দলের অন্যান্য নেত্রীগণ বলেন, দেশের মানুষের কল্যাণে নারীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। রাজপথের রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরে নারীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, গণতান্ত্রিক আন্দোলন ও দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আগামী দিনের যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে সাহস, নিষ্ঠা ও ঐক্যের সঙ্গে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন দলের নেতৃবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জামালপুরের বকশীগঞ্জে দোকানে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভেজ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া গ্রামের আইমনা মতিবর উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত পারভেজ ওই গ্রামের জামাত ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে ফকির আলীর মুদি দোকানে বিদ্যুতের কাজ করতে যান পারভেজ। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংসদ ভবন, ৯ সেপ্টেম্বর, ২০২৬ : সড়ক দুর্ঘটনা রোধ ও সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে দেশের সড়ক ও মহাসড়কে চলাচলকারী গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম আজ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সরকারি দলের সদস্য (মহিলা আসন-৩১) সানজিদা ইয়াসমিনের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, জিপিএস প্রযুক্তির মাধ্যমে গণপরিবহনের অবস্থান ও গতি সহজেই পর্যবেক্ষণ করা যাবে। ফলে গণপরিবহন যত্রতত্র থামিয়ে যাত্রী ওঠানামা এবং অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়ম নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
তিনি বলেন, কোনো গণপরিবহন নির্ধারিত গতিসীমা অতিক্রম করলে বা ট্রাফিক আইন অমান্য করলে তা স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট পরিবহনের চালক ও মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নরসিংদী-৫ আসনের সরকারি দলের সদস্য মো. আশরাফ উদ্দিনের অপর এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সড়ক দুর্ঘটনা হ্রাস ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদার মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময় দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
তিনি জানান, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোট ৭৬ হাজার ৪৬৩ জন গাড়িচালককে এ প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে।
প্রশিক্ষণে ট্রাফিক সাইন, সিগন্যাল ও রোড মার্কিং সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা, মাদক সেবন করে মোটরযান চালানোর কুফল, নিরাপদ সড়কের গুরুত্ব এবং দূষণ রোধে করণীয় সম্পর্কে চালকদের সচেতন করা হচ্ছে।
মন্ত্রী আরও জানান, ‘বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প’-এর আওতায় ৬০ হাজার চালককে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৪০ হাজার নতুন চালককে মৌলিক প্রশিক্ষণ এবং ২০ হাজার ভারী যানবাহনের চালককে রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হবে।
এর মাধ্যমে দক্ষ ও নিরাপদ চালক তৈরি এবং সড়ক দুর্ঘটনা হ্রাসে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ