১২:৪০ এম
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার কুকাদাইর এলাকার যমুনা নদীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন সময় নৌকাসহ পাঁচজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের ভূঞাপুর থানা পুলিশের কাছে সোপর্দ করার পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
বুধবার ভোরের দিকে উপজেলার কুকাদাইর এলাকার যমুনা নদীর পাশে কালা সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃত ব্যক্তিরা হলেন গাজীপুর জেলার রুবেল (৩৯), ইব্রাহীম (২১), ছাত্তার (৩০), টাঙ্গাইল সদর উপজেলার হুমায়ুন (৩৫) এবং ভূঞাপুর উপজেলার মিলন (২৮)।
আরও পড়ুন: পূর্ণিমা রাতে ব্রহ্মপুত্রের তীরে লালনের সুরে মুখরিত ময়মনসিংহ
স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে যমুনা নদীতে একটি নৌকায় কিছু লোক সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে এলাকাবাসী তাদের গতিরোধ করে। পরে জিজ্ঞাসাবাদে তাদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা আরো নিশ্চিত হন। সেই সময় তাদের কাছ থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারণা অনুযায়ী, নদীপথে ডাকাতির উদ্দেশ্যে তারা অবস্থান নিয়েছিল এবং ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর আটক ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেয়।
কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মঞ্জুরুল ইসলাম জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার স্থানে গিয়ে পাঁচজনকে থানায় আনা হয়েছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
ভূঞাপুর থানার ওসি মোহাম্মদ সাব্বির রহমান জানান, প্রাথমিক তদন্তে আটক ব্যক্তিরা সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য বলে তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পরে আদালতের অনুমোদনের মাধ্যমে তাদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: কটিয়াদী ও মনোহরদীতে আড়িয়লখাঁ নদে অবৈধ জালের বাঁধ, মৎস্য সম্পদ হুমকির মুখে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন