১০:৪১ পি.এম
প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের ১৯ বছর পূর্ণ হলেও উপকূলের মানুষ আজও স্বজন হারানোর বেদনা ও ধ্বংসযজ্ঞের স্মৃতি বয়ে বেড়াচ্ছেন। নিহতদের স্মরণে বরগুনা প্রেসক্লাবের উদ্যোগে রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে নিহতদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি বক্তারা বরগুনায় আবহাওয়া অফিস স্থাপন, গভীর সমুদ্রে কার্যকর মোবাইল নেটওয়ার্ক চালু এবং সিডরে সৃষ্ট গণকবর চিহ্নিত করে সংরক্ষণের দাবি জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব এস এম হুমায়ুন হাসান শাহীন। বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ।
আরও পড়ুন: বরিশালে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক সৌরভ ফালিয়া নিহত
প্রধান অতিথি নজরুল ইসলাম মোল্লা বলেন, "সিডরের ১৯ বছর পেরিয়ে গেলেও স্বজনহারা মানুষের বেদনা আজও শেষ হয়নি। নিহতদের স্মৃতি সংরক্ষণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি রাষ্ট্রীয় ও সামাজিক দায়িত্ব পালন করতে হবে। দুর্যোগ মোকাবিলায় সারা বছর কার্যকর প্রস্তুতি থাকা জরুরি।"
বিশেষ অতিথি এস এম হুমায়ুন হাসান শাহীনসহ বক্তারা উল্লেখ করেন, ২০০৭ সালের ১৫ নভেম্বর সিডরের আঘাতে বরগুনাসহ দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ জনপদ লণ্ডভণ্ড হয়ে যায়। বিশেষ করে পাথরঘাটা, আমতলী ও তালতলী উপজেলায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি ঘটে। বহু পরিবার হারায় স্বজন, বসতভিটা ও জীবিকার অবলম্বন।
বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও লবণাক্ততার ঝুঁকি বাড়ছে। গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেদের নিরাপত্তায় নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক ও কার্যকর যোগাযোগব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। পাশাপাশি সিডরের গণকবরগুলো চিহ্নিত করে সীমানা নির্ধারণ, স্মৃতিফলক স্থাপন ও সংরক্ষণের উদ্যোগ নিতে হবে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, মনির হোসেন কামাল, অ্যাডভোকেট সোহেল হাফিজ, পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি চৌধুরী মো. ফারুক, জাফর হোসেন হাওলাদার, জাহাঙ্গীর কবীর মৃধা, রেজাউল ইসলাম টিটু, ফেরদৌস খান ইমন, মালেক মিঠু এবং রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান মো. সজিব হোসেন প্রমুখ।
আরও পড়ুন: দুবলার চরে রাসপূর্ণিমা ও পুণ্যস্নান ২২-২৪ নভেম্বর
স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে সিডরে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা উপকূলীয় মানুষের নিরাপত্তায় পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র নির্মাণ, টেকসই বেড়িবাঁধ, কার্যকর আগাম সতর্কবার্তা এবং দ্রুত উদ্ধারব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন