১২:৪৯ এম
সিরাজগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সূর্যপূজা বা ছটপূজা বিপুল উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদ্যাপিত হয়েছে।
এ উপলক্ষে রোববার (১৫ নভেম্বর) বিকেলে শহরের যমুনা নদীর তীরে বিভিন্ন বয়সের নারী-পুরুষ জড়ো হন। নদীর তীরে পূজা ও প্রার্থনার মাধ্যমে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
পূজার রীতি অনুসারে, ভক্তরা টানা ৩৬ ঘণ্টা উপবাস থেকে নদীতে নেমে সূর্য দেবতার উদ্দেশে প্রার্থনা করেন। প্রথম দিন বিকেলে সূর্যাস্ত পর্যন্ত পানিতে দাঁড়িয়ে প্রার্থনা চলতে থাকে। পরদিন ভোরে সূর্যোদয়ের আগমুহূর্তে সূর্য দেবতার উদ্দেশে পূজা ও অর্ঘ্য নিবেদন করা হয়।
আরও পড়ুন: দুবলার চরে রাসপূর্ণিমা ও পুণ্যস্নান ২২-২৪ নভেম্বর
রোববার দুপুর থেকেই শহরের বিভিন্ন এলাকা থেকে পূজার ডালা সাজিয়ে ভক্তরা দলে দলে যমুনার তীরে আসতে শুরু করেন। এ সময় শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ঢাকঢোলের বাদ্যে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। নদীর ঘাটে ফল, ফুল ও বিভিন্ন ধরনের মিষ্টান্ন দিয়ে সূর্য দেবতার উদ্দেশে নৈবেদ্য সাজানো হয়। প্রতিটি ডালায় জ্বালানো হয় মঙ্গলপ্রদীপ।
এই সময় পুণ্যার্থীরা দেশ, জাতি ও সমাজের মঙ্গল কামনায় প্রার্থনা করেন। পূজা দেখতে দূরদূরান্ত থেকেও দর্শনার্থীরা আসেন।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সন্তোষ কুমার কানু জানান, অন্যান্য বছরের তুলনায় এবার যমুনার তীরে পূজার আয়োজন আরও জাঁকজমকপূর্ণ হয়েছে। ভক্তদের নির্বিঘ্নে পূজার অর্ঘ্য নিবেদন করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
আয়োজক কমিটির সাধারণ সম্পাদক চঞ্চল সিং বলেন, সূর্যপূজাকে আরও আনন্দময় করতে বিভিন্ন এলাকার ভক্তদের একত্র করে আয়োজন করা হয়েছে। প্রতিটি এলাকার ভক্তদের জন্য নদীর তীরে নির্দিষ্ট জায়গা রাখা হয়েছে। আগামী বছর আরও বড় পরিসরে যমুনার তীরে এ আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: মহেশখালীর এসপিএম ফেব্রুয়ারিতে চালু, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন