১০:৪৩ পি.এম
ময়মনসিংহ মহানগরীতে মো. জামান (৩৫) নামের এক স্বেচ্ছাসেবক দল নেতা দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন।
রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কোতোয়ালি থানার ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বারেরা মজিদ মার্কেট সংলগ্ন এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
জামান আবু বক্কর সিদ্দিকের ছেলে এবং ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটির সদস্য ছিলেন।
আরও পড়ুন: খুলনা নগর ভবনে পেট্রল বোমা নিক্ষেপ, বড় ক্ষতি হয়নি
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় জামান তার শিশু সন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের হন। মজিদ মার্কেট সংলগ্ন রাস্তার মোড়ে পৌঁছালে মেহেদীসহ কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। জামান কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তার বুকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই ও ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রোমান কাউসার অভিযোগ করেছেন, এলাকায় বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় একটি আওয়ামীপন্থি বালু ব্যবসায়ী গ্রুপের সঙ্গে তার ভাইয়ের বিরোধ চলছিল। সেই দ্বন্দ্বের জের ধরেই জামানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: দলিলে জমির পরিমাণ ও সীমানা যাচাইয়ের কার্যকর পদ্ধতি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন