১০:৪৪ পি.এম
ইরানের তৈরি শাহেদ ড্রোন যুদ্ধক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এবার তেহরান ড্রোনটির উৎপাদন খরচ সম্পর্কে তথ্য প্রকাশ করেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র জানিয়েছেন, শাহেদ-১৩৬ ড্রোন উৎপাদনে সর্বাধিক ২০ হাজার ডলার খরচ হয়।
রোববার (১৫ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
শাহেদ-১৩৬ একটি আত্মঘাতী বা একমুখী ড্রোন। এটি পূর্বনির্ধারিত স্থানাঙ্ক অনুসরণ করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে উড়ে যায় এবং আঘাত হানার পর বিস্ফোরিত হয়। এটি নজরদারি বা পুনর্ব্যবহারযোগ্য যুদ্ধ ড্রোনের মতো ফিরে আসার জন্য ডিজাইন করা হয়নি।
আরও পড়ুন: গাজার ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলকে চার দেশের আহ্বান
২০২১ সালে আনুষ্ঠানিকভাবে শাহেদ-১৩৬ ড্রোনটি উন্মোচন করা হয়। এর বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ত্রিভুজাকৃতির ডানা, পিস্টন ইঞ্জিন এবং পেছনে সংযুক্ত প্রপেলার। বাণিজ্যিকভাবে সহজলভ্য ও তুলনামূলকভাবে কম দামের যন্ত্রাংশ ব্যবহারের কারণে ড্রোনটির উৎপাদন খরচ কম রাখা সম্ভব হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) প্রকাশিত তথ্য অনুযায়ী, শাহেদ-১৩৬ ড্রোনের ওজন প্রায় ২০০ কেজি। এর দৈর্ঘ্য ৩.৩ থেকে ৩.৫ মিটার এবং ডানার বিস্তার আনুমানিক ২.৫ থেকে ৩ মিটার।
ড্রোনটির গতিবেগ ঘণ্টায় প্রায় ১৮০ কিলোমিটার। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, এর কার্যক্ষমতার পরিসর ১,০০০ থেকে ২,৫০০ কিলোমিটার। এটি ২০ থেকে ৫০ কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে সক্ষম বলে ধারণা করা হয়।
নির্দিষ্ট লক্ষ্যবস্তুর স্থানাঙ্কে পৌঁছাতে শাহেদ-১৩৬ ড্রোনে জড়তাভিত্তিক ও স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা ব্যবহার করা হয়। এর পিস্টন ইঞ্জিন ও পেছনের প্রপেলার উড্ডয়নের জন্য প্রয়োজনীয় শক্তি প্রদান করে। তবে বিভিন্ন সংস্করণে পরিবর্তন ও উন্নয়ন আনার ফলে ড্রোনটির কারিগরি বৈশিষ্ট্যে কিছু ভিন্নতা থাকতে পারে।
আরও পড়ুন: লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, ৭৫ পরিবার গৃহহীন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন