ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

নৌবাহিনী ও নৌপরিবহন অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর


নৌবাহিনী ও নৌপরিবহন অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ নৌবাহিনী একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে, যা নৌপরিবহন খাতে প্রযুক্তিগত সহায়তা, দক্ষতা উন্নয়ন ও যৌথ উদ্যোগ বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা জোরদার করবে।

সোমবার (৯ নভেম্বর) নৌ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। নৌপরিবহন অধিদপ্তরের পক্ষে মহাপরিচালক কমডোর মো. শফিউল বারী এবং বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে ডাইরেক্টর, নেভাল অপারেশন এতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর সহকারী প্রধান (অপারেশন) রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। নৌপরিবহন অধিদপ্তরের চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন মো. গিয়াসউদ্দীন আহমেদ, চিফ ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার মির্জা সাইফুর রহমান এবং ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার অ্যান্ড এক্সামিনার মোহাম্মদ ওবায়েদ উল্লাহ ইবনে বশিরও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: নতুন পাসপোর্ট করবেন যেভাবে ও খরচ কত

বক্তারা অনুষ্ঠানে উল্লেখ করেন, এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে দুই প্রতিষ্ঠানের মধ্যে প্রযুক্তিগত সহায়তা ও দক্ষতা বিনিময়ের সুযোগ বৃদ্ধি পাবে। পাশাপাশি, জাতীয় নিরাপত্তার স্বার্থে বিভিন্ন যৌথ উদ্যোগ বাস্তবায়নের পথ সুগম হবে।

তারা আরো বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা এবং নীল অর্থনীতির বিকাশে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এই সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও গবেষণার ক্ষেত্রেও নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।

এই সমঝোতা স্মারক দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা ও সমন্বয় আরো জোরদার করার পাশাপাশি দেশের সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরও পড়ুন: বিদেশে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনার খরচে অনুমতি লাগবে না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দলে ক্লার্কের অন্তর্ভুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দলে ক্লার্কের অন্তর্ভুক্তি

ঢাকা, ৯ নভেম্বর ২০২৬ : চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে চোটগ্রস্ত ব্লেয়ার টিকনারের পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হয়েছেন নর্দার্ন ডিস্ট্রিক্টসের পেসার ক্রিস্টিয়ান ক্লার্ক।

নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। শনিবার ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং করার সময় বলের আঘাতে টিকনার আঘাত পান।

যদিও টিকনারের কনকাশন হয়নি বলে জানানো হয়েছে, তবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হলে ঘটনার দিন থেকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বাধ্যতামূলক সাত দিনের বিরতি শেষ করতে হবে। ম্যাচ চলাকালে তাঁর পরিবর্তে একাদশে খেলেছেন ম্যাট ফিশার।

এদিকে, রোববার ফোর্ড ট্রফির সর্বশেষ রাউন্ডের ম্যাচে নর্দার্ন ডিস্ট্রিক্টসের হয়ে খেলেছেন ক্লার্ক। এর আগে ভারত ‘এ’ দলের বিপক্ষে চার দিনের সিরিজে নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে চার ইনিংসে চার উইকেট নিয়েছেন তিনি।

ব্যাটিংয়ে তার অবদানও উল্লেখযোগ্য। সিরিজের প্রথম ম্যাচে ৪২ এবং দ্বিতীয় ম্যাচে ৪১ রান করেন ক্লার্ক। নিউজিল্যান্ডের হয়ে তিনি এখন পর্যন্ত চারটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেছেন।

অন্যদিকে, পুনর্বাসন প্রক্রিয়ার কারণে ভারতের বিপক্ষে চতুর্থ ও পঞ্চম ওয়ানডে থেকে ছিটকে গেছেন লোকি ফার্গুসন। ৫০ ওভারের সিরিজের আগে টি-টোয়েন্টি সিরিজ চলাকালে তিনি ডান পায়ের পেশীতে চোট পান।

অকল্যান্ডে ওয়ানডে সিরিজ শুরুর আগে অনুশীলন সেশনে ডেভন কনওয়ের সঙ্গে সংঘর্ষের পর ম্যাট হেনরিকে প্রাথমিকভাবে কনকাশনমুক্ত ঘোষণা করা হয়েছিল। তবে ওয়েলিংটনে তাঁর আরও একটি স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

এনজেডসি জানিয়েছে, চতুর্থ ওয়ানডে দিয়ে মাঠে ফেরার লক্ষ্য নির্ধারণ করতে হেনরিকে পরামর্শ দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘তৃতীয় ওয়ানডের পর টেস্ট দলের ক্যাম্পে যোগ দিতে ওয়েলিংটনে যাওয়ার কথা ছিল হেনরি ও কাইল জেমিসনের। তবে তাঁরা এখন চতুর্থ ম্যাচের জন্য দলের সঙ্গেই থাকবেন।’

এনজেডসি আরও নিশ্চিত করেছে, চতুর্থ ও পঞ্চম ওয়ানডের জন্য দলে দুজন খেলোয়াড় যুক্ত করা হবে। টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস ও নাথান স্মিথ বুধবার ওয়েলিংটনে টেস্ট দলের সাথে যোগ দেবেন। আগামী কয়েক দিনের মধ্যে টেস্ট দল ঘোষণা করা হবে।

বর্তমানে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ভারত ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। এর আগে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও ভারত ৩-২ ব্যবধানে জিতেছে।

ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডের জন্য নিউজিল্যান্ড দল :
মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, ক্রিস্টিয়ান ক্লার্ক, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, কাইল জেমিসন, নিক কেলি, টম ল্যাথাম (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট, নাথান স্মিথ ও উইল ইয়ং।

ভারতের বিপক্ষে চতুর্থ ওয়ানডের জন্য নিউজিল্যান্ড দল :
মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ক্রিস্টিয়ান ক্লার্ক, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, মিচেল হে (উইকেটরক্ষক), ম্যাট হেনরি, কাইল জেমিসন, নিক কেলি, টিম সেইফার্ট (উইকেটরক্ষক) ও উইল ইয়ং।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখতে আইএফআরসি’কে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২২ পি.এম


রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখতে আইএফআরসি’কে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিজের ফেডারেশন (আইএফআরসি) কে তাদের বৈশ্বিক নেটওয়ার্ক ব্যবহার করে রোহিঙ্গা এবং স্থানীয় জনগণের জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দফতরে বাংলাদেশে আইএফআরসির নতুন প্রতিনিধি সেভাল গুজেলকিলিঞ্চ তার পরিচয়পত্র পেশ করতে আসলে তিনি এই আহ্বান জানান।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

হুমায়ুন কবির তহবিল হ্রাসের এই সময়ে রোহিঙ্গা এবং স্থানীয় জনগণের ক্রমবর্ধমান মানবিক চাহিদার কথা উল্লেখ করে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি পুনর্ব্যক্ত করেন যে, রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র টেকসই সমাধান।

আইএফআরসির সঙ্গে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে সরকারের আগ্রহ প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) সক্ষমতা বৃদ্ধিতে আইএফআরসির অবদান তুলে ধরেন তিনি।

২০২৬ সালের জুলাই মাসের বন্যা ও ভূমিধসের ঘটনায় আইএফআরসির দ্রুত সাড়াদানের প্রশংসা করেন তিনি এবং দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি ও পূর্বাভাস-ভিত্তিক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন।

সেভাল গুজেলকিলিঞ্চ সরকারকে ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান এবং বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার বিষয়ে আইএফআরসির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

অগ্রাধিকারমূলক বিষয়গুলো তুলে ধরে তিনি মানবিক সেবা বৃদ্ধি, কমিউনিটির সহনশীলতা জোরদার করা, দুর্যোগ মোকাবিলা ব্যবস্থার উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও গভীর করার ওপর জোর দেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে আইএফআরসির মানবিক কার্যক্রম পরিচালনায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাবি শিক্ষার্থী নিষিদ্ধ ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২২ পি.এম


জাবি শিক্ষার্থী নিষিদ্ধ ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। এই সিদ্ধান্তটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গতকাল রোববার ঘোষণা করেছে।

ভারপ্রাপ্ত রেজিস্টার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে উল্লেখ করা হয়, ‘‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮’’-এর ৪ (১) (খ) ধারা অনুযায়ী নিষিদ্ধ সংগঠনের সাথে সংশ্লিষ্টতা ও বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির কার্যক্রমে জড়িত থাকার কারণে শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থী মোহা. আসাদুল আলম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের (রেজিস্ট্রেশন নং: ২০২২৩৭৫৬৭১৩, ক্লাস রোল: ২১০৭) তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ছাত্র। তিনি শহীদ তাজউদ্দীন আহমদ হলের আবাসিক শিক্ষার্থী হিসেবে পরিচিত।

এছাড়া, উক্ত অফিস আদেশের অনুলিপি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা ও প্রশাসন), কোষাধ্যক্ষ, সংশ্লিষ্ট অনুষদের ডিন, হলের প্রভোস্ট এবং প্রয়োজনীয় দপ্তরগুলোতে অবগতি ও ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে ৫৪ সাংবাদিকের মধ্যে কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


রংপুরে ৫৪ সাংবাদিকের মধ্যে কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

রংপুর, ৯ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ পরিচালক এবিএম রফিকুল ইসলাম মন্তব্য করেছেন যে, বঞ্চিত, নির্যাতিত এবং পেশাদার সাংবাদিকদের জন্য আর্থিক অনুদান নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আজ সোমবার দুপুরে রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

এ সময় রংপুর বিভাগের ৬ জেলার মৃতসহ ৫৪ জন সাংবাদিকের মাঝে ২৮ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এর মধ্যে রংপুরের ২২ জন, দিনাজপুরের ১৩ জন, কুড়িগ্রামের ৮ জন, গাইবান্ধার ৮ জন, ঠাকুরগাঁও ও লালমনিরহাটের ১ জন এবং ৪ জন মৃত সাংবাদিকদের পরিবারের সদস্য রয়েছেন।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের উপ-পরিচালক (অর্থ ও প্রশাসন) এবিএম রফিকুল ইসলাম।

ডিসি ইসরাত জাহানের সভাপতিত্বে এবং আরপিইউজে সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) রমিজ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খৃষ্টফার হিমেল রিছিল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রিপন, আরপিইউজে সাংগঠনিক সম্পাদক বাদশা ওসমানী, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, কুড়িগ্রাম প্রেসক্লাবের নির্বাহী সদস্য রেজাউল কমির রেজা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ট্রাস্টের উপ-পরিচালক এবিএম রফিকুল ইসলাম বলেন, ‘সরকার কল্যাণ ট্রাস্টের বাজেট বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে আরও অধিক সংখ্যক সাংবাদিকদের অনুদানের আওতায় আনা সম্ভব হবে।

তিনি বিধিমালা অনুযায়ী বঞ্চিত, নির্যাতিত, অসুস্থ্য, আর্থিকভাবে অস্বচ্ছল পেশাদার সাংবাদিকদের এ অনুদানের আওতায় আনতে সংশ্লিষ্ট সকলকে নির্ভূলভাবে কাজ করার আহবান জানান।

তিনি আরও বলেন, শহর ও গ্রামে সব মৃত সাংবাদিকদের জন্য আর্থিক অনুদানের বিষয়ে নীতিমালা প্রণয়ন করা হচ্ছে।

সভাপতির বক্তব্যে ডিসি ইসরাত জাহান বলেন, ‘সমাজ প্রশাসন রাষ্ট্রকে জবাবদিহীতার আওতায় রাখতে সহযোগিতা করে গণমাধ্যম। বস্তুনিষ্ঠ সংবাদ নিশ্চিত করার মাধ্যমে গণমাধ্যমকর্মীদের সেটি নিশ্চিত করতে হবে। এছাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের বরাদ্দ বাড়ানোর কথাও বলেন ডিসি।

রংপুরসহ বিভাগের সাংবাদিক ও তাদের পরিবারের জন্য স্বল্প মূল্যে স্বাস্থ্য সেবায় সরকারি বেসরকারি হাসপাতালগুলোর সাথে সমঝোতা চুক্তি করার জন্য যা যা প্রয়োজন সব করা হবে বলেও জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%