ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

রাশেদ খানের আচরণ সংবাদপত্রের স্বাধীনতায় আঘাত: মাওলানা মুহিউদ্দীন রব্বানী


রাশেদ খানের আচরণ সংবাদপত্রের স্বাধীনতায় আঘাত: মাওলানা মুহিউদ্দীন রব্বানী

আমার দেশ পত্রিকার পাতা ছিঁড়ে ফেলা এবং গণমাধ্যমের বিরুদ্ধে বিষোদগারের তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রব্বানী এই ঘটনাকে সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত বলে অভিহিত করেছেন। শনিবার রাতে এক বিবৃতির মাধ্যমে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে মাওলানা মুহিউদ্দীন রব্বানী উল্লেখ করেন, সংবাদমাধ্যমের প্রধান দায়িত্ব হলো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। সংবাদ পরিবেশন করার সময় তা যেকোনো পক্ষের পক্ষে বা বিপক্ষে যেতে পারে। এর ফলে ক্ষুব্ধ হয়ে কোনো পত্রিকাকে হেয়প্রতিপন্ন করা বা উগ্র আচরণ প্রদর্শন করা দায়িত্বশীল ব্যক্তির জন্য সমীচীন নয়, জনগণ এ ধরনের আচরণ কখনো প্রত্যাশা করে না।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের মতো একজন দায়িত্বশীল ব্যক্তির পক্ষ থেকে লাইভে এসে পত্রিকা ছিঁড়ে ফেলার মতো ঔদ্ধত্যপূর্ণ আচরণ সরকারের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে। সংবাদ বা সম্পাদকীয় অবস্থান নিয়ে যদি কোনো আপত্তি থাকে, তাহলে আইনি প্রতিকার বা প্রতিবাদ জানানোর গণতান্ত্রিক পথ খোলা রয়েছে। কিন্তু প্রকাশ্যে পত্রিকা ছিঁড়ে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন: ঢাকাসহ ১৩ সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন শুরু, ফি ৮-১০ হাজার টাকা

মাওলানা মুহিউদ্দীন রব্বানী আশা প্রকাশ করেন যে, সংশ্লিষ্ট ব্যক্তি তার আচরণের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন এবং গণমাধ্যমকে আশ্বস্ত করবেন যে তারা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। পাশাপাশি সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি তিনি জোর দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিন বছর পর বাবার কাছে দুই বোন, ইউক্রেনে আবেগঘন পুনর্মিলন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২১ এম


তিন বছর পর বাবার কাছে দুই বোন, ইউক্রেনে আবেগঘন পুনর্মিলন

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের বিধ্বস্ত শহর ওলেশকি থেকে সরিয়ে নেওয়া বাসিন্দারা বেলারুশ হয়ে ইউক্রেনে ফিরেছেন। তারা দীর্ঘদিন পর স্বজনদের কাছে ফিরে আবেগে ভেঙে পড়েন। তাদের পুনর্মিলনের দৃশ্যটি হয়ে ওঠে আবেগঘন। বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

শুক্রবার (৩০ অক্টোবর) স্থানীয়ভাবে যুদ্ধবিরতি কার্যকরের পর তাদের সরিয়ে নেওয়ার পথ তৈরি হয়। শনিবার বেলারুশ থেকে ইউক্রেনের চেরনিহিভ অঞ্চলে পৌঁছান বাস্তুচ্যুত বাসিন্দারা।

এসময় বাবাকে ফিরে পেয়ে ছুটে যান দুই বোন দাশা ও আনিয়া পালি। বাস থেকে বাবা মিখাইলোকে নামতে দেখে তারা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরেন। তিন বছর ধরে বাবাকে ফিরে পাওয়ার অপেক্ষায় ছিলেন তারা। তাদের মনে ছিল আর কখনো বাবাকে দেখতে পাবেন কিনা, সেই শঙ্কা।

এসময় স্ত্রী ঝান্না স্বামী মিখাইলোর মুখ দুহাতে ধরে বারবার তার কপালে হাত বুলিয়ে দেন। দীর্ঘদিন পর স্বামীকে কাছে পেয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

উদ্ধার হওয়া বাসিন্দাদের মধ্যে অনেক বয়স্ক মানুষ এতটাই দুর্বল ছিলেন যে তাদের স্ট্রেচারে করে নামাতে হয়। ওলেশকিতে খাবার, পানি ও বিদ্যুৎ ছাড়াই দীর্ঘদিন আটকে ছিলেন তারা। বেঁচে থাকার জন্য অনেকে বাগানের আগাছা রান্না করে খেতে বাধ্য হয়েছিলেন।

ইউক্রেনের সামরিক অবস্থান থেকে ওলেশকির দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার। তবে শহরটি থেকে বের হতে বাসিন্দাদের প্রথমে রাশিয়ার দখলে থাকা এলাকা পেরিয়ে দক্ষিণ রাশিয়ায় যেতে হয়। সেখান থেকে উড়োজাহাজে বেলারুশে পৌঁছান তারা। পরে বেলারুশ থেকে সড়কপথে ইউক্রেনের উত্তর সীমান্ত দিয়ে দেশে ফেরেন।

ইউক্রেনের আইনপ্রণেতা দাভিদ আরাখামিয়া জানান, উদ্ধার নাগরিকদের বহনকারী চারটি বিমান বেলারুশের গোমেলে অবতরণ করার পর তাদের বাসে করে ইউক্রেন সীমান্তে নিয়ে আসা হয়। এই স্থানান্তর প্রক্রিয়ায় অংশ নিতে ইউক্রেনের মানবাধিকার বিষয়ক অম্বুডসম্যান দিমিত্রো লুবিনেটস নিজে রাশিয়ার দখলকৃত খেরসন অঞ্চলে যান। যুদ্ধ শুরুর পর তিনিই প্রথম কোনো শীর্ষ ইউক্রেনীয় কর্মকর্তা যিনি সরাসরি রাশিয়ার নিয়ন্ত্রণাধীন এলাকায় গিয়ে নাগরিকদের ফিরিয়ে আনার কাজ তদারক করলেন। তাকে সহায়তা করেন রাশিয়ার মানবাধিকার কমিশনার ইয়ানা লান্ত্রাতোভা।

২০২২ সালের এপ্রিল থেকে ইউক্রেনের খেরসন অঞ্চলের ওলেশকি শহরটি রাশিয়ার দখলে রয়েছে।

ইউক্রেনীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চরম ক্ষতিগ্রস্ত এই শহরে প্রায় ৫০টি শিশুসহ দুই হাজার মানুষ আটকা পড়েছিলেন। ল্যান্ডমাইন এবং ড্রোন হামলার ঝুঁকিতে সবকটি সড়ক বন্ধ থাকায় এতদিন সেখান থেকে বের হওয়া অসম্ভব ছিল। গত মঙ্গলবার থেকে কার্যকর হওয়া এই সাময়িক যুদ্ধবিরতির পর মাইন অপসারণ কাজ শেষ করে গত শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান শুরু করা হয়।

এ উদ্ধারপ্রক্রিয়ার পথ তৈরি করতে স্থানীয় যুদ্ধবিরতি কার্যকরে ভূমিকা রাখায় যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাফ করবেন, ছোট ভাই ভেবে দিলজিতকে বললেন সিজিপি নেতা অভিজিৎ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২১ এম


মাফ করবেন, ছোট ভাই ভেবে দিলজিতকে বললেন সিজিপি নেতা অভিজিৎ

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের অবস্থান নিয়ে ককক্রোচ জনতা পার্টির নেতা (সিজিপি) অভিজিৎ দীপের কটাক্ষের কারণে বিতর্কের সৃষ্টি হয়। এবার অভিজিৎ প্রকাশ্যে দিলজিতের কাছে ক্ষমা চাইলেন।

তিনি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে গায়ককে ‘ছোট ভাই ভেবে মাফ করে দেওয়ার’ অনুরোধ করেছেন। অন্যদিকে, শুক্রবার দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে নিজের কনসার্টে এই বিতর্ক নিয়ে কথা বলেন দিলজিৎ। তিনি সমালোচকদের উদ্দেশ্যে বলেন, “পাঞ্জাবিদের কীভাবে লড়াই করতে হয়, তা শেখানোর প্রয়োজন নেই।”

কনসার্টে দিলজিৎ বলেন, “আমি তোমাদের সবাইকে ভালবাসি, কারণ আমি শিল্পী। আমি চুপ করে আছি, তাই আমাকে চুপ থাকতে দাও। আমি তোমাদের সবাইকে সমর্থন করি। কিন্তু পাঞ্জাবিদের কীভাবে লড়াই করতে হয়, সেটা শিখিয়ে দিও না।”

এরপর তিনি নিজের ছবি ‘সতলুজ’-এর প্রসঙ্গ টেনে বলেন, “মঞ্চে যে ছবিটি নিয়ে তোমরা মজা করছ, জসওয়ন্ত সিং খালরার সেই ছবি তৈরির জন্য আমরা দীর্ঘদিন লড়াই করেছি। আমি তোমাদের সবাইকে ভালবাসি। কেউ যদি আমাদের ঘৃণা করে, তাতেও কিছু যায় আসে না। কিন্তু আমি সবাইকে ভালবাসি।”

দিলজিতের এই মন্তব্যের পরেই ইনস্টাগ্রামে ক্ষমা চেয়ে পোস্ট করেন অভিজিৎ দীপ। সেখানে তিনি উল্লেখ করেন, “জুন মাসে পড়ুয়াদের আন্দোলনের সময় দিলজিতের একটি মন্তব্যে আমি কিছুটা আঘাত পেয়েছিলাম। তবে ব্যক্তিগতভাবে গায়কের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ ছিল না। বরং বরাবরই দিলজিৎকে এমন একজন শিল্পী হিসেবে দেখেছি, যিনি গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন।”

অভিজিৎ আরও জানান, “দিলজিতের গানের প্রতি আমার ভালবাসা ও মানুষ হিসেবে গায়কের প্রতি শ্রদ্ধা এখনো অটুট। গত মে মাসে ভারত ফেরার আগে শিকাগোয় দিলজিতের কনসার্টেও আমি উপস্থিত ছিলাম। শুধু গান শোনার জন্য নয়, দিলজিতের ব্যক্তিত্বের প্রতিও আমার গভীর শ্রদ্ধা রয়েছে।”

তিনি গায়কের প্রশংসা করেন, আন্তর্জাতিক মঞ্চে ভারতের পরিচিতি তুলে ধরা এবং নিজের শিকড়ের সঙ্গে যুক্ত থাকার জন্য। পোস্টের শেষে অভিজিৎ লেখেন, “একটি মতপার্থক্য বা ভুল বোঝাবুঝি আপনার প্রতি আমার শ্রদ্ধা ও ভালবাসা বদলে দিতে পারে না। বাকি পাজি, ছোট ভাই সমঝ কে মিট্টি পাও।”

অর্থাৎ, ছোট ভাই ভেবে ভুলত্রুটি ক্ষমা করে দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, বিতর্কের সূত্রপাত ঘটে গত জুন মাসে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের অভিযোগে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন করছিলেন পড়ুয়ারা। সেই সময় ইনস্টাগ্রাম লাইভে দিলজিৎকে প্রশ্ন করা হয়, তিনি ওই আন্দোলনে যোগ দেবেন কিনা। উত্তরে গায়ক বলেছিলেন, “আমাকে এসবের মধ্যে রেখো না। ভাই, আমি একজন শিল্পী। আমি কোনো রাজনীতিবিদ নই।”

এরপর গুরু গ্রন্থ সাহিবের একটি পঙ্‌ক্তি উদ্ধৃত করে তিনি জানান, “পৃথিবীর সব কিছু কখনও ঠিক হতে পারে না।” যারা আন্দোলন করছেন এবং যাদের দাবিতে আন্দোলন হচ্ছে, উভয় পক্ষকেই শুভেচ্ছা জানান তিনি। তবে তার এই মন্তব্য ঘিরে সমালোচনা শুরু হয়। ২০২০ সালের কৃষক আন্দোলনের সময় দিলজিতের প্রকাশ্য সমর্থনের প্রসঙ্গ টেনে অনেকে তার অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। সেই সমালোচকদের মধ্যে ছিলেন অভিজিৎও। তার অভিযোগ ছিল, রাজনৈতিক ও মানবাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে তৈরি ‘সতলুজ’ ছবিতে অভিনয় করলেও পড়ুয়াদের আন্দোলনের সময় দিলজিৎ নীরব থেকেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জঙ্গল সলিমপুরে বিএনপির ৭১ সদস্যের কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২১ এম


জঙ্গল সলিমপুরে বিএনপির ৭১ সদস্যের কমিটি গঠন

চট্টগ্রামের সীতাকুণ্ডের বহুল আলোচিত পাহাড়ি জনপদ জঙ্গল সলিমপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৭১ সদস্যবিশিষ্ট সাংগঠনিক ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে সভাপতি হিসেবে বোরহান উদ্দিন জিয়াকে এবং সাধারণ সম্পাদক হিসেবে মিজানুর রহমান রাজুকে মনোনীত করা হয়েছে।

সলিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম এবং সদস্যসচিব খ ম নাজিম উদ্দিন এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন প্রদান করেন।

কমিটিতে সিনিয়র সহসভাপতি পদে আবদুর সাত্তার, সিনিয়র যুগ্ম সম্পাদক পদে মো. হেলাল উদ্দিন মিয়া, যুগ্ম সম্পাদক পদে আহমদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক পদে শাহজাহান বাদশা, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো. হাসান, অর্থ সম্পাদক পদে শরীফ হোসেন এবং কার্যকরী সদস্য পদে সাইদুল হক ছাদু নির্বাচিত হয়েছেন।

নবগঠিত কমিটির নেতারা জানান, সংগঠনকে সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার উদ্দেশ্যে জঙ্গল সলিমপুরে এই কমিটি গঠন করা হয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, বর্তমান গণতান্ত্রিক সরকারকে সহযোগিতা করার পাশাপাশি জঙ্গল সলিমপুরে দলের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে এই কমিটি কার্যকর ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর চারদিকে পাহাড়বেষ্টিত একটি বহুল আলোচিত এলাকা। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিয়ন্ত্রণে রয়েছে পুরো এলাকা, যেখানে পুলিশ ও র‍্যাবের দুটি ক্যাম্প রয়েছে এবং নিয়মিত যৌথ অভিযান পরিচালিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরায় মৎস্যজীবী দলের নেতা আলিম সরদারকে মারধরের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

মো: ফারুক মুন্সি

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২২ এম


চাঁদপুরায় মৎস্যজীবী দলের নেতা আলিম সরদারকে মারধরের অভিযোগ

বরিশালের ৮ নম্বর চাঁদপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মৎস্যজীবী দলের নেতা মো. আলিম সরদারকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল আনুমানিক ১০টার দিকে মো. আলিম সরদার নিজ বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে রওনা হন। এ সময় সাখাওয়াত শিকদারের সমীরের সামনে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, এ সময় কয়েকজন ব্যক্তি লাঠিসোঁটা, লোহার রড, রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান এবং এলোপাতাড়ি মারধর করেন।

এ ঘটনায় যাঁদের নাম অভিযোগে উল্লেখ করা হয়েছে, তাঁরা হলেন-মো. কবির শিকদার (৬৫), মো. হেলাল শিকদার (৫০), মো. রাব্বি শিকদার (২৫), মো. রাহাত শিকদার (৩০) ও মো. সিরাজ শিকদার (২৮)। তাঁদের বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগও করা হয়েছে।

তবে হামলার কারণ, ঘটনার প্রকৃত বিবরণ এবং অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে যুক্ত করা হবে।

এ ঘটনায় ভুক্তভোগী ও তাঁর পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%