ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, ভোরে বিস্ফোরণের শব্দ


ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, ভোরে বিস্ফোরণের শব্দ

মঙ্গলবার ভোরে ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপ ও দক্ষিণাঞ্চলীয় বন্দর লেঙ্গেহতে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, এসব স্থানে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। তবে বিস্ফোরণের কারণ, হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরে ইরানের সংবাদমাধ্যমগুলো কেশম দ্বীপ ও বন্দর লেঙ্গেহতে বিস্ফোরণের খবর প্রকাশ করে। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এ প্রতিবেদন প্রকাশের কথা জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।

হামলার খবরটি এমন একটি সময়ে এসেছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের সম্ভাবনাকে খাটো করে দেখানোর চেষ্টা করছেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন: কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে ৩৮৫ জন আটক

স্থানীয় সময় সোমবার (২ নভেম্বর) সাংবাদিকদের ট্রাম্প বলেন, “ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল। আমরা জিতেছি।” তিনি আরও বলেন, “এটাকে আদৌ যুদ্ধ বলা যায় কি না, তা আমি জানি না। কারণ, কয়েক মাস ধরে আমরা কোনো লড়াই করছি না।”

তবে মার্কিন কর্মকর্তারা দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন যে, কয়েক সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ছোট পরিসরে হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। কিছু কর্মকর্তা এসব অভিযানকে প্রতিরক্ষামূলক হিসেবে বর্ণনা করেছেন।

তাঁদের ভাষ্য অনুযায়ী, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হুমকি তৈরি করা বা জাহাজে হামলা চালানোর সক্ষমতা অর্জন থেকে ইরানকে বিরত রাখতেই এসব অভিযান পরিচালিত হচ্ছে।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, কেশম দ্বীপে পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অন্যদিকে আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, হরমোজগান প্রদেশের উপকূলীয় শহর বন্দর লেঙ্গেহতে সমুদ্রের দিক থেকে বিস্ফোরণের শব্দ ভেসে আসে।

আরও পড়ুন: ২৫ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন: গাজীপুরে শ্রমিক অসন্তোষ

বিস্ফোরণের কারণ সম্পর্কে ইরানি সংবাদমাধ্যমগুলো তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি। হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।

হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনার মধ্যেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই দেশ বার্তা আদান-প্রদান করছে। কাতারের মধ্যস্থতায় যোগাযোগ সহজ করতে উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি দোহা সফর করেছেন বলেও তিনি জানান।

এর আগে ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হয়। এর জবাবে ইসরায়েল এবং অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইরান। পরে এপ্রিলে যুদ্ধবিরতি চুক্তি হয়।

হরমুজ প্রণালিতে নৌযান চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে ১৮ জুন যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারক সই করে। তবে প্রণালির নিরাপত্তা নিয়ে মতবিরোধের কারণে এর বাস্তবায়ন থমকে যায়। তথ্যসূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, আনাদোলু

আরও পড়ুন: উত্তর কোরিয়ার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ: কেসিএনএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী তিন দিন বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা কমতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২০ এম


আগামী তিন দিন বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা কমতে পারে

দেশের আবহাওয়ার ক্ষেত্রে আগামী তিন দিনের মধ্যে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। এই সময়ে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কম থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। শেষ দিনে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

মঙ্গলবার (৩ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের প্রদত্ত পূর্বাভাসে এই তথ্য প্রকাশিত হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এই সময়ে রাত এবং দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের কোনো আভাস নেই।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও একই ধরনের আবহাওয়ার কথা জানানো হয়েছে। এ সময় দেশের আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অন্যদিকে, শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে শিক্ষা প্রশাসনের কঠোর ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২০ এম


শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে শিক্ষা প্রশাসনের কঠোর ব্যবস্থা

শিক্ষা প্রশাসন কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে, যারা এইচএসসি ও সমমান পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী ফেল করেছে। গত পাঁচ বছরের ফলাফল বিশ্লেষণ করে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে শোকজ, পাঠদানের স্বীকৃতি বাতিল ও এমপিও বন্ধের মতো শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রতিষ্ঠানপ্রধানদের ডেকে ব্যাখ্যা চাওয়া হবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের দ্বারা। আগামী এক সপ্তাহের মধ্যে এসব প্রতিষ্ঠানের বিষয়ে প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

এ তথ্য আন্তঃশিক্ষা বোর্ড ও ঢাকা শিক্ষা বোর্ডের সূত্রে জানা গেছে। শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৪২। ২০২৪ সালে তা বেড়ে ৬৫-তে পৌঁছেছে। ২০২৫ সালে এ সংখ্যা প্রায় তিন গুণ বেড়ে ২০২ হয়েছে। সর্বশেষ ২০২৬ সালে ২৯৩টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। ফলে টানা চার বছর ধরে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

আন্তঃশিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, শূন্য পাস করা প্রতিষ্ঠানপ্রধানদের শিক্ষা বোর্ডে ডেকে সাক্ষাৎকার নেওয়া হবে। প্রয়োজন হলে শিক্ষকদের সঙ্গেও আলোচনা করবেন বোর্ড কর্মকর্তারা। এ সময় গত পাঁচ বছরের শিক্ষা কার্যক্রমের পরিসংখ্যান চাওয়া হবে। এসব তথ্য পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার সুপারিশসহ প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান জানিয়েছেন, পাঁচ বছরে একবার কোনো প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল করলে শোকজ করা হবে। একই সময়ে দুবার এমন ঘটনা ঘটলে পাঠদানের স্বীকৃতি বাতিল করা হবে। আর তিনবার ঘটলে প্রতিষ্ঠানের এমপিও বন্ধ করা হবে। তবে শিক্ষকদের এমপিও বন্ধ হবে না; তাঁদের অন্য প্রতিষ্ঠানে বদলির সুপারিশ করা হবে।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১৮১টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি। মাদ্রাসা বোর্ডে এ সংখ্যা ৫৫ এবং কারিগরি বোর্ডে ৫৭। সব মিলিয়ে শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ২৯৩।

ময়মনসিংহ বোর্ডের ১৯টি প্রতিষ্ঠানের ১০২ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে। অন্যদিকে, দিনাজপুর বোর্ডে সর্বোচ্চ ৪৯টি এবং রাজশাহী বোর্ডে ৩৯টি প্রতিষ্ঠানে শূন্য পাসের ঘটনা ঘটেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বার্সেলোনার ঘুরে দাঁড়ানোর লড়াই, বায়ার্নের অ্যাটলেটিকো পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩১ এম


বার্সেলোনার ঘুরে দাঁড়ানোর লড়াই, বায়ার্নের অ্যাটলেটিকো পরীক্ষা

চ্যাম্পিয়নস লিগের মঞ্চে আবারও জমজমাট রাতের সাক্ষী হতে চলেছে দর্শকরা। ইউরোপীয় ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে পরিচিত নামগুলোর সমাগম ঘটবে। লিগ পর্বের চতুর্থ রাউন্ডে সবচেয়ে বেশি নজর থাকবে বার্সেলোনা, পিএসজি এবং বায়ার্ন মিউনিখের ম্যাচগুলোর দিকে। বার্সেলোনার সামনে রয়েছে হারের ধাক্কা কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ, পিএসজির লক্ষ্য হলো জয়ের ধারাবাহিকতা বজায় রাখা। অন্যদিকে, বায়ার্নকে লড়তে হবে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে। তিনটি ম্যাচই শুরু হবে আজ রাত ২টায়।

বার্সেলোনার জন্য ম্যাচটি কেবল তিন পয়েন্টের লড়াই নয়, বরং আত্মবিশ্বাস ফিরে পাওয়ার একটি সুযোগও। আগের রাউন্ডে পিএসজির কাছে ৪-২ গোলে পরাজিত হয়েছিল হ্যান্সি ফ্লিকের দল। এরপর এল ক্লাসিকোতেও রিয়াল মাদ্রিদের কাছে হারতে হয়েছে। তবে আলাভেসকে ৬-১ গোলে হারিয়ে জয়ে ফিরেছে কাতালানরা। এবার নিজেদের মাঠে অ্যাস্টন ভিলার বিপক্ষে সেই ছন্দ ধরে রাখতে চাইবে তারা। কিন্তু উনাই এমেরির দলকে সহজ প্রতিপক্ষ হিসেবে ভাবা উচিত নয়। তিন ম্যাচে তিন জয় নিয়ে দুর্দান্ত অবস্থানে থাকা ভিলা বার্সেলোনার রক্ষণকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে। লামিনে ইয়ামাল, রাফিনিয়া এবং সতীর্থদের আক্রমণাত্মক পারফরম্যান্স তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

অন্যদিকে, পিএসজির সামনে রয়েছে ভিয়ারিয়াল। আগের ম্যাচে বার্সেলোনাকে হারিয়ে আত্মবিশ্বাসী লুইস এনরিকের দল তিন ম্যাচেই জয় পেয়েছে। শিরোপা ধরে রাখার অভিযানে থাকা প্যারিসের ক্লাবটির লক্ষ্য এবারও পূর্ণ পয়েন্ট অর্জন করা। তবে ভিয়ারিয়ালের মাঠে কাজটি সহজ হবে না। ঘরের দর্শকদের সামনে স্প্যানিশ দলটি পিএসজির জয়ের ধারায় ছেদ টানতে চাইবে। আক্রমণে গতি এবং বল দখলে রাখার লড়াইয়ে ম্যাচটির ভাগ্য নির্ধারিত হতে পারে।

রাতের সবচেয়ে কঠিন পরীক্ষায় নামবে বায়ার্ন মিউনিখ। তাদের প্রতিপক্ষ হলো অ্যাটলেটিকো মাদ্রিদ, মাঠ মেট্রোপলিটানো। আগের ম্যাচে আর্সেনালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বায়ার্ন। অ্যাটলেটিকোও স্টুটগার্টের বিপক্ষে পয়েন্ট ভাগ করেছে। ফলে দুদলই জয়ে ফিরতে মরিয়া থাকবে। ভিনসেন্ট কোম্পানির আক্রমণাত্মক ফুটবলের বিপরীতে দিয়েগো সিমিওনের রক্ষণভিত্তিক কৌশল ম্যাচটিকে আকর্ষণীয় করে তুলবে।

তবে রাতের অন্যান্য লড়াইগুলোও কম গুরুত্বপূর্ণ নয়। গালাতাসারাই-স্টুটগার্ট এবং শাখতার দোনেৎস্ক-স্পোর্টিং লিসবন ম্যাচ দিয়ে শুরু হবে রাতের খেলা। এরপর ফেইনুর্দের মাঠে ইন্টার মিলান, ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে রোমা এবং বোডো/গ্লিমটের বিপক্ষে লিল নামবে। দিনের শেষদিকে লাস্ক খেলবে স্লোভান ব্রাতিসলাভার বিপক্ষে। ৯ ম্যাচের এই রাতে তাই শুধু বড় ক্লাবগুলোর জয়-পরাজয় নয়, পয়েন্ট তালিকার লড়াইয়েও পরিবর্তনের অপেক্ষা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে খেজুরের গুড় সংগ্রহ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩২ এম


যশোরে খেজুরের গুড় সংগ্রহ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন

যশোরের ঐতিহ্যবাহী জিআই পণ্য খেজুরের গুড় সংগ্রহ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার, চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর গ্রামে রস সংগ্রহের জন্য গাছ প্রস্তুতকরণ (গাছ তোলা) কার্যক্রমের উদ্বোধন এবং গাছি সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হুসাইন।

কৃষি কর্মকর্তা জানান, চৌগাছা উপজেলায় প্রায় দুই লাখ খেজুরগাছের মধ্যে অন্তত ৩০ হাজার গাছ থেকে রস সংগ্রহ করা সম্ভব। প্রতিটি গাছ থেকে মৌসুমে প্রায় ৮০ লিটার রস এবং তা থেকে ১০ কেজি গুড় উৎপাদন হয়। সেই হিসাবে চৌগাছায় ৯ কোটি টাকা এবং চলতি মৌসুমে সমগ্র যশোর জেলায় কমপক্ষে ১০০ কোটি টাকার খেজুরের গুড় উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, সরকার চলতি মৌসুম থেকে খেজুরের গুড় বিদেশে রপ্তানির ব্যাপারে কার্যকর ভূমিকা রাখবে। ইতিমধ্যে একজন উদ্যোক্তা খেজুরের রস থেকে সিরাপ তৈরি করে বিদেশে রপ্তানির উদ্যোগ নিয়েছেন।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক গাছিদের মধ্যে খেজুরের চারা, দা ও মাটির ভাঁড়সহ বিভিন্ন প্রণোদনাসামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনীব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেসবাউর রহমান এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%