বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং
০৫:৩৮ পি.এম
ভারতের মধ্যপ্রদেশে নিজেদের অধিকার আদায়ের দাবিতে রাজপথে নামা কৃষকদের সঙ্গে পুলিশের তীব্র এবং দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাজ্য সরকার এবং কৃষক প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ বৈঠক ভেস্তে যাওয়ার পর রাজ্যটির রাজধানী ভোপালে এই রণক্ষেত্রের সৃষ্টি হয়।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা গেছে, কৃষক সংগঠন ‘সংযুক্ত কিষাণ মোর্চা’র নেতাদের সঙ্গে সরকারের দীর্ঘ তিন ঘণ্টার আলোচনা শেষ হলেও কোনো সমঝোতা হয়নি। বৈঠক শেষে ক্ষুব্ধ কৃষকেরা একটি মিছিল নিয়ে সামনের দিকে এগোতে চাইলে পুলিশ সড়ক ব্যারিকেড দিয়ে তাদের পথ আটকে দেয়।
কৃষকেরা বাধা ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশ তাদের ওপর চড়াও হয়। এর ফলস্বরূপ, একপর্যায়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করলে পুলিশের লাঠিচার্জ এবং বলপ্রয়োগের কারণে বেশ কয়েকজন কৃষক আহত হন।
সংঘর্ষ চলাকালেই পুলিশের শীর্ষ কর্মকর্তারা লাউডস্পিকারের মাধ্যমে আন্দোলনকারীদের শান্ত থেকে ছত্রভঙ্গ হওয়ার আহ্বান জানান। এই সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে পুরো ভোপালজুড়ে চরম উত্তেজনা এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা বিএনপি'র সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ পুত্র উপজেলা বিএনপি'র যুব বিষয়ক সম্পাদক আবুল হাসনাত রিমন সিকদার'র বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত, ষড়যন্ত্রমূলক, মিথ্যা, বানোয়াট সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়েছে কলাপাড়া উপজেলা বিএনপি কর্তৃক।
বুধবার রাতে, কলাপাড়া উপজেলা বিএনপি'র দপ্তর সম্পাদক সাইদুর রহমান খান স্বাক্ষরিত একটি প্রেসনোটে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। দলীয় সূত্র জানায়, এ বিষয়ে শীঘ্রই আইনী পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে।
বৃহস্পতিবার সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, গত ২৯ জুলাই বরিশাল থেকে প্রকাশিত দৈনিক দক্ষিনের সংবাদ নামের একটি আঞ্চলিক পত্রিকায় 'কলাপাড়ায় বিএনপি সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ' শিরোনামে উপজেলা বিএনপি'র সভাপতি ও তাঁর পুত্রের বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রকাশ করা হয়। প্রকাশিত তথ্যের বাস্তবের সাথে কোন সংগতি নেই। কারণ হাজী হুমায়ুন সিকদার পারিবারিকভাবে বিপুল অর্থ সম্পদ ও জমি জায়গার মালিক। জনৈক খোকন মন্ডলের সাথে তিনি সিভিল আদালতে জমির একটি মামলার সংশ্লিষ্টতায় রয়েছেন, যা চলমান রয়েছে। উক্ত জমি বর্তমানে প্রতিপক্ষের দখলে থাকায় খোকন মন্ডল বিএনপি কর্মী দাবী করেও অন্যায়ভাবে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করছে বলে জানানো হয়েছে উপজেলা বিএনপি'র সূত্র হতে।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা বিএনপি'র যুব বিষয়ক সম্পাদক আবুল হাসনাত রিমন সিকদার বলেন, আমার বাবা বারবার নির্বাচিত কলাপাড়া পৌরসভার সফল মেয়র। আমাদের পারিবারিক ও রাজনৈতিক জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে একটি মহল খোকন মন্ডলকে ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে। শীঘ্রই এ বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এ ব্যাপারে খোকন মন্ডল বলেন, পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সঠিক আছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের নেছারাবাদে অনুষ্ঠিত হয়েছে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং এবং ট্রাফিক সচেতনতা বিষয়ক একটি কমিউনিটি পুলিশিং সভা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে নেছারাবাদ থানা পুলিশের আয়োজনে পুরাতন থানা কম্পাউন্ডে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সাধারণ মানুষ।
সভায় বক্তারা দাবি করেছেন যে, পুলিশ চলমান মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনায় ব্যস্ত থাকলেও মাঝে মাঝে কিছু রাজনৈতিক নেতার পক্ষ থেকে মাদক কারবারি এবং সেবনকারীদের পক্ষে সুপারিশ আসতে থাকে। বক্তারা এমন সুপারিশ বন্ধ না হলে মাদক নির্মূলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা কঠিন হবে বলে মনে করেন। তারা সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের সহায়তার জন্য সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
এছাড়া বক্তারা আরো বলেন, মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও বাল্যবিবাহ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়। সমাজের বিভিন্ন স্তরের ইমাম, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং প্রত্যেকটি পরিবারকে তাঁদের নিজ নিজ অবস্থান থেকে সচেতনতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। বক্তারা ট্রাফিক আইন মেনে চলা এবং জনসচেতনতা বৃদ্ধির উপরও গুরুত্বারোপ করেন।
সভাটি সভাপতিত্ব করেন নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ-কাউখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রণয় রায়।
নেছারাবাদ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাসির হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. শফিকুল ইসলাম ফরিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেছারাবাদ উপজেলা শাখার আমির মো. আবুল কালাম, স্বরূপকাঠী প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, স্বরূপকাঠি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আমিনুল ইসলাম মিজানসহ আরও অন্যান্যরা।
সভা থেকে জানানো হয়, গত এক মাসে নেছারাবাদ উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে শীর্ষ নারী মাদক কারবারি রাবেয়া আক্তার সাথী, শিল্পী আক্তার, মিজানুর রহমানসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি, নিয়মিত অভিযানে মাদকসেবীদের বিরুদ্ধে মামলা দায়ের করার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ডও দেওয়া হচ্ছে।
সভা থেকে সকলকে আহ্বান জানানো হয়, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং এবং ট্রাফিক আইন অমান্যের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজবাড়ীর বালিয়াকান্দির দু’টি খাল পুনঃখনন প্রকল্পের কাজ শেষ করে উপজেলা প্রশাসন ১৭ লাখ ১৩ হাজার ৬৫০ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে। প্রশাসনের দাবি হচ্ছে, নির্ধারিত গুণগত মান বজায় রেখেই প্রকল্প বাস্তবায়ন করায় বরাদ্দের একটি বড় অংশ ব্যয় হয়নি। সরকারী কোষাগারে সেই উদ্বৃত্ত অর্থ জমা দেওয়া হয়েছে। এ কারণে প্রশংসাও পাচ্ছেন তারা।
বালিয়াকান্দি উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে যে, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সাধুখালী মই বিলে কানাই মন্ডলের পুকুর চালা থেকে সাধুখালী শরিষার বিল ভায়া সাধুখালী মাধুরীর বাড়ী সংলগ্ন ব্রীজ থেকে বহলাকুন্ডু রতনের পুকুর চালা পর্যন্ত ৩ কি.মি. খাল খনন ও পুণঃখননের কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া, জামালপুর ইউনিয়নের খামার মাগুরা রফিকের বাড়ী থেকে হাতিমোহন হয়ে মাশালিয়া খাল পর্যন্ত খাল পুণঃখনন ৩ কি.মি. করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আওতায় মোট ১ কোটি ২৮ লাখ ৮২ হাজার ৮৩৮ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। প্রকল্পের কাজ শুরু হয় ১৪ মে ও শেষ হয় ২২ জুন। দুই খালের মোট দৈর্ঘ্য ৬ কিলোমিটার।
খাল খনন শেষে অবশিষ্ট ৪ লাখ ৪৩ হাজার ৮৪০ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। জামালপুর ইউনিয়নের খামার মাগুরা রফিকের বাড়ী থেকে হাতিমোহন হয়ে মাশালিয়া খাল পর্যন্ত ৩ কি.মি. খাল খননের পর অব্যয়িত ১২ লাখ ৬৯ হাজার ৮১০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। সব মিলে, দুই প্রকল্পে মোট বরাদ্দের অবশিষ্ট ১৭ লাখ ১৩ হাজার ৬৫০ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত যাচ্ছে। প্রকল্পের অংশ হিসেবে খাল দু’টির পাড়ে ৩ হাজার ৪০০টি বৃক্ষরোপণ করা হয়েছে।
প্রশাসনের তথ্য অনুযায়ী, পুনঃখননের ফলে খাল দুটির পানি ধারণক্ষমতা ও নাব্যতা বেড়েছে। এর ফলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে।
স্থানীয় সুশিল কুমার এবং আরব আলী জানিয়েছেন, আগে বর্ষায় খালে পানি জমে থাকায় আশপাশের জমিতে জলাবদ্ধতা তৈরি হতো। এখন খাল পুনঃখননের পর তারা আশা করছেন যে পানি দ্রুত নেমে যাবে। এতে সময়মতো ধান, পাট, পেঁয়াজ, রসুন, মরিচসহ বিভিন্ন ফসলের আবাদ করা সহজ হবে এবং বছরে একাধিক ফসল উৎপাদনের সুযোগ আরও বাড়বে।
জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান কল্লোল কুমার বসু বললেন, খাল খনন ও পুনঃখননের ফলে জঙ্গল ইউনিয়নের বিভিন্ন গ্রামের জলাবদ্ধতা কমতে শুরু করেছে। তিনি উল্লেখ করেন যে, সংযোগ খালগুলোও পুনঃখনন করা গেলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে।
বালিয়াকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান উল্লেখ করেন যে, জঙ্গল ও জামালপুর খাল পুণঃখনন করায় এলাকার কৃষকরা উপকৃত হবে। পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বয়ে উপজেলার আরও খাল পুনঃখননের প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদনে বছরে প্রায় ৭০০ কোটি টাকার অর্থনৈতিক সুফল মিলতে পারে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেছেন, প্রকল্পের কাজের মান বজায় রেখেই সরকারি অর্থের সাশ্রয় নিশ্চিত করা হয়েছে। অব্যয়িত ১৭ লাখ ১৩ হাজার ৬৫০ টাকা বিধি অনুযায়ী সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, স্থানীয় কৃষকরা দীর্ঘমেয়াদে খাল খনন ও পুনঃখনন করায় সুফল পাবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) উচ্চ-রেজোলিউশনের জলবায়ু প্রক্ষেপণ তথ্য এবং একটি উন্নত জলোচ্ছ্বাস পূর্বাভাস মডেল সফলভাবে তৈরি করেছে। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জাতীয় সক্ষমতা বৃদ্ধি ও জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে এই মডেল তৈরি করা হয়েছে।
প্রশিক্ষণ কর্মসূচির ধারাবাহিকতায় বৃহস্পতিবার বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে ‘বাংলাদেশে কার্যকর দুর্যোগ ঝুঁকি হ্রাসে জলবায়ু প্রক্ষেপণ ও জলোচ্ছ্বাস মডেলিং’ শীর্ষক একটি জাতীয় সেমিনারের আয়োজন করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, ‘সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাইকা বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকো এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উইং-৩ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম।
জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে পরিচালিত কারিগরি সহায়তা প্রকল্প (TAPP) ‘Strengthening the Capacity of Weather and Climate Services’-এর আওতায় ২০২৬ সালের জুলাই মাসে যৌথভাবে একাধিক সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উক্ত প্রশিক্ষণে জাপান আবহাওয়া সংস্থার (JMA) মেটিওরোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের (MRI) প্রখ্যাত বিজ্ঞানী ড. আকিহিকো মুরাতা ও ড. নাদাও কোহ্নো অংশগ্রহণ করে বিএমডি কর্মকর্তাদের বৈজ্ঞানিক ও কারিগরি দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রদান করেন।
গবেষণা ও নতুন পূর্বাভাসের মূল দিকসমূহ: দেশের উত্তর-পূর্বাঞ্চলে মৌসুমি বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাওয়ায় আকস্মিক বন্যার ঝুঁকি বাড়বে। বর্ষা মৌসুম শুরুর পরও তীব্র ও ঘন ঘন তাপপ্রবাহ দেখা যেতে পারে। শীতকাল ও বর্ষা-পরবর্তী সময়ে ঘন কুয়াশার প্রবণতা বৃদ্ধি পাবে। নতুন মডেলের মাধ্যমে জলোচ্ছ্বাসের উচ্চতা, পরিবর্তনের ধারা এবং সম্ভাব্য প্লাবিত এলাকার আগাম নিখুঁত তথ্য পাওয়া যাবে। সমুদ্রের ঢেউয়ের উচ্চতা প্রতিদিন আরও সঠিকভাবে পূর্বাভাস প্রদান সম্ভব হবে।
উল্লেখ্য, নতুন এই জলোচ্ছ্বাস পূর্বাভাস মডেলটি ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে এবং এর পূর্বাভাস বিএমডির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে। এ উদ্যোগটি বিশ্ব আবহাওয়া সংস্থার (WMO) ‘Early Warnings for All (EW4All)’ বৈশ্বিক কর্মসূচির সাথে সামঞ্জস্যপূর্ণ।
সেমিনারে প্রতিরক্ষা মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, সশস্ত্র বাহিনী, পানি উন্নয়ন বোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিবর্গ অংশগ্রহণ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে জাইকার সহযোগিতার প্রশংসা করেন এবং আবহাওয়াজনিত ঝুঁকি থেকে জনগণকে সুরক্ষিত রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ