শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৩:৪৮ পি.এম
রাজশাহীতে প্রথমবারের মতো তাফসির মাহফিলে বক্তব্য দিতে আসছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। তার আগমনকে কেন্দ্র করে আয়োজকরা ১০ লাখের বেশি মানুষের সমাগমের প্রত্যাশা করছেন। বিশাল এই জনসমাগম সামাল দিতে ২৫ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যে মাহফিলের সার্বিক প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।
মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শনিবার বিকেল ৩টা থেকে শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সভাপতিত্ব করবেন চিকিৎসক ও সমাজসেবক মোহাম্মদ জাহাঙ্গীর।
মিজানুর রহমান আজহারীর রাজশাহীতে প্রথমবারের তাফসির মাহফিলে অংশগ্রহণের কারণে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা দিয়েছে। রাজশাহী ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের প্রত্যাশা করছেন আয়োজকরা।
বড় পরিসরের এই আয়োজন নির্বিঘ্ন করতে ২৫ হাজার স্বেচ্ছাসেবককে বিভিন্ন দায়িত্বে প্রস্তুত রাখা হয়েছে। জনসমাগম ব্যবস্থাপনা, শৃঙ্খলা রক্ষা, অংশগ্রহণকারীদের সহযোগিতা এবং সার্বিক আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকদের পক্ষ থেকে এমাজ উদ্দিন মন্ডল।
নারীদের অংশগ্রহণের সুবিধার্থে মাদ্রাসা মাঠের পাশে হযরত শাহ মখদুম (রহ.) ঈদগাহ মাঠে পৃথক বসার ব্যবস্থা রাখা হয়েছে। নারী অংশগ্রহণকারীদের জন্য নির্ধারিত ওই স্থানে প্রয়োজনীয় আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আয়োজকদের প্রত্যাশা, লাখো মানুষের অংশগ্রহণে রাজশাহীতে এই তাফসির মাহফিল ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দুই সন্তানের মা আমি। আমি একজন চাকরিজীবীও। জীবনের এই দুটি পরিচয় আমার কাছে অত্যন্ত প্রিয়, এবং দুটির প্রতি আমার দায়বদ্ধতা সমান। তবে, এই দুই জগতের মধ্যে প্রতিদিন যে সমন্বয় করতে হয়, তার গল্পটি খুব কম মানুষই জানেন।
আমার সকাল শুরু হয় নিজের জন্য নয়, বরং সন্তানদের জন্য এবং কর্মস্থলের জন্য। তাদের ঘুম থেকে তোলার কাজ, স্কুলের জন্য প্রস্তুত করা, খাওয়ানো, পড়াশোনা- সবকিছু সামলে কর্মস্থলের পথে ছুটতে হয়। সেখানে অপেক্ষা করে অসংখ্য সমস্যা ও প্রত্যাশা। দিনশেষে আবার ঘরে ফিরে আসা। তখন পদবি, দায়িত্ব, ক্ষমতা- সবকিছু সরিয়ে রেখে আমি শুধুমাত্র দুটো শিশুর মা।
এই যাত্রাপথ সবসময় সহজ নয়। কখনো সন্তানের অসুস্থ শরীরের পাশে থাকার প্রবল ইচ্ছাকে পেছনে রেখে অফিসে যেতে হয়। আবার কখনো কর্মস্থলে জরুরি দায়িত্ব পালনের সময় মন পড়ে থাকে বাড়িতে।
কখনো শরীর এবং মন দুটোই ক্লান্ত হয়ে পড়ে, অথচ বিশ্রামের চেয়ে দায়িত্বের ডাকটাই বড় হয়ে ওঠে।
সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, একজন কর্মজীবী মায়ের এই লড়াইয়ের বড় অংশটাই অদৃশ্য। মানুষ তার কর্মস্থলে উপস্থিতি দেখে এবং দায়িত্ব পালনের সাফল্য দেখে, কিন্তু সেই সাফল্যের পেছনে কতটা সময়ের সঙ্গে আপস, কতটা অপরাধবোধ, কতটা নির্ঘুম রাত- তা কেউ দেখে না।
একজন নারীকে প্রতিনিয়ত প্রমাণ করতে হয় যে তিনি একজন ভালো মা, ভালো কর্মকর্তা, ভালো স্ত্রী; সব পরিচয়েই তিনি যথেষ্ট। অথচ তিনিও একজন মানুষ। তারও ক্লান্তি আসে, মন খারাপ হয়, কখনো একটু নির্ভার হওয়ার প্রয়োজন হয়। তবুও পরদিন সকালে তিনি আবার উঠে দাঁড়ান।
আমি চাই, আমার সন্তানরা বড় হয়ে বুঝুক- তাদের মা নিজের এবং সন্তানদের ভবিষ্যতের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে কতটা যুদ্ধ করেছে। তারা দেখুক হাজার প্রতিবন্ধকতা পার করে কিভাবে ভালোবাসা ও আত্মমর্যাদা নিয়ে এগিয়ে চলেছে।
প্রশাসনে কাজ করার আনন্দ মানুষের জন্য কিছু করতে পারায়। আর মাতৃত্বের পরম প্রাপ্তি সন্তানের ছোট্ট দুটি হাতের আলিঙ্গনে। আমি মা বলে আমার পেশাগত পরিচয় বিসর্জন দিতে চাই না। আবার পেশাগত পরিচয়ের আড়ালে মাতৃত্বের কোমলতাকেও হারাতে চাই না। কখনোই না।
হয়তো সব দিন সব দায়িত্ব নিখুঁতভাবে পালন করতে পারি না। হয়তো কোথাও একটু কমতি থেকে যায়। পেশাগত ও ব্যক্তিগত দুই জীবনেই। তারপরও দিনশেষে আত্মতৃপ্তি আছে- নিজের একটা পরিচয়ের জন্য, নিজের সন্তানদের ভবিষ্যতের জন্য ভালো কিছু করতে চেষ্টা করেছি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কৃষকদের সরকারি সহায়তা সরাসরি পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবং কৃষিসেবা সহজীকরণের উদ্দেশ্যে ‘কৃষক কার্ড’ কর্মসূচির দ্বিতীয় ধাপের কার্যক্রম আগামী ২ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে। ওই দিন কুষ্টিয়া সদর উপজেলায় প্রধানমন্ত্রী এই কর্মসূচির উদ্বোধন করবেন। এই উদ্যোগের আওতায় খুলনা ও ঢাকা বিভাগের প্রায় দুই লাখ ৯০ হাজার কৃষককে অন্তর্ভুক্ত করা হবে। এই পর্যায়ে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মধ্যে প্রায় ৬৭ কোটি ২০ লাখ টাকা কৃষি উপকরণ কেনার জন্য সহায়তা প্রদান করা হবে।
এরপর, আগামী ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর বিভাগের কৃষকদের জন্য কৃষক কার্ড বিতরণ ও কৃষি উপকরণ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই দুই পর্যায়ে মোট প্রায় ১০২ কোটি টাকার কৃষি সহায়তা কৃষকরা পাবেন।
রংপুর বিভাগের প্রায় এক লাখ ৫৪ হাজার কৃষক এই কর্মসূচির আওতায় আসবেন। তাদের মধ্যে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র এক লাখ ৩৭ হাজার কৃষকের ব্যাংক হিসাবে প্রায় ৩৪ কোটি ৪৩ লাখ টাকা প্রদান করা হবে। কৃষি মন্ত্রণালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে।
কৃষিমন্ত্রী আমিন উর রশিদ এ বিষয়ে মন্তব্য করেন, সরকার দেশের কৃষিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে অর্থনীতির প্রধান খাতে পরিণত করতে কাজ করছে। আধুনিক চাষাবাদ পদ্ধতি ও প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে চাহিদা অনুযায়ী কৃষিপণ্য উৎপাদন নিশ্চিত করতে কৃষক কার্ড কর্মসূচি চালু করা হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুই পর্যায়ে খুলনা, ঢাকা ও রংপুর বিভাগের প্রায় চার লাখ ৪৪ হাজার কৃষককে কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রায় চার লাখ ছয় হাজার কৃষক বছরে জনপ্রতি ২,৫০০ টাকা হারে কৃষি উপকরণ কেনার সহায়তা পাবেন।
এজন্য দুই পর্যায়ে মোট প্রায় ১০১ কোটি ৬৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে। সরকারি আইবাস ব্যবস্থার মাধ্যমে সরাসরি কৃষকদের ব্যাংক হিসাবে এই অর্থ পাঠানো হবে।
আগামী ডিসেম্বর মাসে পর্যায়ক্রমে অন্যান্য বিভাগের কৃষকদের জন্যও পৃথক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা রয়েছে কৃষি মন্ত্রণালয়ের। সরকার আগামী চার বছরে দেশের প্রায় দুই কোটি ৩৫ লাখ কৃষককে কৃষক কার্ডের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে। এই কর্মসূচি দেশের ৬৪ জেলা, ৫০৩ উপজেলা, ১৬ মেট্রোপলিটন এলাকা এবং ১৪ হাজার ১৮০ কৃষি ব্লকে বাস্তবায়িত হবে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৪৩ লাখ কৃষককে কার্ড দেওয়ার পাশাপাশি ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র প্রায় ৩৯ লাখ কৃষককে ৯৭০ কোটি টাকা কৃষি উপকরণ সহায়তা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কৃষক কার্ডের মাধ্যমে প্রদেয় উপকরণগুলোর মধ্যে রয়েছে—ন্যায্যমূল্যে সার, বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ সরবরাহ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা বিতরণ, সেচসেবা, সহজ শর্তে কৃষিঋণ, স্বল্পমূল্যে কৃষিযন্ত্র সরবরাহ, ফসলের বালাই ব্যবস্থাপনা বিষয়ে মোবাইল সেবা, কৃষি প্রশিক্ষণ, আবহাওয়া ও বাজারদরের তথ্য, কৃষিবীমা এবং ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রির সুযোগ।
কৃষি সচিব সেলিম খান আমার দেশকে জানান, কৃষক কার্ডের মাধ্যমে দেশের কৃষকদের চাষযোগ্য জমির পরিমাণ, ফসলের বৈচিত্র্য, কৃষিপণ্যের চাহিদা ও মাটির স্বাস্থ্যসহ কৃষিসংশ্লিষ্ট বিভিন্ন তথ্য নিয়ে একটি সমন্বিত বৃহৎ ডেটাবেজ তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে দেশের কৃষি আধুনিক, তথ্যনির্ভর ও পরিকল্পিত ব্যবস্থাপনার আওতায় আসবে।
তিনি আরও বলেন, কৃষক কার্ড শুধুমাত্র একটি পরিচয়পত্র নয়; এটি কৃষকের মর্যাদাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং কৃষিকে একটি স্বীকৃত ও মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিয়ের সাজে একটি বিশেষ স্থান দখল করে নেয়— বাগদানে বিয়ের আংটি। কিছু আংটিতে বিশাল হীরা রয়েছে, আবার কিছুতে নকশার বৈচিত্র্য। বলিউডের তারকাদের বিয়ে মানেই জাঁকজমক, চোখধাঁধানো পোশাক, দামি গহনা এবং বিলাসবহুল আয়োজন।
বিয়ের সাজে বাগদানের অভিনেত্রীদের আঙুলে যে সব দামি হীরার আংটি শোভা পায়, সেগুলো প্রায়ই অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করে। চলুন দেখা যাক, এমন কিছু অভিনেত্রীকে, যাদের অনামিকায় রয়েছে দামি বাগদানের হীরার আংটি। এবার জানুন, কোন নায়িকার আঙুলে রয়েছে সবচেয়ে দামি আংটি?
অসিন
বলিউডের অন্যতম দামি বিয়ের আংটির মালিক হলেন অভিনেত্রী অসিন। ‘গজনী’ খ্যাত এই অভিনেত্রীর আঙুলে রয়েছে বলিউডের সবচেয়ে দামি আংটি, যার আনুমানিক মূল্য ৬ কোটি রুপি। ২০১৬ সালে ব্যবসায়ী রাহুল শর্মার সঙ্গে বিয়ের সময় পাওয়া এ আংটিতে রয়েছে ২০ ক্যারেটের একটি বিশাল হীরা, যা বিশেষভাবে বেলজিয়াম থেকে তৈরি করে আনা হয়েছিল। জানা গেছে, আংটিতে দম্পতির নামের আদ্যক্ষরও খোদাই করা রয়েছে। আংটির আনুমানিক দাম ৬ কোটি টাকা।
শিল্পা শেঠি
২০০৯ সালে ব্যবসায়ী রাজ কুন্দ্রার সঙ্গে বিয়ে হয় শিল্পা শেঠির। সেই সময় রাজ কুন্দ্রার দেওয়া শিল্পার ২০ ক্যারেট হীরার আংটির দাম আনুমানিক ৩ কোটি রুপি। বিয়ের সময়ে রাজের দেওয়া আংটিটি সকলের নজর কেড়েছিল। বড় আকৃতির হীরা এবং বিশেষ নকশা সেটিকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। শোনা যায়, রাজ লন্ডন থেকে আংটিটি কিনেছিলেন।
আলিয়া ভাট
অভিনেতা রণবীর কাপুরের দেওয়া আলিয়া ভাটের বিশেষ নকশার হীরার আংটির দামও প্রায় ৩ কোটি রুপি। রণবীর কাপুরের সঙ্গে বিয়ের সময়ে আলিয়ার আঙুলে নজর আটকে গিয়েছিল তার ভক্ত-অনুরাগীদের। আংটিতে আটটি ছোট হীরা বসানো রয়েছে, সঙ্গে রয়েছে একটি বড় হীরা। রণবীরের কাছে ‘৮’ সংখ্যাটি বিশেষ অর্থ বহন করে বলে জানা যায়। সেই ভাবনা থেকেই আংটির নকশায় আটটি হীরা রাখা হয়েছিল। আংটির আনুমানিক দাম ৩ কোটি রুপি। ২০২২ সালের ১৪ এপ্রিল বিয়ে করেছিলেন রণবীর ও আলিয়া ভাট।
প্রিয়াংকা চোপড়া
নিক জোনাসের দেওয়া টিফানি অ্যান্ড কোং-এর কুশন-কাট হীরার আংটির দাম প্রায় ২.১ কোটি রুপি। নিক জোনাসের সঙ্গে বাগদানের সময়ে প্রিয়াংকার আংটি নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। টিফানি অ্যান্ড কোম্পানির তৈরি প্ল্যাটিনামের এই আংটিতে ছিল একটি বড় হীরা, এবং দুই পাশে রয়েছে ছোট ছোট হীরার কারুকাজ। ২০১৮ সালের ডিসেম্বর মাসে যোধপুরের প্রাসাদে বিয়ে করেছিলেন তারা। আংটির দাম আনুমানিক ২ কোটি ৭০ লাখ রুপি বলে জানা যায়।
দীপিকা পাড়ুকোন
অভিনেতা রণবীর সিংহের সঙ্গে বিয়ের পর থেকেই দীপিকার আঙুলে দেখা যায় একটি বড় হীরার আংটি। আয়তাকার নকশার হীরাটি প্ল্যাটিনামের ওপর খোদাই করা। আংটির দাম আনুমানিক ১ কোটি ৩০ লাখ থেকে ২ কোটি ৭০ লাখ রুপির মধ্যে। ২০১৮ সালের নভেম্বর মাসে ইতালির লেক কোমোয় দুই রীতিতে বিয়ে করেছিলেন দীপিকা ও রণবীর। তাদের বিয়ের নানা অনুষ্ঠান চলেছিল প্রায় এক মাস ধরে।
আনুশকা শর্মা
বিরাট কোহলির সঙ্গে বাগদানের সময়ে আনুশকার আংটিও বিশেষভাবে নজর কেড়েছিল। অস্ট্রিয়ার এক গহনাশিল্পীর তৈরি এ আংটিতে রয়েছে একটি বড় হীরা। এর দাম আনুমানিক ১ কোটি রুপি। ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালিতে বিয়ে করেছিলেন বিরাট ও আনুশকা শর্মা।
কিয়ারা আদভানি
সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বিয়ের সময়ে কিয়ারা আদভানির আঙুলে দেখা গিয়েছিল একটি বড় হীরার আংটি। এ আংটিতে সাবেকী ও আধুনিক দুই ছোঁয়াই রয়েছে। বিয়ের ছবিতে আংটিটি বিশেষভাবে নজর কেড়েছিল। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, এর দাম ১ কোটি থেকে ১ কোটি ৩০ লাখ রুপির মধ্যে বলে শোনা যায়। ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের বিয়ে করেছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা।
সামান্থা রুথ প্রভু
দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর আংটিটি নকশার দিক থেকে বেশ ব্যতিক্রমী। চার পাশে আটটি পাপড়ির মতো নকশায় বসানো রয়েছে আটটি হীরা। এমন নকশা তৈরি করতে অত্যন্ত দক্ষ কারিগরির প্রয়োজন হয়। আংটির দাম আনুমানিক ১ কোটি ৫০ লাখ রুপি বলে জানা গেছে। ২০২৫ সালের ১ ডিসেম্বর পরিচালক রাজ নিদিমোরুকে বিয়ে করেন সামান্থা রুথ প্রভু।
রানি মুখার্জি
পরিচালক আদিত্য চোপড়ার সঙ্গে রানি মুখার্জির বিয়ে হয়েছিল অত্যন্ত ঘরোয়া আয়োজনে। ২০১৪ সালের ২১ এপ্রিল বিয়ে করেছিলেন তারা। বিয়ের পর রানির আঙুলে দেখা যায় একটি বড় হীরার আংটি। নকশায় সাবেকী আভিজাত্যের ছাপ থাকলেও হীরার আকার নজর কাড়ে। শোনা যায়, আংটির দাম আনুমানিক ২ কোটি রুপি।
সোনম কাপুর
ফ্যাশন নিয়ে বরাবরই সচেতন সোনম কাপুর। তার বিয়ের আংটিতেও রয়েছে সেই রুচির ছাপ। ব্যবসায়ী আনন্দ আহুজার দেওয়া আংটিতে রয়েছে একটি বড় হীরা। কোটির সীমা পার না হলেও এ আংটির দাম আনুমানিক ৯০ লাখ টাকা। ২০১৮ সালের ৮ মে মুম্বাইয়ে বিয়ে করেন সোনম ও আনন্দ।
তবে অভিনয়জগতের তারকারা একমাত্র নয়। বিয়ের আংটির দিক থেকে শিল্পপতিদের স্ত্রীরাও এগিয়ে রয়েছেন। তাদের মধ্যে অন্যতম নাম নীতা আম্বানি। নীতার আংটিতে রয়েছে ৫২.৫৮ ক্যারাটের হীরা। মোগল যুগের ছোঁয়া রয়েছে এ সাবেকী আংটিতে। শোনা যায়, এই আংটির দাম ৫৩ কোটি রুপি ছাড়িয়ে যায়।
কোটির কাছাকাছি না পৌঁছালেও কারিনা কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চন ও বিদ্যা বালানের সংগ্রহেও রয়েছে দামি আংটি। তবে শুধু আংটিই নয়, অভিনেত্রীদের কয়েকজনের সংগ্রহে রয়েছে নানা রকমের দামি গহনা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম পাকিস্তানের লাহোরে অবস্থিত উপমহাদেশের বিশিষ্ট কবি ও দার্শনিক আল্লামা মুহাম্মদ ইকবালের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। বৃহস্পতিবার, তিনি সংসদীয় প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে নিয়ে সমাধিটি পরিদর্শন করেন। এ সময় তিনি ফাতেহা পাঠ করেন, পুষ্পস্তবক অর্পণ করেন এবং দর্শনার্থীদের বইয়ে নিজের মন্তব্য লেখেন।
আল্লামা ইকবাল উপমহাদেশের সাহিত্য, দর্শন ও রাজনৈতিক চিন্তার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ১৮৭৭ সালের ৯ নভেম্বর ব্রিটিশ ভারতের পাঞ্জাবের শিয়ালকোটে জন্মগ্রহণ করেন। উর্দু ও ফারসি ভাষায় কবিতা রচনা করার পাশাপাশি দর্শন ও রাজনীতি নিয়ে তার চিন্তাভাবনা দক্ষিণ এশিয়ার মুসলিম সমাজে গভীর প্রভাব ফেলেছে। পাকিস্তানে তাকে জাতীয় কবি হিসেবে বিশেষ সম্মান দেওয়া হয়।
ইকবালের চিন্তাধারা পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনৈতিক ধারণা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ১৯৩০ সালে অল ইন্ডিয়া মুসলিম লীগের এলাহাবাদ অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি ভারতীয় উপমহাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের মুসলিম-অধ্যুষিত অঞ্চলগুলোকে একত্রিত করে একটি স্বায়ত্তশাসিত রাষ্ট্র গঠনের ধারণা উপস্থাপন করেন। তার এই প্রস্তাব পরবর্তী সময়ে পাকিস্তান প্রতিষ্ঠার বুদ্ধিবৃত্তিক ভিত্তিগুলোর একটি হিসেবে বিবেচিত হয়।
‘সারে জাহাঁ সে আচ্ছা’সহ জনপ্রিয় দেশাত্মবোধক কবিতার রচয়িতা ইকবাল ১৯৩৮ সালের ২১ এপ্রিল লাহোরে মৃত্যুবরণ করেন। ঐতিহাসিক বাদশাহী মসজিদের নিকট হাজুরি বাগে তার সমাধি অবস্থিত। লাহোরের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত এই সমাধি উপমহাদেশের সাহিত্য ও ইতিহাসের একটি স্মৃতিচিহ্ন হয়ে আছে।
লাল বেলেপাথরে নির্মিত সমাধিটির নির্মাণকাজ ১৯৫১ সালে সম্পন্ন হয়। সমাধির মার্বেলের মূল স্মৃতিস্তম্ভটি আফগানিস্তান সরকারের উপহার। এর স্থাপত্যে মুঘল ও পারস্যের শিল্পরীতির প্রভাব স্পষ্ট। সমাধির দেয়ালে ইকবালের কবিতার পঙ্ক্তিগুলোও খোদাই করা হয়েছে।
ইকবালের সাহিত্য ও দর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মপরিচয়, আত্মমর্যাদা ও আত্মশক্তির বিকাশ। তার ‘খুদি’ দর্শনে ব্যক্তির আত্মসচেতনতা, আত্মবিশ্বাস এবং নিজের সম্ভাবনাকে বিকশিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তার কবিতায় শিক্ষা, ঐক্য, আত্মজাগরণ ও মানবিক মর্যাদার বিষয়গুলোও বিশেষভাবে উঠে এসেছে।
ইকবালের বহুল পরিচিত একটি কবিতার পঙ্ক্তি হলো—
‘সিতারোঁ সে আগে জহাঁ অউর ভি হ্যায়
আভি ইশ্ক কে ইমতিহাঁ অউর ভি হ্যায়।’
এই পঙ্ক্তির বাংলা ভাবার্থ হলো, নক্ষত্রের ওপারেও আরো জগৎ রয়েছে; ভালোবাসা ও সাধনার আরো পরীক্ষা বাকি। এই পঙ্ক্তি মানুষের স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা ও আত্মোন্নয়নের বার্তা বহন করে।
স্পিকারের পাকিস্তান সফরের অংশ হিসেবে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল লাহোরের আরও কয়েকটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনা পরিদর্শন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো লাহোর ফোর্ট, বাদশাহী মসজিদ ও মিনার-ই-পাকিস্তান। লাহোর ফোর্টে প্রতিনিধিদলকে ঐতিহাসিক দুর্গের স্থাপত্য, শীশ মহল, দেওয়ান-ই-আম, দেওয়ান-ই-খাসসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখানো হয়।
মিনার-ই-পাকিস্তানও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের স্মৃতি ধারণ করে নির্মিত এই মিনার পাকিস্তানের রাষ্ট্রীয় ইতিহাসের অন্যতম প্রতীক। লাহোরের গ্রেটার ইকবাল পার্কে অবস্থিত মিনারটি আল্লামা ইকবালের সমাধির নিকটে অবস্থিত। ফলে একই সফরে ইকবালের সমাধি ও মিনার-ই-পাকিস্তান পরিদর্শনের মধ্য দিয়ে প্রতিনিধিদলটি পাকিস্তানের সাহিত্যিক ও রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ দুটি স্মৃতিচিহ্ন দেখার সুযোগ পেয়েছে।
বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হিসেবে হাফিজ উদ্দিন আহমদের এই পাকিস্তান সফরও তাৎপর্যপূর্ণ। পাকিস্তানের জাতীয় পরিষদের তথ্য অনুযায়ী, দেশটির জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ২৪ নভেম্বর শুরু হওয়া সফরটি বাংলাদেশের কোনো জাতীয় সংসদ স্পিকারের প্রথম আনুষ্ঠানিক পাকিস্তান সফর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ