ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বাংলাদেশ দিল্লির আধিপত্য মেনে নেবে না: মিয়া গোলাম পরওয়ার


বাংলাদেশ দিল্লির আধিপত্য মেনে নেবে না: মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মন্তব্য করেছেন যে, ভারত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণআকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তিনি স্পষ্টভাবে বলেছেন, দিল্লির কোনো ধরনের আধিপত্য বাংলাদেশ মেনে নেবে না।

আজ শুক্রবার চট্টগ্রাম বন্দর শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জাতীয় ঐক্য প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ‘প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের ডাক দিলেও জুলাই সনদ বাস্তবায়ন না করা সরকারই ঐক্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।’ তার দাবি, ৭০ শতাংশ ভোটে বিজয়ী গণভোটের রায় সংসদীয় আসনের সংখ্যাগরিষ্ঠতার জোরে প্রত্যাখ্যান করা যায় না। তিনি বলেন, ‘জাতীয় ঐক্য চাইলে সরকারকে গণভোটের রায় মেনে নিতে হবে।’

আরও পড়ুন: ১ ডিসেম্বর সোহরাওয়ার্দীতে বিএনপির সমাবেশে প্রধান অতিথি তারেক রহমান

গোলাম পরওয়ার আরও বলেন, দেশের শিল্পমালিকরা প্রায়ই বলেন, ‘শিল্প বাঁচলে দেশ বাঁচবে।’ কথাটি সত্য, তবে তিনি যুক্ত করেন, শ্রমিক বাঁচলেই শিল্প বাঁচবে। তিনি উল্লেখ করেন, শ্রমিকদের ন্যূনতম অধিকার, দুবেলা খাবার ও অসুস্থতার সময় চিকিৎসার নিশ্চয়তা দিতে পারে না, এমন শ্রমনীতি প্রত্যাখ্যান করে ন্যায়-ইনসাফভিত্তিক ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে।

চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে তিনি বলেন, ‘বন্দর নিয়ে বহুমুখী ষড়যন্ত্র চলছে।’ তিনি অভিযোগ করেন, সরকারের দায়িত্বশীল পদে থাকা কারও কারও এসব ষড়যন্ত্রে যুক্ত থাকার কথা। দেশের স্বার্থ উপেক্ষা করে বন্দর বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হলে জনগণ তা মেনে নেবে না। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, দেশের সব সম্পদ দেশীয় ব্যবস্থাপনায় পরিচালনার সক্ষমতা অর্জন করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেড় যুগ পর চট্টগ্রামে গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি একরামুল হক রবিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৭ পি.এম


দেড় যুগ পর চট্টগ্রামে গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি একরামুল হক রবিন

সাটুরিয়া উপজেলার গোলড়া গ্রামের একরামুল হক রবিন, যিনি স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তাকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানার পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া একরামুল হক রবিন, সাটুরিয়া গোলড়া গ্রামের রফিকুল ইসলামের পুত্র। হত্যার শিকার স্ত্রী ইসরাত জাহান চাঁদপুর জেলার মতলবের আশিনপুর গ্রামের মনির হোসেনের কন্যা।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০০৮ সালে একরামুল হক রবিনের স্ত্রী ইশরাত জাহানের গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় মৃত্যু ঘটে। স্ত্রীর মৃত্যুর পর একরামুল পালিয়ে যান। এ ঘটনায় ইশরাত জাহানের মামা ইকবাল হোসেন সাটুরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর তিনি চট্টগ্রামে নতুন করে বিয়ে করে ভাড়া বাসায় বসবাস করছিলেন।

সাটুরিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আসাদুজ্জামান আসাদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আদালত কর্তৃক মৃত্যুদণ্ডে অভিযুক্ত একরামুল দীর্ঘদিন কুয়েত প্রবাসী ছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল রাতে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করি।’

সাটুরিয়া থানার ওসি মোশাররফ হোসেন জানিয়েছেন, সাটুরিয়া থানার একটি চৌকস দল আসামি একরামুল হককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। প্রয়োজনীয় কাজ শেষ করার পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫১৭ গ্রেফতার, ৫১ মামলা দায়ের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০২ পি.এম


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫১৭ গ্রেফতার, ৫১ মামলা দায়ের

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬ : গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিচালিত অভিযানে ৫১৭ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৫১টি মামলা দায়ের করা হয়েছে।

এ তথ্যটি আজ ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ২১ জন, লালবাগ বিভাগ থেকে ৪৭ জন, ওয়ারী বিভাগ থেকে ৮০ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৭ জন, তেজগাঁও বিভাগ থেকে ৭৬ জন, মিরপুর বিভাগ থেকে ১৪৬ জন, গুলশান বিভাগ থেকে ৪৫ জন, উত্তরা বিভাগ থেকে ৪১ জন, গোয়েন্দা বিভাগ থেকে তিন জন এবং এসআরইউ থেকে একজন গ্রেফতার করা হয়েছে।

অভিযানের সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি, একটি অবিস্ফোরিত ককটেল, চারটি বিস্ফোরিত ককটেলের অংশ, ১২ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৯১৫৮ পিস ইয়াবা, একটি বাস, ব্যাংকের তিনটি কার্ড, ১১টি মোবাইল ফোন, নগদ ১২ হাজার ৯৬৫ টাকা এবং একজন ভিকটিম উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুতিনকে ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধের আহ্বান ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০২ পি.এম


পুতিনকে ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধের আহ্বান ট্রাম্পের

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে ইউরোপজুড়ে সকল ধরনের সামরিক আগ্রাসন বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন।

গত সপ্তাহে ট্রাম্প পুতিনকে ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করেছিলেন।

তবে এবার রুশ নেতার প্রতি তার বক্তব্যে কিছুটা কঠোর সুর লক্ষ্য করা যাচ্ছে।

বার্তা সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, ট্রাম্প জানান, তিনি গত সপ্তাহে চীনে পুতিনের সঙ্গে বৈঠকের সময় এ অনুরোধটি করেন। তার আশা, এই আহ্বানের ফলে ইউক্রেনে রাশিয়ার দীর্ঘস্থায়ী যুদ্ধ বন্ধে একটি সমঝোতায় পৌঁছানো সহজ হবে।

ফ্লোরিডায় ন্যাটোর মহাসচিব মার্ক রুটেকে আতিথ্য দেওয়ার এক দিন পর ট্রাম্প এ মন্তব্য করেন।

বুধবারের ওই বৈঠক শেষে দুই নেতা একটি যৌথ বিবৃতি দেন। এতে রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের পরিধি আর না বাড়ানোর আহ্বান জানানো হয়।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘গত সপ্তাহে চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে আলোচনার সময় আমি তাকে ইউরোপের বিভিন্ন ভূখণ্ডে সব ধরনের সামরিক আগ্রাসন বন্ধ করার বিষয়টি নিয়ে অনেক কথা বলেছি।’

ট্রাম্প বলেন, ‘রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্রুত একটি সমঝোতা চুক্তি করা সম্ভব হবে—এমন আশাতেই আমি তাকে (পুতিনকে) এ অনুরোধ জানিয়েছি।’

তিনি আরও জানান, ‘আমি সত্যিই মনে করি, এ ধরনের সমঝোতায় পৌঁছানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে।’

তবে ট্রাম্প তার বক্তব্যে ইউরোপের কোন কোন ভূখণ্ডের কথা বলেছেন, তা স্পষ্ট করেননি। এমনকি ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সবচেয়ে বড় যুদ্ধে পরিণত হওয়া ইউক্রেনের নামও তিনি সরাসরি উল্লেখ করেননি।

রাশিয়ার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ইউরোপীয় দেশগুলোর উদ্বেগ ক্রমেই বাড়ছে। এর মধ্যে গত সপ্তাহে ন্যাটোর সদস্যদেশ পোল্যান্ডে রাশিয়ার তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনা রয়েছে।

বুধবারের যৌথ বিবৃতিতে ট্রাম্প ও রুটে বলেন, ‘রাশিয়া যেন ইচ্ছাকৃতভাবে কিংবা অনিচ্ছাকৃতভাবে এমন কোনো পদক্ষেপ না নেয়, যাতে যুদ্ধের পরিধি আরও বিস্তৃত হয়—সে বিষয়টির গুরুত্ব নিয়ে তারা আলোচনা করেছেন।’

উল্লেখযোগ্য বিষয় হলো, সম্প্রতি ইউক্রেন রাশিয়ার গভীরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর পর ট্রাম্প সমালোচনা করলেও এবার কিয়েভকে একই ধরনের সংযম দেখানোর কোনো আহ্বান জানাননি।

বৃহস্পতিবার ফ্লোরিডায় নিজের মার-এ-লাগো বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, আগামী মাসে মিয়ামিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে পুতিন যোগ দেবেন কি না, তা তিনি নিশ্চিত নন। তবে তিনি বলেন, ‘পুতিন আসতে চাইলে অবশ্যই আসতে পারেন।’

অচলাবস্থায় ইউক্রেন যুদ্ধের সমঝোতা

গত সপ্তাহে চীনের শেনজেন শহরে পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের সময় তার বক্তব্য ও আচরণ ছিল বেশ বন্ধুত্বপূর্ণ। ওই সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের উপস্থিতিতে দুই নেতা বৈঠক করেন।

ট্রাম্প পুতিনকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং ‘বন্ধু’ বলে সম্বোধন করেন।

তার এমন আচরণে ইউক্রেন ও ইউরোপের বিভিন্ন দেশের রাজধানীতে নতুন করে উদ্বেগ দেখা দেয়। তাদের আশঙ্কা, ট্রাম্প আবারও রাশিয়ার প্রেসিডেন্টের প্রতি বেশি ঝুঁকে পড়ছেন।

চলতি সপ্তাহে পুতিনের প্রতি ট্রাম্পের বক্তব্যে তুলনামূলক কঠোর সুর কেন—বৃহস্পতিবার সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি জানি না, আমি আগের চেয়ে কঠোর হয়েছি কি না। তবে আমার মনে হয়, আমিই তো তাদের ট্যাংকবিধ্বংসী অস্ত্র দিয়েছিলাম, তাই না?’

ট্রাম্প তার প্রথম মেয়াদে ইউক্রেনের কাছে জ্যাভলিন ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দেওয়ার বিষয়টি প্রায়ই উল্লেখ করেন। তার দাবি, রাশিয়ার প্রাথমিক হামলা মোকাবিলায় এসব অস্ত্র ইউক্রেনকে সহায়তা করেছিল।

এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করা তার জামাতা জ্যারেড কুশনার এবং ঘনিষ্ঠ ব্যবসায়ী সহযোগী স্টিভ উইটকফের বিরুদ্ধে রাশিয়ার প্রতি পক্ষপাতমূলক অবস্থান নেওয়ার অভিযোগ রয়েছে।

বুধবার জার্মানির ‘এমডি মিটস’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে কুশনার বলেন, পুতিন ‘সংযম দেখিয়েছেন’, কারণ তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার বিষয়ে সম্মত হয়েছেন।

কুশনার আরও বলেন, একাধিকবার সাক্ষাৎ হওয়া রুশ প্রেসিডেন্ট পুতিন ‘রাজনীতির একজন মহাগুরু’।

অন্যদিকে ইউক্রেন সংঘাতকে তিনি এমন একটি ‘ছায়াযুদ্ধ’ হিসেবে বর্ণনা করেন, যেখানে ইউরোপ ইউক্রেনকে অর্থ ও অস্ত্র দিয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করছে।

তিনি বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন ও রুশ প্রতিনিধিদলের সঙ্গে দীর্ঘ সময় ধরে আলোচনার মাধ্যমে স্টিভ ও আমি যে বিষয়টি বুঝতে পেরেছি, তা হলো—ভূখণ্ড নিয়ে বিরোধ এখনো এক ধরনের অচলাবস্থায় রয়েছে।’

ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি আরও খারাপ হওয়ার বিষয়ে সতর্ক করে কুশনার বলেন, ‘বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার জন্য খুব বেশি ভুল হিসাব বা ভুল বোঝাবুঝির প্রয়োজন হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পিকার: হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশকে শাস্তি দেওয়ার চেষ্টা করছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৩ পি.এম


স্পিকার: হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশকে শাস্তি দেওয়ার চেষ্টা করছে ভারত

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অভিযোগ করেছেন যে, ভারতের বিরুদ্ধে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করা হচ্ছে এবং নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। তিনি উল্লেখ করেছেন, পাকিস্তানের মতো বাংলাদেশও ভারতের ‘পানি আগ্রাসনের’ শিকার। তিনি বলেন, ভারত সরকারের উদ্দেশ্য বাংলাদেশের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলকে মরুভূমিতে পরিণত করা।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি। এ সভার আয়োজন করা হয় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং তথ্য ও সম্প্রচারবিষয়ক ফেডারেল মন্ত্রী আতা উল্লাহ তারারের যৌথ উদ্যোগে। অনুষ্ঠানে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা এবং সফররত বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ভারত থেকে বাংলাদেশে ৫০টির বেশি বড় ও ছোট নদী প্রবেশ করেছে। কিন্তু ভারত ক্রমাগত ব্যারাজ নির্মাণ করে এসব নদীর পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করছে। তার অভিযোগ, কিছু নদীর উৎপত্তি চীনে হলেও ভারত বাংলাদেশের পানিপ্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

তিনি আরও বলেন, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর ভারত বাংলাদেশকে শাস্তি দেওয়ার চেষ্টা করছে। শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ ভারতের একটি ‘উপনিবেশে’ পরিণত হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

মতবিনিময় সভায় শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনৈতিক ভূমিকা নিয়েও আলোচনা করেন স্পিকার। তিনি আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী’ ও ‘গুণ্ডাদের’ সংগঠন হিসেবে আখ্যা দেন। তার মতে, দলটির কার্যক্রম নিষিদ্ধ না হলেও জনদাবির পরিপ্রেক্ষিতে সীমিত করা হয়েছে।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশের মানুষ স্বৈরশাসন মেনে নেয় না। তার দাবি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা। স্বাধীনতার পর দেশটি সামরিক ও বেসামরিক—উভয় ধরনের কর্তৃত্ববাদী শাসনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে।

শেখ হাসিনার শাসনামলকে বেসামরিক স্বৈরশাসনের সবচেয়ে খারাপ উদাহরণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তার অধীনে ১৫ বছর দেশে একদলীয় শাসন চাপিয়ে দেওয়া হয়েছিল।

বাংলাদেশের প্রতিনিধিদলের অন্য সদস্যরাও শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে ঢাকা ও ইসলামাবাদের সম্পর্ক ইচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ তোলেন। তাদের বক্তব্য, শেখ হাসিনা বাংলাদেশকে প্রতিবেশী দেশের উপনিবেশে পরিণত করেছিলেন। তবে অতীত ভুলে দুই দেশের মধ্যে নতুন, বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চান তারা।

পাকিস্তানের পার্লামেন্ট ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাদা করে কথা বলার সময় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়েও মন্তব্য করেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, ১৯৭১ সালে ভারত বাঙালিদের সহায়তা করেনি; বরং পাকিস্তানকে দুর্বল করেছে। তার দাবি, বাঙালিরা এখন বিষয়টি উপলব্ধি করতে পেরেছে।

স্পিকার আরও মন্তব্য করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে সরাসরি কারাগারে পাঠিয়ে আইনের মুখোমুখি করা হবে। এছাড়া কাশ্মীর সমস্যার সমাধান জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী হওয়া উচিত বলেও মত দেন তিনি।

পাকিস্তানের আতিথেয়তার প্রশংসা করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। তিনি এই সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বল বলেও আশাবাদ প্রকাশ করেন।

পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুলে নিজের প্রশিক্ষণজীবনের স্মৃতিও তুলে ধরেন স্পিকার। ষাটের দশকের শেষ দিকে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগে সেখানে ক্যাডেট হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। একাডেমিতে ফিরে যাওয়ার অভিজ্ঞতাকে স্মৃতিময় উল্লেখ করে বলেন, দুই দেশের মানুষই পরস্পরের সঙ্গে দেখা করতে, যোগাযোগ বাড়াতে এবং একে অপরের দেশে যেতে আগ্রহী।

আন্তর্জাতিক বিভিন্ন ফোরামেও বাংলাদেশ ও পাকিস্তান পারস্পরিক অবস্থানের ভিত্তিতে একে অপরকে সমর্থন করবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে পাকিস্তানি সাংবাদিকদের প্রশ্নে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবিত করার সম্ভাবনা, আঞ্চলিক জোটে চীনকে অন্তর্ভুক্ত করা এবং ভারত থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের অনুরোধের বিষয়গুলো উঠে আসে। এ ছাড়া আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণার বিষয়েও প্রশ্ন করেন সাংবাদিকেরা।

সার্ক পুনরুজ্জীবনের পক্ষে মত দিয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, দুই দেশের নেতারা বিষয়টি নিয়ে আলোচনা করছেন। চলমান পরামর্শ প্রক্রিয়া থেকে ইতিবাচক কিছু বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের প্রতিনিধিদলকে স্বাগত জানান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। তিনি বলেন, বাংলাদেশের সংসদ সদস্যরা পাকিস্তানে এসে যেন নিজেদের বাড়িতেই এসেছেন।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতা উল্লাহ তারার প্রতিনিধিদলের সম্মানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়েও জানান। এ অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শবনমকে ইসলামাবাদে নেওয়া হয় বলে দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে।

সূত্র: দ্য নিউজ ইন্টারন্যাশনাল, ডায়ালগ পাকিস্তান, প্রোবস পাকিস্তান, পাকিস্তানের প্রেসিডেন্টের তথ্য দপ্তর, রেডিও পাকিস্তান, পাকিস্তানের জাতীয় পরিষদ ও ডন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%