শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৩:০৭ পি.এম
বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিন, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটি বড় সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচি শুরু করতে যাচ্ছে বিএনপি। আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) বেলা ২টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজয়ের মাসজুড়ে ধারাবাহিক কর্মসূচি পালনের অংশ হিসেবে উদ্বোধনী আয়োজনকে বড় পরিসরে সাজানোর প্রস্তুতি নিচ্ছে দলটি।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভা শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির তথ্য জানান।
রিজভী বলেন, "বিজয়ের মাস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধনী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। বেলা ২টায় সমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।"
তিনি আরও জানান, বিজয়ের মাসের কর্মসূচি সফল করতে দলের কেন্দ্রীয় নেতা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। কর্মসূচিতে সর্বস্তরের নেতা-কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
যৌথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমদ ও আমানউল্লাহ আমান উপস্থিত ছিলেন। এছাড়া দলের নির্বাহী কমিটির সদস্য, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতারা এবং ঢাকা জেলার দলীয় সংসদ সদস্যরাও অংশ নেন।
দলীয় সূত্রে জানা গেছে, এবার বিজয়ের মাসের কর্মসূচি শুধুমাত্র বিজয় দিবস উদযাপনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না বিএনপি। ডিসেম্বরের বিভিন্ন জাতীয় ও রাজনৈতিক দিবসকে কেন্দ্র করে সমাবেশ, আলোচনা সভা, মিছিল-শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচি থাকবে। মাসের শেষভাগেও দলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও স্মরণমূলক আয়োজনের পরিকল্পনা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কাজি শুরাইহ ইবনুল হারিস ইবনে কায়েস আল-কিন্দি (রহ.) ছিলেন বংশগতভাবে ইয়েমেনি। তিনি ইসলাম-পূর্ব যুগে জন্মগ্রহণ করেন এবং রাসুলুল্লাহ (সা.)-এর জীবদ্দশায় ইসলাম গ্রহণ করেন। তবে নবীজি (সা.)-এর সাক্ষাৎ লাভের সুযোগ না পাওয়ায় তাঁকে সাহাবি হিসেবে গণ্য করা হয় না, বরং তাবেয়ি হিসেবে পরিচিত। তাঁর ন্যায়পরায়ণতা ও বিচারিক যোগ্যতা এতটাই প্রসিদ্ধ ছিল যে, খলিফা আলি (রা.) তাঁকে প্রশংসা করে বলেছিলেন, ‘শুরাইহ হলেন আরবদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক।’ (ইবনুল আসির, উসদুল গাবাহ, ২/৪)
বিচারকের দায়িত্ব লাভ
কাজি শুরাইহের অসাধারণ মেধা ও বিচারিক প্রজ্ঞার কথা জানার পর দ্বিতীয় খলিফা হজরত ওমর ইবনুল খাত্তাব (রা.) তাঁকে কুফার বিচারক হিসেবে নিয়োগ দেন। এই নিয়োগের মাধ্যমে শুরু হয় তাঁর দীর্ঘ ও গৌরবময় বিচারিক জীবন। বিচারকের দায়িত্ব গ্রহণের সময় খলিফা ওমর (রা.) তাঁকে বিচারকার্যের একটি গুরুত্বপূর্ণ মূলনীতি শিখিয়ে দেন। তিনি বলেন, ‘আল্লাহর কিতাবে যা পাবে, সে অনুযায়ী ফয়সালা করবে। যদি সেখানে না পাও, তবে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করবে। আর যদি সেখানেও না পাও, তবে নিজের প্রজ্ঞা দিয়ে ইজতিহাদ করবে এবং নেককার আলেমদের পরামর্শ নেবে।’ (ইবনে আসাকির, তারিখে দামিশক, ২৩/১৮)
এই নির্দেশনা ইসলামি বিচারব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করে। অর্থাৎ বিচারককে প্রথমে কোরআন, এরপর সুন্নাহ এবং প্রয়োজনে শরিয়তের মূলনীতির আলোকে ইজতিহাদ ও যোগ্য ব্যক্তিদের পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে।
কাজি শুরাইহ (রহ.) তাঁর বিচারিক জীবনে এই নীতির অনুসরণ করেছেন। তিনি হজরত ওমর (রা.), হজরত ওসমান (রা.) ও হজরত আলি (রা.)-এর খেলাফতকাল অতিক্রম করে পরবর্তী উমাইয়া শাসনামলেও বিচারকের দায়িত্ব পালন করেন। দীর্ঘ সময় ধরে তিনি অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সঙ্গে বিচারকার্য পরিচালনা করেন। বিচারকের আসনে বসে তিনি সুরা সাদের ২৬ নম্বর আয়াতটি স্মরণ করতেন। মহান আল্লাহ বলেন, ‘হে দাউদ! আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি। অতএব তুমি মানুষের মধ্যে ন্যায়বিচার প্রতিষ্ঠা করো এবং প্রবৃত্তির অনুসরণ কোরো না। কেননা তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে।’ (সুরা : সাদ, আয়াত : ২৬)
অসাধারণ মেধা ও উপস্থিত বুদ্ধি
কাজি শুরাইহ (রহ.) শুধু আইন ও বিচারিক বিধিবিধানেই দক্ষ ছিলেন না; বরং মানুষের মনস্তত্ত্ব বুঝতেও ছিলেন অসাধারণ পারদর্শী। তিনি কারও আবেগ, কান্না কিংবা বাহ্যিক আচরণ দেখে তড়িঘড়ি সিদ্ধান্ত নিতেন না। বরং ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে গুরুত্ব দিতেন। বিখ্যাত তাবেয়ি আমেরুশ শাবি (রহ.) তাঁর একটি ঘটনার বর্ণনা দিয়েছেন।
একবার এক নারী একটি বিরোধের ঘটনায় কাজি শুরাইহের আদালতে উপস্থিত হয়ে অঝোরে কাঁদতে শুরু করলেন। তাঁর কান্না দেখে শাবি (রহ.) বললেন, ‘আহা! এই অসহায় নারী নিশ্চয়ই নির্যাতিত।’ কাজি শুরাইহ তখন মুচকি হেসে বললেন, ‘হে শাবি! নবী ইউসুফের ভাইয়েরাও তো এশার সময় কাঁদতে কাঁদতেই তাঁদের পিতার কাছে এসেছিল।’ অর্থাৎ কান্না করলেই কেউ নির্দোষ বা নির্যাতিত প্রমাণিত হয় না। (ইবনে আসাকির, তারিখে দামিশক, ২৩/৩২)
খলিফার বিরুদ্ধেও রায় দিতে দ্বিধা করেননি। কাজি শুরাইহের ন্যায়পরায়ণতার সবচেয়ে আলোচিত দৃষ্টান্তগুলোর একটি হলো খলিফা আলি (রা.) ও এক খ্রিষ্টান ব্যক্তির বর্মসংক্রান্ত ঘটনা। একবার খলিফা আলি (রা.) নিজের একটি বর্ম এক খ্রিষ্টান ব্যক্তির কাছে দেখতে পান। তিনি বর্মটিকে নিজের বলে দাবি করেন। কিন্তু দাবির পক্ষে আদালতে প্রয়োজনীয় সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করতে পারেননি। মামলাটি কাজি শুরাইহের আদালতে উঠলে তিনি খলিফা আলি (রা.)-এর পদমর্যাদা কিংবা ব্যক্তিগত সম্মানকে বিবেচনায় না নিয়ে প্রচলিত বিচারিক নীতির আলোকে সিদ্ধান্ত দেন।
প্রমাণের অভাবে তিনি খ্রিষ্টান ব্যক্তির অনুকূলে রায় দেন। একজন সাধারণ নাগরিকের সঙ্গে রাষ্ট্রের সর্বোচ্চ শাসকের এমন সমান আচরণ দেখে খ্রিষ্টান ব্যক্তিটি বিস্মিত ও অভিভূত হন। তিনি বুঝতে পারেন যে ইসলাম এমন এক ন্যায়বিচারের শিক্ষা দেয়, যেখানে শাসকও আইনের ঊর্ধ্বে নন। এতে প্রভাবিত হয়ে তিনি ইসলাম গ্রহণ করেন এবং স্বীকার করেন যে বর্মটি আসলে খলিফা আলি (রা.)-এরই ছিল। (ইবনে আসাকির, তারিখে দামিশক, ২৩/২৪)
নিজের সন্তানের বিরুদ্ধেও ছিলেন আপসহীন। কাজি শুরাইহ (রহ.)-এর ন্যায়পরায়ণতা শুধু অপরিচিত কিংবা সাধারণ মানুষের ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না; নিজের সন্তানের ক্ষেত্রেও তিনি একই নীতি অনুসরণ করতেন। একবার তাঁর এক ছেলে একটি বিরোধের বিষয়ে তাঁর কাছে এসে জানতে চাইল, ‘বাবা! আমি যদি এই মামলা করি, তাহলে কি জিতব?’ তিনি বললেন, ‘হ্যাঁ, তুমি মামলা করতে পারো।’ এরপর আদালতে মামলাটির শুনানি হলো। সবকিছু বিবেচনা করে কাজি শুরাইহ নিজের ছেলের বিপক্ষেই রায় দিলেন। এতে ছেলে বিস্মিত ও ক্ষুব্ধ হয়ে বাবার কাছে এর কারণ জানতে চাইল।
তখন তিনি ছেলেকে বললেন, ‘বাবা! আল্লাহর কসম, তুমি আমার কাছে পৃথিবীর সব মানুষের চেয়ে প্রিয়। কিন্তু আল্লাহ আমার কাছে তোমার চেয়েও অধিক সম্মানিত। আমি যদি তোমাকে আগে থেকেই রায়ের কথা জানিয়ে দিতাম, তাহলে অপর পক্ষ তাদের অধিকার হারানোর আশঙ্কায় মামলা করার আগেই আপস করে নিতে পারত।’ অর্থাৎ তিনি চেয়েছিলেন, আদালতে উভয় পক্ষ যেন সমান সুযোগ পায় এবং কোনো পক্ষই বিচারকের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কারণে সুবিধা না পায়। (ইবনুল জাওজি, আল-মুনতাজাম, ২/২৭২)
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কেপটাউন টেস্টের বহুল আলোচিত বল টেম্পারিং কেলেঙ্কারির প্রভাব কাটতে না কাটতেই অস্ট্রেলীয় ক্রিকেটে নতুন বিতর্ক দেখা দিয়েছে। ২০১৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে দুবাই টেস্টে বল টেম্পারিংয়ের পরিকল্পনার অভিযোগ উঠেছে অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিজ্ঞ স্পিনার নাথান লায়নের নাম জড়িয়েছে।
অস্ট্রেলীয় সাংবাদিক জেরার্ড হোয়াটলির তথ্য অনুযায়ী, ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে দুবাই টেস্ট চলাকালে দলের এক সিনিয়র ক্রিকেটার সতীর্থদের কাছে জানতে চেয়েছিলেন, ‘মিন্ট আছে কার কাছে? বলের কাজটা আজ কে করবে?’ অভিযোগ রয়েছে, সেই ক্রিকেটার ছিলেন নাথান লায়ন।
স্যান্ডপেপারগেট কেলেঙ্কারির কয়েক দিন পর এমন ঘটনা ঘটেছিল বলে দাবি করা হচ্ছে। লায়নের কথায় এক সতীর্থ আপত্তি জানিয়ে বলেছিলেন, ‘মজা করছো নাকি? সেই কাজ আর করছি না আমরা!’ এমনকি তৎকালীন প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারও বিষয়টি নিয়ে লায়নকে সতর্ক করেছিলেন বলে খবর প্রকাশিত হয়েছে।
এদিকে নতুন বিতর্কের উদ্ভবের পর ৩৯ বছর বয়সী এই স্পিনার অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে বাদ পড়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে চার টেস্টের কোনোটিতেই তিনি জায়গা পাননি। তবে সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে বাদ পড়ার ব্যাখ্যা দেওয়া হচ্ছে।
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা একটি স্বাধীন ফোরামে নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ পাবেন। তবে লায়নের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
সব মিলিয়ে নতুন এই অভিযোগ অস্ট্রেলীয় ক্রিকেটে পুরোনো বল টেম্পারিং বিতর্ককে আবারও সামনে নিয়ে এসেছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আন্তর্জাতিক ক্রিকেটে নাথান লায়নের অবস্থান ও ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তৈরি হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দীর্ঘ ১৮ বছর ধরে পলাতক থাকার পর অবশেষে পুলিশ কর্তৃক ধরা পড়েছেন একরামুল হক রবিন (৪৬), যিনি মানিকগঞ্জের সাটুরিয়ার একটি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় অভিযান চালিয়ে সাটুরিয়া থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া একরামুল হক রবিন সাটুরিয়া উপজেলার গোলড়া গ্রামের রফিকুল ইসলাম মিলুর পুত্র।
পুলিশের তথ্য অনুযায়ী, ২০০৮ সালের ১৮ জুলাই সাটুরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(ক)/৩০ ধারায় একটি মামলা (মামলা নং-৬) দায়ের করা হয়। ওই মামলায় আদালত একরামুল হক রবিনকে মৃত্যুদণ্ড প্রদান করে। আদালতের রায় ঘোষণার পর থেকেই তিনি গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন।
সাটুরিয়া থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেনের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামানের নেতৃত্বে এসআই মিঠুন কুমার দাস ও এএসআই মশিউর রহমানসহ পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় রবিনের অবস্থান শনাক্ত করা হয় এবং চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সাটুরিয়া থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে পলাতক থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীকে গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকালে তাঁকে মানিকগঞ্জের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ