ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মাতৃভূমির দিকে কুদৃষ্টি দিলে বসে থাকব না: ইশরাক হোসেন


মাতৃভূমির দিকে কুদৃষ্টি দিলে বসে থাকব না: ইশরাক হোসেন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী ও বিজেপি নেতা অর্জুন সিংয়ের ‘বাংলাদেশ দখল’ সংক্রান্ত মন্তব্যের বিরুদ্ধে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা ইশরাক হোসেন কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এই মন্তব্যের তীব্র নিন্দা করেন এবং দেশের নিরাপত্তা রক্ষায় যেকোনো ফ্রন্টে লড়াইয়ের হুঁশিয়ারি দেন।

ইশরাক হোসেন ফেসবুক পোস্টে উল্লেখ করেন, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী ও বিজেপি নেতা অর্জুন সিংয়ের ‘বাংলাদেশ দখল’ করার ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে, যা খুবই স্বাভাবিক। তিনি আরও বলেন, যদিও এ ধরনের মন্তব্য ভারতের কেন্দ্রীয় সরকারের বক্তব্য নয়, দিল্লির উচিত এর ব্যাখ্যা দেওয়া এবং সংশ্লিষ্ট মন্তব্যকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা।

মাতৃভূমির সার্বভৌমত্ব ও নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, "প্রিয় মাতৃভূমির দিকে কুদৃষ্টি দিলে বাংলাদেশ বসে থাকবে না।" তিনি সতর্ক করে বলেন, রাষ্ট্রীয় দ্বিপক্ষীয় ও কূটনৈতিক সম্পর্ক নিজ জায়গায় থাকলেও মাঠের রাজনীতির জবাব রাজনৈতিক ভাষাতেই দেওয়া হবে।

আরও পড়ুন: ছাত্র সংসদ নেতাদের সঙ্গে মতবিনিময়ের জন্য ডেকেছেন জামায়াত আমির

দেশের ভেতরের সুবিধাবাদী গোষ্ঠীর সমালোচনা করে ইশরাক হোসেন লেখেন, "সুসময়ে দেশে বড় আসনে বসা একদল স্বার্থবাজ মানুষ বিপদ দেখলে স্যুটকেসে ‘উপহার’ ভর্তি করে উড়াল দেয়, আর আরেক দল বড় পদ আঁকড়ে ধরে চরম আন্দোলনের সময় আপসের মাধ্যমে নিরাপদে থাকে।" তবে তিনি মন্তব্য করেন, এতে কিছু আসে যায় না।

বিগত সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট টেনে এনে এই সংসদ সদস্য বলেন, "ফ্যাসিবাদী নিষিদ্ধ আওয়ামী লীগের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদীরা ১৭ বছর ধরে বাংলাদেশের বিরুদ্ধে একটি ছায়াযুদ্ধ চালিয়েছিল। সেই যুদ্ধ আমরা করেছি এবং জিতেছি। সামনে আরও যেকোনো ফ্রন্টে লড়াই করার প্রয়োজন হলে আমরা সর্বাত্মক যুদ্ধ করার জন্য সদা প্রস্তুত আছি, ইনশাআল্লাহ।"

পোস্টের শেষে দেশপ্রেম ও দৃঢ় অবস্থানের কথা জানিয়ে ইশরাক হোসেন লেখেন, পূর্বপুরুষেরা দেশের মাটির জন্য যুদ্ধ করেছেন, তাঁরা দেশরক্ষায় লড়াই করেছেন এবং আগামীতেও করবেন। সবশেষে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকব।”

আরও পড়ুন: সরকার প্রবাসীদের মরদেহ দেশে আনার খরচের অর্ধেক দেবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০ হাজার কর্মী ছাঁটাই করছে টেক জায়ান্ট এসএপি, এআইতে বিনিয়োগ বাড়াচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৩ পি.এম


১০ হাজার কর্মী ছাঁটাই করছে টেক জায়ান্ট এসএপি, এআইতে বিনিয়োগ বাড়াচ্ছে

ইউরোপের বৃহত্তম প্রযুক্তি প্রতিষ্ঠান এসএপি তাদের জনবল কাঠামোয় একটি বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজেদের কার্যক্রমকে আরো ত্বরান্বিত করার উদ্দেশ্যে জার্মান সফটওয়্যার জায়ান্ট এসএপি প্রায় ১০ হাজার পদ বিলুপ্ত করার পরিকল্পনা করছে। প্রতিষ্ঠানটি কয়েক হাজার কর্মীর ওপর প্রভাব ফেলা একটি পৃথক পুনর্গঠন কর্মসূচি ঘোষণার তিন বছরেরও কম সময়ের মধ্যে এই পদক্ষেপ নিচ্ছে।

ছাঁটাই, স্বাভাবিক অবসর, চাকরি ছাড়া এবং স্বেচ্ছায় অব্যাহতি—এই কয়েকটি উপায় মিলিয়ে পদগুলো কমানো হবে বলে ধারণা করা হচ্ছে। এসএপি কোন দলগুলো এতে প্রভাবিত হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির ১ লাখেরও বেশি কর্মী রয়েছে এবং এটি বিশ্বের বৃহত্তম এন্টারপ্রাইজ সফটওয়্যার নির্মাতাদের মধ্যে একটি। ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের অর্থ, সাপ্লাই চেইন, মানবসম্পদ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনার জন্য এসএপি-র পণ্য ব্যবহার করে থাকে।

অন্যান্য অনেক প্রযুক্তি প্রতিষ্ঠানের মতো এসএপি-ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে কেন্দ্র করে তাদের ব্যবসাকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছে। গত দুই বছরে এআই-চালিত সফটওয়্যার টুলের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে, যা প্রতিষ্ঠানগুলোকে কাজ স্বয়ংক্রিয় করা এবং উৎপাদনশীলতা বাড়ানোর উপযোগী পণ্যের দিকে অর্থ ও মেধা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করছে।

এসএপি তাদের সফটওয়্যার পোর্টফোলিও জুড়ে এআই ফিচারগুলোতে ব্যাপক বিনিয়োগ করছে। প্রতিষ্ঠানটি তাদের ক্লাউড সেবার সাথেও এআই সক্ষমতা যুক্ত করছে, যা বর্তমানে তাদের প্রবৃদ্ধির একটি প্রধান চালিকাশক্তিতে পরিণত হয়েছে।

প্রতিবেদনগুলোতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, সাম্প্রতিক এই কর্মী ছাঁটাইয়ের পদক্ষেপটি কার্যক্রমকে আরো গতিশীল করা এবং এআই-সংক্রান্ত বিনিয়োগের জন্য অর্থ ও সম্পদ সাশ্রয় করার একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ।

এসএপি এবারই প্রথম তাদের জনবল কাঠামোয় বড় পরিবর্তন আনছে না। ২০২৪ সালের শুরুর দিকে প্রতিষ্ঠানটি প্রায় ৮ হাজার পদের ওপর প্রভাব ফেলা একটি পুনর্গঠন পরিকল্পনার ঘোষণা দিয়েছিল। সে সময় এসএপি জানিয়েছিল, তারা কৌশলগত প্রবৃদ্ধির ক্ষেত্রগুলোতে—বিশেষ করে বিজনেস এআই-এর ওপর আরো জোরালোভাবে মনোযোগ দিতে চায়।

পদ কমানোর পাশাপাশি প্রতিষ্ঠানটি নির্বাচিত কিছু উচ্চ-প্রবৃদ্ধিশীল খাতে নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রেখেছে। এর অর্থ হলো, কিছু কর্মীকে নতুন পদে স্থানান্তর করা হতে পারে এবং অন্যদের প্রতিষ্ঠান ছেড়ে যেতে হতে পারে।

এসএপি-র এই পরিকল্পনা মূলত গোটা প্রযুক্তি খাতের একটি বৃহত্তর প্রবণতারই প্রতিফলন। কর্পোরেট গভর্ন্যান্স বিশেষজ্ঞ কৃষ্ণ আইয়ার এনডিটিভিকে বলেন, ‘কম্পানিগুলো এআই অবকাঠামো, সফটওয়্যার এবং মেধার পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছে। একই সময়ে, ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য কম গুরুত্বপূর্ণ, কায়িক বা পুনরাবৃত্তিমূলক হিসেবে বিবেচিত পদগুলো অনেক প্রতিষ্ঠান ছাঁটাই করছে।’ তিনি আরো যোগ করেন, ‘গত দুই বছরে বেশ কয়েকটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠান এআই পণ্য এবং ডেটা সেন্টারে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি কর্মী ছাঁটাই বা পুনর্গঠন পরিকল্পনার ঘোষণা দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পার্কের বেঞ্চে বসে কাঁদছিলেন নারী, ২৫ ইউরো জরিমানা!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৫ পি.এম


পার্কের বেঞ্চে বসে কাঁদছিলেন নারী, ২৫ ইউরো জরিমানা!

জার্মানির কর্তৃপক্ষ একটি শিশুদের খেলার মাঠের বেঞ্চে বসে কান্নাকাটি করায় এক নারীকে জরিমানা করেছে। শিশুসন্তান সঙ্গে না নিয়ে বেঞ্চে বসে থাকার জন্য তাকে ২৫ ইউরো জরিমানা করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৫০০ টাকার সমান।

ডব্লিউডিআরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৫ অক্টোবর গেলজেনকির্শেন শহরে এই ঘটনা ঘটে। ৩১ বছর বয়সী হানা নামের ওই নারী একটি পার্কের বেঞ্চে বসে তার খালার সঙ্গে ফোনে কথা বলছিলেন।

হানা পড়াশোনা ও আর্থিক সংকটের কারণে মানসিক চাপের মধ্যে ছিলেন। তিনি কিছুটা দূরে থাকতে হাঁটতে বের হন এবং একপর্যায়ে পার্কের বেঞ্চে বসে কান্নায় ভেঙে পড়েন। হানা বলেন, “সে সময় পড়াশোনা ও আর্থিক বিষয় নিয়ে আমি প্রচণ্ড চাপে ছিলাম। আমি শুধু একা থাকতে চেয়েছিলাম, চাইছিলাম কেউ যেন আমাকে দেখতে না পায়।”

কিন্তু তিনি জানতেন না, ওই শহরের নিয়ম অনুযায়ী শিশু সঙ্গে না থাকলে খেলার মাঠে বসে থাকা নিষিদ্ধ। শহরের তিনজন কর্মকর্তা তার কাছে এসে জানতে চান, দোলনায় খেলতে থাকা দুটি ছেলে তার সন্তান কি না। হানা জানান, তারা তার সন্তান নয়। এরপরই তাকে ২৫ ইউরো জরিমানা করা হয়।

গেলজেনকির্শেনের পৌরসভার নিয়ম অনুযায়ী, শিশুদের খেলার মাঠ মূলত ১৪ বছর বা তার কম বয়সিদের জন্য নির্ধারিত। অভিভাবকসহ প্রাপ্তবয়স্করা কেবল শিশুদের সঙ্গে থাকলেই সেখানে প্রবেশ করতে পারেন।

এই ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন হানা। তিনি বলেন, “এখানে মানবিকতা কোথায়? কাউকে কাঁদতে দেখলে প্রথমেই কি জিজ্ঞেস করা যায় না, আপনি ঠিক আছেন? কোনো সাহায্য লাগবে? এরপর তারা আমাকে বুঝিয়ে বলতে পারতেন যে শিশু ছাড়া এখানে বসে থাকা নিষেধ।”

স্থানীয় বাসিন্দারাও কর্মকর্তাদের আচরণে বিস্ময় প্রকাশ করেছেন। একজন ব্যক্তি বলেন, “একজন নারী একটু বিশ্রাম নিতে চেয়েছেন, আর এ জন্য তাকে জরিমানা করা হয়েছে। বিষয়টি আমার কাছে হাস্যকর মনে হয়েছে।”

৬৪ বছর ধরে ওই এলাকায় বসবাসকারী এক নারী বলেন, “আমি সব সময় এই বেঞ্চে বসেছি। কখনো কেউ এসে আমাকে জিজ্ঞাসাবাদ করেনি।” আরেক বাসিন্দা ঘটনাটিকে ‘আপত্তিকর’ বলে মন্তব্য করেছেন।

তবে নগর কর্তৃপক্ষ কর্মকর্তাদের সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছে। সিটি কাউন্সিলের সদস্য সিমন নোভাক বলেন, “শিশুদের খেলার মাঠ শিশুদের জন্যই। তাই সাধারণভাবে শিশু ছাড়া প্রাপ্তবয়স্কদের সেখানে অবস্থান নিষিদ্ধ।”

কর্তৃপক্ষের দাবি, অননুমোদিতভাবে খেলার মাঠ ব্যবহার বন্ধ করা এবং শিশু অপহরণের ঝুঁকি কমাতেই এ নিয়ম চালু করা হয়েছে।

এদিকে খেলার মাঠে অনুমতি ছাড়া প্রবেশ বা বেঞ্চে একা বসে থাকার মতো ঘটনায় জরিমানার পরিমাণ বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা করছে নগর কাউন্সিল। বর্তমানে এ ধরনের অপরাধে সর্বোচ্চ ৫৫ ইউরো জরিমানার বিধান রয়েছে। প্রস্তাবটি কার্যকর হলে তা বাড়িয়ে ৬০ ইউরো করা হতে পারে।

তথ্যসূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় ইসরায়েলি বোমার স্প্লিন্টারে ২৬ দিনে ১৬ স্কুলশিক্ষার্থী হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৫ পি.এম


গাজায় ইসরায়েলি বোমার স্প্লিন্টারে ২৬ দিনে ১৬ স্কুলশিক্ষার্থী হত্যা

নভেম্বরের শুরু থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ১৬ জন স্কুলশিক্ষার্থী প্রাণ হারিয়েছে। পুরো গাজাজুড়ে শিশুরা অব্যাহতভাবে বোমা হামলার শিকার হচ্ছে। খাদ্য, বিশুদ্ধ পানি ও নিরাপদ আশ্রয়ের অভাবে তারা চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। অর্থাৎ, নভেম্বরের প্রথম ২৬ দিনে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ১৬ জন স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

বুধবার গাজার শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ফিলিস্তিনি শিক্ষার্থীদের ওপর তৃতীয়বারের মতো হামলা চালানো হয়েছে। গাজা উপত্যকায় শিশুদের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত হামলা ও লঙ্ঘনেরই প্রতিফলন এটি।

নভেম্বরের শুরু থেকে এ পর্যন্ত নিহত স্কুলশিক্ষার্থীর সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। বুধবার ভোরে গাজা শহরের পশ্চিমাঞ্চলে একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় দুই বোন নিহত হওয়ার পর মন্ত্রণালয় এই বিবৃতি দেয়। নিহত দুই বোনের নাম ১৫ বছর বয়সী ইউসরা এবং ১৩ বছর বয়সী জানা মোহাম্মদ আবু আল-উফ।

ইউসরা ‘কাফর কাসিম’ স্কুলের শিক্ষার্থী ছিল। তার ছোট বোন জানা পড়ত ‘আল-মানার’ নামের একটি বেসরকারি স্কুলে। শিক্ষা মন্ত্রণালয় জানায়, ওই হামলায় দুই বোনের বাবা মোহাম্মদ মাজেদ আবু আল-উফ এবং মা নুরা ইজ্জাত আবু আল-উফও নিহত হয়েছেন। এ ছাড়া হামলায় আরো কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন। নিহত মোহাম্মদ মাজেদ আবু আল-উফ গাজার উত্তরাঞ্চলে হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের পরিচালক ছিলেন।

এর আগে চলতি বছরের শুরুর দিকে জাতিসংঘের একটি স্বাধীন তদন্তে বলা হয়, গাজায় ফিলিস্তিনি শিশুদের পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে। তদন্তে এ ধরনের কর্মকাণ্ডকে ইসরায়েলের গণহত্যার ধারাবাহিকতার অংশ হিসেবে উল্লেখ করা হয়। গত ভেম্বর খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার ‘বির ১৯’ অঞ্চলে ইসরায়েলি বাহিনীর গুলিতে ১৫ বছর বয়সী মোহাম্মদ নিদাল বারবাখ আহত হয়। পরে গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়।

মোহাম্মদ মাসকাট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার স্বপ্ন ছিল বড় হয়ে একজন পেশাদার ফুটবল খেলোয়াড় হওয়া। তার বাবা ড. নিদাল মোহাম্মদ বারবাখ জানান, সেদিন দুপুরের খাবার খেয়ে মোহাম্মদ বেলা ১টা ৩০ মিনিটে প্রশিক্ষণের জন্য একটি স্পোর্টস একাডেমিতে যায়। এ সময় একটি ইসরায়েলি ট্যাংক এগিয়ে এসে কাছের একটি পাহাড়ে অবস্থান নেয়। এরপর খেলার মাঠ লক্ষ্য করে দুই দফা গুলি চালায়। গুলির একটি ধাতব বস্তুতে আঘাত লেগে দিক পরিবর্তন করে মোহাম্মদের পিঠে বিদ্ধ হয় এবং ঘাড় দিয়ে বেরিয়ে যায়।

ছেলের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘মোহাম্মদ অত্যন্ত মেধাবী ও ভালো ছাত্র ছিল। মাত্র ১৫ বছর বয়সে আল-মাওয়াসির একটি খেলার মাঠে তাকে হত্যা করা হলো। অথচ এলাকাটিকে নিরাপদ মনে করে মানুষকে সেখানে আশ্রয় নিতে বলা হয়েছিল। এই ঘটনার দায় থেকে আমি কোনোভাবেই ইসরায়েলি সেনাবাহিনীকে মুক্তি দিতে পারি না।’

তিনি আরো বলেন, ‘এ ধরনের ঘটনা আমাদের সব আশা-আকাঙ্ক্ষা ধ্বংস করে দেয়। আমাদের সন্তানদের স্বপ্ন পূরণ হওয়ার আগেই সেগুলো মাটিতে চাপা পড়ে যায়।’ গত ১৩ নভেম্বর মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় ইসরায়েলি গোলার আঘাতে তিনজন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন এক বাবা, তার ১২ বছর বয়সী ছেলে আহমেদ আবু দাহের এবং এক নারী।

আহমেদের মা ওয়ালা আবু দাহের জানান, তার ছেলে দাদা সালেহর মতো আরবি ভাষার শিক্ষক হওয়ার স্বপ্ন দেখত। ওয়ালা বলেন, ‘সেদিন আমার স্বামী দেইর আল-বালাহর পূর্বাঞ্চলের আল-কাস্তাল এলাকায় একটি শোকসভায় যাচ্ছিলেন। আহমেদও বাবার সঙ্গে যাওয়ার অনুমতি চায়। সেখানে পৌঁছানোর পর তারা ইসরায়েলি কামানের গোলার হামলার শিকার হন।

আহমেদ তখন উপস্থিত লোকজনের কাছে সাহায্য চাইতে ছুটে যায়। এরপর বাবার কাছে ফিরে আসার সময় দ্বিতীয় গোলাটি আঘাত হানে। গোলার স্প্লিন্টার তার পা, পেট ও মাথায় বিদ্ধ হয়। স্বামী ও সন্তানকে হারানোর কষ্ট কতটা গভীর, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। মনে হয়, সেদিনই আমার জীবন থমকে গেছে।’

গাজায় ইসরায়েলের যুদ্ধে হাজার হাজার স্কুলশিক্ষার্থী এবং শত শত শিক্ষক ও শিক্ষা কর্মকর্তা নিহত হয়েছেন। এ ছাড়া কয়েক হাজার শিশু নিয়মিত স্কুলে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গাজার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব খালেদ আবু নাদা ও তার স্ত্রীও রয়েছেন। যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও ওই অঞ্চলে ইসরায়েলি হামলা অব্যাহত ছিল।

এর কয়েক দিন আগে গাজার শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, শিক্ষার্থী, বেসামরিক নেতা ও শিক্ষকদের ওপর ইসরায়েলের হামলাগুলো মূলত ফিলিস্তিনের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার একটি সুপরিকল্পিত প্রচেষ্টার অংশ।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের তথ্য অনুযায়ী, গাজার ৯৮ শতাংশ স্কুল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৯৩ শতাংশের বেশি ভবন বড় ধরনের সংস্কার অথবা সম্পূর্ণ পুনর্নির্মাণের প্রয়োজন। এ ছাড়া প্রায় ৮১ শতাংশ স্কুল ভবন সরাসরি হামলার শিকার হয়েছে।

গাজার তরুণ ফিলিস্তিনিরা এবার চতুর্থ শীতকাল কাটাতে যাচ্ছে ঘনবসতিপূর্ণ তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে। চলমান মানবিক ও জনস্বাস্থ্য সংকটের কারণে সেখানে খাদ্য, পানি, চিকিৎসাসহ মৌলিক সেবা পাওয়ার সুযোগও অত্যন্ত সীমিত। শিশু ও তরুণরা মেনিনজাইটিসে আক্রান্ত হওয়ার সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। গত অক্টোবর মাসে এ রোগের সংক্রমণ হঠাৎ বেড়ে যায়। নতুন করে ২৭০ জনের বেশি আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মহামারি সতর্কতা জারি করেছে।

স্বাস্থ্য সংস্থাগুলোর মতে, অবকাঠামো ধ্বংস, আশ্রয়কেন্দ্রগুলোতে অতিরিক্ত মানুষের বসবাস এবং পয়োনিষ্কাশন ব্যবস্থার বর্জ্যে পানীয় জল দূষিত হয়ে পড়া, এসব কারণে মেনিনজাইটিসের সংক্রমণ বাড়ছে। এর সঙ্গে শীতকালীন বন্যা ও মানবিক সহায়তা প্রবেশে বিধিনিষেধ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত তিন বছরে ইসরায়েলের যুদ্ধে অন্তত ৭৪ হাজার ৭৪৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ২০ হাজারের বেশি শিশু রয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, আহমেদ ও মোহাম্মদের মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্ট ঘটনাগুলো নিয়ে মন্তব্য করার মতো পর্যাপ্ত তথ্য তাদের কাছে নেই।

আইডিএফ আরো জানায়, আহমেদ নিহত হওয়ার দিন তারা একটি সামরিক অভিযান চালিয়েছিল। ওই অভিযানে তাদের দাবি অনুযায়ী, ১০ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়। অভিযান শুরুর আগে বেসামরিক মানুষের প্রাণহানি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছিল বলেও দাবি করেছে ইসরায়েলি বাহিনী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিলাডেলফিয়ায় পানি সংকট, কর্তৃপক্ষের ফুটিয়ে পান করার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৬ পি.এম


ফিলাডেলফিয়ায় পানি সংকট, কর্তৃপক্ষের ফুটিয়ে পান করার নির্দেশ

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার পশ্চিমাঞ্চলের কিছু অঞ্চলে পানির সংকট দেখা দেওয়ার কারণে কর্তৃপক্ষ পানি ফুটিয়ে পান করার নির্দেশনা দিয়েছে।

দেশটির সংবাদমাধ্যম এনবিসি নিউজ শুক্রবার (২৭ নভেম্বর) এই তথ্য প্রকাশ করে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে ফিলাডেলফিয়া পানি বিভাগ থেকে এ সতর্কতা জারি করা হয়।

এই সংকটের ফলে প্রায় ১৮ হাজার মানুষ সমস্যার সম্মুখীন হয়েছেন। বিশেষ করে ১৯১৫১, ১৯১৩১ ও ১৯১৩৯ পোস্টাল এলাকার বাসিন্দাদের জন্য এই নির্দেশনা জারি করা হয়েছে। এর মধ্যে উইনফিল্ড হাইটস, ওভারব্রুক, মরিস পার্কসহ আশপাশের কিছু এলাকা অন্তর্ভুক্ত রয়েছে।

থ্যাঙ্কসগিভিংয়ের ঝড়ের ফলে এসব অঞ্চলে পানি সরবরাহ বন্ধ হয়ে যায় অথবা পানির চাপ কমে যায়। কর্তৃপক্ষ জানায়, পানীয়, রান্না, বরফ তৈরি, দাঁত ব্রাশ এবং বাসন ধোয়ার জন্য পানি টগবগ করে এক মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%