প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী ও বিজেপি নেতা অর্জুন সিংয়ের ‘বাংলাদেশ দখল’ সংক্রান্ত মন্তব্যের বিরুদ্ধে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা ইশরাক হোসেন কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এই মন্তব্যের তীব্র নিন্দা করেন এবং দেশের নিরাপত্তা রক্ষায় যেকোনো ফ্রন্টে লড়াইয়ের হুঁশিয়ারি দেন।
ইশরাক হোসেন ফেসবুক পোস্টে উল্লেখ করেন, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী ও বিজেপি নেতা অর্জুন সিংয়ের ‘বাংলাদেশ দখল’ করার ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে, যা খুবই স্বাভাবিক। তিনি আরও বলেন, যদিও এ ধরনের মন্তব্য ভারতের কেন্দ্রীয় সরকারের বক্তব্য নয়, দিল্লির উচিত এর ব্যাখ্যা দেওয়া এবং সংশ্লিষ্ট মন্তব্যকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা।
মাতৃভূমির সার্বভৌমত্ব ও নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, "প্রিয় মাতৃভূমির দিকে কুদৃষ্টি দিলে বাংলাদেশ বসে থাকবে না।" তিনি সতর্ক করে বলেন, রাষ্ট্রীয় দ্বিপক্ষীয় ও কূটনৈতিক সম্পর্ক নিজ জায়গায় থাকলেও মাঠের রাজনীতির জবাব রাজনৈতিক ভাষাতেই দেওয়া হবে।
দেশের ভেতরের সুবিধাবাদী গোষ্ঠীর সমালোচনা করে ইশরাক হোসেন লেখেন, "সুসময়ে দেশে বড় আসনে বসা একদল স্বার্থবাজ মানুষ বিপদ দেখলে স্যুটকেসে ‘উপহার’ ভর্তি করে উড়াল দেয়, আর আরেক দল বড় পদ আঁকড়ে ধরে চরম আন্দোলনের সময় আপসের মাধ্যমে নিরাপদে থাকে।" তবে তিনি মন্তব্য করেন, এতে কিছু আসে যায় না।
বিগত সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট টেনে এনে এই সংসদ সদস্য বলেন, "ফ্যাসিবাদী নিষিদ্ধ আওয়ামী লীগের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদীরা ১৭ বছর ধরে বাংলাদেশের বিরুদ্ধে একটি ছায়াযুদ্ধ চালিয়েছিল। সেই যুদ্ধ আমরা করেছি এবং জিতেছি। সামনে আরও যেকোনো ফ্রন্টে লড়াই করার প্রয়োজন হলে আমরা সর্বাত্মক যুদ্ধ করার জন্য সদা প্রস্তুত আছি, ইনশাআল্লাহ।"
পোস্টের শেষে দেশপ্রেম ও দৃঢ় অবস্থানের কথা জানিয়ে ইশরাক হোসেন লেখেন, পূর্বপুরুষেরা দেশের মাটির জন্য যুদ্ধ করেছেন, তাঁরা দেশরক্ষায় লড়াই করেছেন এবং আগামীতেও করবেন। সবশেষে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকব।”
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন