শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৩:৫৮ পি.এম
আরিয়ান খানের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই। বিশেষ করে তার প্রেম ও বিয়ে নিয়ে বলিউডে আলোচনা অব্যাহত রয়েছে। এক সময় অভিনেত্রী অনন্যা পাণ্ডের সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও তা এখন অতীত। বর্তমানে ব্রাজিলিয়ান অভিনেত্রী ও মডেল লারিসা বোনেসির সঙ্গে আরিয়ানের নাম জড়িয়েছে। শাহরুখের পরিবারকে নিয়ে লারিসার মন্তব্য নতুন করে প্রেমচর্চাকে উসকে দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, লারিসার সঙ্গে বর্তমানে সম্পর্ক রয়েছে আরিয়ানের। যদিও শাহরুখপুত্র এ বিষয়ে প্রকাশ্যে কিছু জানাননি। তবে বিভিন্ন অনুষ্ঠান ও পার্টিতে তাদের উপস্থিতি নিয়ে আলোচনা মাঝেমধ্যেই হয়ে থাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে খান পরিবারের প্রতি লারিসার ভালোলাগা ও শ্রদ্ধার কথা উঠে এসেছে।
‘বোম্বে টাইমস’কে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখের পরিবারের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে কথা বলেন লারিসা। তিনি উল্লেখ করেন, ‘খান পরিবার অনেকটা আমার নিজের পরিবারের মতোই। জীবনে ওরা যা অর্জন করেছেন, তাতে ওদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান তো রয়েছেই, ওরা মানুষ হিসেবে ভীষণ ভালো। ওদের সমর্থন আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। বন্ধুত্বই সবকিছু আর বন্ধুত্বই জীবনে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে।’
আরিয়ানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও লারিসা তার কাজের প্রশংসা করেছেন। তিনি আরিয়ানকে অসাধারণ মানুষ হিসেবে উল্লেখ করে বলেন, ‘আরিয়ান একজন অসাধারণ মানুষ। ও নিজের কাজ নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ। অনেকেই হয়তো বলে যে ওর সবকিছু আছে কিন্তু ও এসবের পরোয়া করে না। ও লড়াই করে নিজের ভবিষ্যৎ তৈরি করতে চায়। ও ওর লক্ষ্যে একদিন ঠিক পৌঁছাবে, কারণ নিজের কাজ নিয়ে ও ভীষণ সচেতন।’
৩১ বছর বয়সী লারিসা বোনেসি একজন ব্রাজিলিয়ান মডেল ও অভিনেত্রী। তিনি এক দশকেরও বেশি সময় ধরে ভারতের বিনোদনজগতে কাজ করছেন। লারিসার অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘গো গোয়া গন’ (২০১৩), ‘থিক্কা’ (২০১৬), ‘রকেট রাজা’ (২০১৭) ও ‘ঘাটি’ (২০২৫)।
২০২৪ সাল থেকে আরিয়ানের সঙ্গে লারিসার নাম জড়াতে শুরু করে। গত বছর আরিয়ানের প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর উদ্বোধনী অনুষ্ঠানে লারিসাকে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা যায়। সেই উপস্থিতির পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও জোরালো হয়। তবে দুজনের কেউই এখন পর্যন্ত এই গুঞ্জনের সত্যতা নিশ্চিত বা অস্বীকার করেননি।
শাহরুখ খান ও গৌরী খানের বড় সন্তান আরিয়ান খান। বাবার মতো অভিনয়জগতে পা না রেখে লেখক ও নির্মাতা হিসেবে ক্যামেরার পেছনে কাজ করার পথ বেছে নিয়েছেন তিনি। তার নির্মিত প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ গত বছর নেটফ্লিক্সে মুক্তি পায়। সিরিজটি দর্শকদের মধ্যে আলোচনাও তৈরি করে। শোনা যাচ্ছে, এর দ্বিতীয় নির্মাণের অনুমোদন দিয়েছে নেটফ্লিক্স।
কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও যে আরিয়ানকে ঘিরে দর্শকদের আগ্রহ কম নয়, লারিসার সাম্প্রতিক মন্তব্যে তা আবারও স্পষ্ট। তবে তাদের সম্পর্কের সমীকরণ নিয়ে এখনো রহস্যই রয়ে গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সুলকাবাদ ইউনিয়নে ধোপাজান (চলতি) নদীর ভয়াবহ ভাঙনে হুমকির মুখে পড়েছে একাধিক গ্রামের বসতবাড়ি ও ফসলি জমি। নদীভাঙনে চরম ঝুঁকিতে রয়েছে পুরান মথুরকান্দি, কুঁচগাঁও, সোনারপাড়া, আদাংসহ আশপাশের এলাকার মানুষ। ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে কুঁচগাঁও এলাকায় স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়েক শতাধিক লোকজন অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ধোপাজান নদীর অব্যাহত ভাঙনে এলাকার মানুষের বসতবাড়ি, ফসলি জমি ও চলাচলের রাস্তা হুমকির মুখে পড়েছে। দ্রুত ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ না করলে অনেক পরিবার বসতভিটা ও জমিজমা হারিয়ে নিঃস্ব হয়ে পড়বে। তাই নদীভাঙন রোধে জরুরি ভিত্তিতে ব্লক স্থাপন, ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার, কালভার্ট ও সেতু নির্মাণসহ প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের দাবি জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে নদীভাঙনের কারণে এলাকাবাসী নানা দুর্ভোগের শিকার হচ্ছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁদের দাবি, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হোক।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় বাসিন্দা মোশাঈদ আহমদ, জসীম উদ্দিন, শাহাজাহান, রুফসান আলী, সিরাজ মিয়া, মহর আলী, রবি মিয়া, আব্দুর রহমান, সিদ্দিক, জাকির,সহ কয়েক শতাধিক মানুষ উপস্থিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) নৃবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ফল এখনো প্রকাশিত হয়নি, যদিও পরীক্ষা শেষ হওয়ার নয় মাস পেরিয়ে গেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে একাডেমিক কার্যক্রম শেষ হলেও, বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তিতে তারা নিজ বিভাগের প্রভাষক পদে আবেদন করতে পারেননি। এ বিষয়ে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
১০ অক্টোবর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে (স্মারক নং : জাককানইবি/রেজি:/নবিজনি/১৬৩২/২২/৬৮০৬) নৃবিজ্ঞান বিভাগের জন্য দুটি প্রভাষক পদে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদনের সময়সীমা ১৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
এক শিক্ষার্থী দৈনিক কালের কণ্ঠকে জানিয়েছেন যে, প্রায় নয় মাস ধরে মাস্টার্সের ফল আটকে আছে এবং ফল না থাকায় তারা আবেদন করতে পারেননি। তার অভিযোগ, ক্যারিয়ার দমিয়ে রাখার উদ্দেশ্যে দীর্ঘদিন ফল আটকে রাখা হয়েছে।
আরেক শিক্ষার্থী জানান, সর্বশেষ তাদের জানানো হয়েছিল যে, ফল পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে পাঠানো হয়েছে। কিন্তু এক মাস পরেও ফল প্রকাশিত হয়নি। ফল প্রশাসনিক ভবনে পৌঁছেছে কি না, তা-ও তারা নিশ্চিত নন। শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করলে প্রতিবারই পরের সপ্তাহে ফল প্রকাশের আশ্বাস মেলে, কিন্তু দৃশ্যমান অগ্রগতি নেই।
তিনি বলেন, ফল প্রকাশে দীর্ঘসূত্রতার কারণে আবেদনের যোগ্যতা থাকা শিক্ষার্থীরাও একটি গুরুত্বপূর্ণ চাকরির সুযোগ হারিয়েছেন।
ওই শিক্ষাবর্ষের পরীক্ষা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক জুয়েল মোল্যা জানান, বিভাগে শিক্ষক সংকট রয়েছে; ফ্যাকাল্টিতে তারা মাত্র তিনজন। থিসিস পর্যালোচনার জন্য বাইরের শিক্ষকদের কাছে পাঠাতে হয়, সেগুলো আসতেও দেরি হয়। ফল পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে পাঠানো হয়েছে এবং আগামী সপ্তাহে প্রকাশ হবে বলে আশা করা যাচ্ছে।
তিনি জানান, এ বিলম্বের দায় এক অর্থে কারো নয়; তিনজনের একজনের অনুপস্থিতিতেও কাজ অনেক পিছিয়ে যায়।
বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য স্নাতক ও স্নাতকোত্তরে ন্যূনতম ৩.৬০ সিজিপিএ (৪ স্কেলে) এবং সনাতনী পদ্ধতিতে সব পর্যায়ে প্রথম বিভাগ চাওয়া হয়েছে। অন্য বিভাগের বিজ্ঞপ্তিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের জন্য আলাদা মানদণ্ড থাকলেও, নৃবিজ্ঞান বিভাগ এ বিষয়ে কোনো শর্ত রাখেনি।
বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক স্বপ্না পাপুল জানান, বিজ্ঞপ্তি ইউজিসির নীতিমালা মেনেই করা হয়েছে। নীতিমালায় ন্যূনতম সিজিপিএ ৩.৫০ রাখার কথা থাকলেও, তারা ৩.৬০ রেখেছেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ফল নিয়ে ইউজিসির নীতিমালায় কিছু বলা নেই।
তিনি আরো জানান, ভালো প্রার্থীরা আসুক, এটাই তিনি চেয়েছেন এবং বিভাগের অনেক শিক্ষার্থীরই ৩.৬০ রয়েছে।
ফল প্রকাশে বিলম্বের দায় কার জানতে চাইলে তিনি বলেন, এটি সমন্বিত প্রয়াস, এখানে পরীক্ষা নিয়ন্ত্রকের বিষয়ও আছে। দ্রুত ফল প্রকাশের জন্য পরীক্ষা কমিটির সভাপতিকে একাডেমিক কমিটির সভায় কয়েকবার বলা হয়েছে। ইচ্ছা ছিল, এই ব্যাচের শিক্ষার্থীরা যেন আবেদন করতে পারেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চরমোনাই ময়দানে লাখো মুসল্লির অংশগ্রহণে দেশের বৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত এই জামাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
জুমার নামাজের পূর্বে বয়ান পেশ করেন মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।
বয়ানে তিনি উল্লেখ করেন, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার পূর্বে প্রত্যেক মুসলমানকে তাদের নিজ নিজ ব্যক্তি জীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। ইসলামের ফরজ বিধানগুলো প্রথমে ব্যক্তিগত জীবনে যথাযথভাবে পালন ও প্রতিষ্ঠা করা আবশ্যক। বিশেষ করে, পর্দা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ বিধান হিসেবে বিবেচিত। ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পর্দার বিধান লঙ্ঘনের কোনো সুযোগ নেই। প্রত্যেক মুসলমানকে তাদের নিজ নিজ অবস্থান থেকে এই বিধান মেনে চলতে হবে। ব্যক্তিগত জীবনে ইসলামের বিধান প্রতিষ্ঠিত হলে সমাজ ও রাষ্ট্রে দ্বীন প্রতিষ্ঠার পথ আরও ত্বরান্বিত হবে।
তিনি আরও বলেন, ইসলাম শুধুমাত্র ব্যক্তিগত ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়। ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের বিধান বাস্তবায়ন করা আবশ্যক।
জুমার নামাজে বরিশালের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের নেতা, বিশিষ্ট ওলামায়ে কেরাম, বিশিষ্ট নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জুমার নামাজকে কেন্দ্র করে চরমোনাই ময়দানে লাখো মানুষের ব্যাপক সমাগম ঘটে। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে মুসল্লিরা নামাজ আদায় করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর প্রশাসনকে ধর্মপ্রচারক জাকির নায়েকের সংগঠন ‘ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’ (আইআরএফ)-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা প্রদান করেছে। এখন থেকে তারা বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন, ১৯৬৭ (ইউএপিএ)-এর ৭ ও ৮ নম্বর ধারার অধীনে সংগঠনটির বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হবে।
ইউএপিএ-এর ৭ নম্বর ধারা অনুযায়ী, কোনো সংগঠনকে বেআইনি ঘোষণা করা হলে তার অর্থের জোগান বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করা সম্ভব। ৮ নম্বর ধারায় ওই সংগঠনের ব্যবহৃত ভবন, কার্যালয় ও অন্যান্য স্থাপনা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ক্ষমতা রয়েছে।
গত ২৬ নভেম্বর গভীর রাতে জারি করা এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ক্ষমতা রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর প্রশাসনের হাতে অর্পণের কথা জানায়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ইউএপিএ-এর ৪২ নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতাবলে কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। ফলে এখন থেকে আইআরএফের বিরুদ্ধে আইনের ৭ ও ৮ নম্বর ধারায় কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর প্রশাসনও ব্যবস্থা নিতে পারবে। এর আগে, গত ১৩ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইআরএফের ওপর আরোপিত পাঁচ বছরের নিষেধাজ্ঞা তৃতীয়বারের মতো বাড়িয়েছে। সংগঠনটি ইউএপিএ-এর আওতায় নিষিদ্ধ রয়েছে।
গত ১৩ নভেম্বর, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পলাতক ধর্মপ্রচারক জাকির নায়েকের প্রতিষ্ঠিত ‘ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’ (আইআরএফ)-এর ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়েছে। সংগঠনটিকে বেআইনি ঘোষণা করে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, আইআরএফ দেশের নিরাপত্তার জন্য ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িত। সংগঠনটির কার্যক্রম সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি নষ্ট করার পাশাপাশি ভারতের ধর্মনিরপেক্ষ কাঠামোর জন্যও হুমকি তৈরি করতে পারে।
১৯৯১ সালের ফেব্রুয়ারিতে মুম্বাইয়ে জাকির নায়েক আইআরএফ প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে তিনি ভারত ছেড়ে মালয়েশিয়ায় চলে যান এবং সেখানে স্থায়ী বসবাসের অনুমতি পান। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০১৬ সালের ১৭ নভেম্বর বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন, ১৯৬৭-এর আওতায় আইআরএফকে প্রথমবারের মতো পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে।
২০২১ সালের ১৫ নভেম্বর নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়। ভারতীয় কর্তৃপক্ষ ও গোয়েন্দা সংস্থাগুলোর অভিযোগ, জাকির নায়েক ও তাঁর সংগঠন উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ও শত্রুতা ছড়িয়েছে।
সর্বশেষ বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউএপিএ-এর ৩ নম্বর ধারার অধীনে আইআরএফের ওপর নতুন করে পাঁচ বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আইআরএফ ও এর সদস্যরা, বিশেষ করে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি জাকির নায়েক, অনুসারীদের এমন কর্মকাণ্ডে উৎসাহিত ও সহায়তা করছেন, যা বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ, ঘৃণা ও শত্রুতা ছড়াচ্ছে। মন্ত্রণালয়ের দাবি, এ ধরনের কর্মকাণ্ড ভারতের অখণ্ডতা ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর কারণ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জাকির নায়েকের বিভিন্ন বক্তব্য ও ভাষণকে ‘আপত্তিকর’ ও ‘রাষ্ট্রবিরোধী’ হিসেবে চিহ্নিত করেছে। মন্ত্রণালয়ের অভিযোগ, এসব বক্তব্যের মাধ্যমে তিনি বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে ঘৃণা ও শত্রুতা ছড়াচ্ছেন। পাশাপাশি ভারত ও বিদেশের একটি নির্দিষ্ট ধর্মের তরুণদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হতে উৎসাহিত করছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, আন্তর্জাতিক স্যাটেলাইট টেলিভিশন, ইন্টারনেট, সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে জাকির নায়েক বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের কাছে তার বক্তব্য ও ভাষণ পৌঁছে দিয়েছেন।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, আইআরএফের বেআইনি কর্মকাণ্ড দ্রুত বন্ধ করা না হলে সংগঠনটি তাদের কার্যক্রম অব্যাহত রাখতে পারে। তারা পলাতক কর্মীদের আবার সংগঠিত করা, সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো, দেশের ধর্মনিরপেক্ষ কাঠামো ক্ষতিগ্রস্ত করা এবং দেশবিরোধী মনোভাব প্রচারের মতো কর্মকাণ্ড চালাতে পারে। এ ছাড়া উগ্রবাদে সমর্থন দিয়ে বিচ্ছিন্নতাবাদ উসকে দেওয়া এবং ভারতের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে মন্ত্রণালয়।
বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন, ১৯৬৭-এর ৫ নম্বর ধারায় গঠিত বিশেষ ট্রাইব্যুনাল আইআরএফকে বেআইনি সংগঠন ঘোষণার সিদ্ধান্ত পর্যালোচনা করে। সংগঠনটিকে বেআইনি ঘোষণা করার যথেষ্ট ভিত্তি রয়েছে কি না, তা যাচাইয়ের দায়িত্ব ছিল এই ট্রাইব্যুনালের। ২০১৭ সালের ২২ মে এবং ২০২২ সালের ৩০ মার্চ দেওয়া পৃথক আদেশে ট্রাইব্যুনাল সরকারের ওই সিদ্ধান্ত বহাল রাখে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ