শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৪:১২ পি.এম
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান মন্তব্য করেছেন যে, বিএনপির নাম ব্যবহার করে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই।
তিনি উল্লেখ করেন, "দলের মধ্যে দুই-একজন চাঁদাবাজের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধূলিস্যাৎ হতে দেয়া যাবে না।" তিনি আরও বলেন, "দুই-একজন মাদক কারবারির জন্য শহীদ জিয়ার আদর্শে গড়া দল নস্যাৎ হতে দেয়া যায় না।"
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলেন, "মাদক ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চোখ-কান বন্ধ করে কাজ করতে হবে।" তিনি আরও বলেন, "আপনারা আইন মেনে স্বাধীনভাবে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে কাজ করবেন।"
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, "দুই-একজন মাদক কারবারি-চাঁদাবাজ বিএনপির নাম ভাঙিয়ে চলছে।" তিনি সতর্ক করে বলেন, "এরা দলের কঠিন সময়ে পাশে থাকবে না।" তিনি উল্লেখ করেন, "আওয়ামী লীগের সঙ্গে দুই-একজন এখনও গোপনে আঁতাত করছে। আওয়ামী লীগকে তারা গোপনে শেল্টার দিচ্ছে।" তিনি বলেন, "বিগত ১৭ বছরে এই চক্রটি আওয়ামী লীগের সঙ্গেই মিলেমিশে ছিল। এ ধরনের কাউকে বিএনপিতে দরকার নেই।"
পরে আইনমন্ত্রী শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকার ১১৯টি সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ৯৫ লাখ ৬০ হাজার চেক বিতরণ করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের সকল জেলার প্রার্থীরা সাধারণ ট্রেড (জিডি) এবং টেকনিক্যাল ট্রেড (টিটি) পদে আবেদন করার সুযোগ পাবেন। আবেদন করার শেষ সময় আগামী ৩১ জানুয়ারি, ২০২৭ ইং তারিখ পর্যন্ত নির্ধারিত হয়েছে।
এছাড়া, বিএনসিসি সদস্য, সেনা সদস্যদের সন্তান (এসএস) এবং টিটিটিআই থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা আলাদা করে আবেদনের সুযোগ পাবেন।
পদের বিবরণ ও আবেদনের যোগ্যতা
প্রয়োজনীয় কাগজপত্র
নির্বাচিত প্রার্থীদের ভর্তির সময় প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র বা মার্কশিট, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত স্থায়ী ঠিকানা ও জন্মতারিখ সংবলিত মূল প্রশংসাপত্র, এসএসসি প্রবেশপত্র, চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব ও চারিত্রিক সনদ, অভিভাবকের সম্মতিপত্র, জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের (নিজ ও পিতা-মাতার) সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা ৬ কপি পাসপোর্ট ও ২ কপি স্ট্যাম্প সাইজের ছবি (নীল/আকাশি পটভূমিতে) এবং সাঁতার ও লিখিত পরীক্ষার জন্য প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে আনতে হবে।
আবেদনের প্রক্রিয়া : আগ্রহী ভর্তিচ্ছু প্রার্থীরা টেলিটক প্রিপেইড সিম থেকে এসএমএস’র মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের জন্যও ব্যবস্থা রয়েছে।
আবেদন ফি : আগ্রহী প্রার্থীদের ভর্তি পরীক্ষার জন্য প্রতি আবেদনের ফি ২০০ টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি ১০০ টাকাসহ মোট ৩০০ টাকা প্রদান করতে হবে।
আবেদনের সময়সীমা : আগ্রহী প্রার্থীরা আগামী ১ ডিসেম্বর, ২০২৬ ইং তারিখ থেকে শুরু করে আগামী ৩১ জানুয়ারি, ২০২৭ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সতর্কবার্তা : বাংলাদেশ সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই বলে বিজ্ঞপ্তিতে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। আর্থিক লেনদেন বা প্রতারণার আশ্রয় নিয়ে ভর্তি হলে চাকরির যেকোনো পর্যায়ে বহিষ্কার করা হবে বলেও সেনাবাহিনী কর্তৃপক্ষ জানিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬ : কানাডার সুপ্রিম কোর্ট শুক্রবার একটি ঐতিহাসিক রায় প্রদান করেছে, যা দেশের অন্যতম আলোচিত মামলার সাথে সম্পর্কিত। মামলাটি কুইবেক প্রদেশের একটি আইনকে কেন্দ্র করে, যেখানে প্রাদেশিক সরকারের নির্দিষ্ট কিছু কর্মকর্তা-কর্মচারীর ধর্মীয় প্রতীক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
২০১৯ সালে কুইবেক সরকার আইনটি পাস করার পর থেকেই এটি নিয়ে দেশজুড়ে ব্যাপক আইনি বিতর্ক শুরু হয়।
বিতর্কের একটি প্রধান কারণ হলো, কানাডার প্রধানত ফরাসিভাষী প্রদেশ কুইবেকে ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠার বিষয়টি দীর্ঘকাল ধরে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক ইস্যু হয়ে রয়েছে। এক সময় এই প্রদেশের জনজীবনে ক্যাথলিক চার্চের ব্যাপক প্রভাব ছিল। সেই প্রভাব থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আলাদা করার প্রচেষ্টাও দীর্ঘদিনের।
এই মামলার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে চলমান একটি গুরুত্বপূর্ণ বিতর্কও সামনে এসেছে। বিশেষ করে ফ্রান্সের মতো কঠোর ধর্মনিরপেক্ষ রাষ্ট্রগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধর্মীয় প্রভাবমুক্ত রাখার নীতির সঙ্গে মানুষের স্বাধীনভাবে ধর্ম পালন এবং নিজ নিজ ধর্মীয় প্রতীক ব্যবহারের অধিকারের দ্বন্দ্ব দেখা যাচ্ছে। এ ক্ষেত্রে অ্যাংলো-স্যাক্সন ধারার দেশগুলোতে ধর্মীয় স্বাধীনতার পক্ষে জোরালো অবস্থান রয়েছে।
কুইবেকের এই মামলাকে কানাডার কেন্দ্রীয় সংবিধানের বিধান অমান্য করে প্রাদেশিক সরকারগুলো কত দূর পর্যন্ত আইন করতে পারে, তার একটি বড় পরীক্ষা হিসেবেও দেখা হচ্ছে। বিশেষ করে দেশটির আইনে থাকা ‘নটউইথস্ট্যান্ডিং ক্লজ’ বা সংবিধানের কিছু অধিকার সাময়িকভাবে অগ্রাহ্য করার বিশেষ বিধানের প্রয়োগ নিয়ে এ মামলা গুরুত্বপূর্ণ।
কানাডার আইনি ব্যবস্থায় থাকা এই বিশেষ বিধানের মাধ্যমে প্রাদেশিক সরকার এমন কিছু আইন করতে পারে, যা দেশটির ‘চার্টার অব রাইটস অ্যান্ড ফ্রিডমস’ বা অধিকার ও স্বাধীনতার সনদের নির্দিষ্ট কিছু বিধানের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।
কুইবেক সরকার ২০১৯ সালে ধর্মনিরপেক্ষতা আইন পাসের সময়ই আগাম এই বিশেষ বিধানটি প্রয়োগ করে। কারণ, তারা ধারণা করেছিল, ধর্মীয় স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার সাংবিধানিক অধিকারের প্রশ্নে আইনটি আদালতে চ্যালেঞ্জের মুখে পড়বে।
এদিকে রক্ষণশীল সরকার পরিচালিত কানাডার আরও কয়েকটি প্রদেশও বিভিন্ন বিতর্কিত আইন রক্ষায় একই বিধান প্রয়োগ করেছে। এর মধ্যে ট্রান্সজেন্ডার শিশু-কিশোরদের অধিকারসংক্রান্ত আইনও রয়েছে।
২০২৩ সালে সাসকাচুয়ান প্রদেশ এই বিশেষ সাংবিধানিক বিধান প্রয়োগ করে একটি আইন পাস করে। ওই আইনে বলা হয়, ১৬ বছরের কম বয়সী কোনো শিক্ষার্থীর সর্বনাম (যেমন—তিনি, সে) পরিবর্তন করতে হলে স্কুল কর্তৃপক্ষকে আগে তার অভিভাবকের সম্মতি নিতে হবে।
এ ছাড়া আলবার্টা প্রদেশও এ বিশেষ বিধান প্রয়োগ করেছে। সেখানে ট্রান্সজেন্ডার কিশোরীদের মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ নিষিদ্ধ করা এবং ১৬ বছরের কম বয়সীদের হরমোন থেরাপি গ্রহণে বিধিনিষেধ আরোপসংক্রান্ত আইন করা হয়েছে।
কুইবেকের মামলায় সুপ্রিম কোর্টের রায়ের ওপর তাই শুধু ওই প্রদেশ নয়, পুরো কানাডার আইনি ও রাজনৈতিক অঙ্গনের ভবিষ্যৎ প্রভাব নির্ভর করছে বলে মনে করা হচ্ছে।
ধর্মীয় স্বাধীনতা কি নিরঙ্কুশ অধিকার?
কুইবেকের আইনটিতে স্পষ্টভাবে বলা হয়েছে, প্রদেশটি একটি ধর্মনিরপেক্ষ অঞ্চল।
আইন অনুযায়ী, বিচারক, পুলিশ কর্মকর্তা ও শিক্ষকের মতো কর্তৃত্বপূর্ণ দায়িত্বে থাকা নির্দিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালনের সময় ধর্মীয় প্রতীক পরতে পারবেন না।
এ ছাড়া সরকারি কর্মচারী, সরকারি ভবনে সেবা নিতে আসা ব্যক্তি এবং প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে পুরো মুখ ঢেকে রাখে—এমন পোশাক ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা রয়েছে।
মন্ট্রিয়ল বিশ্ববিদ্যালয়ের সাংবিধানিক আইন বিভাগের অধ্যাপক ড্যানিয়েল তুর্প এএফপিকে বলেন, এখন পর্যন্ত কানাডার অধিকার ও স্বাধীনতার সনদকে এমনভাবে ব্যাখ্যা করা হয়েছে, যাতে দেশটির বহুসাংস্কৃতিক মূল্যবোধের প্রতিফলন ঘটে।
তিনি বলেন, ‘সুপ্রিম কোর্ট ধর্মীয় স্বাধীনতাকে অনেকটা এমন এক নিরঙ্কুশ অধিকারের মর্যাদা দিয়েছে, যার ওপর কোনো সীমা বা বিধিনিষেধ আরোপ করা যায় না।’
তবে কুইবেক সরকার বলছে, ধর্মীয় স্বাধীনতার পাশাপাশি বিবেকের স্বাধীনতাসহ অন্যান্য অধিকারও সমান গুরুত্বপূর্ণ। কোনো কোনো ক্ষেত্রে বিবেকের স্বাধীনতার সঙ্গে ধর্মীয় স্বাধীনতার বিরোধ তৈরি হতে পারে বলেও প্রদেশটির যুক্তি।
আইনটির বিরুদ্ধে কানাডিয়ান সিভিল লিবার্টিজ অ্যাসোসিয়েশন এবং ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমসহ বিভিন্ন সংগঠন আদালতে চ্যালেঞ্জ জানিয়েছে।
২০২৪ সালে কুইবেকের আপিল আদালত আইনটির পক্ষে রায় দেন। এরপর বিরোধীরা বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।
এমন এক সময়ে সুপ্রিম কোর্টের এই গুরুত্বপূর্ণ রায় এলো, যার মাত্র এক মাস আগে কুইবেকে বিচ্ছিন্নতাবাদী ও কঠোর ধর্মনিরপেক্ষতাবাদী অবস্থানের একটি প্রাদেশিক সরকার নির্বাচিত হয়েছে। নির্বাচনের আগে তারা জনজীবনে ধর্মীয় প্রতীক ব্যবহারের ওপর আরও কঠোর বিধিনিষেধ আরোপের প্রতিশ্রুতি দিয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬ : ফ্রান্সের জিডিপি পূর্বাভাসের চেয়ে বেশি হ্রাস পেয়েছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) আগের প্রান্তিকের তুলনায় ০.২ শতাংশ কমে গেছে। শুক্রবার এই তথ্য প্রকাশ করেছে দেশটির জাতীয় পরিসংখ্যান সংস্থা।
অর্থনৈতিক প্রবৃদ্ধির এই নিম্নমুখী প্রবণতা সরকারের উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে, কারণ পুরো বছরের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। একই সময়ে বাজেট ঘাটতি নিয়ন্ত্রণে ব্যয় ব্যাপকভাবে কমানোর পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার।
এএফপি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, ফ্রান্সের জাতীয় পরিসংখ্যান সংস্থা ইনসির প্রাথমিক পূর্বাভাসে তৃতীয় প্রান্তিকে জিডিপি ০.১ শতাংশ কমতে পারে বলে ধারণা করা হয়েছিল। তবে চূড়ান্ত হিসাবে দেখা গেছে, এটি ০.২ শতাংশে নেমে এসেছে। এর ফলে ইউরোজোনের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে টানা তৃতীয় প্রান্তিকেও প্রবৃদ্ধির স্থবিরতা অব্যাহত রইল।
চলতি বছরের প্রথম প্রান্তিকে ফ্রান্সের অর্থনীতি ০.২ শতাংশ সংকুচিত হয়েছিল, এবং দ্বিতীয় প্রান্তিকে কোনো প্রবৃদ্ধি দেখা যায়নি। ইনসির তথ্য অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ ০.৯ শতাংশ কমে যাওয়ার ফলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। একই সময়ে ভোক্তাদের ব্যয়েও কোনো পরিবর্তন দেখা যায়নি।
বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে চলতি বছরে ফ্রান্সের অর্থনৈতিক প্রবৃদ্ধি মাত্র ০.১ শতাংশে সীমাবদ্ধ থাকতে পারে, যা সরকারের নির্ধারিত ০.৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার তুলনায় অনেক কম। অর্থনীতিবিদদের পাশাপাশি ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংকও সরকারের এই লক্ষ্যমাত্রা নিয়ে সংশয় প্রকাশ করেছে।
অর্থমন্ত্রী রোলান্ড লেস্কুর গত অক্টোবরের শেষ দিকে সতর্ক করে বলেছিলেন, ২০২৭ সালের বাজেট থেকে কয়েকশ কোটি ইউরো ব্যয় কমাতে না পারলে দেশটির অর্থনীতি বড় ধরনের সংকটের সম্মুখীন হতে পারে।
এদিকে, ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত সীমার অনেক ওপরে থাকা ফ্রান্সের বিপুল সরকারি ঋণ ও বাজেট ঘাটতি নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির সরকারি বন্ডের সুদের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে, তাদের খোঁজখবর নেওয়া এবং পারস্পরিক সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতা তৈরিতে উৎসাহিত করতে ব্যতিক্রমী সময় কাটান প্রধানমন্ত্রী তারেক রহমান। জুমার নামাজ শেষে তিনি শিশুদের সঙ্গে কথা বলেন। তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দেওয়ার পাশাপাশি, খেলাধুলা করছে কি না, সে বিষয়েও খোঁজখবর নেন প্রধানমন্ত্রী।
শুক্রবার রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটানোর সময়, প্রধানমন্ত্রী তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী তুলে দেন। শিশুদের সঙ্গে কথোপকথনের একপর্যায়ে, তিনি জানতে চান সবাই খেলাধুলার সুযোগ পাচ্ছে কি না এবং কেউ বাদ পড়ছে কি না।
এছাড়া, প্রধানমন্ত্রী শিশুদের পরামর্শ দেন নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে খেলার জন্য। তিনি বলেন, একজনের খেলার সামগ্রী যেন অন্যরাও ব্যবহার করতে পারে, সে বিষয়ে শিশুদের উৎসাহিত করতে হবে।
এর মাধ্যমে প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং নিজেদের আনন্দ ও সামগ্রী ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা গড়ে তোলার বার্তা দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ