ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শেরপুরের আধুনিক কসাইখানায় ২৪ ঘণ্টা পশু জবাই কার্যক্রম শুরু


শেরপুরের আধুনিক কসাইখানায় ২৪ ঘণ্টা পশু জবাই কার্যক্রম শুরু

শেরপুর জেলা আধুনিক কসাইখানায় পশু জবাই কার্যক্রম শুরু হয়েছে, যা ভোক্তাদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে কসাইখানাটিতে একটি গরু ও পাঁচটি খাসি জবাই করা হয়। সংশ্লিষ্টরা এই উদ্যোগকে সুষ্ঠু ও স্বাস্থ্যসম্মতভাবে মাংস সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।

জানা গেছে, আধুনিক জেলা কসাইখানাটি শহরের দমদমা-কালীগঞ্জ এলাকায় জেলখানা সংলগ্ন স্থানে অবস্থিত। এটি মূল শহর থেকে কিছুটা দূরে হওয়ায় এর পূর্ণাঙ্গ ব্যবহার নিয়ে বিভিন্ন আলোচনা ও মতভেদ রয়েছে। তবে পরিচ্ছন্ন পরিবেশে এবং স্বাস্থ্যবিধি মেনে জবাই নিশ্চিত করার ক্ষেত্রে এর ভূমিকা অপরিসীম। স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় মাংস প্রস্তুত হলে জনস্বাস্থ্য সুরক্ষিত থাকে এবং শহরের পরিবেশও সুস্থ ও পরিচ্ছন্ন রাখা সম্ভব হয়।

মাংস ব্যবসায়ীদের সুবিধার কথা মাথায় রেখে কসাইখানাটিতে সপ্তাহের সাত দিনই দিন-রাত ২৪ ঘণ্টা পশু জবাইয়ের সুবিধা রাখা হয়েছে। জবাইয়ের কাজ নির্বিঘ্নে চালানোর জন্য সার্বক্ষণিক ইমাম বা ধর্মীয় প্রতিনিধি এবং প্রয়োজনীয় জবাই কর্মী প্রস্তুত থাকার ব্যবস্থা রাখা হয়েছে।

আরও পড়ুন: চিরকুটে লেখা 'মা, তোমার সঙ্গে শেষ কথাটুকুও বলতে পারলাম না'—ব্যবসায়ী খোরশেদ হাওলাদারের আত্মহত্যা

পৌর এলাকার সব মাংস ব্যবসায়ীকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে যে, তারা নিজ নিজ পশু নির্দিষ্ট এই জেলা কসাইখানায় নিয়ে জবাই করবেন। নিরাপদ মাংস প্রাপ্তির প্রত্যাশায় এবং জনস্বাস্থ্য রক্ষায় ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ জরুরি বলে অভিমত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এ বিষয়ে পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মোঃ বজলুল করিম দৈনিক ইনকিলাবকে বলেন, "শহরের সকল কসাইদের উদ্বুদ্ধকরণ কাজ চলছে, এখন থেকে ২৪ ঘন্টা আমাদের জবাই কার্যক্রম চলমান থাকবে। কসাইরা যেকোনো সময় তাদের পশু জবাই এবং মাংস প্রক্রিয়াজাত করতে পারবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভালোবাসলেই ধর্ম বদলাতে হবে, এমনটা বিশ্বাস করেন না বাসির আলী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৭ পি.এম


ভালোবাসলেই ধর্ম বদলাতে হবে, এমনটা বিশ্বাস করেন না বাসির আলী

ভারতীয় টেলিভিশন অভিনেতা ও রিয়েলিটি শো তারকা বাসির আলী বিশ্বাস করেন যে, ভালোবাসার সম্পর্কের জন্য কারো ধর্ম পরিবর্তন করা উচিত নয়। তিনি ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে প্রেম ও বিয়ে নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে তিনি মায়ের একটি পরামর্শের কথাও উল্লেখ করেছেন।

সম্প্রতি ‘ডাবল ডেট’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বাসির এসব মন্তব্য করেন, যা উপস্থাপনা করেছেন ভারতীয় অভিনেত্রী নেহা ধুপিয়া ও অভিনেতা আঙ্গাদ বেদি। বর্তমানে তিনি সাবেক এমটিভি ‘রোডিজ’ গ্যাং লিডার বানি জে-র সঙ্গে সম্পর্কে রয়েছেন।

বাসির তার প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা করতে গিয়ে জানান, ভিন্ন ধর্মের নারীদের সঙ্গে তার সম্পর্ক থাকায় তার মা বিষয়টি নিয়ে চিন্তিত ছিলেন। একসময় এ নিয়ে তিনি মায়ের সঙ্গে কথা বলেন। তখন মা তাকে বলেন, ভালোবাসার কারণে কাউকে তার ধর্ম পরিবর্তন করতে বলা উচিত নয়।

বাসিরের মতে, প্রায় ৩০ বছর ধরে যে ব্যক্তি তার ধর্ম পালন করে আসছেন, তাকে হঠাৎ করে বিশ্বাস পরিবর্তনের জন্য চাপ দেওয়া অন্যায়। কাউকে ধর্মান্তরিত করার প্রত্যাশা নিয়ে সম্পর্ক গড়ে তুললে সেই সম্পর্কের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এই বিষয়ে মায়ের কথাকে তিনি যথার্থ মনে করেন।

বিয়ের ব্যাপারে বাসির জানান, সময়ের সঙ্গে তার চিন্তাভাবনায় পরিবর্তন এসেছে। একসময় তিনি অল্প বয়সে বিয়ে করে দ্রুত বাবা হওয়ার স্বপ্ন দেখতেন। তবে তার পরিকল্পনা অনুযায়ী সবকিছু হয়নি। অন্যদিকে, তার মা চান যে ছেলে আরো ধর্মীয় অনুশীলনে মনোযোগী হোক, নিয়মিত নামাজ পড়ুক এবং জীবনে স্থিরতা আনুক।

বাসির বানি জে-র সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেন। তিনি জানান, শুরুতে বানি জে-র বাইরের ব্যক্তিত্বের আড়ালে যে আবেগ ও মানসিক টানাপোড়েন রয়েছে, তা তিনি বুঝতে পারেননি। প্রথম দিকে বিষয়টি তার কাছে কিছুটা অপ্রত্যাশিত ছিল।

তবে সময়ের সঙ্গে বাসির বানি জে-কে বুঝতে শিখেছেন। তার পাশে থাকা স্বাভাবিকভাবেই এসেছে বলে তিনি জানান। দুজনের মধ্যে বোঝাপড়া ও যোগাযোগ ধীরে ধীরে গড়ে উঠেছে এবং একে অপরের জীবনে ইতিবাচক প্রভাব রাখছেন বলেও মনে করেন এই তারকা।

এছাড়া, নিজের মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাসির। তার মতে, শৈশব কখনো কঠিন মনে হয়নি, কারণ মা সব সময় তাকে আগলে রেখেছেন। এখন তিনি স্বাবলম্বী হয়ে পরিবারের দায়িত্ব নিতে পারছেন—এটাই মায়ের জন্য আনন্দের বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘খান পরিবার আমার পরিবারের মতোই’, লারিসার মন্তব্যে ফের আলোচনায় আরিয়ান-লারিসার সম্পর্ক

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


‘খান পরিবার আমার পরিবারের মতোই’, লারিসার মন্তব্যে ফের আলোচনায় আরিয়ান-লারিসার সম্পর্ক

আরিয়ান খানের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই। বিশেষ করে তার প্রেম ও বিয়ে নিয়ে বলিউডে আলোচনা অব্যাহত রয়েছে। এক সময় অভিনেত্রী অনন্যা পাণ্ডের সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও তা এখন অতীত। বর্তমানে ব্রাজিলিয়ান অভিনেত্রী ও মডেল লারিসা বোনেসির সঙ্গে আরিয়ানের নাম জড়িয়েছে। শাহরুখের পরিবারকে নিয়ে লারিসার মন্তব্য নতুন করে প্রেমচর্চাকে উসকে দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, লারিসার সঙ্গে বর্তমানে সম্পর্ক রয়েছে আরিয়ানের। যদিও শাহরুখপুত্র এ বিষয়ে প্রকাশ্যে কিছু জানাননি। তবে বিভিন্ন অনুষ্ঠান ও পার্টিতে তাদের উপস্থিতি নিয়ে আলোচনা মাঝেমধ্যেই হয়ে থাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে খান পরিবারের প্রতি লারিসার ভালোলাগা ও শ্রদ্ধার কথা উঠে এসেছে।

‘বোম্বে টাইমস’কে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখের পরিবারের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে কথা বলেন লারিসা। তিনি উল্লেখ করেন, ‘খান পরিবার অনেকটা আমার নিজের পরিবারের মতোই। জীবনে ওরা যা অর্জন করেছেন, তাতে ওদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান তো রয়েছেই, ওরা মানুষ হিসেবে ভীষণ ভালো। ওদের সমর্থন আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। বন্ধুত্বই সবকিছু আর বন্ধুত্বই জীবনে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে।’

আরিয়ানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও লারিসা তার কাজের প্রশংসা করেছেন। তিনি আরিয়ানকে অসাধারণ মানুষ হিসেবে উল্লেখ করে বলেন, ‘আরিয়ান একজন অসাধারণ মানুষ। ও নিজের কাজ নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ। অনেকেই হয়তো বলে যে ওর সবকিছু আছে কিন্তু ও এসবের পরোয়া করে না। ও লড়াই করে নিজের ভবিষ্যৎ তৈরি করতে চায়। ও ওর লক্ষ্যে একদিন ঠিক পৌঁছাবে, কারণ নিজের কাজ নিয়ে ও ভীষণ সচেতন।’

৩১ বছর বয়সী লারিসা বোনেসি একজন ব্রাজিলিয়ান মডেল ও অভিনেত্রী। তিনি এক দশকেরও বেশি সময় ধরে ভারতের বিনোদনজগতে কাজ করছেন। লারিসার অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘গো গোয়া গন’ (২০১৩), ‘থিক্কা’ (২০১৬), ‘রকেট রাজা’ (২০১৭) ও ‘ঘাটি’ (২০২৫)।

২০২৪ সাল থেকে আরিয়ানের সঙ্গে লারিসার নাম জড়াতে শুরু করে। গত বছর আরিয়ানের প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর উদ্বোধনী অনুষ্ঠানে লারিসাকে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা যায়। সেই উপস্থিতির পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও জোরালো হয়। তবে দুজনের কেউই এখন পর্যন্ত এই গুঞ্জনের সত্যতা নিশ্চিত বা অস্বীকার করেননি।

শাহরুখ খান ও গৌরী খানের বড় সন্তান আরিয়ান খান। বাবার মতো অভিনয়জগতে পা না রেখে লেখক ও নির্মাতা হিসেবে ক্যামেরার পেছনে কাজ করার পথ বেছে নিয়েছেন তিনি। তার নির্মিত প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ গত বছর নেটফ্লিক্সে মুক্তি পায়। সিরিজটি দর্শকদের মধ্যে আলোচনাও তৈরি করে। শোনা যাচ্ছে, এর দ্বিতীয় নির্মাণের অনুমোদন দিয়েছে নেটফ্লিক্স।

কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও যে আরিয়ানকে ঘিরে দর্শকদের আগ্রহ কম নয়, লারিসার সাম্প্রতিক মন্তব্যে তা আবারও স্পষ্ট। তবে তাদের সম্পর্কের সমীকরণ নিয়ে এখনো রহস্যই রয়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধোপাজান নদীর ভাঙনে হুমকির মুখে কয়েকটি গ্রাম, প্রতিরোধে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

‎সুনামগঞ্জ প্রতিনিধি : মোহাম্মদ নূর

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


ধোপাজান নদীর ভাঙনে হুমকির মুখে কয়েকটি গ্রাম, প্রতিরোধে মানববন্ধন

‎সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সুলকাবাদ ইউনিয়নে ধোপাজান (চলতি) নদীর ভয়াবহ ভাঙনে হুমকির মুখে পড়েছে একাধিক গ্রামের বসতবাড়ি ও ফসলি জমি। নদীভাঙনে চরম ঝুঁকিতে রয়েছে পুরান মথুরকান্দি, কুঁচগাঁও, সোনারপাড়া, আদাংসহ আশপাশের এলাকার মানুষ। ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
‎
‎শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে কুঁচগাঁও এলাকায় স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়েক শতাধিক লোকজন অংশগ্রহণ করেন।
‎
‎মানববন্ধনে বক্তারা বলেন, ধোপাজান নদীর অব্যাহত ভাঙনে এলাকার মানুষের বসতবাড়ি, ফসলি জমি ও চলাচলের রাস্তা হুমকির মুখে পড়েছে। দ্রুত ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ না করলে অনেক পরিবার বসতভিটা ও জমিজমা হারিয়ে নিঃস্ব হয়ে পড়বে। তাই নদীভাঙন রোধে জরুরি ভিত্তিতে ব্লক স্থাপন, ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার, কালভার্ট ও সেতু নির্মাণসহ প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের দাবি জানান তাঁরা।
‎
‎বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে নদীভাঙনের কারণে এলাকাবাসী নানা দুর্ভোগের শিকার হচ্ছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁদের দাবি, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হোক।
‎
‎মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় বাসিন্দা মোশাঈদ আহমদ, জসীম উদ্দিন, শাহাজাহান, রুফসান আলী, সিরাজ মিয়া, মহর আলী, রবি মিয়া, আব্দুর রহমান, সিদ্দিক, জাকির,সহ কয়েক শতাধিক মানুষ উপস্থিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯ মাসেও ফল প্রকাশিত না হওয়ায় জাককানইবির নৃবিজ্ঞানের শিক্ষার্থীরা প্রভাষক পদের জন্য আবেদন করতে পারছেন না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৯ পি.এম


৯ মাসেও ফল প্রকাশিত না হওয়ায় জাককানইবির নৃবিজ্ঞানের শিক্ষার্থীরা প্রভাষক পদের জন্য আবেদন করতে পারছেন না

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) নৃবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ফল এখনো প্রকাশিত হয়নি, যদিও পরীক্ষা শেষ হওয়ার নয় মাস পেরিয়ে গেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে একাডেমিক কার্যক্রম শেষ হলেও, বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তিতে তারা নিজ বিভাগের প্রভাষক পদে আবেদন করতে পারেননি। এ বিষয়ে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

১০ অক্টোবর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে (স্মারক নং : জাককানইবি/রেজি:/নবিজনি/১৬৩২/২২/৬৮০৬) নৃবিজ্ঞান বিভাগের জন্য দুটি প্রভাষক পদে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদনের সময়সীমা ১৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

এক শিক্ষার্থী দৈনিক কালের কণ্ঠকে জানিয়েছেন যে, প্রায় নয় মাস ধরে মাস্টার্সের ফল আটকে আছে এবং ফল না থাকায় তারা আবেদন করতে পারেননি। তার অভিযোগ, ক্যারিয়ার দমিয়ে রাখার উদ্দেশ্যে দীর্ঘদিন ফল আটকে রাখা হয়েছে।

আরেক শিক্ষার্থী জানান, সর্বশেষ তাদের জানানো হয়েছিল যে, ফল পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে পাঠানো হয়েছে। কিন্তু এক মাস পরেও ফল প্রকাশিত হয়নি। ফল প্রশাসনিক ভবনে পৌঁছেছে কি না, তা-ও তারা নিশ্চিত নন। শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করলে প্রতিবারই পরের সপ্তাহে ফল প্রকাশের আশ্বাস মেলে, কিন্তু দৃশ্যমান অগ্রগতি নেই।

তিনি বলেন, ফল প্রকাশে দীর্ঘসূত্রতার কারণে আবেদনের যোগ্যতা থাকা শিক্ষার্থীরাও একটি গুরুত্বপূর্ণ চাকরির সুযোগ হারিয়েছেন।

ওই শিক্ষাবর্ষের পরীক্ষা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক জুয়েল মোল্যা জানান, বিভাগে শিক্ষক সংকট রয়েছে; ফ্যাকাল্টিতে তারা মাত্র তিনজন। থিসিস পর্যালোচনার জন্য বাইরের শিক্ষকদের কাছে পাঠাতে হয়, সেগুলো আসতেও দেরি হয়। ফল পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে পাঠানো হয়েছে এবং আগামী সপ্তাহে প্রকাশ হবে বলে আশা করা যাচ্ছে।

তিনি জানান, এ বিলম্বের দায় এক অর্থে কারো নয়; তিনজনের একজনের অনুপস্থিতিতেও কাজ অনেক পিছিয়ে যায়।

বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য স্নাতক ও স্নাতকোত্তরে ন্যূনতম ৩.৬০ সিজিপিএ (৪ স্কেলে) এবং সনাতনী পদ্ধতিতে সব পর্যায়ে প্রথম বিভাগ চাওয়া হয়েছে। অন্য বিভাগের বিজ্ঞপ্তিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের জন্য আলাদা মানদণ্ড থাকলেও, নৃবিজ্ঞান বিভাগ এ বিষয়ে কোনো শর্ত রাখেনি।

বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক স্বপ্না পাপুল জানান, বিজ্ঞপ্তি ইউজিসির নীতিমালা মেনেই করা হয়েছে। নীতিমালায় ন্যূনতম সিজিপিএ ৩.৫০ রাখার কথা থাকলেও, তারা ৩.৬০ রেখেছেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ফল নিয়ে ইউজিসির নীতিমালায় কিছু বলা নেই।

তিনি আরো জানান, ভালো প্রার্থীরা আসুক, এটাই তিনি চেয়েছেন এবং বিভাগের অনেক শিক্ষার্থীরই ৩.৬০ রয়েছে।

ফল প্রকাশে বিলম্বের দায় কার জানতে চাইলে তিনি বলেন, এটি সমন্বিত প্রয়াস, এখানে পরীক্ষা নিয়ন্ত্রকের বিষয়ও আছে। দ্রুত ফল প্রকাশের জন্য পরীক্ষা কমিটির সভাপতিকে একাডেমিক কমিটির সভায় কয়েকবার বলা হয়েছে। ইচ্ছা ছিল, এই ব্যাচের শিক্ষার্থীরা যেন আবেদন করতে পারেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%