প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতীয় টেলিভিশন অভিনেতা ও রিয়েলিটি শো তারকা বাসির আলী বিশ্বাস করেন যে, ভালোবাসার সম্পর্কের জন্য কারো ধর্ম পরিবর্তন করা উচিত নয়। তিনি ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে প্রেম ও বিয়ে নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে তিনি মায়ের একটি পরামর্শের কথাও উল্লেখ করেছেন।
সম্প্রতি ‘ডাবল ডেট’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বাসির এসব মন্তব্য করেন, যা উপস্থাপনা করেছেন ভারতীয় অভিনেত্রী নেহা ধুপিয়া ও অভিনেতা আঙ্গাদ বেদি। বর্তমানে তিনি সাবেক এমটিভি ‘রোডিজ’ গ্যাং লিডার বানি জে-র সঙ্গে সম্পর্কে রয়েছেন।
বাসির তার প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা করতে গিয়ে জানান, ভিন্ন ধর্মের নারীদের সঙ্গে তার সম্পর্ক থাকায় তার মা বিষয়টি নিয়ে চিন্তিত ছিলেন। একসময় এ নিয়ে তিনি মায়ের সঙ্গে কথা বলেন। তখন মা তাকে বলেন, ভালোবাসার কারণে কাউকে তার ধর্ম পরিবর্তন করতে বলা উচিত নয়।
বাসিরের মতে, প্রায় ৩০ বছর ধরে যে ব্যক্তি তার ধর্ম পালন করে আসছেন, তাকে হঠাৎ করে বিশ্বাস পরিবর্তনের জন্য চাপ দেওয়া অন্যায়। কাউকে ধর্মান্তরিত করার প্রত্যাশা নিয়ে সম্পর্ক গড়ে তুললে সেই সম্পর্কের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এই বিষয়ে মায়ের কথাকে তিনি যথার্থ মনে করেন।
বিয়ের ব্যাপারে বাসির জানান, সময়ের সঙ্গে তার চিন্তাভাবনায় পরিবর্তন এসেছে। একসময় তিনি অল্প বয়সে বিয়ে করে দ্রুত বাবা হওয়ার স্বপ্ন দেখতেন। তবে তার পরিকল্পনা অনুযায়ী সবকিছু হয়নি। অন্যদিকে, তার মা চান যে ছেলে আরো ধর্মীয় অনুশীলনে মনোযোগী হোক, নিয়মিত নামাজ পড়ুক এবং জীবনে স্থিরতা আনুক।
বাসির বানি জে-র সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেন। তিনি জানান, শুরুতে বানি জে-র বাইরের ব্যক্তিত্বের আড়ালে যে আবেগ ও মানসিক টানাপোড়েন রয়েছে, তা তিনি বুঝতে পারেননি। প্রথম দিকে বিষয়টি তার কাছে কিছুটা অপ্রত্যাশিত ছিল।
তবে সময়ের সঙ্গে বাসির বানি জে-কে বুঝতে শিখেছেন। তার পাশে থাকা স্বাভাবিকভাবেই এসেছে বলে তিনি জানান। দুজনের মধ্যে বোঝাপড়া ও যোগাযোগ ধীরে ধীরে গড়ে উঠেছে এবং একে অপরের জীবনে ইতিবাচক প্রভাব রাখছেন বলেও মনে করেন এই তারকা।
এছাড়া, নিজের মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাসির। তার মতে, শৈশব কখনো কঠিন মনে হয়নি, কারণ মা সব সময় তাকে আগলে রেখেছেন। এখন তিনি স্বাবলম্বী হয়ে পরিবারের দায়িত্ব নিতে পারছেন—এটাই মায়ের জন্য আনন্দের বিষয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন