শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৩:৫২ পি.এম
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর আগমনকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয় হেফাজতে ইসলামের নেতাদের প্রতিবাদের কারণে শেষ পর্যন্ত অননুমোদিত এ মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে অলিরবাজারে তাহেরীর পূর্ব নির্ধারিত এ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকেই তাহেরীর আগমনের প্রতিবাদে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করে। তারা স্থানীয় প্রশাসনকে অবহিত করে তাহেরীকে অলিরবাজারে আসতে না দেওয়ার দাবি জানায়। অনুমতি না থাকার কারণে শুক্রবার (২৭ নভেম্বর) আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর প্রোগ্রাম বন্ধ করে দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদর দক্ষিণ মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে হেফাজতে ইসলাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব আলী বলেন, "প্রশাসনের কোনো ধরনের অনুমতি ছাড়াই তাহেরীর প্রোগ্রামের আয়োজন করা হচ্ছিল। বিতর্কিত বক্তা গিয়াস উদ্দিন তাহেরীকে কোনোভাবেই অলিরবাজারে প্রোগ্রাম করতে দেওয়া হবে না। তিনি প্রোগ্রাম করতে এলে পালটা কর্মসূচির মাধ্যমে তা প্রতিহত করবে হেফাজতে ইসলাম।"
তাহেরীর অনুসারী আমির হোসেন বলেন, "যে কোনো কিছুর বিনিময়ে তাহেরী হুজুরের প্রোগ্রাম করব।"
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, অনুমতি না থাকায় অলিরবাজারে গিয়াস উদ্দিন তাহেরীকে প্রোগ্রাম করতে দেওয়া হচ্ছে না। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। তবে, এই ঘটনায় জড়িত চোরাকারবারিদের আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার ভোর ৪টার দিকে টেকনাফের জিম্বংখালী সীমান্তে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এই অভিযানটি সম্পন্ন করে।
বিজিবি জানায়, জিম্বংখালী বিওপির নিয়মিত বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবির ৭ নম্বর পোস্টের নিকটবর্তী বেলালের মাছের ঘেরের পাশে প্রযুক্তির সহায়তায় মিয়ানমার থেকে দুই ব্যক্তি দুটি ব্যাগ নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারিরা ব্যাগ দুটি ফেলে ঘেরের পাশ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া দুটি ব্যাগ থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটে রাখা আনুমানিক ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল ও আশপাশে তল্লাশি চালানোর পর অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
পলাতক চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেফতারের উদ্দেশ্যে ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক জানিয়েছেন, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।
তিনি আরও জানান, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হুথি-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম সাবা জানাচ্ছে, ইয়েমেনের তাইজ গভর্নরেটের আল-তুরবাহ শহরে সৌদি বিমান হামলায় অন্তত ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশু রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, হামলার ফলে একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, নিহতদের অধিকাংশই শিশু বলে জানা গেছে।
এছাড়া, হামলার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে আটজনের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তবে, ধ্বংসস্তূপের নিচে আরো তিনজন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, সংবাদমাধ্যম আলজাজিরা এই হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আলজাজিরা
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী মিশন হাসপাতালের শতবর্ষ উদযাপন উপলক্ষে একটি জমকালো আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান শুরু হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শোভাযাত্রাটি হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে শতবর্ষ উদযাপন উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী মিশন হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রদীপ চাঁদ মণ্ডল।
পরে আলোচনা সভায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু মন্তব্য করেন, "একটি চিকিৎসা প্রতিষ্ঠানের জন্য শত বছর পূর্ণ করা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ অর্জন।" তিনি উল্লেখ করেন, দীর্ঘ এই সময়ে নানা পরিবর্তন ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে রাজশাহী মিশন হাসপাতাল চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। চিকিৎসাবিজ্ঞানের ব্যাপক অগ্রগতি ঘটেছে এবং মানুষের স্বাস্থ্যসেবার চাহিদা বেড়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, আধুনিক চিকিৎসা প্রযুক্তির ব্যবহার, দক্ষ জনবল তৈরি এবং সেবার মান উন্নয়নের মাধ্যমে আগামী দিনেও হাসপাতালটি মানুষের আস্থার জায়গা ধরে রাখবে।
শতবর্ষ পূর্তি উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। দীর্ঘ ১০০ বছরের স্মৃতি, অর্জন ও অভিজ্ঞতা সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠান হাসপাতালের সঙ্গে সংশ্লিষ্ট বর্তমান ও সাবেক ব্যক্তিদের মধ্যে মিলনমেলায় পরিণত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লক্ষ্মীপুরের সাবেক আলোচিত মেয়র তাহেরের ছেলে আফতাব উদ্দিন বিপ্লবের একটি কল রেকর্ডিং ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক জেলা কমিটির সভাপতি। বিপ্লবের দাবি, এই রেকর্ডিংটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
রেকর্ডিংয়ে বিপ্লবকে বলতে শোনা যায়, ‘গেরিলা হোলাইন রাখবি, হেগুনের কাম অইবো শুধু বিএনপি-জামায়াতের মেইন মেইন গোটা দশেক মারি হালাইবো।’ শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ৩ মিনিটের এই কল রেকর্ডিংটি প্রতিবেদকের কাছে এসেছে।
বিপ্লব, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র প্রয়াত এম এ তাহেরের বড় ছেলে, লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি এবং সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপুর বড় ভাই। রেকর্ডিংয়ে মামুন নামে একজনের সঙ্গে কথা বলতে শোনা যায় বিপ্লবকে। তিনি বলেন, "আর কোনো সুন্দর কথা নাই। দিনে সুন্দর কথা কইয়াম, দিনে সুন্দর পাঞ্জাবি পড়ি হাটিয়াম। যখন দেখিয়াম ক্ষমতা আইতাছে, লাইন অইছে, তখন এগুনরে (তাদেরকে) টোগাই (খুঁজে) পাওয়া যায় না। ক্ষমতা লাইন হইছে যখন দেইখখাম (দেখবো), ৫-৬টা গেরিলা হোলাইন রাইখবি, যেগুন (যারা) বিশ্বস্ত। হেগুনরে এলাকায় স্টাবলিশ করে দিয়াম। হেগুনের কাম অইবো (হবে) শুধু বিএনপি-জামায়াতের মেইন মেইন ৮-১০টারে মারি হালাইবো।"
এরপর বিপ্লব আরও বলেন, "দাড়ুম-দুড়ুম বাড়ি ঘর জ্বালাই দিবো, কিন্তু কোনো কুরআন শরীফ ঘরে আছে কি না, জায়নামাজ টুপি এগুলো বাহির করতে হইবো। কোনো বউ বাচ্চা বুড়া বয়স্ক মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়। ক্যাডার 'খানকির হোলাগোরে' বাহির করি দাম-দুড়ুম ধরি গোটা দশেক ধরি হেগুনরে মাইরতে হইবো। ইয়ার মধ্যে যেগুনের নাম কইছোস এরমধ্যে দুই চাইরগারে, দুই ওজ্ঞারে হালাই দিতে হইবো, শেষ। বিএনপি মাইরছে, কাইনবি, ইয়ার হরে লাশ ধরি কাইনবি। খারাপ লোক ওগো সমুতল্য। এদের রাখছে, খারাপগুনরে বাঁচায় রাখছে আমগো মতো ভালো লোকগুনরে ডিস্টার্ব করার জন্য, যেন আমরা রাজনীতি করতে না পারি। ভাইয়ের লাই এটা কর, দুরের তন বয় বয় ঠান্ডা মাথায় এটা কর।"
বিপ্লবকে আরও বলতে শোনা যায়, "আর ভাইয়ার লাই (জন্য) মিছিলটা করা যাইবো কি না, ভাইয়ার পক্ষে বলতে এরকম না, জাস্ট আমার ব্যানার থাকবো, শেখ হাসিনার ব্যানার থাকবো, ব্যানারে হেডলাইন থাকবো ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, এক সাইটে বঙ্গবন্ধুর ছবি, আঁর আব্বার ছবি, এই ঠিক আছে? ওকে, ভালো থেকো।"
শেষ পর্যায়ে বিপ্লব বলেন, "আর দ্বিতীয় এবং স্থায়ী কাজ গেরিলা হোলাইন গোটা পাঁচ-ছয়েক হাইলবা, হেগুনরে স্টাবলিশ করিয়াম, সরাসরি আঁর লগে কথা কইবো, লক্ষ্মীপুর থাইকবো আঁর লগে। এগুন শুধু রক্ত খাইননা মতন, মনমানসিকতার হয়তো হইবো। কিন্তু মনটা থাকতে হইবো নরম মানুষের জন্য প্রেম থাকতে হইবো, দলের ডিসিপ্লিন মানতে হইবো। একদম সাহসী গেরিলা ৪-৫ টা হোলাইন রেডি করে দাম দুড়ুম উঠছে ভাব হইবো খাই খাই, সময় ভালো হইলে আঁই সিগনাল দিয়াম, গোটা দশেক মারি হালাইতে হইবো, ইয়ানতন দুই-ওজ্ঞা হালাই দিতে হইবো। ভালো থাইস, এটা যেন সবাই না জানে। ওকে, আল্লাহ হাফেজ।"
রেকর্ডিংটির শুরুতে বিপ্লবকে বলতে শোনা যায়, "মামুন আছি, আমরা সবাই ভালো আছি, দোয়া করিস, ভাই। যুবলীগের জেলা সভাপতি প্রার্থী হইছি। আজকে ৭-৮ বছর টিপুকে অব্যাহতি দেওয়ার পর থেকে এলোমেলো, কোনো মিল নাই, এলোমেলো অবস্থায় চলতেছে। ভাবছিলাম রাজনীতি না করি, সামাজিক কাজে থাকি পৌরসভাটাকে করমু, টিপু রাজনীতি করে করুক। এখন টিপু একা সামলাতে পারবে না, দেশের যে পরিস্থিতি। সামনে ধরো গেরিলা যুদ্ধ-টুদ্ধ হবে, এরকম পরিস্থিতি হইতাছে আস্তে আস্তে। টিপুরও হেল্প অইলো, টিপু পাশে থাকলে আমারও হেল্প অইলো। এভাবে আগাইতে চাইতাছি আস্তে আস্তে। একটু সক্রিয় হইতাছি।"
কথোপকথনের একপর্যায়ে বিপ্লব বলেন, "আমগো এই দুই-তিন ইউনিয়ন মিলে কে কে আছে? এক দেড়শ হোলাইন (পোলাপাইন) থুবাই (জড়ো), যেকোন এক জায়গায় খাড়াই (দাঁড়াই) জাস্ট আমার ব্যানারটা নিয়ে সাউটিং মাউটিং দিবো এই। ব্যানার কি রকম হইবো আঁই (আমি) দেখায় দিমু (দেবো) সম্ভব কি না বা আমি কার লগে (সঙ্গে) কথা কইতাম (বলতাম)। মুখটুখ বাঁধি গেরিলাভাবে এক জায়গায় খাড়াই জাস্ট একটু সাউটিং দিবো, বুঝা যাইবো রাস্তার ওপর মিছিল করছে, এমনি মিছিল করার দরকার নাই। জাস্ট ১-২ মিনিট ভিডিও করি ফেসবুকে ছাড়ি দিবো, আর আঁরে ভিডিওটা দিবো। এটা সম্ভব কিনা একটু যোগাযোগ করে চাইস।"
এ ব্যাপারে আফতাব উদ্দিন বিপ্লব বলেন, "রেকর্ডিংটি আমারও নজরে এসেছে। এটি এআই দিয়ে তৈরি করা হয়েছে। আমার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র আগেও হয়েছে, এখনও হচ্ছে।"
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ এ বিষয়ে বলেন, "রেকর্ডিংটি আমাদের নজরে এসেছে। আমরা কাজ করছি। গোপনে থেকে নাশকতা করার সুযোগ নেই। এসব বিষয়ে আমাদের তৎপরতা রয়েছে।"
প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের আমলে ২০০০ সালের ১৮ সেপ্টেম্বর রাতে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী (সাবেক পিপি) নুরুল ইসলামকে লক্ষ্মীপুর শহরের বাসা থেকে অপহরণের পর হত্যা করা হয়। বহুল আলোচিত নুরুল ইসলাম হত্যা মামলায় ২০০৩ সালে তাহেরপুত্র বিপ্লবসহ পাঁচ আসামির মৃত্যুদণ্ড ও ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন বিচারিক আদালত। বিপ্লব ২০১১ সালের ৪ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করেন। এরপর আবু তাহের তার ছেলে বিপ্লবের প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন। ওই বছরের ১৪ জুলাই তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তার সাজা মওকুফ করেন। পরের বছর আরও দুটি হত্যা মামলায় (কামাল ও মহসিন হত্যা) বিপ্লবের যাবজ্জীবন সাজা কমিয়ে ১০ বছর করেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান। পরবর্তী সময়ে রাজনৈতিক বিবেচনায় ২০১২ সালে ফিরোজ হত্যা মামলা থেকেও বিপ্লবের নাম প্রত্যাহার করা হয়। ২০১৪ সালের ১ আগস্ট কারাগারে থেকেই বিয়ে করে দেশব্যাপী ফের আলোচনায় আসেন বিপ্লব। ২০১৮ সালের ৯ অক্টোবর তিনি কারামুক্ত হন।
এদিকে ২০২৪ সালে ৪ আগস্ট জুলাই আন্দোলনে বিপ্লবদের বাসার সামনে তমিজ মার্কেট ও শহরের মাদাম ব্রিজ এলাকায় ৪ শিক্ষার্থীসহ ১২ জন হত্যার শিকার হন। নিহত অপর ৮ জন যুবলীগ ও ছাত্রলীগের কর্মী ছিলেন। শিক্ষার্থীদের হত্যার ঘটনায় পৃথক দুটি মামলায় বিপ্লবসহ বিপুলসংখ্য আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়। ওই মামলাগুলোর চার্জশিট পুলিশ আদালতে জমা দিয়েছেন বলে জানা গেছে। তবে ৪ আগস্টের পর থেকে বিপ্লবসহ তার দুই ভাই টিপু ও শিবলু সপরিবারে পলাতক রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ