বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০১:৪৭ পি.এম
সরকার সাভারের চামড়া শিল্প নগরীর বন্ধ ও রুগ্ন ট্যানারিগুলো পুনরায় চালু করতে কারিগরি ও আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা পরিবেশগত শর্ত পূরণ সাপেক্ষে কার্যকর হবে। এ উদ্যোগের ফলে উদ্যোক্তাদের মধ্যে নতুন আশার আলো দেখা দিয়েছে। তবে ট্যানারি চালুর পাশাপাশি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) সক্ষমতা বৃদ্ধি, নিজস্ব বর্জ্য শোধন ব্যবস্থা এবং আন্তর্জাতিক পরিবেশগত মান নিশ্চিত করাকে অত্যন্ত জরুরি মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সরকারী সহায়তার কথা উল্লেখ করেন। তিনি জানান, এসএমই খাতের বরাদ্দ ৩০০ কোটি টাকা থেকে বৃদ্ধি করে দুই হাজার কোটি টাকা করা হয়েছে।
মন্ত্রী বলেন, প্রতিটি ট্যানারির আয়তন ৫০ হাজার বর্গফুট হতে হবে এবং সেখানে নিজস্ব ইটিপি প্ল্যান্ট থাকতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক পরিবেশগত ছাড়পত্র নিশ্চিত করতে হবে। এসব শর্ত পূরণ না হলে কোনো ছাড় দেওয়া হবে না।
বিসিক চামড়া শিল্প নগরী থেকে জানা যায়, সাভারে মোট ১৬২টি ট্যানারির জন্য জায়গা বরাদ্দ রয়েছে। এর মধ্যে ১৪৭টি ট্যানারি সম্পূর্ণরূপে চালু রয়েছে, চারটি রুগ্ন অবস্থায় রয়েছে এবং ১১টি সম্পূর্ণ বন্ধ রয়েছে। রুগ্ন ট্যানারিগুলোর মধ্যে রয়েছে ফিনিক্স লেদার কমপ্লেক্স, ভূঁইয়া ট্যানারি, মিল্লাত ট্যানারি ও কমলা ট্যানারি। অন্যদিকে উৎপাদন শুরু করতে না পারা ১১টি ট্যানারির মধ্যে নবীপুর ট্যানারি, দি আর্থ ইন্টারন্যাশনাল ট্যানারি, চৌধুরী লেদার অ্যান্ড কোং, করিম লেদারস, করিম লেদার ইউনিট-২, হোসেন ব্রাদার্স, রানা লেদার ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট ট্যানারিজ, হেলেনা এন্টারপ্রাইজ, জামিলা ট্যানারি ও ভিক্টরি জিলাটিন প্রোডাক্টস অন্তর্ভুক্ত রয়েছে।
তবে শিল্পটির পুনরুদ্ধারে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা। সিইটিপি নির্মাণের সময় দৈনিক ২৫ হাজার ঘনমিটার বর্জ্য শোধনের সক্ষমতা নির্ধারণ করা হলেও বর্তমানে কার্যকর সক্ষমতা ১৪ হাজার থেকে ১৮ হাজার ঘনমিটার। চামড়া প্রক্রিয়াজাতকরণের ভরা মৌসুমে বর্জ্যের পরিমাণ দৈনিক প্রায় ৪০ হাজার ঘনমিটারে পৌঁছায়, ফলে অপরিশোধিত ও আংশিক শোধিত বর্জ্য ধলেশ্বরী নদীসহ আশপাশের পরিবেশে ছড়িয়ে পড়ার ঝুঁকি সৃষ্টি হচ্ছে।
বন্ধ ট্যানারিগুলো পুনরায় চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দি আর্থ ইন্টারন্যাশনাল ট্যানারির স্বত্বাধিকারী মো. বিপ্লব সরকার। তিনি বাসসকে বলেন, "সরকারের সিদ্ধান্তে দীর্ঘদিন বন্ধ থাকা ট্যানারির মালিকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।" তবে তিনি দূষণ নিয়ন্ত্রণে নিজস্ব ইটিপি স্থাপন, সিইটিপি কার্যকর করা এবং বিদেশ থেকে কাঁচা চামড়া আমদানি বন্ধে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সিইটিপির ব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ জানান, ট্যানারিগুলো হাইকোর্টের চারটি নির্দেশনা মেনে প্রি-ট্রিটমেন্ট করলে দৈনিক সর্বোচ্চ ১৮ হাজার ঘনমিটার বর্জ্য শোধন সম্ভব। পরিবেশ সংরক্ষণ বিধিমালা-২০২৩ অনুযায়ী, প্রতি টন কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণে সর্বোচ্চ ৩০ ঘনমিটার পানি ব্যবহার করা যাবে। এই সীমা মেনেও দৈনিক প্রায় ৪০ হাজার ঘনমিটার বর্জ্য শোধনের প্রয়োজন হতে পারে। সেজন্য সিইটিপির সংস্কার, আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।
বিসিকের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. মেহরাজুল মাঈয়ান জানান, চলতি বছরের ৬ জুলাই পর্যন্ত শিল্প নগরীতে ২৮ লাখ ৮৯ হাজার ৪৮৬টি চামড়া প্রক্রিয়াজাতকরণের জন্য আনা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মন্তব্য করেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ডের পরিবর্তে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পলাতক আওয়ামী লীগ নেতাদের স্থলবন্দর পরিদর্শন সম্পর্কে আন্দালিব রহমান পার্থ উল্লেখ করেন, তারা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার জন্য ভারতের সীমান্ত পরিদর্শন করছেন।
তিনি বলেন, "ভারতে বসে শেখ হাসিনা কী বললেন বা বললেন না, সেটি দেশটির সঙ্গে বিশাল আলোচনার বিষয়।"
মন্ত্রী আরও জানান, বিজেপি সরকার ভারতের অভ্যন্তরীণ রাজনীতির জন্য বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচারের মতো মিথ্যা প্রচারণা চালিয়ে শেখ হাসিনার গুরুত্ব বাড়ানোর চেষ্টা করছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতিতে প্রাসঙ্গিকতা বজায় রাখতে চায়। তিনি বলেন, "দেশ এগিয়ে যাচ্ছে, এটি আওয়ামী লীগ সহ্য করতে পারছে না।"
তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেনি, বরং তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, ভারতের হরিবল ও মিজারেবল পররাষ্ট্র নীতি রয়েছে। প্রতিবেশী দেশ নেপাল, ভুটান, শ্রীলঙ্কার সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হয়ে গেছে এবং বাংলাদেশের সঙ্গেও তা শুরু হয়েছে।
এদিকে, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী মন্তব্য করেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার কথাকে এত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই, তাকে প্রত্যার্পণ চুক্তির মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে পাল্টা আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে ইরান-সমর্থিত ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো, যদি ইরানের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালায়। এ তথ্য স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের উদ্ধৃতি দিয়ে ইরাকি সংবাদপত্র আল-মাদা জানায়, সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ পশ্চিম ইরাকে সামরিক সরঞ্জাম স্থানান্তর করেছে এবং নতুন অবস্থান তৈরি করেছে। একইসাথে সেখানে অতিরিক্ত যোদ্ধা মোতায়েন করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, এলাকায় ইরানি ও হুথি উপদেষ্টারাও উপস্থিত রয়েছেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে মার্কিন বাহিনীর ওপর হামলার দায় স্বীকার করেছে ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো, যার মধ্যে কাতাইব হিজবুল্লাহ অন্যতম।
এদিকে, ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার এবং ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে তার জবাবে কী পদক্ষেপ গ্রহণ করা হবে, সে বিষয়ে গত কয়েক সপ্তাহ ধরে পরিকল্পনা চূড়ান্ত করেছে ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো।
চলতি সপ্তাহের শুরুতে, ইরাকের এক কর্মকর্তা আলজাজিরাকে জানান যে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অভিজাত শাখা কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি ইরাকে পৌঁছেছেন। ওই কর্মকর্তা জানান, তেহরানের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনে সমঝোতার পথ খুঁজতেই তিনি ইরাক সফর করছেন।
সূত্র: আলজাজিরা
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের দরজায় লেখা রয়েছে ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, ধাক্কা দিন’। হাজীগঞ্জের ইউএনও মো. ইবনে আল জায়েদ হোসেন সাধারণ মানুষের ভয়, সংকোচ ও দ্বিধা দূর করতে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন।
সরেজমিনে দেখা গেছে, সেবাগ্রহীতারা কোনো পূর্বানুমতি ছাড়াই সরাসরি ইউএনওর সঙ্গে সাক্ষাৎ করছেন। প্রতিদিন বিভিন্ন সমস্যার সমাধান ও সেবা পাওয়ার আশায় আসা মানুষের পদচারণায় মুখরিত থাকে তাঁর কার্যালয়। ইউএনও ধৈর্য সহকারে সবার কথা শুনছেন এবং সাধ্যমতো সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ইউএনও কার্যালয়ে গিয়ে দেখা যায়, বিলাতী বেগম নামের সত্তরোর্ধ্ব এক নারী ইউএনওর সঙ্গে কথা বলছেন এবং তিনি মনোযোগ দিয়ে ওই নারীর সমস্যার কথা শুনছেন। ভূমিসংক্রান্ত বিরোধ, জন্মনিবন্ধন ও বিভিন্ন সরকারি ভাতাসংক্রান্ত সমস্যাসহ নানা প্রয়োজনে আসা সাধারণ মানুষের ব্যাপক চাপ সামলাতে হচ্ছে তাঁকে।
গত ১৫ সেপ্টেম্বর থেকে ইউএনও এই ব্যবস্থা চালু করেছেন। আনুষ্ঠানিকতা ছাড়াই সরকারি সেবা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে জনবান্ধব প্রশাসনের এ দৃষ্টান্ত স্থাপন করায় তিনি প্রশংসিত হচ্ছেন। সেবাগ্রহীতাদের প্রত্যাশা, দেশের অন্যান্য সরকারি দপ্তরেও যাতে সাধারণ মানুষ কোনো সংকোচ ছাড়াই সেবা নিতে পারেন, এমন ব্যবস্থা চালু হোক।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, "প্রতিদিন প্রায় শতাধিক মানুষ নানা বিষয় নিয়ে আমার দপ্তরে আসেন। দাপ্তরিক কাজের ফাঁকে তাঁদের সেবা দেওয়ার চেষ্টা করি। এতে কাজে কিছুটা চাপ তৈরি হলেও দিন শেষে মানসিক তৃপ্তি পাই। তবে আমার পরে যিনি ইউএনও হিসেবে আসবেন, তিনি এ বিষয়টিকে কীভাবে নেবেন, তা নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্ল্যাক ফ্রাইডে, বছরের অন্যতম বৃহৎ কেনাকাটার আয়োজন, ক্রেতাদের জন্য বিশেষ ছাড়ের সুযোগ তৈরি করে। এই সময়, অনলাইন ও অফলাইন দোকানে ক্রেতাদের ভিড় বৃদ্ধি পায়। তবে, এই ব্যস্ত কেনাকাটার মৌসুম খুচরা বিক্রেতাদের জন্য নতুন সাইবার নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করছে। বিশেষ করে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সহায়তায় সাইবার হামলা দ্রুত এবং শক্তিশালী হয়ে উঠছে। অথচ, অনেক ছোট ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানের সাইবার বীমা নেই।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ব্ল্যাক ফ্রাইডের প্রেক্ষাপটে খুচরা বিক্রেতারা ক্রমবর্ধমান সাইবার হামলার ঝুঁকির মধ্যে রয়েছেন। এআই প্রযুক্তির কারণে হামলাগুলো আরও দ্রুত এবং জটিল হয়ে উঠছে। অন্যদিকে, এ খাতের অনেক প্রতিষ্ঠানের সাইবার বিমা সুরক্ষা সীমিত।
বিমা প্রতিষ্ঠান সিএফসির দাবি ও পরিসংখ্যান অনুযায়ী, খুচরা বিক্রেতা, অবকাশ এবং আতিথেয়তা খাতে নভেম্বরে র্যানসমওয়্যার হামলার ঘটনা মাসিক গড়ের তুলনায় ৫০ শতাংশ বেশি ঘটে। র্যানসমওয়্যার হলো একটি ক্ষতিকর সফটওয়্যার, যা সাইবার অপরাধীরা প্রতিষ্ঠানের তথ্য বা কম্পিউটার ব্যবস্থা আটকে মুক্তিপণ দাবি করে।
সিএফসির তথ্য অনুযায়ী, ছোট ও মাঝারি আকারের খুচরা বিক্রেতাদের মাত্র ৪৩ শতাংশের সাইবার বিমা রয়েছে। বিপরীতে, আর্থিক সেবা খাতের ৮১ শতাংশ এবং প্রযুক্তি খাতের ৭১ শতাংশ প্রতিষ্ঠানের এ ধরনের বিমা রয়েছে।
সিএফসির বৈশ্বিক সাইবার উন্নয়ন বিভাগের প্রধান লিন্ডসে মাহের বলেন, ক্রেতাদের চাপ সামলাতে খুচরা বিক্রেতারা কয়েক মাস ধরে নিজেদের ওয়েবসাইট, পণ্যের মজুত ও সরবরাহব্যবস্থা প্রস্তুত করেন। তবে, ব্ল্যাক ফ্রাইডেকে শুধুমাত্র বিক্রির সুযোগ হিসেবে নয়, নিজেদের সাইবার নিরাপত্তা এবং সংকট মোকাবিলার সক্ষমতা যাচাইয়ের সময় হিসেবেও দেখা উচিত।
ব্ল্যাক ফ্রাইডে ও সাইবার মানডে খুচরা বিক্রেতাদের জন্য বছরের ব্যস্ততম সময়গুলোর মধ্যে পড়ে। এই সময়ে ক্রেতারা ছাড়ের খোঁজে বিভিন্ন অনলাইন ও অফলাইন প্ল্যাটফর্মে কেনাকাটা করেন। ফলে, বিক্রির পাশাপাশি প্রযুক্তিনির্ভর কার্যক্রমের ওপরও চাপ বাড়ে।
যুক্তরাজ্যের ক্রেতারা এবারের ব্ল্যাক ফ্রাইডেতে জনপ্রতি গড়ে ২৩৫ পাউন্ড ব্যয় করতে পারেন। পরামর্শক প্রতিষ্ঠান পিডব্লিউসির গবেষণা অনুযায়ী, দেশটিতে এ বছরের ব্ল্যাক ফ্রাইডের মোট ব্যয় ২০২২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।
বিমা ও ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান আয়নের ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের সাইবার এবং আর্থিক পৃষ্ঠপোষকতা বিভাগের প্রধান ডেভিড মোলনি বলেন, খুচরা বিক্রেতারা সাধারণত শুধু একটি সপ্তাহান্তের জন্য বাড়তি সাইবার বিমা কেনেন না। বরং, নিজেদের নিরাপত্তাব্যবস্থা পরীক্ষা ও শক্তিশালী করার দিকে মনোযোগ দেন। বছরের এই সময়ে বিক্রি অনেকাংশে প্রযুক্তির ওপর নির্ভরশীল হওয়ায় বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ব্যস্ত বিক্রির মৌসুমে কোনো সাইবার হামলার কারণে ব্যবসা পরিচালনা বন্ধ হয়ে গেলে তা দ্রুত বড় ধরনের আর্থিক ক্ষতিতে পরিণত হতে পারে।
প্রতিবেদনে ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রেতা টার্গেটের সাইবার হামলার ঘটনাও উল্লেখ করা হয়েছে। ওই বছরের ছুটির মৌসুমে প্রতিষ্ঠানটির তথ্যব্যবস্থা আক্রান্ত হওয়ার ফলে অন্তত ৪ কোটি ক্রেডিট কার্ডের তথ্য ঝুঁকিতে পড়ে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মোট ব্যয় দাঁড়ায় ২০ কোটি ২০ লাখ ডলার।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান বেইজলির আন্তর্জাতিক সাইবার ঝুঁকি বিভাগের প্রধান সিডনি উইলিয়ামস বলেন, জটিল সরবরাহব্যবস্থা, বিপুল পরিমাণ ক্রেডিট কার্ডের তথ্য এবং ব্যস্ত কেনাকাটার মৌসুম—সব মিলিয়ে খুচরা বিক্রেতারা সাইবার হামলা ও ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হওয়ার বড় ঝুঁকিতে থাকেন। এআই একদিকে হামলার ঝুঁকি বাড়াচ্ছে, অন্যদিকে প্রতিরক্ষাব্যবস্থার উন্নতিতেও ভূমিকা রাখছে।
বেইজলি সিকিউরিটির প্রধান পণ্য ও প্রযুক্তি কর্মকর্তা ফ্রান্সিসকো দোনোসো বলেন, এআইয়ের কারণে সাইবার হামলার গতি বেড়েছে। পাশাপাশি, এক বছর আগের তুলনায় শনাক্ত হওয়া নিরাপত্তা দুর্বলতার সংখ্যা প্রায় ছয় গুণ বেড়েছে। ফলে, প্রতিষ্ঠানগুলোর পক্ষে এসব ঝুঁকির সঙ্গে তাল মিলিয়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা কঠিন হয়ে পড়ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ