১২:০৫ পি.এম
দেশে ডিমের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এর ফলে বাজারে সরবরাহও বেড়েছে। রাজধানীর পাইকারি ডিম ব্যবসায়ীরা জানিয়েছেন, চাহিদার তুলনায় প্রতিদিন বাজারে বেশি ডিম আসছে। তবে দুই মাস আগে যে চাহিদা ছিল, বর্তমানে সেটিতে বড় ধরনের ভাটা পড়েছে। আগে যেখানে আড়ত থেকে প্রতিদিন ৩০ হাজার ডিম বিক্রি হতো, সেখানে এখন বিক্রি কমে অন্তত পাঁচ হাজারে দাঁড়িয়েছে। চাহিদা কমেছে কিন্তু সরবরাহ বেড়েছে। এই কারণে ডিমের দাম কমে গেছে। দুই মাসের ব্যবধানে ডিমপ্রতি দাম দেড় টাকার বেশি কমেছে। ফলে উৎপাদন পর্যায়েই খামারিরা লোকসানের সম্মুখীন হচ্ছেন।
প্রাণিসম্পদ অধিদপ্তর, পোলট্রি শিল্প মালিক সমিতি, খামারি এবং ডিমের পাইকারি বিক্রেতাদের সঙ্গে আলোচনা করে এই তথ্য পাওয়া গেছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিন দেশে গড় ডিমের উৎপাদন ছয় কোটি ৮৮ লাখ পিস। এর বিপরীতে চাহিদা পাঁচ কোটি আট লাখ পিস। এ হিসাবে প্রতিদিন উদ্বৃত্ত থাকে এক কোটি ৮০ লাখ পিস ডিম।
নাম প্রকাশে অনিচ্ছুক অধিদপ্তরের এক পদস্থ কর্মকর্তা জানিয়েছেন, ঢাকায় প্রতিদিন গড়ে দেড় কোটি পিস ডিম কেনাবেচা হয়। এর মধ্যে তেজগাঁওয়ের পাইকাররাই বিক্রি করেন কমপক্ষে ২০ লাখ ডিম। অন্যন্য বাজারে বাকি এক কোটি ৩০ লাখ ডিম বিক্রি হয়।
আরও পড়ুন: পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ, ১ ডিসেম্বর থেকে কার্যকর
তেজগাঁওয়ের ডিম ব্যবসায়ীদের সংগঠন এগ ট্রেডার্স মাল্টিপারপাস সমিতির নেতা আমানত উল্লাহ বলেছেন, গত অক্টোবর মাস থেকেই ডিমের দামে পতন শুরু হয়েছে। কিন্তু সরবরাহও ওই সময় থেকেই বাড়তে শুরু করেছে। তিনি বলেন, ‘দাম নির্ভর করে সরবরাহ ও চাহিদার ওপর। শীতের আগাম শাকসবজি বাজারে উঠতে উঠতে ডিমের দাম পড়ে গেছে। এ ব্যবসায় কোনো ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠান দাম কমাতে কিংবা বাড়াতে পারে না।’
রাজধানীর বিভিন্ন বাজারের ডিম ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক মাসের ব্যবধানে ডিমের দাম ডজনপ্রতি ১৫-২০ টাকা পর্যন্ত কমেছে। শীতের শুরুতেই ডিমের বাজারে এমন দরপতনে ভোক্তারা খুশি হলেও উদ্বেগ বাড়ছে খামারিদের মধ্যে। উৎপাদন ব্যয় বৃদ্ধি পেলেও বিক্রয়মূল্য কমে যাওয়ায় অনেক খামারি লোকসানের আশঙ্কা প্রকাশ করছেন।
কারওয়ান বাজারের ডিম বিক্রেতা পলাশ জানিয়েছেন, এক মাস আগে প্রতিদিন সাত থেকে আট হাজার ডিম বিক্রি করলেও বর্তমানে তিন থেকে চার হাজার ডিম বিক্রি করাই কঠিন হয়ে পড়েছে। দাম কমার পরও নিম্নআয়ের মানুষের ক্রয়ক্ষমতা কম থাকায় বিক্রি বাড়ছে না।
রংপুরের রাবেয়া পোলট্রি খামারের স্বত্বাধিকারী আমিনুর রহমান জানিয়েছেন, বর্তমানে তার খামারে সাড়ে সাত হাজার মুরগি আছে। প্রতিটি ডিমের উৎপাদন খরচ প্রায় ১০ টাকা হলেও খামার থেকে ৯ টাকার বেশি দামে বিক্রি করা যাচ্ছে না। ফলে প্রতি হাজারে তাকে এক হাজার টাকা করে লোকসান গুনতে হচ্ছে। ডিমের দাম আরো কমতে পারে। ফলে আরো কয়েক মাস লোকসানের বোঝা বইতে হবে।
আরও পড়ুন: ছয় মিউচুয়াল ফান্ডের অপসারণের সিদ্ধান্ত বহাল রাখল বিএসইসি
নাজিরপুরের খামারি রবিউল ইসলাম খান জানিয়েছেন, শীতের আগাম সবজি বাজারে আসার আগে প্রতিটি ডিম ১১ টাকা ৮০ পয়সা দরে বিক্রি করলেও গত তিন সপ্তাহে দাম কমে প্রায় ৯ টাকায় নেমেছে। শীতের সবজির সরবরাহ বাড়লে ডিমের দাম আরো কমতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
ত্রিশাল উপজেলার খামারি আব্দুর রহিম জানিয়েছেন, তার খামারে বর্তমানে পাঁচ হাজার লেয়ার মুরগি আছে। এক মাসের ব্যবধানে প্রতিটি ডিমের দাম দুই টাকার বেশি কমেছে। শীতের অনুকূল আবহাওয়ায় ডিম উৎপাদন বেড়েছে, তবে বাজারে সবজির সহজলভ্যতা ডিমের চাহিদা কমিয়ে দিচ্ছে। তার মতে, একটি ডিমের দামে কেনা সবজি দিয়ে ছোট পরিবারের এক বেলার তরকারি হয়ে যায়। ফলে নিম্নআয়ের মানুষ ডিমের পরিবর্তে সবজি কিনছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন