ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের ১৩৫তম আবির্ভাব উপলক্ষে পাঁচ দিনের ধর্মীয় উৎসব শুরু


কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের ১৩৫তম আবির্ভাব উপলক্ষে পাঁচ দিনের ধর্মীয় উৎসব শুরু

পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে পাঁচ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) থেকে উপজেলার শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে এ উৎসবের কার্যক্রম শুরু হয়। মূল ধর্মীয় অনুষ্ঠান আগামী ২৯ নভেম্বর রোববার পর্যন্ত চলবে।

উৎসবের অংশ হিসেবে ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ভক্ত, পুণ্যার্থী ও সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করছেন। ভারত ও নেপালসহ অন্যান্য স্থান থেকে ভক্তদের সমাগম ঘটছে।

বুধবার সকালে শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী মহারাজ আনুষ্ঠানিকভাবে সঙ্ঘের পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের সূচনা করেন। এর পর একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় আশ্রম প্রাঙ্গণে এসে শেষ হয়।

আরও পড়ুন: মাওলানা আব্দুল গনী রহ.-এর জীবন ও কৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন

অনুষ্ঠানের শুরুতে অনলাইনে যুক্ত হয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর উৎসবের উদ্বোধন করেন এবং উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান।

শোভাযাত্রা ও অনুষ্ঠানে পিরোজপুর জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী, অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন তালুকদার, মো. রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাকিব তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আশ্রম কমিটির নেতাদের মধ্যে নির্বাহী সভাপতি পরিমল কর্মকার, নির্বাহী সহসভাপতি শংকর দেবনাথ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডল, সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট কমল দত্ত, সাংগঠনিক সম্পাদক ভক্ত স্বর্ণকার ও কেন্দ্রীয় কমিটির কর্মী প্রধান রতন লাল করসহ অন্যান্য কর্মকর্তাগণ, ভক্ত ও পুণ্যার্থীরা উপস্থিত ছিলেন।

উৎসব উপলক্ষে আশ্রম-সংলগ্ন মাঠে মাসব্যাপী গ্রামীণ মেলা বসেছে। মেলায় বিভিন্ন ধরনের দোকানপাট, কাঠ ও আসবাবের দোকান, নাগরদোলাসহ শিশু-কিশোরদের বিনোদনের নানা আয়োজন রয়েছে। এতে স্থানীয়দের পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীদের সমাগম ঘটছে।

আরও পড়ুন: উত্তম জীবন-যাপনের জন্য ১০টি গুরুত্বপূর্ণ দোয়া

আশ্রম কর্তৃপক্ষ জানিয়েছে, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (২৫ নভেম্বর) থেকে ১২ অগ্রহায়ণ (২৯ নভেম্বর) পর্যন্ত পাঁচ দিনব্যাপী মূল অনুষ্ঠান চলবে। উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডল।

উৎসবের সার্বিক পরিচালনা ও আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার আহ্বায়ক এবং কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, এসবি ও ডিবি পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন। সাদা পোশাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। সার্বক্ষণিক নজরদারির জন্য ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালু রাখা হয়েছে এবং পুরো অনুষ্ঠানস্থল সিসিটিভি ক্যামেরার আওতায় এনে পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরও পড়ুন: নেক-আমল করেও কেয়ামতের দিনে সবচেয়ে নিঃস্ব হবেন যারা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জের ৭ খুন মামলার আপিল শুনানি সর্বোচ্চ আদালতে শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৪ পি.এম


নারায়ণগঞ্জের ৭ খুন মামলার আপিল শুনানি সর্বোচ্চ আদালতে শুরু

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : দেশের সর্বোচ্চ আদালতে নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানি শুরু হয়েছে, যা বহুল আলোচিত বিষয়।

আজ প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হচ্ছে। রাষ্ট্রপক্ষে শুনানিতে উপস্থিত রয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জের লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলামসহ পাঁচজন। অপহরণের ঘটনাটি দেখে ফেলায় আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালক মো. ইব্রাহিমও অপহৃত হন। তিন দিন পর, ৩০ এপ্রিল, শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে ছয়টি লাশ, এবং পরদিন পাওয়া যায় আরেকটি লাশ। হত্যার শিকার ব্যক্তিদের মধ্যে নজরুল, চন্দন ও ইব্রাহিম ছাড়াও রয়েছেন নজরুলের বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন ও গাড়িচালক জাহাঙ্গীর আলম।

২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত সাত খুনের মামলায় র‌্যাব-১১-এর সাবেক তিন কর্মকর্তা (অব্যাহতিপ্রাপ্ত) লে. কর্নেল তারেক সাঈদ, মেজর আরিফ হোসেন, কমান্ডার এম এম রানা, এবং বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড প্রদান করেন।

এই রায়ের বিরুদ্ধে দণ্ডিত ব্যক্তিরা হাইকোর্টে আপিল করেন। পরবর্তী সময়ে হাইকোর্ট ১৫ আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে এবং অপর ১১ আসামির দণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ পাওয়া ৯ আসামির দণ্ডও বহাল থাকে। পরবর্তীতে দণ্ডিত আসামিরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাখাওয়াত হোসেন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৬ পি.এম


বগুড়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাখাওয়াত হোসেন নিহত

বগুড়ার দুপচাঁচিয়ায় একটি বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষের ফলে সাখাওয়াত হোসেন (৫০) নামের একজন ব্যক্তি নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় অটোরিকশাচালক খলিল সরদারও গুরুতর আহত অবস্থায় রয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের মাঠেরপুকুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত সাখাওয়াত হোসেন ছিলেন দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের পোড়াপাড়া এলাকার মৃত তনির শাহের পুত্র।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজলিমুর রহমান জানিয়েছেন, সকালে সাখাওয়াত দুধ বিক্রি করে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। মাঠেরপুকুর এলাকায় আক্কেলপুর থেকে বগুড়াগামী একটি বাসের সঙ্গে তাঁর অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষের ফলে সাখাওয়াত ও অটোরিকশাচালক খলিল সরদার গুরুতর আহত হন।

স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাখাওয়াতকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত খলিল সরদারকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্রীকে পছন্দের পোশাক পরার প্রস্তাব, গোপন চ্যাটে মিলল শিক্ষকের আসল রূপ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৬ পি.এম


ছাত্রীকে পছন্দের পোশাক পরার প্রস্তাব, গোপন চ্যাটে মিলল শিক্ষকের আসল রূপ

ভারতের মধ্যপ্রদেশে এক সরকারি স্কুলশিক্ষককে ছাত্রীকে হোয়াটসঅ্যাপে একের পর এক আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযুক্ত শিক্ষক নরেন্দ্র কুশওয়াহা নামের এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি ছাত্রীকে বিভিন্ন অশালীন বার্তা পাঠানোর পাশাপাশি ঘুরতে যাওয়ার প্রস্তাবও দিয়েছিলেন।

দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীর অভিযোগ, শিক্ষক তাকে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেওয়ার পাশাপাশি নিজের পছন্দমতো পোশাক পরতে বলেন। এনডিটিভির হাতে আসা হোয়াটসঅ্যাপ বার্তায় দেখা যায়, শিক্ষক লিখেছেন, ‘বিকেল ৫টায় কি তুমি ফ্রি আছ? চলো বাইরে ঘুরতে যাই। রাত ৮টার মধ্যে আবার তুমি ফ্রি হয়ে যাবে।’

ছাত্রীর দেওয়া লিখিত অভিযোগে, যা জেলা কালেক্টর, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্কুলের প্রধান শিক্ষকের কাছে জমা দেওয়া হয়েছে, তিনি জানান, গত ১৪ নভেম্বর শিশু দিবসে শিক্ষক নরেন্দ্র কুশওয়াহা তার সঙ্গে সাধারণ কথাবার্তা শুরু করেন। এরপর ১৮ থেকে ২০ নভেম্বরের মধ্যে তাকে একের পর এক আপত্তিকর বার্তা পাঠান বলে অভিযোগ করেন ওই ছাত্রী।

ভুক্তভোগী ওই ছাত্রীর অভিযোগ, শিক্ষক তাকে নিজের পছন্দমতো পোশাক পরতেও বলেছিলেন। একটি বার্তায় তিনি লেখেন, ‘তুমি অন্যদের থেকে আলাদা।’ আরেকটি বার্তায় শিক্ষক লেখেন, ‘আমার খেয়াল রাখতে হবে তোমাকে।’ এছাড়া ওই ছাত্রীকে ‘আমাকে ঘুম পাড়িয়ে দাও’ বলেও বার্তা পাঠান ওই শিক্ষক। পাশাপাশি, তার কোনো কাজে সাহায্য করতে পারবেন কি না, সেটিও জানাতে বলেন।

অভিযোগে আরও বলা হয়েছে, স্কুলের কম্পিউটার ল্যাবে শিক্ষকের একটি ‘গোপন কক্ষ’ রয়েছে। সেখানে পর্দা দিয়ে ল্যাবের একটি অংশ আলাদা করে জায়গাটি তৈরি করা হয়েছিল। অভিযোগ রয়েছে, শিক্ষক ছাত্রীদের সঙ্গে কথা বলার জন্য তাদের ওই জায়গায় নিয়ে যেতেন।

শুধু ওই ছাত্রীই নন, আরও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গেও শিক্ষক একই ধরনের কথাবার্তা বলেছিলেন বলেও জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যাকান্ডের ৬দিন পর মামলা দায়ের, আসামি ৫১ জন

আন্তর্জাতিক ডেস্ক

নড়াইল প্রতিনিধি

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৬ পি.এম


নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যাকান্ডের ৬দিন পর মামলা দায়ের, আসামি ৫১ জন

নড়াইলের বেন্দারচর এলাকায় নিহত কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা ও কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা হত্যাকাণ্ডের ছয়দিন পর মামলা দায়ের হয়েছে। ৫১ জনের নাম উল্লেখসহ মামলায় অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। নিহত জাসাস নেতা সোহেল মোল্যার ভাই জুয়েল রানা বাদী হয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কালিয়া থানায় মামলাটি দায়ের করেন। তবে মামলায় কাদের আসামি করা হয়েছে, তা এখনো প্রকাশ করা হয়নি।  

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। তবে ঘটনার পর দুইজনকে আটক করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গত ১৮ নভেম্বর বিকেলে মোটরসাইকেলযোগে মিছিল বের করেন। মিছিলটি কালিয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওইদিন সন্ধ্যায় বেন্দারচর এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অতর্কিত ভাবে এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় শাহিন ও সোহেল মোল্যাকে কুপিয়ে জখম করা হয়। উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তারা মারা যান। #

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%