১০:২৮ এম
সাহাবায়ে কেরামের পর ইসলামের ইতিহাসে সবচেয়ে মর্যাদাপূর্ণ ও গৌরবোজ্জ্বল প্রজন্ম হলো তাবেয়িদের প্রজন্ম। যাঁরা অন্তত একজন সাহাবির সাক্ষাৎ লাভ করেছেন এবং ইমানের ওপর মৃত্যুবরণ করেছেন, তাঁদের ইসলামের পরিভাষায় তাবেয়ি বলা হয়। যদিও তাঁরা মহানবী (সা.)-এর সরাসরি সান্নিধ্য লাভের সৌভাগ্য পাননি, তবুও সাহাবিদের সাহচর্য ও সান্নিধ্যে নিজেদের জীবন গড়ে তুলেছিলেন। সাহাবিদের কাছ থেকে তাঁরা শুধু হাদিস ও সুন্নতের জ্ঞানই অর্জন করেননি; বরং তাঁদের জীবনাচার, তাকওয়া, দুনিয়াবিমুখতা, বিনয় ও চারিত্রিক সৌন্দর্যও গভীরভাবে আত্মস্থ করেছিলেন। মহানবী (সা.) তাঁদের শ্রেষ্ঠত্বের কথা আগেই ঘোষণা করেছেন। তিনি বলেন, ‘সর্বোত্তম মানুষ হলো আমার যুগের মানুষ (সাহাবি), এরপর তাদের পরবর্তী যুগের মানুষ (তাবেয়ি), এরপর তাদের পরবর্তী যুগের মানুষ।’ (সহিহ বুখারি, হাদিস: ৩৬৫১)
জ্ঞান অর্জনে সীমাহীন সাধনা
তাবেয়িদের জীবনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল ইলম অর্জনের প্রতি গভীর অনুরাগ ও অসাধারণ নিষ্ঠা। তাঁদের কাছে রাসুলুল্লাহ (সা.)-এর একটি হাদিস শোনা, সংরক্ষণ করা এবং পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া ছিল অমূল্য সম্পদ অর্জনের মতো। এই কারণে তাঁরা দীর্ঘ পথ পাড়ি দিতে, প্রতিকূল আবহাওয়া সহ্য করতে কিংবা মাসের পর মাস সফরে কাটাতে দ্বিধা করতেন না। মদিনা, মক্কা, কুফা, বসরা ও সিরিয়ার মতো বিভিন্ন অঞ্চলে সাহাবিদের কেন্দ্র করে গড়ে উঠেছিল জ্ঞানের সমৃদ্ধ মজলিশ। তাবেয়িরা এসব মজলিশে উপস্থিত হয়ে সাহাবিদের কাছ থেকে হাদিস, কোরআনের ব্যাখ্যা ও ইসলামের নানা বিধান শিখতেন। মদিনার বিখ্যাত তাবেয়ি সাইদ ইবনুল মুসাইয়িব (রহ.) বলতেন, ‘আমি একটি মাত্র হাদিস সংগ্রহের জন্য দিন-রাত অবিরাম সফর করতাম।’ (ইবনে সাদ, আত-তাবাকাতুল কুবরা, ৫/১২০)
আরও পড়ুন: হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর
দুনিয়ার চাকচিক্য থেকে অনাসক্তি
তাবেয়িদের যুগে ইসলামের বিজয় ও বিস্তারের ফলে মুসলিম সাম্রাজ্য রোম ও পারস্যের বিস্তীর্ণ অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সম্পদ ও ধনসম্পদ মুসলিমদের হাতে আসছিল। সমাজে আর্থিক সচ্ছলতা ও জাগতিক প্রাচুর্য বাড়লেও তাবেয়িদের একটি বড় অংশ দুনিয়ার মোহে নিজেদের হারিয়ে ফেলেননি। বরং তাঁরা সম্পদের মালিক হয়েও অন্তরে দুনিয়াবিমুখতা, অল্পে তুষ্টি ও আখিরাতের চিন্তাকে প্রাধান্য দিতেন। তাবেয়ি হাসান বসরি (রহ.) তাঁদের পূর্ববর্তী প্রজন্মের জীবনযাপনের চিত্র তুলে ধরে বলেছিলেন, ‘আমি বদর যুদ্ধে অংশগ্রহণকারী ৭০ জন সাহাবির সাক্ষাৎ পেয়েছি। তোমরা যদি তাঁদের দেখতে, তবে তাঁদের পাগল মনে করতে। আর তাঁরা যদি তোমাদের দুনিয়াপ্রীতি দেখতেন, তবে বলতেন—এদের পরকালে কোনো অংশ নেই।’ (আল-ইসফাহানি, হিলয়াতুল আওলিয়া ওয়া তাবাকাতুল আসফিয়া, ২/১৩৪)
ইবাদতে গভীর একাগ্রতা
তাবেয়িদের ইবাদত-বন্দেগি ছিল তাঁদের জীবনের অন্যতম উজ্জ্বল দিক। দিনের ব্যস্ততা ও জীবিকার প্রয়োজনে তাঁরা কর্মমুখর জীবন কাটালেও রাতের নির্জনতায় আল্লাহর ইবাদতে নিমগ্ন হতেন। নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির ও দোয়ায় তাঁদের রাতের বড় একটি অংশ অতিবাহিত হতো। আল্লাহর ভয় ও আখিরাতের জবাবদিহির চিন্তা তাঁদের হৃদয়কে সব সময় আচ্ছন্ন করে রাখত। তাবেয়ি উরওয়া ইবনে জুবায়ের (রহ.)-এর জীবনের একটি ঘটনা তাঁদের ইবাদতের গভীর একাগ্রতার অসাধারণ দৃষ্টান্ত।
আরও পড়ুন: ইবি প্রোভিসির প্রশ্ন, ধর্মতত্ত্ব অনুষদে এত শিক্ষক থাকা সত্ত্বেও কেন কোরআনিক মিউজিয়াম নেই?
একবার তাঁর পায়ে মারাত্মক রোগ দেখা দেয়। একপর্যায়ে পায়ে পচন ধরলে চিকিৎসকেরা তা কেটে ফেলার সিদ্ধান্ত নেন। কিন্তু অস্ত্রোপচারের সময় অজ্ঞান করার ওষুধ গ্রহণ করতে তিনি রাজি হননি। বরং বলেছিলেন, ‘আমি যখন নামাজে দাঁড়াব, তখন তোমরা আমার পা কেটে ফেলো। আমি টেরও পাব না।’ তাঁর কথামতো নামাজে দাঁড়ানো অবস্থায় চিকিৎসকেরা তাঁর আক্রান্ত পা কেটে ফেলেন। নামাজে আল্লাহর প্রতি গভীর মনোযোগের কারণে তিনি অস্ত্রোপচারের যন্ত্রণা অনুভব করেননি বলে বর্ণিত হয়েছে। (জাহাবি, সিয়ারু আলামিন নুবালা, ৪/৪৩০)
হালাল উপার্জনে আপসহীন সততা
তাবেয়িরা ইবাদত ও জ্ঞানচর্চায় নিবেদিতপ্রাণ হলেও তাঁরা কর্মবিমুখ ছিলেন না। জীবিকা অর্জন, ব্যবসা-বাণিজ্য ও সামাজিক দায়িত্ব পালনে তাঁরা ছিলেন সক্রিয়। তবে তাঁদের কাছে উপার্জনের পরিমাণের চেয়ে উপার্জনের পবিত্রতা ও বৈধতা ছিল বেশি গুরুত্বপূর্ণ। হারাম ও সন্দেহযুক্ত উপার্জন থেকে বেঁচে থাকার ব্যাপারে তাঁরা ছিলেন অত্যন্ত সতর্ক।
তাবেয়ি মুহাম্মদ ইবনে সিরিন (রহ.) ছিলেন একজন সফল ব্যবসায়ী। তিনি কাপড় ও তেলের ব্যবসা করতেন। একবার তিনি ৪০ হাজার দিরহাম মূল্যের তেল বাকিতে ক্রয় করেন। পরে তেলের পাত্রগুলোর একটিতে একটি মৃত ইঁদুর পাওয়া যায়। এতে তাঁর মনে সন্দেহ সৃষ্টি হয় যে, হয়তো তেল মাড়াইয়ের কারখানায় ইঁদুরটি পড়েছিল এবং এর ফলে পুরো তেলই অপবিত্র হয়ে থাকতে পারে। অন্যের কাছে সন্দেহযুক্ত পণ্য বিক্রি করে তাদের ক্ষতির মুখে ফেলতে চাননি তিনি। তাই সব তেল ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেন। এতে তাঁকে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। একপর্যায়ে ঋণগ্রস্ত হয়ে কারাবরণও করতে হয়েছিল। কিন্তু এত বড় ক্ষতির আশঙ্কা ও বাস্তবতার পরও তিনি সততার নীতি থেকে সরে আসেননি। (আল-ইসফাহানি, হিলয়াতুল আওলিয়া ওয়া তাবাকাতুল আসফিয়া, ২/২৬৪)
আরও পড়ুন: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি প্রকাশিত
হালাল উপার্জনের ব্যাপারে তাঁদের এই সতর্কতার পেছনে ছিল রাসুলুল্লাহ (সা.)-এর কঠোর সতর্কবাণীর প্রতি গভীর বিশ্বাস। তিনি বলেছেন, ‘যে শরীর হারাম খাদ্য দ্বারা পুষ্ট হয়েছে, জাহান্নামের আগুনই তার জন্য বেশি উপযোগী।’ (সুনানে তিরমিজি, হাদিস: ৬১৪)
মতভেদেও পারস্পরিক শ্রদ্ধা ও বিনয়
তাবেয়ি ও তাঁদের পরবর্তী যুগের আলেমদের অন্যতম অনন্য বৈশিষ্ট্য ছিল মতপার্থক্য সত্ত্বেও পরস্পরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বজায় রাখা। জ্ঞান ও ফিকহের বিভিন্ন বিষয়ে তাঁদের মধ্যে মতভেদ থাকলেও তা কখনো ব্যক্তিগত বিদ্বেষ, অহংকার কিংবা অসম্মানের কারণ হয়ে দাঁড়াত না। তাঁরা সাহাবিদের যথাযথ মর্যাদা দিতেন এবং তাঁদের সামনে নিজেদের বিনয়ী রাখতেন। তাবেয়ি আমির আশ-শাবি (রহ.)-এর ব্যাপারে বর্ণিত আছে, তিনি সাহাবি জারির ইবনে আবদুল্লাহ (রা.)-এর প্রতি সম্মান প্রদর্শন করে তাঁর বাহনের পাদানি ধরে রেখেছিলেন। অন্যদিকে, তাবেয়ি মাসরুক (রহ.) আয়েশা (রা.)-এর কাছ থেকে হাদিস বর্ণনা করার সময় তাঁকে অত্যন্ত সম্মানসূচক ভাষায় স্মরণ করতেন। তিনি বলতেন, ‘আমাকে হাদিস বর্ণনা করেছেন সিদ্দিকা বিনতুস সিদ্দিক, যাঁর পবিত্রতার ঘোষণা আল্লাহ দিয়েছেন এবং যিনি আল্লাহর প্রিয়ভাজন।’ (জাহাবি, সিয়ারু আলামিন নুবালা, ২য় খণ্ড)
পরবর্তী সময়ে ফিকহি মতপার্থক্য থাকা সত্ত্বেও বড় আলেমদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধার যে দৃষ্টান্ত দেখা যায়, তা-ও এই ঐতিহ্যেরই ধারাবাহিকতা। যেমন, ইমাম আবু হানিফা (রহ.) ও ইমাম আওজায়ি (রহ.)-এর মধ্যে নামাজে রফউল ইয়াদাইনসহ বিভিন্ন ফিকহি বিষয়ে মতপার্থক্য ছিল। একবার মক্কায় তাঁদের মধ্যে এসব বিষয়ে আলোচনা ও বিতর্ক হয়। কিন্তু মতপার্থক্য তাঁদের পারস্পরিক শ্রদ্ধাবোধে কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি।
আরও পড়ুন: পটিয়া মাদরাসার ৮৭তম মহাসম্মেলন শুরু হচ্ছে আগামীকাল
বিতর্কের পর ইমাম আওজায়ি (রহ.) ইমাম আবু হানিফা (রহ.)-এর জ্ঞান ও প্রজ্ঞায় মুগ্ধ হন। তাঁর সম্পর্কে আগে যে ধারণা পেয়েছিলেন, বাস্তবে তাঁর সঙ্গে সাক্ষাতের পর তা বদলে যায়। ইমাম আবু হানিফার ইন্তেকালের পর তিনি গভীর শোক প্রকাশ করে বলেন, ‘আজ ইলমের একটি বিরাট স্তম্ভ ধ্বংস হয়ে গেল।’ (ইবনে আবদিল বার, জামিউ বায়ানিল ইলম ওয়া ফাদলিহি, ২/১০৭৯)
আজকের মুসলিম সমাজ যদি তাবেয়িদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করে জ্ঞানচর্চা, ইবাদত, সততা, আত্মসংযম ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে জীবনের অবিচ্ছেদ্য অংশ করে নিতে পারে, তবে ব্যক্তি ও সমাজজীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তাঁদের জীবন তাই শুধু অতীতের স্মৃতিচারণ নয়; বরং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য আলোর দিশা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন