ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সাদুল্লাপুরে ট্রাফিক পুলিশের অভিযানে ৬ মোটরসাইকেল আটক


সাদুল্লাপুরে ট্রাফিক পুলিশের অভিযানে ৬ মোটরসাইকেল আটক

গাইবান্ধার সাদুল্লাপুরে জেলা ট্রাফিক পুলিশ ছয়টি মোটরসাইকেল আটক করেছে, যা ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলা শহরের পাবলিক লাইব্রেরি মোড়ে জেলা পুলিশ সুপারের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করে এই মোটরসাইকেলগুলো আটক করা হয়।

অভিযানের সময় হেলমেট ব্যবহার না করা, বৈধ ড্রাইভিং লাইসেন্সের অভাব এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থতার অভিযোগে মোটরসাইকেলগুলো আটক হয়। এর মধ্যে দুইটি মোটরসাইকেলের চালকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয় এবং প্রত্যেককে তিন হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধ করার পর মোটরসাইকেল দুটি ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে, প্রয়োজনীয় কাগজপত্র না দেখাতে পারায় বাকি চারটি মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট মুহাম্মদ হযরত আলী। এ সময় এটিএসআই রোস্তম আলীসহ অন্যান্য ট্রাফিক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মজুরি নির্ধারণে তিন দফা আলোচনায় ব্যবধান কমেছে

ট্রাফিক পুলিশ জানিয়েছে, সড়ক দুর্ঘটনা কমানো, যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং চালকদের ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করতেই এই অভিযান পরিচালিত হয়েছে। মোটরসাইকেল চালানোর সময় মানসম্মত হেলমেট ব্যবহার, বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার জন্য চালকদের আহ্বান জানানো হয়েছে। ট্রাফিক পুলিশ জানিয়েছে, সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুখালীতে বাসের ধাক্কায় কলেজছাত্র সাইফ আহমেদ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৫ এম


মধুখালীতে বাসের ধাক্কায় কলেজছাত্র সাইফ আহমেদ নিহত

ফরিদপুরের মধুখালীতে বাসের ধাক্কায় মো. সাইফ আহমেদ চন্দন মুন্সী (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার সময় মধুখালী-আরকান্দি সড়কের আরকান্দি ব্রিজের পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত চন্দন মুন্সী মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের আরকান্দি গ্রামের মুন্সি বেনজির আহমেদের পুত্র। তিনি ফরিদপুর কৃষি কলেজের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বাগাট বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন চন্দন। মধুখালী-আরকান্দি ব্রিজের পশ্চিম পাশে পৌঁছানোর পর, তার মোটরসাইকেলের সঙ্গে মাগুরা থেকে ফরিদপুরগামী একটি বাসের সংঘর্ষ ঘটে। এই ঘটনায় তিনি মাথায় গুরুতর আঘাত পান।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মধুখালী থানার ওসি সুকদেব কর্মকার জানিয়েছেন, দুর্ঘটনার পর বাসটি আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিসেম্বরে উদ্বোধন হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৬ এম


ডিসেম্বরে উদ্বোধন হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : চলতি বছরের ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে দেশে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু হতে যাচ্ছে। খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগে এবং কুমিল্লা জেলায় একটি করে ২০০ শয্যার এই হাসপাতালগুলো উদ্বোধন করা হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান এই পাঁচটি হাসপাতালের উদ্বোধন করবেন। নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পরও প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতির অভাবে দীর্ঘদিন ধরে হাসপাতালগুলো অব্যবহৃত ছিল।

এই হাসপাতালগুলোর চালু হলে ঢাকার বাইরের শিশুদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বৃদ্ধি পাবে। সংশ্লিষ্টদের আশা, গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য রাজধানীমুখী নির্ভরতা কমবে।

বরিশাল, রাজশাহী, রংপুর, খুলনা ও কুমিল্লার পাঁচটি শিশু হাসপাতালের জন্য ১ হাজার ৪৪০টি পদ সৃষ্টি করা হয়েছে। পদগুলোর মধ্যে উপপরিচালক পদ ৫টি, সহকারী পরিচালক পদ ৫টি, সিনিয়র কনসালটেন্ট পদ ১০০টি, জুনিয়র কনসালটেন্ট পদ ২০০টি ও আবাসিক চিকিৎসক পদ ১০টি অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া আবাসিক সার্জন পদ ১৫টি, আবাসিক মেডিকেল অফিসার পদ ৫টি, মেডিকেল অফিসার পদ ৩২৫টি, সহকারী ডেন্টাল সার্জন পদ ১০টি, ইর্মাজেন্সি মেডিকেল অফিসার পদ ২০টি ও এনাসথেটিস্ট পদ ২০টি রাখা হয়েছে।

এদিকে হাসপাতালগুলোর কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পাঁচটি প্রতিষ্ঠানে উপপরিচালক পদে কর্মকর্তাদের পদায়ন করেছে। মঙ্গলবার স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে রাজশাহী শিশু হাসপাতালের উপপরিচালক হিসেবে ডা. মো. বেলাল হোসেন, বরিশাল শিশু হাসপাতালে ডা. মো. মজিবর রহমান, রংপুর শিশু হাসপাতালে ডা. মো. মোস্তফা জামান, কুমিল্লা শিশু হাসপাতালে ডা. মো. জহিরুল ইসলাম এবং খুলনা শিশু হাসপাতালে ডা. শওকত আলীকে পদায়ন করা হয়েছে। তাদেরকে ২৯ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রতিটি বিশেষায়িত শিশু হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) সুবিধা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ভবিষ্যতে সম্প্রসারণের সুযোগ রাখা হবে। হাসপাতালগুলোতে বড় পরিসরের আইসিইউ ইউনিটও থাকবে। হাসপাতালগুলোর অবকাঠামো তৈরি করা হয়েছে শয্যাসংখ্যা ও চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর সুযোগ রেখে। এসব হাসপাতালের আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের দরপত্র প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

চলতি বছরের ১০ মে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে জরুরি বৈঠকে দেশের ছয় বিভাগে অব্যবহৃত ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশনা দেন। একইসঙ্গে প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাসপাতালগুলো সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মূলত এরপর থেকেই হাসপাতালগুলো চালুর প্রস্তুতি শুরু হয়।

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার গত ৩১ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, চলতি বছরের শেষ দিকে প্রধানমন্ত্রী পাঁচটি শিশু হাসপাতাল একযোগে উদ্বোধন করবেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য নতুন পদ সৃষ্টির কাজ সম্পন্ন হয়েছে। চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র কেনার প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রী ঢাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালগুলোর উদ্বোধন ঘোষণা করবেন।

জানা গেছে, নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্সরে মেশিন, পোর্টেবল এক্স-রে, মাল্টি প্যারামিটার বা কার্ডিয়াক মনিটর, ফটোথেরাপি মেশিনসহ ২০০ বেডের শিশু হাসপাতাল চালু করতে যেসব যন্ত্রাংশ প্রয়োজন, সেগুলো ইতোমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন ভোটারদের ৫৫% ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের পক্ষে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৬ এম


মার্কিন ভোটারদের ৫৫% ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের পক্ষে

যুক্তরাষ্ট্রের ৫৫ শতাংশ ভোটার ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধের পক্ষে। যদিও যুদ্ধ বন্ধের শর্ত যুক্তরাষ্ট্রের জন্য অনুকূল নয়, তবুও তারা সংঘাতের সমাপ্তি চান। এ তথ্য ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড এবং গবেষণা প্রতিষ্ঠান ইপসোসের পরিচালিত এক জরিপে প্রকাশিত হয়েছে।

জরিপের ফলাফল অনুযায়ী, ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে ৮০ শতাংশ এবং স্বতন্ত্র ভোটারদের ৫৯ শতাংশ যুদ্ধ বন্ধের পক্ষে মত দিয়েছেন। রিপাবলিকানদের মধ্যে এই হার ২৫ শতাংশ। অন্যদিকে, ২১ শতাংশ ভোটার বর্তমান সামরিক কৌশল অব্যাহত রাখার পক্ষে এবং ১৮ শতাংশ যুদ্ধকে আরো জোরদার করার পক্ষে মতামত দিয়েছেন।

ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে প্রশাসনের ওপর চাপ সৃষ্টির উদ্যোগের সমর্থন রয়েছে। তাদের ৫৩ শতাংশ সামরিক অভিযানে কংগ্রেসের অর্থায়ন বন্ধের পক্ষে। এছাড়া, ৫১ শতাংশ আসন্ন বাজেট আলোচনায় ইরান যুদ্ধের বরাদ্দ আটকে দেওয়ার পক্ষে মত দিয়েছেন, এমনকি এতে সরকারের অচলাবস্থা তৈরি হলেও।

জরিপের প্রধান গবেষক শিবলি তেলহামি মন্তব্য করেছেন যে, যুদ্ধের বিরোধিতা এবং যুদ্ধ অবিলম্বে বন্ধের পক্ষে জনমত থাকলেও, যেকোনো শর্তে যুদ্ধ বন্ধে এত ব্যাপক সমর্থন থাকবে, তা তারা আশা করেননি।

মার্কিন ভোটারদের মধ্যে যুদ্ধের যৌক্তিকতা নিয়ে সংশয়ও রয়েছে। মাত্র ২৮ শতাংশ ভোটার মনে করেন, যুদ্ধের ফলে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার দিক থেকে দুর্বল অবস্থানে পড়েছে।

এছাড়া, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ভোটারদের মধ্যে ভিন্ন ধারণা রয়েছে। জরিপে ৩৫ শতাংশ ভোটার মনে করেন, প্রণালিটির নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে। বিপরীতে, মাত্র ১২ দশমিক ৭ শতাংশ ভোটার মনে করেন, নিয়ন্ত্রণ রয়েছে যুক্তরাষ্ট্রের হাতে।

সূত্র: আলজাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আকামা সংকটকে পুঁজি করে সৌদিতে বাংলাদেশিদের জন্য প্রতারণার ফাঁদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৭ এম


আকামা সংকটকে পুঁজি করে সৌদিতে বাংলাদেশিদের জন্য প্রতারণার ফাঁদ

‘আকামা’ (রেসিডেন্সি ও ওয়ার্ক পারমিট) সংকটে থাকা লাখ লাখ প্রবাসী বাংলাদেশি সৌদি আরবে প্রতিনিয়ত দালালদের দ্বারা প্রতারণার শিকার হচ্ছেন। বৈধ কাগজপত্রের অভাব অথবা আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে তারা সেখানে মানবেতর জীবনযাপন করছেন। প্রবাসীদের এই চরম অসহায়ত্ব ও আইনি জটিলতাকে পুঁজি করে সংঘবদ্ধ দালালচক্র সক্রিয় হয়ে উঠেছে। কাজ পাইয়ে দেওয়া, আকামা নবায়ন, কফিল পরিবর্তন কিংবা বৈধতা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তারা প্রবাসীদের কষ্টার্জিত লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।

ফেনীর সোনাগাজী উপজেলার বাসিন্দা সোহেল, একজন প্রতারিত প্রবাসী। জীবিকার সন্ধানে কয়েক বছর আগে সৌদি আরব যান। তাকে বলা হয়েছিল যে তিনি ফ্রি ভিসায় যাচ্ছেন। কিন্তু সেখানে গিয়ে তিনি দেখেন যে কাগজে-কলমে যিনি তার কফিল (নিয়োগকর্তা) ছিলেন, তার হাতে দেওয়ার মতো কোনো কাজ নেই। ফলে স্বাভাবিকভাবে বেতন দেওয়া তো দূরের কথা, উল্টো সোহেলের কাছে প্রতি মাসে ৫০০ রিয়াল দাবি করে বসেন।

পরে বন্ধু-বান্ধবের পরামর্শে সোহেল ‘সাপ্লাইয়ার’ তথা দালালের মাধ্যমে এক চায়নিজ কন্সট্রাকশন কোম্পানিতে রাজমিস্ত্রির কাজ নেন। সেখানে প্রতি ঘণ্টায় মজুরি ১২ রিয়াল। দৈনিক ১৫ ঘণ্টা হাড়ভাঙা পরিশ্রম করলেও হিসাব হয় ১২ ঘণ্টার। এর ৭০ শতাংশ আবার চলে যায় দালালের পকেটে। অবশিষ্টটুকুও সময়মতো পরিশোধ করা হয় না। কয়েক মাস কাজ করার পর তাকে বের করে দেওয়া হয় অনেকটা খালি হাতে। উচ্চবাচ্য করলে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি আসে।

সোহেলের অভিযোগ, চায়নিজ কোম্পানিতে লেবার সাপ্লাইয়ার মানিক হাওলাদার এবং ম্যানেজারের দায়িত্বে থাকা নিরব হাওলাদার ১০ জন বাংলাদেশি ও ১০ জন পাকিস্তানি শ্রমিককে গত মে মাসে কাজে নেন। তারা দৈনিক ১৫ ঘণ্টা কাজ করিয়ে নানা অজুহাত দেখিয়ে খাতায় ১২ ঘণ্টার হিসাব করেন। পাঁচ মাস কাজ করানোর পর ঈদের সময় জনপ্রতি মাত্র ২,০০০ রিয়াল করে পরিশোধ করা হয়। বাকি টাকা ‘দিচ্ছি-দেব’ করে পাঁচ মাস পার করে দেন। পরে বাকি টাকার জন্য চাপ দেওয়া হলে ‘তোমরা তো অবৈধ, বেশি বাড়াবাড়ি করলে পুলিশে ধরিয়ে দেব’ বলে সোহেলসহ ২০ জনকে খালি হাতেই কোম্পানি থেকে বের করে দেন মানিক।

সোহেল জানান, মানিক ও নিরবের বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার মহিশা ইউনিয়নের এক নং ওয়ার্ডে। দীর্ঘদিন ধরে সৌদিতে বসবাসকারী এই চাচা-ভাতিজার সিন্ডিকেট অসহায়ত্বের সুযোগ নিয়ে শত শত প্রবাসীকে ঠকিয়ে চলেছে।

এ বিষয়ে জানতে একাধিক মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও মানিক কিংবা তার ম্যানেজার নিরবের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে এ ধরনের অভিযোগ অহরহ পাওয়া যায় বলে আমার দেশকে জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম।

তিনি বলেন, সৌদি আরবে জনশক্তি রপ্তানি নানা কারণে কমে গেছে। সময়মতো ভিসা নবায়ন না হওয়া এবং অন্যান্য কারণে বর্তমানে লাখ লাখ প্রবাসী আকামাহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। এ সুযোগে মধ্যস্বত্বভোগী একটি মহল নানাভাবে তাদের ঠকিয়ে চলেছে। পুলিশের ভয়ে ভুক্তভোগী প্রবাসীরা এসব নির্যাতনের প্রতিবাদ করার সাহস পান না।

সৌদি আরবে ঠিক কতসংখ্যক বাংলাদেশি প্রবাসী আকামা জটিলতায় রয়েছেন, সে বিষয়ে সরকারিভাবে সর্বশেষ কোনো একক ও সুনির্দিষ্ট তালিকা নেই। তবে সার্বিক চিত্রটি উদ্বেগজনক। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটিতে অবস্থানরত প্রায় ৩০ থেকে ৩৮ লাখ বাংলাদেশির মধ্যে অনানুষ্ঠানিক হিসাবে ১০ থেকে ১২ লাখের শ্রমিকের বৈধ আকামা নেই। তাদের নাম এখন ‘হুরুব’ (পলাতক) তালিকায়। এছাড়া বৈধ কাগজপত্রের অভাব ও অন্যান্য আইনি জটিলতায় বর্তমানে প্রায় সাড়ে সাত হাজার বাংলাদেশি বন্দি সৌদি আরবের বিভিন্ন কারাগারে রয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

ভুক্তভোগী প্রবাসীদের সঙ্গে কথা বলে জানা যায়, এই সংকটের শুরুটা মূলত দেশ থেকেই। একশ্রেণির অসাধু রিক্রুটিং এজেন্সি ও দালাল ‘ফ্রি ভিসার’ প্রলোভন দেখিয়ে কর্মীদের সৌদি আরবে পাঠায়। কিন্তু সেখানে পৌঁছানোর পর প্রবাসীরা বুঝতে পারেন, সৌদি আইনে ফ্রি ভিসা বলে কিছু নেই। নির্দিষ্ট কফিল (নিয়োগকর্তা) কাজ না দেওয়ায় এবং প্রতি বছর মক্তব আমেল ও আকামা নবায়নের বিপুল অর্থ জোগাড় করতে না পেরে তারা অবৈধ হয়ে পড়েন। অনেক কফিল ইচ্ছাকৃতভাবে আকামা নবায়ন না করে কর্মীর বিরুদ্ধে ‘হুরুব’ হওয়ার অভিযোগ দিয়ে দেন, যা প্রবাসীদের রাতারাতি আইনের চোখে অপরাধী বানিয়ে দেয়।

প্রবাসীরা জানান, আকামা না থাকলে সৌদি পুলিশের হাতে গ্রেপ্তার, জেল-জরিমানা এবং শূন্য হাতে দেশে ফেরত পাঠানোর ভয় থাকে। এই আতঙ্ককে কাজে লাগায় প্রবাসী ও স্থানীয় দালালদের একটি চক্র। তারা অসহায় প্রবাসীদের নতুন কফিলের অধীনে ট্রান্সফার (কাফালা) করে দেওয়ার বা হুরুব কাটিয়ে আকামা তৈরি করে দেওয়ার মিথ্যা আশ্বাস দেয়।

তারা বলেন, আকামা ও দালালদের প্রতারণার দ্বিমুখী চাপে প্রবাসীদের জীবন এখন কার্যত অচল। বৈধ কাগজপত্রের অভাবে তারা কোনো প্রতিষ্ঠিত কোম্পানিতে কাজ পাচ্ছেন না।

বাধ্য হয়ে লুকিয়ে কম মজুরিতে ঝুঁকিপূর্ণ কাজ করতে হচ্ছে, যেখানে নিয়োগকর্তারা অনেক সময় বেতনও আটকে রাখেন। স্বাস্থ্যবিমা না থাকায় সরকারি বা বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা থেকেও তারা বঞ্চিত হচ্ছেন। ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে না পারায় বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানোও বন্ধ হয়ে গেছে। এমনকি পরিবারের কারো মৃত্যু বা জরুরি প্রয়োজনেও তারা দেশে ফিরতে পারেন না। দেশে ফিরতে হলে জরিমানা ও এক্সিট ভিসার দীর্ঘ আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হয়।

এদিকে, সমস্যাগ্রস্ত প্রবাসীদের সঙ্গে প্রতারণা প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলতে অপারগতা জানিয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমার দেশকে বলেন,

দীর্ঘদিনের এই ভোগান্তি কমাতে বাংলাদেশ ও সৌদি সরকারের দ্বিপাক্ষিক আলোচনায় সম্প্রতি কিছু ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূল কফিল আকামা নবায়ন না করলে কর্মীরা যেন সহজেই অন্য নিয়োগকর্তার অধীনে স্থানান্তর হতে পারেন, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষ সুযোগ তৈরি করেছে। এছাড়া আঞ্চলিক সংঘাত ও ফ্লাইট বিপর্যয়ের কারণে ছুটিতে দেশে আটকে পড়া প্রায় ২২ হাজারের বেশি প্রবাসীর মধ্যে যাদের আকামার মেয়াদ শেষ হয়েছে, তাদের জন্যও ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে প্রবেশের বিশেষ ছাড় দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%