১০:২৯ এম
উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের মাধ্যমে ৫,৫৪৮ জন অনুত্তীর্ণ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে ১,৬২০ জন শিক্ষার্থী নতুনভাবে জিপিএ ৫ অর্জন করেছেন। এছাড়া ২৩,১৪৫ জনের গ্রেড পরিবর্তন ঘটেছে। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নে পূর্বে ঘোষিত ফলাফলে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গিয়েছিল। উত্তরপত্র পুনর্মূল্যায়নে এই বিশাল পরিবর্তনের ফলে প্রধান দুটি পাবলিক পরীক্ষার মান নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে। এসএসসি ও এইচএসসির উত্তরপত্র যাচাইয়ের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড ও অন্যান্য প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা বিষয়টি নিয়ে চিন্তিত। তারা বলেন, ফল প্রকাশের পর পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নে যে বড় পরিবর্তন হয়েছে, তা সরকার গুরুত্বের সঙ্গে নিয়েছে। পরীক্ষকদের দুর্বলতা, সময়ের অভাবসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেছেন সংশ্লিষ্টরা। এজন্য নম্বর দেওয়ার ইনডিকেটর নির্ধারণ, প্রশিক্ষণসহ যোগ্য পরীক্ষক নিশ্চিত করার পাশাপাশি মূল্যায়নে অবহেলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলছেন শিক্ষা কর্মকর্তারা।
এদিকে, শিক্ষা বিশেষজ্ঞরা জানিয়েছেন, মানসম্মত শিক্ষক না থাকার কারণে দক্ষ পরীক্ষকের অভাব দেখা দিয়েছে। তারা মেধাবী শিক্ষকদের নিয়োগ ও তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন। জানা গেছে, এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখেন শিক্ষক, পরীক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট মহল। কিন্তু এই দুটি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে এখনও যথাযথ পদ্ধতি ও মান নিশ্চিত না করে অনেকটা ছিনিমিনি খেলা হয়। এর ফলে পরীক্ষায় পাসের হার কখনো অনেক বেশি আবার কখনো বিপর্যয় দেখা যায়। পরে পুনর্মূল্যায়নে অনেকের ফল পাল্টে যাচ্ছে। ফলে অনুত্তীর্ণ ও প্রাপ্ত ফলে অসন্তুষ্টদের পুনর্মূল্যায়নের আবেদনের সংখ্যা বাড়ছে।
আরও পড়ুন: মেডিক্যাল-ডেন্টালে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তির নতুন নীতিমালা প্রকাশ
বিশেষ করে পতিত আওয়ামী সরকারের সময় পরীক্ষার সাফল্য ফুলিয়ে-ফাঁপিয়ে দেখাতে গিয়ে উত্তরপত্র মূল্যায়নের মান ধ্বংস করে ফেলা হয়। সে সময় পরীক্ষকরা গড় হিসাবে নম্বর দিতেন বলে সংশ্লিষ্টরা স্বীকার করেছেন। বর্তমান সরকারের সময় যথাযথ মূল্যায়নের কথা বলা হচ্ছে। তবে যোগ্য পরীক্ষকের অভাবসহ নানা সমস্যা ও সংকটের কারণে দীর্ঘদিনের ধারার থেকে এখনো পুরোপুরি বের হওয়া সম্ভব হয়নি। এ অবস্থায় শিক্ষার্থীরা কখনো অতিমূল্যায়ন আবার কখনো অবমূল্যায়নের শিকার হচ্ছেন। চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণে ব্যাপক হারে শিক্ষার্থীর ফল পরিবর্তনের ঘটনায় প্রথম মূল্যায়নের মান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সূত্রমতে, ৩১ অক্টোবর প্রকাশিত চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৫২.১২ শতাংশ। এতে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ পরীক্ষার্থীর মধ্যে পাস করেন ছয় লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ ৫ পান ৪০ হাজার ৮৪ জন। কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় ১১টি শিক্ষা বোর্ডে মোট দুই লাখ ৯১ হাজার ২১১ শিক্ষার্থী ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি পত্রের খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেন। গত সোমবার পুনর্নিরীক্ষণের ফলে দেখা যায়, মোট ৫,৫৪৮ জন অনুত্তীর্ণ থেকে উত্তীর্ণ হয়েছেন। ১,৬২০ শিক্ষার্থী নতুন করে জিপিএ ৫ পেয়েছেন। এছাড়া ২৩ হাজার ১৪৫ জনের গ্রেড পরিবর্তন হয়েছে।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডে দুই লাখ ৬১ হাজার ৮৮৯ শিক্ষার্থী ১০ লাখ ১৯ হাজার ৭৮০টি পত্রের জন্য পুনর্নিরীক্ষণের আবেদন করেন। এর মধ্যে ১৯ হাজার ৭১০ জনের (৭.৫৩ শতাংশ) ফল পরিবর্তন হয়েছে। নতুন করে উত্তীর্ণ হয়েছেন ৩,১৮২ জন। নতুন জিপিএ ৫ পেয়েছেন ১,৪১১ শিক্ষার্থী। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সর্বাধিক ফল পরিবর্তন হয়েছে ঢাকা বোর্ডে। এ বোর্ডে ৮১ হাজার ৭৯৪ শিক্ষার্থী তিন লাখ ৩৫ হাজার ৮৮১টি পত্রের জন্য আবেদন করেন। এর মধ্যে ৫,৮৫৩ জনের (৭.১৬ শতাংশ) ফলাফল পরিবর্তন হয়েছে। এই বোর্ডে নতুন করে উত্তীর্ণ হয়েছেন ৫৯২ জন এবং নতুন করে জিপিএ ৫ পেয়েছেন ৪৬৫ জন।
ফল পরিবর্তনের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে কুমিল্লা বোর্ড। এ বোর্ডে ২৫ হাজার ১৯৩ আবেদনকারীর (৯২ হাজার ৭৭৬টি পত্র) মধ্যে ২,৮১৩ জনের ফল পরিবর্তন হয়েছে। অনুত্তীর্ণ থেকে উত্তীর্ণ হয়েছেন ৫০৭ জন এবং নতুন জিপিএ ৫ পেয়েছেন ১২০ জন। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষায় ১১ হাজার ৮৮২ শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেন। এর মধ্যে ১,১২৮ জনের ফল পরিবর্তন হয়েছে। এ বোর্ডে নতুন করে উত্তীর্ণ হয়েছেন ১৪২ জন এবং নতুন জিপিএ ৫ পেয়েছেন ১৭১ জন।
আরও পড়ুন: বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ২৯ ও ৩০ জানুয়ারি ২০২৭
অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ১৭ হাজার ৪৪০ শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেন। এর মধ্যে ২,৩০৭ জনের ফল পরিবর্তন হয়েছে। নতুন করে উত্তীর্ণ হয়েছেন ২,২২৪ জন এবং নতুন জিপিএ ৫ পেয়েছেন ৩৮ জন। এর আগে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্মূল্যায়নসহ মূল্যায়নে ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেন ৪,৫৮৫ শিক্ষার্থী। নতুন করে জিপিএ ৫ পান ৩,০৭৯ জন। এছাড়া এবার সব শিক্ষা বোর্ড মিলিয়ে রেকর্ড ৫৬ হাজার ২৫৯ শিক্ষার্থীর নম্বর পরিবর্তন হয়।
এই ফল পুনর্নিরীক্ষণের জন্য চার লাখের বেশি পরীক্ষার্থী প্রায় ১৩ লাখ আবেদন করেন। এর মধ্যে ১০ লাখ ৫৬ হাজারের বেশি আবেদন পড়ে লিখিত (তত্ত্বীয়) পরীক্ষার উত্তরপত্রের জন্য। ব্যবহারিক পরীক্ষার খাতার জন্য আবেদন পড়ে দুই লাখ ৩১ হাজারের বেশি। পাসের হার ছিল ৬২.২৫ শতাংশ। ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল চ্যালেঞ্জ করার পর ১১টি শিক্ষা বোর্ডের অধীন ১৫ হাজার ২৪৩ জনের ফল পরিবর্তন হয়। এর মধ্যে ৩,৯২৫ জন ফেল থেকে পাস এবং ১,০৪৫ জন নতুন করে জিপিএ ৫ পান। প্রায় ছয় লাখ ২৩ হাজার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়েছিল ওই বছর।
একই বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় খাতা চ্যালেঞ্জ বা পুনর্মূল্যায়নের ফলে বড় ধরনের পরিবর্তনের ঘটনা ঘটে। পুনর্নিরীক্ষণের ফলে নতুন করে জিপিএ ৫ পান ৫৫৫ শিক্ষার্থী আর ফেল থেকে পাস করেন ১,৪৭৯ জন। সব মিলিয়ে ২,৩৩১ শিক্ষার্থীর ফল বিভিন্ন গ্রেডে পরিবর্তিত হয়। এমনকি এক বিষয়ে ফেল করা শিক্ষার্থীর জিপিএ ৫ পাওয়ার ঘটনাও ঘটেছে। মোট দুই লাখ ২৬ হাজার শিক্ষার্থী চার লাখ ২৮ হাজার খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছিলেন।
এর আগে ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পুনর্মূল্যায়নে অনুত্তীর্ণ থেকে উত্তীর্ণ হন ২,৪৭৫ জন। নতুন করে জিপিএ ৫ পায় ১,৬০৯ জন। ২০২৪ সালে পুনর্মূল্যায়নে ৮৮৭ জন নতুন করে পাস এবং এক হাজারের বেশি জিপিএ ৫ পায়। ২০২৩ সালে এইচএসসি ও সমমানের পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস করেন ১,১৩৯ জন। নতুন জিপিএ ৫ পান ৬১৫ জন। ২০২৪ সালে নতুন পাস করেন ১,২৭৩ জন এবং নতুন জিপিএ ৫ পান ৭০৪ জন।
আরও পড়ুন: কুবিতে তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও অর্থায়ন কর্মশালা অনুষ্ঠিত
সূত্রমতে, বর্তমান পদ্ধতি অনুযায়ী সিনিয়র ও অভিজ্ঞ শিক্ষকদের অনেকেই পরীক্ষক হওয়ার আবেদন থেকে বিরত থাকেন। আবার যেসব শিক্ষক আবেদন করেন, তাদের সবাই আবার স্বাভাবিক নিয়মে পরীক্ষক হওয়ার সুযোগ পান না। এক্ষেত্রে তদ্বিরের মাধ্যমে অনভিজ্ঞ বা জুনিয়র শিক্ষকরা বেশি বেশি পরীক্ষক হন। তারা খাতা দেখার মান রক্ষা না করে দায়সারাভাবে, কখনো অন্য কারোর মাধ্যমে তা মূল্যায়ন করে জমা দেন। তাছাড়া সময় স্বল্পতার কারণে তড়িঘড়ি করেও অনেকে খাতা দেখে থাকেন। এতে অনেক পরীক্ষার্থী যথাযথ মূল্যায়ন থেকে বঞ্চিত হন। যে কারণে পুনর্মূল্যায়ন পুনর্নিরীক্ষণে অনেক ফল পরিবর্তন হচ্ছে।
এদিকে আগে প্রকাশিত ফলে অসন্তোষ থাকলেও তা পুনর্মূল্যায়নে শুধু প্রাপ্ত নম্বর যোগ-বিয়োগ সংখ্যাগুলো যাচাই করা হতো। তবে চলতি বছর থেকে আইন পরিবর্তন করে খাতা পুনর্নিরীক্ষণ ও নতুন করে মূল্যায়নের ব্যবস্থা করা হচ্ছে। এতে আগের চেয়ে ফল পরিবর্তনের সংখ্যা আরো বাড়ছে। একইসঙ্গে প্রথমবার মূল্যায়নে দুর্বলতার দিকগুলো ফুটে উঠছে। পরীক্ষার খাতা মূল্যায়নে এ ধরনের অবহেলা বা দুর্বলতা চিহ্নিত হলে সংশ্লিষ্ট পরীক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।
এবারের এইচএসসি ও সমমানের ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেছিলেন, উত্তরপত্র মূল্যায়নে ত্রুটি বা অসংগতি হয়েছে কি না, তা পুনর্নিরীক্ষণের পর বোঝা যাবে। বড় ধরনের গরমিল পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো জানান, এবার প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের উত্তরপত্র নির্ভুল মূল্যায়নের লক্ষ্যে কর্মশালার মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছিল। মানসম্পন্ন মূল্যায়নের লক্ষ্যে পরীক্ষকদের ৩০০টি করে উত্তরপত্র দেওয়া হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।
তবে এসএসসির খাতা পুনর্মূল্যায়নের পর অনিয়মে জড়িত শিক্ষকদের তালিকা করা হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে খাতায় নম্বর দেওয়ার একটা ইনডিকেটর নির্ধারণ করে তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
আরও পড়ুন: ইবি প্রোভিসির প্রশ্ন, ধর্মতত্ত্ব অনুষদে এত শিক্ষক থাকা সত্ত্বেও কেন কোরআনিক মিউজিয়াম নেই?
এসএসসি-এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ব্যাপক ফল পরিবর্তনের বিষয়ে তিনি আমার দেশকে বলেন, খাতা দেখায় দৃষ্টিভঙ্গির বিষয় আছে। যে কোনো খাতা দ্বিতীয়বার দেখলে নম্বর কম-বেশি করার বিষয়টি আসে। বড় ধরনের সমস্যা খুব কমই দেখা যায়।
তিনি বলেন, এসএসসি পরীক্ষার ক্ষেত্রে সমস্যাগ্রস্ত পরীক্ষকদের তালিকা করা হয়েছে। এইচএসসির তালিকাও করা হবে। এরপর নম্বর দেওয়ার একটি ইনডিকেটর নির্ধারণ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তবে পরীক্ষক নিয়োগের ক্ষেত্রে নানা দুর্বলতার কথা জানিয়ে অধ্যাপক আক্তারুজ্জামান বলেন, কিছু কিছু বিষয়ে পর্যাপ্ত সংখ্যক পরীক্ষক পাওয়া যায় না। তখন সময়মতো ফল প্রকাশে অনভিজ্ঞদেরও ডেকে খাতা দেওয়া হয়। কোনো কোনো বিষয়ে আবার পরীক্ষকের ভিড় থাকে।
তিনি আরো জানান, সিনিয়র ও অভিজ্ঞ শিক্ষকরা অনেক সময় পরীক্ষক হতে চান না। গণিত, ইংরেজি, আইসিটির মতো বিষয়ের শিক্ষকরা পরীক্ষার খাতা দেখার চেয়ে বাইরে কাজ করতে বা প্রাইভেট পড়াতে বেশি আগ্রহী। যে কারণে যোগ্য পরীক্ষক সংকট থাকেই।
আরও পড়ুন: উপজেলায় প্রাথমিকের প্রায় সব ও মাধ্যমিকের ৮৩ শতাংশ বই পৌঁছেছে
তবে এই সমস্যা ও সংকট দীর্ঘ দিন ধরে তৈরি হওয়ায় এ বিষয়ে বড় ধরনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, আমরা পরীক্ষকদের প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছি। তাদের পারিশ্রমিকও যথেষ্ট বাড়ানো হয়েছে। এখন পরীক্ষকদের যথাযথ মান অবশ্যই নিশ্চিত করা হবে।
খাতা মূল্যায়নে দুর্বলতা বা অবহেলা সম্পর্কে জানতে চাইলে সংশ্লিষ্ট দায়িত্বপালনকারী কুষ্টিয়া জিলা স্কুলের একজন সিনিয়র শিক্ষক জানান, আওয়ামী সরকারের সময়ে শিক্ষকরা স্বাধীনভাবে পরীক্ষার খাতা মূল্যায়ন করতে পারেননি। কাউকে কম নম্বর দিলে পরীক্ষককে লাল তালিকাভুক্ত করা হতো। সেজন্য খাতা ভালোভাবে না দেখেই অনেকটা অবহেলা বা দায়সারাভাবে আনুমানিকভাবে নম্বর দিতেন শিক্ষকরা।
গত দুই বছর আগের চেয়ে মূল্যায়ন ভালো হলেও যথাযথ মানে এখনো আসেনি। এর কারণ হিসেবে তিনি বলেন, একদিকে খাতা দেখার সময় কম, অন্যদিকে সম্মানীও বেশি নয়। যে কারণে সিনিয়র শিক্ষকরা এই দায়িত্ব নিতে চান না। আবার তদ্বিরের মাধ্যমে অনভিক্ত অনেকে পরীক্ষক হলেও যোগ্য আবেদনকারী সবাই সুযোগ পান না।
পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের মান নিয়ে প্রশ্ন প্রসঙ্গে শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান আমার দেশকে বলেন, সাধারণত কোনো সাবজেক্টিভ বিষয়ের খাতা পুনর্মূল্যায়ন হলে একই পরীক্ষকের কাছেও দ্বিতীয়বার কিছু নম্বর কম বেশি হতে পারে। তাই পুনর্মূল্যায়ন হওয়া উচিত।
আরও পড়ুন: চুয়েট শিক্ষক সমিতির জরুরি সভা ২৫ নভেম্বর, অচলাবস্থা নিরসনে আলোচনা
পরীক্ষকদের দুর্বলতা প্রসঙ্গে এই শিক্ষাবিদ বলেন, আসলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মানসম্মত শিক্ষকই নেই। শিক্ষকদের মর্যাদা ও সম্মানজনক বেতন-ভাতা না থাকায় মেধাবীরা এই পেশায় আসতে চান না। মানসম্মত শিক্ষক না থাকলে মূল্যায়নে দক্ষ পরীক্ষক পাওয়া যাবে কীভাবে? তাই আগে কোয়ালিটি শিক্ষক নিশ্চিত করা, তাদের প্রশিক্ষণ ও আর্থিক নিশ্চয়তার দিকে গুরুত্ব দেওয়া দরকার বলে তিনি উল্লেখ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন