ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কুড়িগ্রামে ১৬ নদ-নদীতে তীব্র নাব্যতা সংকট, নৌপথ অচল


কুড়িগ্রামে ১৬ নদ-নদীতে তীব্র নাব্যতা সংকট, নৌপথ অচল

কুড়িগ্রামের নদীবিধৌত জেলা উত্তরাঞ্চলে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার, গঙ্গাধর ও সংকোষসহ মোট ১৬টি নদ-নদীতে তীব্র নাব্যতা-সংকট সৃষ্টি হয়েছে। পানি কমে যাওয়ার সাথে সাথে অসংখ্য বালুচর জেগে ওঠার ফলে নৌপথে যাত্রী ও পণ্য পরিবহনে ব্যাপক ভোগান্তি দেখা দিয়েছে। এর ফলে জেলার চরাঞ্চলের প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন এবং শতাধিক নৌঘাট বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

সরেজমিনে পরিদর্শনে দেখা গেছে, নেপাল, চীন ও ভারত থেকে প্রবাহিত ব্রহ্মপুত্র নদে অসংখ্য বালুচর জেগে উঠেছে। এর ফলে নদীপথে মাঝেমধ্যে নৌকা আটকে যাচ্ছে, যা যাতায়াতে সময় ও অর্থ—দুটোই বাড়িয়ে দিচ্ছে। মূল ভূখণ্ড থেকে নৌঘাটে পৌঁছাতে যাত্রীদের মাইলের পর মাইল বালুপথ হাঁটতে হচ্ছে। একই অবস্থা দেখা যাচ্ছে ধরলা, তিস্তা ও দুধকুমারসহ অন্যান্য নদ-নদীতে। এর ফলে পণ্য ও জরুরি রোগী পরিবহনে অচলাবস্থা সৃষ্টি হয়েছে এবং চরাঞ্চলের মানুষ জেলা ও উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ রাখতে হিমশিম খাচ্ছেন।

বালুচর জেগে ওঠার কারণে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর নৌঘাটটি তার মূল স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে সরে গেছে। এই ঘাটের সাথে অন্তত ৫০টি ছোট-বড় নৌঘাটের সরাসরি যোগাযোগ বিদ্যমান। আগে প্রতিদিন এই ঘাটে পাঁচ শতাধিক নৌকা চলাচল করলেও বর্তমানে নাব্যতা-সংকটের কারণে তা অর্ধেকে নেমে এসেছে।

আরও পড়ুন: বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত

নাগেশ্বরী উপজেলার ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন নারায়ণপুর ইউনিয়নের বাসিন্দা আমিনুল ইসলাম জানান, নদীপথে চর জেগে ওঠার কারণে বর্তমানে যাত্রাপুর ঘাট থেকে নারায়ণপুর যেতে আড়াই ঘণ্টা সময় লাগছে, তাও নৌকা সরাসরি ঘাটে ভিড়তে পারছে না। ফলে দীর্ঘ বালুপথ পায়ে হেঁটে অথবা মোটরসাইকেলে যাতায়াত করতে হচ্ছে। এছাড়া যাত্রাপুর নৌঘাট থেকে বাজার পর্যন্ত ঘোড়ার গাড়ি বা পায়ে হেঁটে যেতে হওয়ায় জেলা সদরে গিয়ে অফিস-আদালতের কাজ সময়মতো করা সম্ভব হচ্ছে না। জরুরি প্রয়োজনে নৌকা রিজার্ভ করতে হলে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

যাত্রাপুর ঘাট থেকে ভগবতিপুর, রলাকাটা, অষ্টআশিরচর, কালির আলগা, খেওয়ার আলগার চর, চিড়াখাওয়া ও গোয়ালপুরিসহ বিভিন্ন চরে সরাসরি নৌকায় যেতে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ সময় লাগছে। নাব্যতা-সংকটের নেতিবাচক প্রভাবে জেলার প্রায় শতাধিক নৌঘাট বন্ধ হওয়ার পথে। এতে কয়েক হাজার নৌকার মাঝি ও জেলে বেকার হয়ে পড়েছেন। পারাপারে সময় ও জ্বালানি খরচ বেশি হওয়ায় মাঝিদের আয় কমে গেছে এবং পণ্য পরিবহনও স্থবির হয়ে পড়েছে।

যাত্রাপুর ঘাটের যাত্রী আনোয়ার হোসেন জানান, নৌরুটে চর পড়া এবং ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে প্রতিটি রুটে নৌকাভাড়া ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। কালির আলগা চরের বাসিন্দা হোসেন আলী বলেন, ‘চরে যাওয়ার জন্য সারা দিনে মাত্র একটি নৌকা পাওয়া যায়, তা-ও সময় ও ভাড়া-দুটোই বেশি লাগছে। বিআরটিসির মতো সরকারি ব্যবস্থাপনায় নৌকা চলাচল করলে চরের দরিদ্র মানুষের অনেক উপকার হতো।’

যাত্রাপুর ঘাটের নৌকার মাঝি শাহ আলম ও জহুরুল জানান, পানি কমে যাওয়া ও ডুবোচর জেগে ওঠায় অনেক পথ ঘুরে নৌকা চালাতে হচ্ছে। এতে সময় ও ডিজেল খরচ বাড়ার পাশাপাশি ডুবোচরে লেগে নৌকার পাখা (ফ্যান) ভেঙে যাচ্ছে। খরচ বাড়ায় যাত্রীসংখ্যাও কমে গেছে। নৌকার মালিক আব্দুস সামাদ জানান, যাত্রাপুর থেকে দৈ খাওয়ার চরে যেতে আগে ৪৫ মিনিট সময় লাগলেও এখন আড়াই ঘণ্টা লাগছে। পরিবহন জটিলতার কারণে চর থেকে কৃষিপণ্য ও মালপত্র কম আসায় নৌকার মাঝি, ঘোড়ার গাড়ির চালক ও ঘাটের কুলিরা কর্মহীন হয়ে পড়ছেন।

আরও পড়ুন: বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার বাতাসের খবর আজ কী

এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান জানিয়েছেন, নদ-নদীতে ড্রেজিং করার আপাতত কোনো পরিকল্পনা নেই। তবে ভবিষ্যতে ব্রহ্মপুত্র-যমুনা নদী খননের জন্য একটি মেগা প্রকল্প গ্রহণের সম্ভাবনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নাব্যতা-সংকট দূর হওয়ার পাশাপাশি চরাঞ্চলের যোগাযোগব্যবস্থা সহজতর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪০ পি.এম


যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৩

রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় একটি বাসের ধাক্কায় মাসুম মিয়া (৪০) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় অটোরিকশায় থাকা তিন যাত্রী, যাদের মধ্যে দুইজন কাতারগামী প্রবাসী রয়েছেন, আহত হয়েছেন।

আজ বুধবার সকালে রায়েরবাগ বাসস্ট্যান্ডের কাছে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কাতারগামী প্রবাসী কাওসার হোসেন রুবেল (৩১), আলামিন (৩০) এবং তাদের স্বজন মো. বশির (৩৩) অন্তর্ভুক্ত আছেন। আহত দুই প্রবাসীর বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় অবস্থিত। নিহত অটোচালক মাসুম মিয়া বরিশালের উজিরপুর উপজেলার মন্ডপাশা গ্রামের হারুন হাওলাদারের পুত্র।

হাসপাতাল ও স্বজনদের সূত্রে জানা যায়, বুধবার বেলা সাড়ে ১১টায় রুবেল ও আলামিনের কাতারের ফ্লাইট ছিল। এ কারণে তারা সকালে শনির আখড়ার রায়েরবাগ বাগানবাড়ি মসজিদের সামনে থেকে একটি অটোরিকশায় করে মূল সড়কে যাচ্ছিলেন। এরপর সিএনজিচালিত অটোরিকশায় করে তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পরিকল্পনা ছিল। তাদের বিমানবন্দরে পৌঁছাতে মো. বশিরও তাদের সঙ্গে ছিলেন।

আহত বশিরের স্ত্রী জানান, যখন রিকশাটি রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়, তখন পেছন থেকে একটি বাস সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এই দুর্ঘটনায় অটোরিকশাটি ছিটকে পড়ে এবং চালক ও যাত্রীরা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে স্বজনেরা দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টা ৩৫ মিনিটে অটোচালক মাসুম মিয়াকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহত তিনজন জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ ১২ ডিসেম্বর, সামনে কী হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪১ পি.এম


গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ ১২ ডিসেম্বর, সামনে কী হতে পারে

গঙ্গার পানি বণ্টন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। ৩০ বছরের এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে দুই দেশের অবস্থান এবং নতুন করে পানি বণ্টনের শর্ত নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

গত ২১ ও ২২ নভেম্বর ঢাকায় বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিরা যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯১তম নিয়মিত বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির এবং ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির যৌথ নদী কমিশনের সদস্য শরদ চন্দ্র। ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তি বাস্তবায়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং সংশ্লিষ্ট বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা বৈঠকের অন্যতম বিষয় ছিল।

দুই দেশের প্রতিনিধিরা গঙ্গা ও পদ্মা নদীর পানিপ্রবাহ এবং বণ্টনসংক্রান্ত তথ্য-উপাত্ত বিনিময় করেন। বৈঠকে গঙ্গা চুক্তি বাস্তবায়নসংক্রান্ত বার্ষিক প্রতিবেদন (২০২৬ সাল) চূড়ান্ত হয়েছে। তবে বহুল আলোচিত ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তির নবায়ন কিংবা নতুন চুক্তি সম্পাদনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বৈঠকে জানানো হয়, চুক্তি নবায়ন বা মেয়াদ বাড়ানোর মতো নীতিগত সিদ্ধান্ত এই কারিগরি কমিটির এখতিয়ারভুক্ত নয়।

চুক্তির পটভূমি

গঙ্গার পানি বণ্টন নিয়ে দুই দেশের বিরোধের সূত্রপাত ১৯৫০-এর দশকে ঘটে। সে সময় ভারতের পশ্চিমবঙ্গের ফারাক্কায় একটি বাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে অবস্থিত এই বাঁধের নির্মাণকাজ ১৯৬১ সালে শুরু হয়। ১৯৭৫ সালে নির্মাণ শেষ হওয়ার পর গঙ্গার পানি হুগলি নদীতে প্রবাহিত করতে শুরু করে ভারত। কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখতে পলি অপসারণের উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছিল।

বাঁধ নির্মাণের সময় থেকেই এ নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ চলছিল। ১৯৭৬ সালে বাংলাদেশের তৎকালীন রাজনৈতিক নেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ফারাক্কা বাঁধের বিরুদ্ধে ঐতিহাসিক লংমার্চের নেতৃত্ব দেন। তাঁর অভিযোগ ছিল, বাঁধের কারণে বাংলাদেশে গঙ্গার প্রধান শাখা পদ্মা নদীর পানিপ্রবাহ কমে যাচ্ছে, যার ফলে নদী শুকিয়ে যাওয়া ও মরুকরণের ঝুঁকি তৈরি হচ্ছে।

পরবর্তী সময়ে ১৯৭৭, ১৯৮২ ও ১৯৮৫ সালে দুই দেশের মধ্যে কয়েকটি অন্তর্বর্তী পানি বণ্টন চুক্তি হলেও স্থায়ী সমাধান আসেনি। অবশেষে ১৯৯৬ সালের ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুই দেশের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। এতে শুষ্ক মৌসুমে, অর্থাৎ জানুয়ারি থেকে মে পর্যন্ত পানিপ্রবাহ ভাগাভাগির কাঠামো নির্ধারণ করা হয়। পাশাপাশি চুক্তি বাস্তবায়ন ও পর্যবেক্ষণের জন্য যৌথ কমিটি গঠন করা হয়।

চুক্তিতে পানি বণ্টনের নিয়ম

১৯৪৯ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত সময়ের পানিপ্রবাহের ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে চুক্তিতে তিন স্তরের পানি বণ্টনব্যবস্থা রাখা হয়। চুক্তি অনুযায়ী, ফারাক্কায় পানিপ্রবাহ ৭০ হাজার কিউসেক বা তার নিচে নেমে এলে বাংলাদেশ ও ভারত সমানভাবে পানি ভাগ করে নেবে। প্রবাহ ৭০ হাজার থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে থাকলে বাংলাদেশ পাবে ৩৫ হাজার কিউসেক এবং অবশিষ্ট পানি ভারত পাবে। আর পানিপ্রবাহ ৭৫ হাজার কিউসেক বা তার বেশি হলে ভারত পাবে ৪০ হাজার কিউসেক, বাকিটা পাবে বাংলাদেশ।

এ ছাড়া প্রতিবছর ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত তিনটি ১০ দিনভিত্তিক পর্যায়ে পালাক্রমে দুই দেশকে ৩৫ হাজার কিউসেক করে পানি পাওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে। তবে চুক্তিতে পানির ন্যূনতম প্রবাহ নিশ্চিত করার কোনো স্থায়ী নিশ্চয়তা নেই। জরুরি পরিস্থিতি মোকাবিলায় একটি বিশেষ ধারা রয়েছে। চুক্তির দ্বিতীয় অনুচ্ছেদের তৃতীয় উপধারা অনুযায়ী, যেকোনো ১০ দিন মেয়াদে ফারাক্কায় পানিপ্রবাহ ৫০ হাজার কিউসেকের নিচে নেমে গেলে দুই সরকার জরুরি ভিত্তিতে আলোচনা করে সমন্বয়ের উদ্যোগ নেবে। এ ক্ষেত্রে ন্যায্যতা, সুবিচার এবং কোনো পক্ষের ক্ষতি না করার নীতি অনুসরণের কথা বলা হয়েছে।

পানি বণ্টন নিয়ে বিরোধ দেখা দিলে প্রথমে যৌথ কমিটির মাধ্যমে তা সমাধানের চেষ্টা করার কথা রয়েছে। সেখানে সমাধান না হলে বিষয়টি যৌথ নদী কমিশনে পাঠানো হবে। ১৯৭২ সালে গঠিত এই কমিশন দুই দেশের অভিন্ন ৫৪টি নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক চুক্তির আওতায় রয়েছে শুধু গঙ্গা।

নবায়ন নিয়ে দুই দেশের মতপার্থক্য

সময়ের সঙ্গে দুই দেশের জনসংখ্যা বৃদ্ধি, পানির চাহিদা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় ১৯৯৬ সালের চুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। চুক্তিতে পারস্পরিক সম্মতির ভিত্তিতে মেয়াদ শেষে নবায়নের সুযোগ রাখা হয়েছে। তবে দুই দেশই চুক্তির শর্ত নতুন করে পর্যালোচনার প্রয়োজনীয়তার ইঙ্গিত দিয়েছে।

গত বছর বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, ভারতের পক্ষ থেকে ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত সময়ে অতিরিক্ত ৩০ হাজার থেকে ৩৫ হাজার কিউসেক পানি চাওয়া হতে পারে। একই সঙ্গে নতুন চুক্তির মেয়াদ ১০ থেকে ১৫ বছর করার প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছিল।

অন্যদিকে, যৌথ নদী কমিশনের একটি বৈঠকে বাংলাদেশ ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত সময়ে ৪০ হাজার কিউসেক পানি নিশ্চিত করার দাবি জানিয়েছিল বলে পিটিআইয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়। পাশাপাশি চুক্তির মেয়াদ দীর্ঘ করার এবং বন্যার তথ্য আদান-প্রদান বাড়ানোর প্রস্তাবও দিয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশের অন্যতম দাবি হলো, চুক্তিতে পানির ন্যূনতম নিশ্চয়তা পুনর্বহাল করা। ১৯৭৭ সালের অন্তর্বর্তী চুক্তিতে এ ধরনের একটি বিধান ছিল। ওই চুক্তি অনুযায়ী, পানির প্রকৃত প্রাপ্যতা কম হলেও শুষ্ক মৌসুমের নির্দিষ্ট সময়ে বাংলাদেশ তার নির্ধারিত বরাদ্দের অন্তত ৮০ শতাংশ পাওয়ার নিশ্চয়তা পেত।

তবে ভারতের পক্ষ থেকে এ ধরনের নিশ্চয়তার বিরোধিতা রয়েছে। অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের (ওআরএফ) উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রধান নীলাঞ্জন ঘোষের মতে, পানির প্রকৃত প্রবাহ যা-ই হোক না কেন, নির্দিষ্ট পরিমাণ পানি সরবরাহের বাধ্যবাধকতা উজানের দেশের ওপর অসম ঝুঁকি তৈরি করতে পারে। এতে জলবায়ু পরিবর্তনের কারণে পানির সংকট দেখা দিলে ভারতের ওপর তুলনামূলক বেশি চাপ পড়তে পারে।

রাজনৈতিক ও আঞ্চলিক প্রেক্ষাপট

২০২৬ সালের ফেব্রুয়ারিতে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনে বড় জয়ের পর নতুন সরকারের অগ্রাধিকারগুলোর মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়টি থাকবে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল। তবে এখন পর্যন্ত এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি।

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন অব্যাহত রয়েছে। ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। এ বিষয়টি দুই দেশের সম্পর্কের ওপর প্রভাব ফেলেছে। এমন পরিস্থিতিতে তারেক রহমানের ২০২৬ সালের আগস্টে প্রস্তাবিত ভারত সফরও আর এগোয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভারতের অভ্যন্তরেও চুক্তি নবায়ন নিয়ে আপত্তি রয়েছে। বিহারে বিজেপির মিত্র জনতা দল (ইউনাইটেড) চুক্তির বিরোধিতা করে বলেছে, এটি রাজ্যের স্বার্থের পরিপন্থী। গত আগস্টে দলটি চুক্তি নবায়নের বিরুদ্ধে অবস্থান নেয়।

এ ছাড়া ২০২৫ সালের এপ্রিলে পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। ভারতের এ পদক্ষেপও বাংলাদেশের মধ্যে পানি চুক্তির ভবিষ্যৎ নিয়ে সতর্কতা তৈরি করেছে।

সামনে কী হতে পারে

বিশেষজ্ঞদের মতে, নতুন চুক্তি কেবল ১৯৯৬ সালের সমঝোতা নবায়নের বিষয় নয়; বরং দুই দেশের পরিবর্তিত বাস্তবতা, পানির প্রাপ্যতা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বিবেচনায় নিয়ে পানি ব্যবস্থাপনার নতুন কাঠামো তৈরির সুযোগও হতে পারে।

নয়াদিল্লিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি রিসার্চের প্রধান নির্বাহী শ্রীনিবাস চক্কাকুলা মনে করেন, নতুন চুক্তির জন্য দুই দেশকে বিদ্যমান দ্বিপক্ষীয় প্রতিষ্ঠানগুলো পর্যালোচনা করতে হবে। পানি বণ্টনের পাশাপাশি তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ, বিরোধ নিষ্পত্তি এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলার মতো বিষয়েও কার্যকর ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। ১৯৯৬ সালের চুক্তি সম্ভব হয়েছিল যে রাজনৈতিক সদিচ্ছা ও পারস্পরিক আস্থার ভিত্তিতে, নতুন সমঝোতার জন্যও দুই দেশকে সেই রাজনৈতিক আস্থা পুনর্গঠন করতে হবে।

আগামী ১২ ডিসেম্বর চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে বাংলাদেশ ও ভারত নবায়নের বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, তা এখন গুরুত্বপূর্ণ। কারণ গঙ্গার পানির ন্যায্য হিস্যা বাংলাদেশের কৃষি, পরিবেশ, জীবিকা ও নদী ব্যবস্থাপনার সঙ্গে সরাসরি সম্পর্কিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকারের প্রতিশ্রুতি: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪২ পি.এম


প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকারের প্রতিশ্রুতি: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বর্তমান সরকার প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করার জন্য বদ্ধপরিকর, যা যুগের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষাব্যবস্থার আলোকে করা হবে। বিশ্ববিদ্যালয় শুধুমাত্র সনদ বিতরণের প্রতিষ্ঠান হওয়া উচিত নয়, বরং এটিকে উৎকর্ষের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।

বুধবার (২৫ নভেম্বর) ঢাকায় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) কাউন্সিল অব এমআইএসটির ২৩তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষা অবশ্যই দক্ষতাভিত্তিক ও কর্মমুখী হতে হবে। সততা, নিষ্ঠা, নৈতিক মূল্যবোধ এবং দেশপ্রেমে উজ্জীবিত একটি নতুন প্রজন্ম গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশকে একটি আন্তর্জাতিক উচ্চশিক্ষা হাবে পরিণত করার লক্ষ্যে প্রচেষ্টা চলছে এবং দেশের বিশ্ববিদ্যালয়গুলো যখন উৎকর্ষ কেন্দ্র হয়ে উঠবে, তখন বিদেশি শিক্ষার্থীরাও এখানে পড়তে আসবে।

মন্ত্রী চতুর্থ শিল্পবিপ্লবের পথে এগিয়ে যেতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আইসিটি, বিগ ডেটা ও রোবটিকসের মতো ক্ষেত্রে জ্ঞানার্জন ও গবেষণার অপরিহার্যতা তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন যে, এমআইএসটি এই শিল্পবিপ্লবের পথে দেশকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালন করবে।

সভায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে মন্ত্রী এমআইএসটির স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের সাগরে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ ৬ জন নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৩ পি.এম


যুক্তরাষ্ট্রের সাগরে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ ৬ জন নিখোঁজ

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের উপকূলে একটি বিমান বিধ্বস্ত হওয়ার ফলে দুই শিশুসহ ছয়জন নিখোঁজ রয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যম এনবিসি নিউজে র তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে এই দুর্ঘটনাটি ঘটে।

কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুসারে, সেসনা ২১০ মডেলের বিমানটি স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে পাস্কাগুলা উপকূলের নিকটে বিধ্বস্ত হয়। বিমানের যাত্রীদের মধ্যে চারজন প্রাপ্তবয়স্ক এবং ৮ ও ১০ বছর বয়সী দুই শিশু অন্তর্ভুক্ত ছিল।

বিমানটির ধ্বংসাবশেষ, জীবনরক্ষাকারী জ্যাকেট এবং ভেলা উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজদের সন্ধান এখনও মেলেনি। উপকূলরক্ষী বাহিনীসহ অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলো হর্ন দ্বীপের উত্তর-পূর্বে সাগরে তল্লাশি কার্যক্রম চালাচ্ছে।

বিমানটি নিউ অরলিন্স থেকে ফ্লোরিডার ফোর্ট মায়ার্সের উদ্দেশ্যে যাত্রা করছিল। দুর্ঘটনার তদন্তের দায়িত্ব নিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%