প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামের নদীবিধৌত জেলা উত্তরাঞ্চলে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার, গঙ্গাধর ও সংকোষসহ মোট ১৬টি নদ-নদীতে তীব্র নাব্যতা-সংকট সৃষ্টি হয়েছে। পানি কমে যাওয়ার সাথে সাথে অসংখ্য বালুচর জেগে ওঠার ফলে নৌপথে যাত্রী ও পণ্য পরিবহনে ব্যাপক ভোগান্তি দেখা দিয়েছে। এর ফলে জেলার চরাঞ্চলের প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন এবং শতাধিক নৌঘাট বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
সরেজমিনে পরিদর্শনে দেখা গেছে, নেপাল, চীন ও ভারত থেকে প্রবাহিত ব্রহ্মপুত্র নদে অসংখ্য বালুচর জেগে উঠেছে। এর ফলে নদীপথে মাঝেমধ্যে নৌকা আটকে যাচ্ছে, যা যাতায়াতে সময় ও অর্থ—দুটোই বাড়িয়ে দিচ্ছে। মূল ভূখণ্ড থেকে নৌঘাটে পৌঁছাতে যাত্রীদের মাইলের পর মাইল বালুপথ হাঁটতে হচ্ছে। একই অবস্থা দেখা যাচ্ছে ধরলা, তিস্তা ও দুধকুমারসহ অন্যান্য নদ-নদীতে। এর ফলে পণ্য ও জরুরি রোগী পরিবহনে অচলাবস্থা সৃষ্টি হয়েছে এবং চরাঞ্চলের মানুষ জেলা ও উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ রাখতে হিমশিম খাচ্ছেন।
বালুচর জেগে ওঠার কারণে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর নৌঘাটটি তার মূল স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে সরে গেছে। এই ঘাটের সাথে অন্তত ৫০টি ছোট-বড় নৌঘাটের সরাসরি যোগাযোগ বিদ্যমান। আগে প্রতিদিন এই ঘাটে পাঁচ শতাধিক নৌকা চলাচল করলেও বর্তমানে নাব্যতা-সংকটের কারণে তা অর্ধেকে নেমে এসেছে।
নাগেশ্বরী উপজেলার ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন নারায়ণপুর ইউনিয়নের বাসিন্দা আমিনুল ইসলাম জানান, নদীপথে চর জেগে ওঠার কারণে বর্তমানে যাত্রাপুর ঘাট থেকে নারায়ণপুর যেতে আড়াই ঘণ্টা সময় লাগছে, তাও নৌকা সরাসরি ঘাটে ভিড়তে পারছে না। ফলে দীর্ঘ বালুপথ পায়ে হেঁটে অথবা মোটরসাইকেলে যাতায়াত করতে হচ্ছে। এছাড়া যাত্রাপুর নৌঘাট থেকে বাজার পর্যন্ত ঘোড়ার গাড়ি বা পায়ে হেঁটে যেতে হওয়ায় জেলা সদরে গিয়ে অফিস-আদালতের কাজ সময়মতো করা সম্ভব হচ্ছে না। জরুরি প্রয়োজনে নৌকা রিজার্ভ করতে হলে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
যাত্রাপুর ঘাট থেকে ভগবতিপুর, রলাকাটা, অষ্টআশিরচর, কালির আলগা, খেওয়ার আলগার চর, চিড়াখাওয়া ও গোয়ালপুরিসহ বিভিন্ন চরে সরাসরি নৌকায় যেতে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ সময় লাগছে। নাব্যতা-সংকটের নেতিবাচক প্রভাবে জেলার প্রায় শতাধিক নৌঘাট বন্ধ হওয়ার পথে। এতে কয়েক হাজার নৌকার মাঝি ও জেলে বেকার হয়ে পড়েছেন। পারাপারে সময় ও জ্বালানি খরচ বেশি হওয়ায় মাঝিদের আয় কমে গেছে এবং পণ্য পরিবহনও স্থবির হয়ে পড়েছে।
যাত্রাপুর ঘাটের যাত্রী আনোয়ার হোসেন জানান, নৌরুটে চর পড়া এবং ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে প্রতিটি রুটে নৌকাভাড়া ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। কালির আলগা চরের বাসিন্দা হোসেন আলী বলেন, ‘চরে যাওয়ার জন্য সারা দিনে মাত্র একটি নৌকা পাওয়া যায়, তা-ও সময় ও ভাড়া-দুটোই বেশি লাগছে। বিআরটিসির মতো সরকারি ব্যবস্থাপনায় নৌকা চলাচল করলে চরের দরিদ্র মানুষের অনেক উপকার হতো।’
যাত্রাপুর ঘাটের নৌকার মাঝি শাহ আলম ও জহুরুল জানান, পানি কমে যাওয়া ও ডুবোচর জেগে ওঠায় অনেক পথ ঘুরে নৌকা চালাতে হচ্ছে। এতে সময় ও ডিজেল খরচ বাড়ার পাশাপাশি ডুবোচরে লেগে নৌকার পাখা (ফ্যান) ভেঙে যাচ্ছে। খরচ বাড়ায় যাত্রীসংখ্যাও কমে গেছে। নৌকার মালিক আব্দুস সামাদ জানান, যাত্রাপুর থেকে দৈ খাওয়ার চরে যেতে আগে ৪৫ মিনিট সময় লাগলেও এখন আড়াই ঘণ্টা লাগছে। পরিবহন জটিলতার কারণে চর থেকে কৃষিপণ্য ও মালপত্র কম আসায় নৌকার মাঝি, ঘোড়ার গাড়ির চালক ও ঘাটের কুলিরা কর্মহীন হয়ে পড়ছেন।
এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান জানিয়েছেন, নদ-নদীতে ড্রেজিং করার আপাতত কোনো পরিকল্পনা নেই। তবে ভবিষ্যতে ব্রহ্মপুত্র-যমুনা নদী খননের জন্য একটি মেগা প্রকল্প গ্রহণের সম্ভাবনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নাব্যতা-সংকট দূর হওয়ার পাশাপাশি চরাঞ্চলের যোগাযোগব্যবস্থা সহজতর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন