ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কানাডায় বাংলাদেশের জিএসপি সুবিধা ২০৩২ সাল পর্যন্ত অব্যাহত রাখার সুখবর


কানাডায় বাংলাদেশের জিএসপি সুবিধা ২০৩২ সাল পর্যন্ত অব্যাহত রাখার সুখবর

কানাডা বাংলাদেশের জন্য ২০৩২ সাল পর্যন্ত অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেছে, যা বাণিজ্যক্ষেত্রে বাংলাদেশের জন্য একটি সুবিধা হিসেবে বিবেচিত হচ্ছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-কানাডার ষষ্ঠ দ্বিপক্ষীয় পরামর্শ সভায় এই বিষয়গুলি আলোচনায় আসে।

বৈঠকে জানানো হয় যে, বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় বাণিজ্য ২০২৫ সালের মধ্যে প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ বিলিয়ন কানাডীয় ডলার ছাড়িয়ে যাবে। একই সঙ্গে কানাডা স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের টেকসই উত্তরণ নিশ্চিত করতে জিএসপি সুবিধা বাড়ানোর পরিকল্পনা করছে।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ার স্বর্ণখনিতে আটকা ২৬ শ্রমিককে উদ্ধারে অভিযান চলছে

সভায় বাংলাদেশের পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের ইন্দো-প্যাসিফিক বিষয়ক সহকারী উপমন্ত্রী ওয়েলডন এপ যৌথভাবে সভাপতিত্ব করেন।

বৈঠকে দুই দেশের মধ্যে পাঁচ দশকের বেশি সময়ের সম্পর্ককে আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। এ সময় কৃষি, জ্বালানি, নিরাপত্তা ও প্রতিরক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ খাতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন প্রতিনিধিরা।

এলডিসি উত্তরণের প্রক্রিয়ায় বাংলাদেশের প্রয়োজনীয় কাঠামোগত সংস্কারের ওপর উভয় পক্ষের প্রতিনিধিরা গুরুত্বারোপ করেন। এ সময় কানাডা বাংলাদেশের পণ্যের জন্য ২০৩২ সাল পর্যন্ত বাজারসুবিধা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করে।

বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কানাডার দীর্ঘদিনের ভূমিকা বৈঠকে তুলে ধরা হয়। কানাডার পক্ষ থেকে জানানো হয় যে, ১৯৭২ সাল থেকে বাংলাদেশকে ৬ দশমিক ৩ বিলিয়ন কানাডীয় ডলারের বেশি উন্নয়ন সহায়তা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: ভারতে স্বামীর বন্ধুর কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ

এছাড়া, ২০২৬ সালের অক্টোবরে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সারাইয়ের বাংলাদেশ সফরের সময় ৪৫ মিলিয়ন কানাডীয় ডলারের সহায়তা ঘোষণার বিষয়টি উল্লেখ করা হয়। বাংলাদেশের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সুশাসন, প্রাতিষ্ঠানিক সংস্কার, বেসরকারি খাতের উন্নয়ন, বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি এবং কৃষি উদ্ভাবনে পারস্পরিক অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয়।

দুই দেশের মধ্যে দক্ষতা উন্নয়ন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, জ্ঞান বিনিময় এবং শিক্ষাক্ষেত্রে অংশীদারত্ব বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। বৈঠকে অভিবাসন, নিরাপত্তা সহযোগিতা, জলবায়ু সহনশীলতা এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু স্থান পায়।

রোহিঙ্গা সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশে ১২ লাখের বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার ক্ষেত্রে বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করে কানাডা। ২০১৭ সাল থেকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় কানাডা ৭০০ মিলিয়ন কানাডীয় ডলারের বেশি সহায়তা প্রদান করেছে বলেও জানানো হয়।

আরও পড়ুন: আদানির বিদ্যুৎকেন্দ্রের একাংশ ২৫ নভেম্বর বন্ধ, ১৮ ডিসেম্বর চালু হবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদানির বিদ্যুৎকেন্দ্রের একাংশ ২৫ নভেম্বর বন্ধ, ১৮ ডিসেম্বর চালু হবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৪ পি.এম


আদানির বিদ্যুৎকেন্দ্রের একাংশ ২৫ নভেম্বর বন্ধ, ১৮ ডিসেম্বর চালু হবে

বার্ষিক সংস্কার কাজের জন্য বুধবার (২৫ নভেম্বর) মধ্যরাত থেকে বন্ধ হয়ে যাচ্ছে ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানির গোদ্দা বিদ্যুৎকেন্দ্রের একাংশ। বিদ্যুৎকেন্দ্রটি দুটি ইউনিট নিয়ে গঠিত, যেখানে মোট ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।

এর মধ্যে ৮০০ ইউনিটের একটি কেন্দ্র ২৫ দিন বন্ধ থাকবে। এটি আগামী ১৮ ডিসেম্বর থেকে আবার চালু হবে।

একটি প্রেস বিজ্ঞপ্তিতে আদানি পাওয়ার এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, বার্ষিক সংস্কারের পরিকল্পনাটি পূর্বে নির্ধারিত সূচি অনুযায়ী করা হয়েছে।

আদানি পাওয়ার এই বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। এ কারণে গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে সময় নেয় প্রতিষ্ঠানটি।

একটিতে সংস্কার কাজ চললেও ৮০০ মেগাওয়াটের অপর ইউনিটটি স্বাভাবিকভাবে চলমান থাকবে। ফলে বিদ্যুৎকেন্দ্রটির অর্ধেক উৎপাদন বন্ধ থাকবে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঘণ্টার তথ্য অনুযায়ী, ২৪ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের বিদ্যুতের চাহিদা ছিল ১২ হাজার ৪২৩ মেগাওয়াট। সেখানে আদানি পাওয়ার ৯০১ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে।

এদিকে বিদ্যুৎ সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শীতের মৌসুমে বাংলাদেশে বিদ্যুতের চাহিদা কম থাকে। তাই আদানির বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ হলেও দেশে বিদ্যুৎ বিভ্রাটের কোনো শঙ্কা নেই। তবে যদি চাহিদা বৃদ্ধি পায়, তখন পরিস্থিতি চ্যালেঞ্জিং হতে পারে বলে তারা মন্তব্য করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৪ পি.এম


সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার

সরকার দেশের সাতটি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে। একই সময়ে পুলিশের আরও সাতজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, সুনামগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রামের উপপুলিশ কমিশনার আমিরুল ইসলাম। লালমনিরহাটের পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদ হারুন অর রশিদ।

এছাড়া, নড়াইলের পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন ডিএমপির উপপুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফ। খুলনার নতুন পুলিশ সুপার হয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।

অন্যদিকে, ফেনীর পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন গাইবান্ধার বর্তমান পুলিশ সুপার জসিম উদ্দীন। গাইবান্ধার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন এসআরইউ-এর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম।

এছাড়া, নওগাঁর পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।

প্রজ্ঞাপনে সাতটি জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগের পাশাপাশি পুলিশের আরও সাতজন কর্মকর্তাকে বদলির নির্দেশনা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হ্যালো ডিসি’তে আবেদনে সাড়া, পা হারানো শাহিনের পাশে জেলা প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৪ পি.এম


হ্যালো ডিসি’তে আবেদনে সাড়া, পা হারানো শাহিনের পাশে জেলা প্রশাসক

দুরারোগ্য রোগের কারণে দুই পা হারানোর পাশাপাশি হাতের আঙুলগুলোও নষ্ট হয়ে গেছে তৃতীয় লিঙ্গের অন্তর্ভুক্ত মো. শাহিন ভূঁইয়ার। শারীরিক প্রতিবন্ধকতা ও চরম আর্থিক সংকটের মধ্যে থাকা এই মানুষটির জীবিকা নির্বাহের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন ঢাকা জেলার জেলা প্রশাসক ফরিদা খানম। এই সহায়তা রাজধানীর জিয়া উদ্যানে ছোট ব্যবসা শুরু করে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করতে দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে শাহিনের জীবনসংগ্রামের কথা শুনে জেলা প্রশাসক ফরিদা খানম তার হাতে আর্থিক অনুদান তুলে দেন। এই সহায়তার মাধ্যমে শাহিন যেন নতুন করে জীবিকা শুরু করতে পারেন, সেই উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় ফরিদা খানম মন্তব্য করেন, শাহিনের জীবনসংগ্রামের কথা শুনে তিনি গভীরভাবে মর্মাহত হয়েছেন। নানা প্রতিকূলতার মধ্যেও তার বেঁচে থাকা ও স্বাবলম্বী হওয়ার আকাঙ্ক্ষা সত্যিই অনুপ্রেরণাদায়ক। তিনি আশা প্রকাশ করেন, শাহিন নিজের সামর্থ্য অনুযায়ী একটি ব্যবসা শুরু করে সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করতে পারবেন। সমাজের অসহায়, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো তাদের দায়িত্ব। জেলা প্রশাসন সবসময় তাদের জন্য সহমর্মিতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সচেষ্ট।

শাহিনের আদি বাড়ি কিশোরগঞ্জ জেলা সদরের বিদ্যামপাড়ায়। বর্তমানে তিনি রাজধানীর মোহাম্মদপুর হাউজিং এলাকায় বসবাস করছেন। মাত্র সাত বছর বয়সে তার মা তাকে ছেড়ে চলে যান এবং এরপর সৎমায়ের সংসারে বেড়ে ওঠেন।

২০১১ সালে নবম শ্রেণিতে পড়ার সময় শাহিন ‘মাদুরা ফুট’ নামক একটি দুরারোগ্য রোগে আক্রান্ত হন। রোগের জটিলতায় একপর্যায়ে তার একটি পা কেটে ফেলতে হয়। পরিবারের পক্ষ থেকে তাকে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার চেষ্টা হলে বাবার সঙ্গে মনোমালিন্য তৈরি হয়। পরে জীবিকার সন্ধানে ঢাকায় চলে আসেন তিনি।

শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও থেমে থাকেননি শাহিন। হুইলচেয়ারে চলাফেরা করে রাজধানীর জিয়া উদ্যানে পানি বিক্রি করতেন। সেই সামান্য আয়েই চলত তার জীবন। তবে ২০২৪ সালে একই রোগে আক্রান্ত হয়ে তার দ্বিতীয় পাটিও কেটে ফেলতে হয় এবং হাতের আঙুলগুলোও নষ্ট হয়ে যায়। এর ফলে পানি বিক্রির কাজ বন্ধ হয়ে যায়।

তৃতীয় লিঙ্গের অন্তর্ভুক্ত হওয়ার পাশাপাশি গুরুতর শারীরিক প্রতিবন্ধকতার কারণে নিয়মিত উপার্জনের সুযোগও সীমিত হয়ে পড়ে শাহিনের। চিকিৎসা, আবাসন ও দৈনন্দিন ব্যয় মেটাতে গিয়ে তিনি চরম অর্থকষ্টে পড়েন। একপর্যায়ে তার জীবন ধারণ কঠিন হয়ে ওঠে।

এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা জেলা প্রশাসনের মানবিক কার্যক্রম দেখে ‘হ্যালো ডিসি’ অ্যাপের মাধ্যমে সহায়তার আবেদন জানান শাহিন। তার আবেদন পাওয়ার পর মানবিক বিবেচনায় পাশে দাঁড়ান জেলা প্রশাসক ফরিদা খানম।

আর্থিক সহায়তা পেয়ে শাহিন এখন জিয়া উদ্যানে ছোট একটি ব্যবসা শুরু করতে চান। নিজের উপার্জনে জীবিকা নির্বাহের পাশাপাশি আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখছেন তিনি। দীর্ঘদিনের শারীরিক ও আর্থিক প্রতিকূলতার মধ্যে জেলা প্রশাসনের এই সহায়তা তার ঘুরে দাঁড়ানোর নতুন সম্ভাবনা তৈরি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৫ পি.এম


একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকার ব্যয়সম্বলিত ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পগুলোর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা, প্রকল্প ঋণ ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা রয়েছে।

বুধবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৫টি নতুন, ৪টি সংশোধিত এবং ১টি মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান; অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান; সড়ক পরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম; পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি; স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন; বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু; অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর; পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত; পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ অন্যান্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

অনুমোদিত ১০ প্রকল্প

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ২টি প্রকল্প অনুমোদন করা হয়েছে—(১) ‘৮টি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদরোগ এবং কিডনি চিকিৎসা কেন্দ্র স্থাপন (২য় সংশোধন)’ প্রকল্প; (২) ‘এস্টাবলিশমেন্ট অব ৫০০ বেডেড মেডিকেল কলেজ হাসপাতাল অ্যান্ড এনসিলারি বিল্ডিং ইন যশোর, কক্সবাজার, পাবনা, নোয়াখালী এবং জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ (২য় সংশোধন)’ প্রকল্প।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ১টি প্রকল্প—‘চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ দারিদ্র্য বিমোচন সংস্থা স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন’ প্রকল্পের চতুর্থবারের মতো মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে ৩টি প্রকল্প অনুমোদন করা হয়েছে—(১) পাবনা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (পিডিআরআইডিপি) প্রকল্প; (২) চট্টগ্রাম ও কক্সবাজার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প; (৩) নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রস্তাবিত দ্বিতীয় সংশোধন)।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ১টি প্রকল্প—‘গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ (দ্বিতীয় পর্যায়) (তৃতীয় সংশোধিত) (প্রস্তাবিত চতুর্থ সংশোধন)’ প্রকল্প অনুমোদন করা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ২টি প্রকল্প অনুমোদন করা হয়েছে—(১) আরইবির আওতায় ঢাকার পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার ক্ষমতাবর্ধন প্রকল্প; (২) আরইবির বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) প্রকল্প।

পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে ১টি প্রকল্প—‘কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন এবং সেচ ব্যবস্থার উন্নয়নে উপকূলীয় পোল্ডার নম্বর ৬৪/২এ এবং ৬৪/২বি-এর পুনর্বাসন’ প্রকল্প অনুমোদন করা হয়েছে।

সভায় পরিকল্পনামন্ত্রী কর্তৃক ইতিমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়সম্বলিত ৭টি প্রকল্প সম্পর্কে একনেক সভায় অবহিত করা হয়। এই প্রকল্পগুলো হলো: (১) চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলমগ্নতা/জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশন উন্নয়ন (দ্বিতীয় সংশোধনী) প্রকল্প; (২) ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট (এফআরইএপি); (৩) কেন্দ্রীয় প্যাকিং হাউসে স্থাপিত উদ্ভিদ সংগনিরোধ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে রূপান্তর প্রকল্প; (৪) ময়মনসিংহ বিভাগে মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প; (৫) বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়ের মৎস্যসম্পদের জরিপ পদ্ধতির উন্নয়ন প্রকল্প; (৬) ভেনম রিসার্চ সেন্টার, বাংলাদেশ (ভিআরসি, বি) শক্তিশালীকরণ প্রকল্প; (৭) টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, ভান্ডারিয়া, পিরোজপুর স্থাপন প্রকল্প।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%