ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন


একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকার ব্যয়সম্বলিত ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পগুলোর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা, প্রকল্প ঋণ ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা রয়েছে।

বুধবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৫টি নতুন, ৪টি সংশোধিত এবং ১টি মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান; অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান; সড়ক পরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম; পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি; স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন; বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু; অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর; পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত; পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ অন্যান্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

আরও পড়ুন: তোমরাই একদিন দেশ পরিচালনা করবে-রাষ্ট্রপতি শিশুদের প্রতি আহ্বান

অনুমোদিত ১০ প্রকল্প

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ২টি প্রকল্প অনুমোদন করা হয়েছে—(১) ‘৮টি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদরোগ এবং কিডনি চিকিৎসা কেন্দ্র স্থাপন (২য় সংশোধন)’ প্রকল্প; (২) ‘এস্টাবলিশমেন্ট অব ৫০০ বেডেড মেডিকেল কলেজ হাসপাতাল অ্যান্ড এনসিলারি বিল্ডিং ইন যশোর, কক্সবাজার, পাবনা, নোয়াখালী এবং জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ (২য় সংশোধন)’ প্রকল্প।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ১টি প্রকল্প—‘চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ দারিদ্র্য বিমোচন সংস্থা স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন’ প্রকল্পের চতুর্থবারের মতো মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে ৩টি প্রকল্প অনুমোদন করা হয়েছে—(১) পাবনা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (পিডিআরআইডিপি) প্রকল্প; (২) চট্টগ্রাম ও কক্সবাজার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প; (৩) নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রস্তাবিত দ্বিতীয় সংশোধন)।

আরও পড়ুন: প্রতিবন্ধী শিশুদের জন্য দেশি ফাউন্ডেশনের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ১টি প্রকল্প—‘গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ (দ্বিতীয় পর্যায়) (তৃতীয় সংশোধিত) (প্রস্তাবিত চতুর্থ সংশোধন)’ প্রকল্প অনুমোদন করা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ২টি প্রকল্প অনুমোদন করা হয়েছে—(১) আরইবির আওতায় ঢাকার পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার ক্ষমতাবর্ধন প্রকল্প; (২) আরইবির বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) প্রকল্প।

পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে ১টি প্রকল্প—‘কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন এবং সেচ ব্যবস্থার উন্নয়নে উপকূলীয় পোল্ডার নম্বর ৬৪/২এ এবং ৬৪/২বি-এর পুনর্বাসন’ প্রকল্প অনুমোদন করা হয়েছে।

সভায় পরিকল্পনামন্ত্রী কর্তৃক ইতিমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়সম্বলিত ৭টি প্রকল্প সম্পর্কে একনেক সভায় অবহিত করা হয়। এই প্রকল্পগুলো হলো: (১) চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলমগ্নতা/জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশন উন্নয়ন (দ্বিতীয় সংশোধনী) প্রকল্প; (২) ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট (এফআরইএপি); (৩) কেন্দ্রীয় প্যাকিং হাউসে স্থাপিত উদ্ভিদ সংগনিরোধ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে রূপান্তর প্রকল্প; (৪) ময়মনসিংহ বিভাগে মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প; (৫) বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়ের মৎস্যসম্পদের জরিপ পদ্ধতির উন্নয়ন প্রকল্প; (৬) ভেনম রিসার্চ সেন্টার, বাংলাদেশ (ভিআরসি, বি) শক্তিশালীকরণ প্রকল্প; (৭) টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, ভান্ডারিয়া, পিরোজপুর স্থাপন প্রকল্প।

আরও পড়ুন: সিএমপির সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে স্বামীর বন্ধুর কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৫ পি.এম


ভারতে স্বামীর বন্ধুর কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ

ভারতের গুজরাটের ভারুচ জেলায় এক নারীর দুই বছর বয়সি কন্যাসন্তানকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনা ঘটে, যখন ওই নারীর স্বামীর এক বন্ধুর অনৈতিক সম্পর্কের প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করা হয়। পুলিশ জানায়, প্রতিশোধ নিতে অভিযুক্ত ব্যক্তি চকলেটের লোভ দেখিয়ে শিশুটিকে ফুঁসলিয়ে নিজের ঘরে নিয়ে যায় এবং পাশবিক নির্যাতন চালায়।

শিশুটির মায়ের দায়ের করা অভিযোগে জানা যায়, অভিযুক্তের নাম সুরেন্দ্রকুমার (২৮)। তিনি ভুক্তভোগী শিশুটির বাবার বন্ধু এবং দীর্ঘদিন ধরে শিশুটির মাকে তার সঙ্গে সম্পর্কিত হওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। ওই নারী তার কুপ্রস্তাব প্রত্যাখ্যান করার পর, অভিযুক্ত ব্যক্তি তাকে ফোনে ভয়াবহ পরিণতির হুমকি দেয়। পুলিশ জানায়, শেষ পর্যন্ত ওই নারীর ওপর প্রতিশোধ নিতে শিশুটিকে লক্ষ্যবস্তু বানায় সুরেন্দ্রকুমার।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, শিশুটি যখন বাড়ির আঙিনায় খেলছিল, তখন অভিযুক্ত ব্যক্তি সেখানে গিয়ে তাকে চকলেটের প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে যায় এবং নৃশংসভাবে ধর্ষণ করে। এই পৈশাচিক নির্যাতনে শিশুটির গোপনাঙ্গে গুরুতর জখম হয়েছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর, শিশুটির পরিবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। এর ভিত্তিতে ‘প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস’ (পকসো) আইন এবং অন্যান্য সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

পরবর্তীতে অভিযুক্তকে ভারুচের একটি বিশেষ পকসো আদালতে হাজির করা হয়। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তার রিমান্ডের আবেদন জানিয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিএমপির সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৫ পি.এম


সিএমপির সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ

চট্টগ্রাম, ২৫ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাটি বুধবার নগরীর দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার সিএমপির সকল সদস্যকে সততা, নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। তিনি নগরীতে চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি এবং কিশোর গ্যাংয়ের কার্যক্রম প্রতিরোধে কার্যকর ও কঠোর ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন।

সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও অভাব-অভিযোগ মনোযোগ সহকারে শোনা হয় কমিশনারের পক্ষ থেকে। পাশাপাশি উত্থাপিত সমস্যাগুলোর দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

সভা শেষে পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ (পুরুষ ও নারী)-২০২৬-এর চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রানার্সআপ হওয়ার গৌরব অর্জনকারী নারী পুলিশ সদস্যদের শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করেন সিএমপি কমিশনার।

এছাড়া দীর্ঘ কর্মজীবনে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে অবসর-পূর্ব ছুটিতে (পিআরএল) গমনকারী এসআই (সশস্ত্র) মো. নুরুজ্জামানকে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে বিদায় জানানো হয়।

সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী, হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া ও মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার মো. ফেরদৌস আলী চৌধুরী, মো. হাবিবুর রহমান, নেছার উদ্দিন আহম্মেদ, অনিন্দিতা বড়ুয়াসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইন্দোনেশিয়ার স্বর্ণখনিতে আটকা ২৬ শ্রমিককে উদ্ধারে অভিযান চলছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৬ পি.এম


ইন্দোনেশিয়ার স্বর্ণখনিতে আটকা ২৬ শ্রমিককে উদ্ধারে অভিযান চলছে

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের একটি অননুমোদিত স্বর্ণখনিতে বন্যার পানিতে আটকা পড়া শ্রমিকদের উদ্ধারে উদ্ধারকারী দল জোরালো অভিযান চালাচ্ছে। প্রবল বর্ষণের কারণে নিকটবর্তী নদী উপচে খনির ভেতরে পানি প্রবাহিত হলে এই দুর্ঘটনা ঘটে।

রাজধানী জাকার্তা থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বোগোর জেলার পংকোর পার্বত্য এলাকায় এই ঘটনা ঘটেছে। সোমবার শুরু হওয়া ভারী বর্ষণের ফলে নদীর পানি উপচে খনির ভেতরে প্রবেশ করে।

আটকা পড়া শ্রমিকের সঠিক সংখ্যা নিয়ে বিভিন্ন সূত্রে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। পশ্চিম জাভা পুলিশের মুখপাত্র হেন্দ্রা রোচমাওয়ানের বরাতে জানা গেছে, অন্তত ২৬ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়নি। অন্যদিকে, স্থানীয় সংবাদমাধ্যম ও বিভিন্ন প্রতিবেদনে প্রায় ২৯ থেকে ৩০ জন শ্রমিক আটকা পড়ার কথা বলা হয়েছে।

সোমবার পানি ঢোকার আগেই ১১ জন শ্রমিক নিরাপদে খনি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে আটকা পড়া শ্রমিকদের বর্তমান অবস্থা বা তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

জাকার্তা অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান দেসিয়ানা কার্তিকা বাহরি জানিয়েছেন, খনির কূপটি প্রায় ১০০ মিটার গভীর। প্রবেশপথ অত্যন্ত সরু, ভেতরের পথ পিচ্ছিল ও অন্ধকার এবং আলোর ব্যবস্থা সীমিত। উদ্ধারকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করে অভিযান পরিচালনার জন্য এসব বিষয় বিবেচনায় নিয়ে কৌশল নির্ধারণ করা হচ্ছে। ভূগর্ভস্থ পানি প্রবাহ বন্ধ করার চেষ্টা চলছে এবং খনি থেকে পানি নিষ্কাশনে বেশ সময় লাগবে বলে তিনি জানিয়েছেন।

খনির কাছাকাছি স্থাপিত নিখোঁজ ব্যক্তিদের তথ্যকেন্দ্রে অপেক্ষমাণ ৫০ বছর বয়সী ইউয়ু জানান, তার ১৮ বছর বয়সী ছেলে হাইকাল সেখানে কাজ করতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তিনি ছেলের নিরাপদ প্রত্যাবর্তনের আশা প্রকাশ করেন।

এদিকে, পংকোর এলাকায় স্বর্ণ উত্তোলন কার্যক্রমের সঙ্গে যুক্ত রাষ্ট্রীয় খনি প্রতিষ্ঠান আন্তাম জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে একটি অননুমোদিত খনিতে এবং এর সঙ্গে তাদের কার্যক্রমের কোনো সম্পর্ক নেই। প্রতিষ্ঠানের সব কর্মী নিরাপদ আছেন এবং মানবিক দৃষ্টিকোণ থেকে তারা উদ্ধার ও অনুসন্ধান কাজে সহায়তা করছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

ইন্দোনেশিয়ার প্রত্যন্ত ও খনিজসমৃদ্ধ এলাকায় অনানুষ্ঠানিক বা অবৈধ স্বর্ণখনিতে ভূমিধস, বন্যা ও সুড়ঙ্গ ধসের মতো দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে, যেখানে শ্রমিকদের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার অভাব থাকে। সূত্র: আল জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিবন্ধী শিশুদের জন্য দেশি ফাউন্ডেশনের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৬ পি.এম


প্রতিবন্ধী শিশুদের জন্য দেশি ফাউন্ডেশনের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন

প্রতিবন্ধী ব্যক্তি ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য শিক্ষা, পুনর্বাসন এবং স্বনির্ভরতা নিশ্চিত করার উদ্দেশ্যে ডিসঅ্যাবিলিটি এমপাওয়ারমেন্ট ফর সাসটেইনেবল ইমপ্যাক্ট (দেশি) ফাউন্ডেশনের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে রাজধানীর আমিনবাজারের মধুমতি মডেল টাউনে ফাউন্ডেশনের নতুন ক্যাম্পাস প্রাঙ্গণে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সংসদ সদস্য মাহমুদা হাবীবা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব, জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় হান্নান সরকার, জাভেদ ওমর বেলিম, হাসানুজ্জামান ঝরু ও ইলিয়াস সানি, স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ফারুকুল ইসলাম এবং ক্রীড়া সাংবাদিক এম এম কায়সার। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি, ক্রীড়াবিদ, সমাজকর্মী, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।

দেশি ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হেদায়েতুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ড. মারুফ আহমেদ মৃদুল এবং সভাপতি ও সাবেক জাতীয় ক্রিকেটার সানোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, প্রতিবন্ধী ব্যক্তি ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য মানসম্মত শিক্ষা, চিকিৎসা, থেরাপি, পুনর্বাসন এবং দক্ষতা উন্নয়নের সুযোগ নিশ্চিত করা একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে দেশি ফাউন্ডেশনের কার্যক্রম একটি ইতিবাচক এবং সময়োপযোগী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। নতুন ক্যাম্পাসের মাধ্যমে আরও অধিকসংখ্যক শিশু ও প্রতিবন্ধী ব্যক্তি প্রয়োজনীয় সেবা গ্রহণের সুযোগ পাবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

আয়োজকরা জানান, দেশি ফাউন্ডেশন একটি অলাভজনক সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার (এএসডি), এডিএইচডি, সেরিব্রাল পালসি (সিপি), মাসকুলার ডিস্ট্রফিসহ বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতা এবং বিকাশজনিত চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, থেরাপি, পুনর্বাসন, জীবনদক্ষতা উন্নয়ন এবং পরিবারভিত্তিক সহায়তা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।

নতুন ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আরও বিস্তৃত এবং সমন্বিত সেবার সুযোগ সৃষ্টি হবে বলে আয়োজকরা প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি পর্যায়ক্রমে দেশের প্রতিটি বিভাগে একটি করে দেশি ফাউন্ডেশনের ক্যাম্পাস স্থাপনের পরিকল্পনার কথাও জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%