০৫:২৪ পি.এম
ফেনী, ২৫ নভেম্বর ২০২৬ : আজ জেলায় ‘আঞ্চলিক তরুণ শান্তি সহায়ক সম্মেলন ও সম্প্রীতি অলিম্পিয়াড-২০২৬' অনুষ্ঠিত হয়েছে। ফেনীর একটি কনভেনশন সেন্টারে দেশের ৬টি জেলার ১৩টি উপজেলার তরুণ শান্তি সহায়কদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক তায়বুল হক।
‘দক্ষ যুব, গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ: সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ সম্মেলনটি আয়োজন করে।
ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) ফেনী জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম, এমআইপিএস প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ড. নাজমুন নাহার নূর লুবনা এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ফেনীর উপ পরিচালক মো: জাকির হোসেন।
আরও পড়ুন: প্রতিবন্ধী শিশুদের জন্য দেশি ফাউন্ডেশনের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন
বক্তারা উল্লেখ করেন, পৃথিবীতে কোনো মানুষ একা একা ভালো থাকতে পারে না। ভালো থাকার জন্য পরিবেশ, প্রতিবেশী, সমাজ ও রাষ্ট্রের ভালো থাকা প্রয়োজন। সুতরাং, সবাইকে নিয়ে ভালো থাকার আয়োজন করতে হবে এবং এই দায়িত্ব তরুণদের নিতে হবে। প্রস্তুতি গ্রহণের প্রয়োজন রয়েছে।
তারা আরও বলেন, যাদের কথা আমাদের সাথে মেলে, তাদের কথা আমাদের ভালো লাগে, আর যাদের কথা আমাদের সাথে মেলেনা, তাদের কথায় আমরা উগ্র হয়ে যাই। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের সব মত ও পথের মানুষের কথা শুনতে হবে। সবার প্রতি শ্রদ্ধা ও সম্মান রাখতে পারলে আমাদের সমাজ ও রাষ্ট্র আরো সুন্দর হয়ে উঠবে।
অনুষ্ঠানে দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক মো: রাসেল আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া এবং পিএফজির ফেনী সদর কো-অর্ডিনেটর মোর্শেদ হোসেন।
জেলা পর্যায়ে শান্তি সহায়ক তরুণদের পক্ষে বক্তব্য রাখেন মানিকগঞ্জের জোবায়ের আহমেদ, মুন্সিগঞ্জের জারা, নরসিংদীর মাহফুজ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়ার জারিন মুনতাহা, কুমিল্লার মাহমুদুল হাসান এবং ফেনীর মিরাজ হোসেন ও আরিফ হোসেন শুভ। অনুষ্ঠান শেষে সম্প্রীতি অলিম্পিয়াডে অংশগ্রহণকারী বিজয়ী ১৫ তরুণকে ক্রেস্ট ও মেডেল প্রদান করেন অতিথিবৃন্দ।
আরও পড়ুন: সিএমপির সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন