০৫:৩৬ পি.এম
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী দিনের বাংলাদেশ পরিচালনার দায়িত্ব আজকের শিশুরাই পালন করবে। তাদের মধ্য থেকে কেউ চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, বিজ্ঞানী অথবা সশস্ত্র বাহিনীর সদস্য হিসেবে দায়িত্ব নেবে; কেউ সরকারি পদে কাজ করবে, আবার কেউ দেশ পরিচালনার দায়িত্বে আসবে। এজন্য শিক্ষার্থীদের এখন থেকেই বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। বই পড়ার অভ্যাস গড়ে তোলা, বাবা-মা ও শিক্ষকদের সম্মান করা, এবং দেশপ্রেমের ওপর গুরুত্বারোপ করতে হবে।
আজ বুধবার বঙ্গভবনে রাজধানীর বঙ্গভবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরভী আক্তারের নেতৃত্বে ৩৫ জন শিক্ষার্থী ও ৪ জন শিক্ষক পরিদর্শনে অংশ নেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি শিক্ষার্থীদের বঙ্গভবন ঘুরে দেখার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান। এ সময় শিক্ষার্থীরা তাদের পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা করে জানায়, বঙ্গভবনের ঐতিহাসিক নিদর্শন, তোশাখানা জাদুঘরে সংরক্ষিত মূল্যবান সামগ্রী, এয়ার রেইড শেল্টার ও হরিণ পার্ক ঘুরে দেখে তারা অত্যন্ত আনন্দিত হয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পেরে তারা উচ্ছ্বাস প্রকাশ করে।
আরও পড়ুন: প্রতিবন্ধী শিশুদের জন্য দেশি ফাউন্ডেশনের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন
শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, বর্তমানে অনেক শিশু বই পড়ার পরিবর্তে মোবাইল ফোনে বেশি সময় ব্যয় করছে। অতিরিক্ত মোবাইল আসক্তি থেকে শিশুদের বই পড়ার দিকে ফিরিয়ে আনতে হবে।
শিশুদের ভবিষ্যৎ স্বপ্ন ও সম্ভাবনার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘তোমরাই জাতির ভবিষ্যৎ। তোমরাই দেশটাকে গড়ে তুলবে। তোমরাই একদিন দেশ পরিচালনা করবে। তাই এখন থেকেই নিজেদের লক্ষ্য ঠিক করতে হবে এবং সেই লক্ষ্য অর্জনে কাজ করতে হবে।’
পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি শিক্ষার্থীদের উৎসাহিত করেন রাষ্ট্রপতি।
দেশপ্রেমের গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ‘দেশটাকে ভালোবাসবে। আমাদের দেশটাই আসল, এটাই আমাদের অস্তিত্ব। এই দেশই আমাদের বাঁচিয়ে রাখে, আমাদের জীবিকা ও আশ্রয় দেয়। দেশকে ভালোবেসে আমরা সামনে এগিয়ে যেতে চাই এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই।’
আরও পড়ুন: সিএমপির সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেসসচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন