ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

শেষ বেলায় ৩ উইকেট হারালেও ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে


শেষ বেলায় ৩ উইকেট হারালেও ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে

সেঞ্চুরির সম্ভাবনা থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে তিন অঙ্কের রান স্পর্শ করতে পারেননি নাজমুল হোসেন শান্ত (৮২) এবং মুশফিকুর রহিম (৮১)। দিনের শেষ ভাগে দুই অভিজ্ঞ ব্যাটারের বিদায়ের পর নাইটওয়াচম্যান হাসান মাহমুদও বেশিক্ষণ টিকতে পারেননি। তবে আফগানিস্তানের বিরুদ্ধে আবুধাবি টেস্টের তৃতীয় দিনের শেষে ম্যাচের নিয়ন্ত্রণ এখনও বাংলাদেশের হাতে রয়েছে।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২২৩ রান সংগ্রহ করেছে, যা তাদের ৩২৯ রানের লিড দিয়েছে। দিনের শেষ সেশনে শান্তর দল ৯৯ রান যোগ করতে সক্ষম হয়েছে, তবে ৩ উইকেট হারিয়েছে। মূলত শান্ত ও মুশফিকের মধ্যে গড়া ১৫৯ রানের জুটি দলকে বড় লিডের দিকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু সেঞ্চুরির খুব কাছে পৌঁছেও দুজনের বিদায়ে কিছুটা হতাশা নিয়ে দিন শেষ করতে হয়েছে বাংলাদেশকে।

মুশফিক ১৪৮ বলে ৯টি চারের সাহায্যে ৮১ রান করে জিয়া-উর-রেহমানের বলে স্লিপে ক্যাচ দেন। এরপর কাইস আহমেদের ঘূর্ণিতে বোল্ড হন শান্ত, যিনি ১৯১ বলে ৫টি চারের সাহায্যে ৮২ রান করেন।

আরও পড়ুন: ব্যর্থতার আবর্তে ম্যানচেস্টার ইউনাইটেড, লিডসের সঙ্গে ১-১ ড্র

নাইটওয়াচম্যান হিসেবে নামা হাসান মাহমুদও বেশিক্ষণ টিকতে পারেননি। তিনি ৬ বলে ১ রান করে এলবিডব্লিউ হন। লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ অপরাজিত থেকে দিন শেষ করেন।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে আফগানিস্তান ২৪০ রানে অলআউট হয়। এতে শান্তর দল ১০৬ রানের লিড পায়। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করেন হাসান মাহমুদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অমিতাভের জন্মদিনে ‘জলসা’র সামনে ভক্তদের উদযাপন ও উৎসব

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


অমিতাভের জন্মদিনে ‘জলসা’র সামনে ভক্তদের উদযাপন ও উৎসব

বলিউডের কিংবদন্তি অমিতাভ বচ্চনের জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ের জুহুতে অবস্থিত তার বাসভবন ‘জলসা’র সামনে ভক্তদের জমায়েত ঘটে। রবিবার, প্রিয় তারকার জন্মদিনের উপলক্ষে অনুরাগীরা ব্যানার, গান এবং নাচের মাধ্যমে উৎসব পালন করেন। অমিতাভের প্রতি ভালোবাসার কারণে প্রজন্মের পর প্রজন্মের অসংখ্য ভক্ত তাকে একনজর দেখার জন্য বাড়ির সামনে ভিড় করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কিছু ভক্ত অমিতাভের জনপ্রিয় গানে কণ্ঠ মেলাচ্ছেন, আবার কেউ তার পর্দার পরিচিত সাজপোশাকের অনুকরণ করছেন। এক ভক্তকে ১৯৭৮ সালের ব্যবসাসফল সিনেমা ‘ডন’-এর পোশাকে ‘মে হু ডন’ গানটি গাইতে দেখা যায়। তার হাতে ছিল ৮৪ সংখ্যাটি লেখা একটি বড় পোস্টার। অন্যান্য ভক্তরাও নাচে-গানে যোগ দেন।

এই আয়োজনে শিশুদের উপস্থিতি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। আরেকটি ভিডিওতে ভক্তদের অমিতাভ ও তার পরিবারের ছবি সংবলিত বিশাল পোস্টার হাতে ছবি তুলতে দেখা যায়। বয়স আশি পেরোলেও, প্রিয় অভিনেতার প্রতি অনুরাগীদের ভালোবাসা যে এতটুকু কমেনি, জন্মদিনের এই আয়োজন তারই প্রমাণ।

দীর্ঘ কয়েক দশক ধরে ভারতীয় চলচ্চিত্রে অমিতাভ বচ্চন নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। পর্দায় ‘অ্যাংরি ইয়ং ম্যান’ হিসেবে পরিচিত এই অভিনেতা আজও সমান জনপ্রিয়। তার জন্মদিন উপলক্ষে ‘জলসা’র সামনে ভক্তদের জমায়েত এখন কেবল একটি উদ্‌যাপন নয়, বরং তারকা ও অনুরাগীদের মধ্যে গড়ে ওঠা এক বিশেষ ঐতিহ্য।

শুধু জন্মদিনেই নয়, প্রতি রবিবার মুম্বাইয়ের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা অমিতাভকে একনজর দেখতে তার বাসভবনের সামনে জড়ো হন। অনেক সময় তিনি বাড়ির বাইরে এসে খালি পায়ে ভক্তদের উদ্দেশে হাত নাড়েন। এর কারণ ব্যাখ্যা করে একবার তিনি নিজের ব্লগে লিখেছিলেন, ভক্তদের সম্মান জানানো তার কাছে মন্দিরে যাওয়ার মতোই পবিত্র একটি বিষয়।

অমিতাভ বচ্চনের জন্ম ১৯৪২ সালের ১১ অক্টোবর। দীর্ঘ অভিনয়জীবনে তিনি অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। বর্তমানে তাকে দেখা যাচ্ছে জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৭’-এর সঞ্চালকের ভূমিকায়। এছাড়া ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার পরবর্তী কিস্তিতে অশ্বত্থামা চরিত্রে তাকে আবারও দেখা যাওয়ার কথা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের নতুন অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের নতুন অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) দুই দিনের ব্যবধানে ফের র‍্যাগিংয়ের অভিযোগ উঠে এসেছে। এবার ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে র‍্যাগিং, মানসিকভাবে হেনস্তা ও অপমানজনক আচরণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে একই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর অভিভাবক নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং নবীন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

রবিবার (১১ অক্টোবর) ভুক্তভোগী ছাত্রী তাসনীম ফাতিনের মা রোকশানা পারভিন বিভাগের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগপত্রে অভিযুক্ত হিসেবে বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছয় শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে ইতমিনান, আসফাকুল, অভি, লাবিব, সাইমা ও হিমুর নাম রয়েছে।

অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, গত বুধবার (৭ অক্টোবর) বিভাগের একটি শ্রেণিকক্ষে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ডেকে নিয়ে র‍্যাগিং করা হয়। এ সময় তাসনীমের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয় এবং তাকে মানসিকভাবে হেনস্তা করা হয়। এর ফলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং পরে বাড়ি ফিরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে, বিভাগের নবীন শিক্ষার্থীরা সিনিয়রদের মাধ্যমে নিয়মিত র‍্যাগিং ও অপমানজনক আচরণের শিকার হচ্ছেন। তাদের কটূক্তি করা, জোর করে বিভিন্ন ধরনের হাসি দিতে বলা, পাঁচ সেকেন্ডের মধ্যে পরিচয় দিতে বাধ্য করা এবং সিনিয়র শিক্ষার্থীদের সালাম না দিলে বকাঝকা করার অভিযোগও আনা হয়েছে।

এছাড়া, অন্য বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা কিংবা তাদের আয়োজিত কোনো অনুষ্ঠানে অংশ নিলেও নবীনদের বকাঝকা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এমনকি সিনিয়র শিক্ষার্থীদের ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো ও মেসেজ দিতেও নবীনদের চাপ দেওয়া হয় বলে দাবি করেছেন অভিযোগকারী।

অভিযোগে এসব ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই, দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নবীন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অভিযোগ জানানোর কারণে কোনো শিক্ষার্থী যাতে প্রতিশোধমূলক আচরণ বা পুনরায় হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করারও অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নাজমুল ইসলাম বলেন, ‘বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আমার কাছে কিছুটা সন্দেহজনক মনে হচ্ছে। তবে এটি সঠিক নাকি ভুল, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছি না। বিষয়টি আরও ভালোভাবে যাচাই করতে হবে।’

তিনি আরো বলেন, ‘এ নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপের সঙ্গে আলোচনা করে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছি। আমি ইতোমধ্যে সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে কথা বলেছি। আমার কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার মতো মনে হচ্ছে। তবে যাচাই-বাছাই ছাড়া কাউকে অভিযুক্ত করা ঠিক হবে না।’

এর আগে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসিক হল ‘গণতন্ত্র হলে’ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ছাত্রীদের ডেকে নিয়ে র‍্যাগিংয়ের অভিযোগ ওঠে একই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্রীদের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষাবর্ষের এক ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে পাবনা শহরের মোজাহিদ ক্লাব এলাকার এসোর্ট হাসপাতালে ভর্তি করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম বন্দরের সমস্যা সমাধানে গণ-অনশনে বসছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৮ পি.এম


চট্টগ্রাম বন্দরের সমস্যা সমাধানে গণ-অনশনে বসছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা না হওয়ার কারণে আগামীকাল সোমবার (১২ অক্টোবর) গণ-অনশনের আয়োজন করবে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

বন্দর ওয়ানস্টপ সার্ভিস ভবনের সামনে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই গণ-অনশন অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবীর।

তিনি জানান, গত ৮ অক্টোবর চুক্তি স্বাক্ষরের দিনেই সরকারকে আলোচনার জন্য দুই দিনের সময় দিয়েছিলাম বিক্ষোভ মিছিল থেকে। কিন্তু আলোচনার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই আমরা পূর্বঘোষণা অনুযায়ী শান্তিপূর্ণ গণঅনশন করব এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।

সূত্র জানায়, গত ৮ অক্টোবর বিকেলে আগারগাঁওয়ের ইনভেস্ট বাংলাদেশ মিলনায়তনে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছর এনসিটি পরিচালনার জন্য কনসেশন চুক্তিতে সই করা হয়। ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান এইচ ই ইসা কারিম এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান চুক্তিতে স্বাক্ষর করেন।

বন্দর পরিচালনার আন্তর্জাতিক পদ্ধতি ‘ল্যান্ডলর্ড মডেল’-এ ডিপি ওয়ার্ল্ড এনসিটি পরিচালনা করবে। চুক্তির শর্ত অনুযায়ী, ডিপি ওয়ার্ল্ড প্রাথমিকভাবে ১৫ বছর এনসিটি পরিচালনা ও ব্যবস্থাপনা করবে। তবে টার্মিনালের জমি, মূল অবকাঠামো ও সম্পদের মালিকানা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে থাকবে এবং শেষ পর্যন্ত এসবের মালিক হবে বাংলাদেশ সরকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিনেত্রী নাসিমা খান আজ সন্ধ্যায় মারা গেলেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৮ পি.এম


অভিনেত্রী নাসিমা খান আজ সন্ধ্যায় মারা গেলেন

ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। আজ রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক ও অভিনেতা সনি রহমান খবরটি নিশ্চিত করেছেন।

বাংলাদেশের চলচ্চিত্রের শুরুর দিকের অভিনেত্রীদের মধ্যে নাসিমা খান অন্যতম। ষাটের দশকে রুপালি পর্দায় যাত্রা শুরু করা এই অভিনেত্রী বাংলা ও উর্দু—দুই ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৪৪ সালের ৬ আগস্ট পুরান ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন তিনি। তার পৈতৃক নিবাস মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাড়িখাল গ্রামের উকিলবাড়ি। তার বাবা মোহাম্মদ মাসুদ খান। দাদা খান বাহাদুর আবদুল জলিল ব্রিটিশ ভারতের ঢাকার ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। ১৯৪০-এর দশকে লালবাগে বাড়ি করে সেখানেই বসবাস শুরু করে তাদের পরিবার।

নাসিমা খানের চলচ্চিত্রে আসার পেছনে অভিনেতা আনিসের ভূমিকা ছিল। ঢাকার চলচ্চিত্রে সুলতানা জামান, রওশন আরা, সুমিতা দেবী ও চিত্রা সিনহার মতো অভিনেত্রীরা তখন পরিচিত মুখ। নাসিমাদের বাড়ির কাছাকাছি থাকতেন আনিস, যিনি খান আতা নামেও পরিচিত। নাসিমার বাবার সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। একসময় আনিসই নাসিমার বাবাকে মেয়েকে চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ দেওয়ার পরামর্শ দেন। বাবার সম্মতি পাওয়ার পর অভিনয়ের জগতে পা রাখেন নাসিমা।

১৯৫৯ সালে এ জে কারদার পরিচালিত ‘জাগো হুয়া সাভেরা’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে নাসিমা খানের। ঢাকার দ্বিতীয় সবাক চলচ্চিত্র হিসেবে পরিচিত এই সিনেমায় সহনায়িকাদের একজন ছিলেন তিনি। ছবিটি আন্তর্জাতিক অঙ্গনেও পুরস্কার অর্জন করে। একই বছর বেবী ইসলাম পরিচালিত উর্দু চলচ্চিত্র ‘তানহা’য় অভিনয়ের সুযোগ পান তিনি। এতে তার সহশিল্পী ছিলেন শবনম, সুমিতা দেবী ও লাহোরের অভিনেত্রী শামীম আরা।

১৯৬১ সালে মুক্তি পাওয়া ‘যে নদী মরু পথে’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন নাসিমা খান। এতে তার বিপরীতে অভিনয় করেন আনিস। এরপর একের পর এক চলচ্চিত্রে অভিনয় করে নিজের পরিচিতি বাড়ান তিনি।

নাসিমা খানের উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘সূর্যস্নান’, ‘ধারাপাত’, ‘কার বউ’, ‘উজালা’, ‘বেগানা’, ‘আপন দুলাল’, ‘উলঝন’, ‘ম্যায় ভি ইনসান হু’, ‘দুই ভাই’, ‘গৌরী’, ‘আমার বৌ’ ও ‘ঢেউয়ের পরে ঢেউ’। এসব সিনেমায় বিভিন্ন সময়ে আনোয়ার হোসেন, হাসান ইমাম, রহমান, মুস্তফা, আজিম ও হারুনের মতো অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছেন তিনি।

‘আসবন গ্যায়ে মতি’ চলচ্চিত্রেও অভিনয় করে বিশেষ খ্যাতি অর্জন করেন নাসিমা খান। বাংলা ও উর্দু চলচ্চিত্রে তার কাজের মধ্য দিয়ে ষাটের দশকের ঢাকার চলচ্চিত্রজগতের একটি গুরুত্বপূর্ণ সময়ের সঙ্গে যুক্ত হয়ে আছে তার নাম। দীর্ঘ সময় ধরে চলচ্চিত্রে কাজ করার পর নাসিমা খানকে নাটকেই বেশি দেখা গেছে। বয়স ও সময়ের পরিবর্তনের সঙ্গে অভিনয়ের মাধ্যম বদলালেও শিল্পের সঙ্গে তার সম্পর্ক ছিল অটুট। বাংলাদেশের চলচ্চিত্রের প্রাথমিক পর্যায়ে যারা অভিনয়ের মাধ্যমে পথ তৈরি করেছিলেন, তাদের মধ্যে নাসিমা খান অন্যতম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%