ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

রাজনীতিকে সঠিক পথে পরিচালনায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সড়ক পরিবহণমন্ত্রীর মন্তব্য


রাজনীতিকে সঠিক পথে পরিচালনায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সড়ক পরিবহণমন্ত্রীর মন্তব্য

সড়ক পরিবহণ ও সেতু, নৌপরিবহণ এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম রবি মন্তব্য করেছেন যে সাংবাদিকরা সমাজের অন্যায় ও অবিচারকে তুলে ধরার পাশাপাশি সরকার, গণতন্ত্র এবং রাজনীতিকে সঠিক পথে পরিচালনা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি রোববার (১৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার, প্রেস ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ এবং ফটো সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম মহসিন প্রমুখ।

আরও পড়ুন: জঙ্গিবাদ ও উগ্রবাদের স্থান নেই: বিএনপির এমপি শাহজাহান

অনুষ্ঠানের সমাপ্তিতে জাতীয় প্রেস ক্লাবের সপ্তাহব্যাপী ক্রীড়া উৎসবের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সড়ক পরিবহণমন্ত্রী। এ সময় দাবায় চ্যাম্পিয়ন দৈনিক যুগান্তরের যুগ্ম বার্তা সম্পাদক মুহাম্মদ ইমাম উদ্দীন হান্নানসহ অন্যান্য ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পানির মধ্যেই ঢালাই, বের হয়ে গেছে রড: কাঠালিয়ায় বিএডিসির স্লুইসগেট নির্মাণে অনিয়ম

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ রব্বানী, স্টাফ রিপোর্টার

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৯ পি.এম


পানির মধ্যেই ঢালাই, বের হয়ে গেছে রড: কাঠালিয়ায় বিএডিসির স্লুইসগেট নির্মাণে অনিয়ম

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অধীনে নির্মাণাধীন একটি স্লুইসগেটের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও নির্মাণবিধি অনুসরণ না করার অভিযোগ উঠেছে। নিয়ম অমান্য করে জোয়ারের পানির মধ্যে সরাসরি ঢালাই দেওয়ায় কাজ শেষ হওয়ার আগেই ভেতরের রড বেরিয়ে পড়েছে। এতে প্রকল্পটির স্থায়িত্ব ও কার্যকারিতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান এই অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে।
উপজেলার আমুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাঁশবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই স্লুইসগেটটি নির্মাণ করা হচ্ছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, স্থানীয় বাসিন্দারা স্লুইসগেটের নির্মাণকাজের বিভিন্ন ক্রুটি ও অনিয়ম হাতেনাতে দেখিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। তাদের অভিযোগ, কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে জোয়ারের পানির মধ্যেই প্রায় তিন ফুট ওপর থেকে সরাসরি সিসি ঢালাই ফেলা হয়েছে। ফলে পানির তোড়ে সিমেন্ট-বালু ধুয়ে খোয়া সরে গেছে এবং ভেতরের রডগুলো পুরোপুরি বেরিয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা ও কৃষকদের আশঙ্কা, সরকারি এই গুরুত্বপূর্ণ প্রকল্পে যথাযথ মান বজায় না রাখায় স্লুইসগেটটি যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে। এতে সরকারের বিপুল অর্থ অপচয়ের পাশাপাশি পুরো অঞ্চলের কৃষি ব্যবস্থা মারাত্মক ঝুঁকিতে পড়বে। এই পরিস্থিতিতে অবিলম্বে ত্রুটিপূর্ণ কাজ বন্ধ করে পুরো ঘটনার একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা।

তবে অনিয়মের এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। তাদের দাবি, নির্মাণকাজে কোনো ধরনের গাফিলতি করা হচ্ছে না। এমনকি স্থানীয়রা যে স্থানে ঢালাই ভেঙে রড বেরিয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন, সেখানে কোনো সিসি ঢালাই দেওয়াই হয়নি বলে দাবি তাদের।

স্লুইসগেটটির নির্মাণকাজের অগ্রগতি, প্রকল্পের বরাদ্দের পরিমাণ এবং স্থানীয়দের প্রকাশ্য অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বিএডিসির ঝালকাঠির সহকারী প্রকৌশলী মো. জামাল উদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। এমনকি তাঁর হোয়াটসঅ্যাপে খুদেবার্তা পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি।

বিএডিসির ঝালকাঠি জেলা কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তারাও এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে স্থানীয় বাসিন্দারা সরকারি এই প্রকল্পের হরিলুট বন্ধ করে দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে সাজসজ্জায় দেবালয়ের পরেই কৈলাশ পূজামণ্ডপ

আন্তর্জাতিক ডেস্ক

আবিদ ইসলাম আশিক বাকেরগঞ্জ প্রতিনিধি

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১৪ এম


বাকেরগঞ্জে সাজসজ্জায় দেবালয়ের পরেই কৈলাশ পূজামণ্ডপ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে। পূজাকে কেন্দ্র করে বিভিন্ন মণ্ডপে চলছে সাজসজ্জা, আলোকসজ্জা ও নানা আয়োজন। এরই মধ্যে নান্দনিক সাজসজ্জা ও দৃষ্টিনন্দন পরিবেশের কারণে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বাকেরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বারুজীবী গ্রামের কৈলাশ পূজামণ্ডপ। সাজসজ্জার দিক থেকে দেবালয়ের পরেই আলোচনায় রয়েছে এই পূজামণ্ডপ।

মণ্ডপজুড়ে দৃষ্টিনন্দন সাজসজ্জা, রঙিন আলোকসজ্জা এবং উৎসবমুখর পরিবেশ দর্শনার্থীদের মুগ্ধ করছে। পূজাকে ঘিরে আয়োজকদের মধ্যে চলছে ব্যাপক প্রস্তুতি। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি আশপাশের এলাকার মানুষের মধ্যেও এই মণ্ডপকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে।

পূজা উদযাপন কমিটির সভাপতি বিপ্লব মিত্র জানান, বারুজীবী গ্রামের কৈলাশ মন্দিরে এবারই প্রথম দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। নতুন এই আয়োজনকে ঘিরে স্থানীয় সনাতন সম্প্রদায়ের মানুষের মধ্যে বিরাজ করছে আনন্দ ও উৎসাহ। পূজামণ্ডপের সৌন্দর্য ও নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি। মণ্ডপের সার্বিক নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের ব্যবস্থাও রাখা হয়েছে।

পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তারক চন্দ্র দাস জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে আনন্দঘন পরিবেশে পূজা উদ্‌যাপন করাই তাঁদের মূল লক্ষ্য। এ আয়োজন সফল করতে স্থানীয় সনাতন সম্প্রদায়ের মানুষ সহযোগিতা করছেন।

কৈলাশ পূজামণ্ডপের এই আয়োজন স্থানীয় ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। উৎসবের দিনগুলোতে মণ্ডপটি দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠবে—এমন প্রত্যাশা আয়োজকদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাবিতে ডেঙ্গু সচেতনতায় হাল্ট প্রাইজের নতুন কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১৬ এম


রাবিতে ডেঙ্গু সচেতনতায় হাল্ট প্রাইজের নতুন কর্মসূচি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রজেক্ট অগ্রযাত্রা’র মাধ্যমে হাল্ট প্রাইজের ২০২৬ সালের কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার সকালে এ কার্যক্রমের প্রথম উদ্যোগ হিসেবে নেওয়া হয়েছে মিশন জিরোবাইট। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার বিস্তার রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ গড়ে তোলার লক্ষ্য নিয়ে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
প্রজেক্ট জিরোবাইট-এর মূল প্রতিপাদ্য,  Zero Bites, Zero Dengue, A Healthier Tomorrow  এর মাধ্যমে ডেঙ্গুবাহী এডিস মশার প্রজননস্থল ধ্বংস, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
আয়োজকদের মতে, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিকভাবে সম্মিলিত উদ্যোগ গ্রহণ জরুরি। বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশে জমে থাকা পানি অপসারণ, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।
মিশন জিরোবাইট এর অন্যতম উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের জনস্বাস্থ্য সুরক্ষায় সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা এবং ডেঙ্গু প্রতিরোধে দায়িত্বশীল আচরণ গড়ে তোলা। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা, পরিবেশ সচেতনতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মানসিকতা আরও জোরদার হবে বলে প্রত্যাশা করছেন আয়োজকেরা।
তাঁদের প্রত্যাশা, প্রজেক্ট অগ্রযাত্রা’র মাধ্যমে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও অংশগ্রহণমূলক উদ্যোগকে কাজে লাগিয়ে জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে। পাশাপাশি টেকসই উন্নয়নের লক্ষ্যে সচেতন ও দায়িত্বশীল সমাজ গঠনে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।#
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইশরাকের পিস্তল উঁচানো দৃশ্য ত্রাসের রাজত্বের প্রতীক: জামায়াত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

১২:২১ এম


ইশরাকের পিস্তল উঁচানো দৃশ্য ত্রাসের রাজত্বের প্রতীক: জামায়াত

মাদকবিরোধী অভিযানের নামে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন গেন্ডারিয়া এলাকায় পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের মতে, এটি ত্রাসের রাজত্বের ইঙ্গিত দেয়। তিনি রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।

জুবায়ের তার বিবৃতিতে উল্লেখ করেন, বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দেশে মাদকের বিস্তার ঘটেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। এই স্বল্প সময়ে নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও দায়িত্বশীল ব্যক্তিরা জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে নানা কৃত্রিম তৎপরতা শুরু করেছেন। এরই ধারাবাহিকতায়, গত শনিবার মাদকবিরোধী অভিযানের নামে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন গেন্ডারিয়া এলাকায় পিস্তল উঁচিয়ে ত্রাসের রাজত্বের ইঙ্গিত দেন।

জুবায়ের বলেন, দেশের বিদ্যমান অস্ত্র আইন অনুযায়ী, নিজের নিরাপত্তা ব্যতীত কোনো ব্যক্তি বৈধ অস্ত্র ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পারেন না। এ অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন বিদ্যমান থাকা সত্ত্বেও সরকারের একজন প্রতিমন্ত্রীর অস্ত্র উঁচিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়া, জনমনে ভীতি সৃষ্টি করা এবং তার দেহরক্ষীদের আগ্রাসী ভূমিকা অনভিপ্রেত, আইনবিরোধী ও অনাকাঙ্ক্ষিত। তিনি সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে এ ঘটনার প্রতিকার কামনা করেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর করতে সংশ্লিষ্ট মন্ত্রীর সক্রিয় হওয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করেন।

তিনি আরো বলেন, ইশরাক হোসেন নিজের আইনবিরোধী কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করে জনমনে ভীতি সঞ্চারের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েমের যে অভিপ্রায় ব্যক্ত করেছেন, তা অগ্রহণযোগ্য। তিনি তার এই কর্মকাণ্ডের মাধ্যমে শপথ ভঙ্গ করেছেন। তার এমন কর্মকাণ্ড সন্ত্রাসীদের আরো উৎসাহিত করবে এবং জনগণ তা ভালোভাবে নেবে না। সরকারের সব পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা, জনসচেতনতা বৃদ্ধি এবং মার্জিত ও জনবান্ধব পন্থায় মাদক নির্মূলসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%