০৯:০৬ পি.এম
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, হরমুজ প্রণালিতে চলাচলরত তৃতীয় একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের পর আগুন লেগেছে। তাদের বক্তব্য অনুযায়ী, অনুমোদনহীন পথে চলাচল এবং নৌযানের শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রাখার কারণে এই হামলার ঘটনা ঘটেছে।
রোববার আইআরজিসির নৌবাহিনীর প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, দিনের প্রথম ভাগে হরমুজ প্রণালিতে চলাচলকারী তিনটি ‘বিদ্রোহী’ তেলবাহী জাহাজ বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে। সংস্থাটি দাবি করেছে, এসব জাহাজের আগুনের ফলে গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক নৌপথের আকাশ ধোঁয়ায় ঢেকে গেছে।
আইআরজিসি তাদের টেলিগ্রাম চ্যানেলে জানায়, জাহাজগুলো তাদের নেভিগেশন ও শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে রেখেছিল। তারা এও উল্লেখ করেছে যে, মার্কিন সামরিক বাহিনীর আগ্রাসনের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: আটলান্টিকে নৌকা ডুবে ইউরোপে যাওয়ার পথে নিহত ২১
বিবৃতিতে আরো বলা হয়েছে, হরমুজ প্রণালিতে চলাচলের জন্য ইরানের নির্ধারিত নিয়মকানুন সম্পর্কে সব জাহাজকে বারবার অবহিত করা হয়েছে। আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে যে, এসব নির্দেশনা অমান্য করে চলাচলকারী জাহাজগুলোর পরিণতি ভালো হবে না।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। এই কারণে, এই নৌপথে জাহাজে হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ এবং সামুদ্রিক বাণিজ্যে নতুন উদ্বেগ তৈরি করতে পারে।
সূত্র: আল জাজিরা
এআরবি
আরও পড়ুন: জার্মান পার্লামেন্টের সামনে জাতীয় পতাকা সরিয়ে ফিলিস্তিনি পতাকা উত্তোলন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন