ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

রেলে ডিউটি কার্ড জালিয়াতি, কোটি টাকার টিকিট কালোবাজারে বিক্রি


রেলে ডিউটি কার্ড জালিয়াতি, কোটি টাকার টিকিট কালোবাজারে বিক্রি

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে কর্মকর্তাদের ডিউটি কার্ড পাশের বিপরীতে বিপুলসংখ্যক ভুয়া টিকিট বা ট্রাভেল পাশ ইস্যুর অভিযোগ উঠেছে। অভিযোগ করা হয়েছে, পশ্চিমাঞ্চল রেলওয়ের চারটি স্টেশনে বুকিং সহকারীরা এই টিকিট কেলেঙ্কারির মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন।

রেলওয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাকরির সুবাদে রেলওয়ে কর্মকর্তারা ট্রেনে এককভাবে এবং পারিবারিকভাবে ভ্রমণের সুযোগ পান। এ কারণে ভ্রমণের আগে বা ভ্রমণের দিন বাণিজ্যিক বিভাগ থেকে ডিউটি পাশ ইস্যু করা হয়। এই ডিউটি পাশ দেখিয়ে তারা স্টেশনের টিকিট কাউন্টার থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী ট্রেনের টিকিট বিনামূল্যে সংগ্রহ করতে পারেন এবং তাতে ট্রেনে ফ্রি ভ্রমণ করতে পারেন। এটাকে বলা হয় কর্মকর্তাদের ডিউটি পাশ বা ট্রাভেল পাশ। ডিউটি পাশধারী কর্মকর্তা কর্তব্যকাজে বছরজুড়ে ফ্রি পাশে রেল ভ্রমণ করতে পারেন। আবার পরিবার নিয়েও ভ্রমণ করতে পারেন, তবে তা অস্বাভাবিক হারে নয়।

এদিকে যারা বিভিন্ন ট্রেনে নিয়মিতভাবে দায়িত্ব পালন করেন, তাদেরও বছরের প্রথমে ডিউটি পাশ ইস্যু করা হয়। অভিযোগ উঠেছে, গত তিন বছরে এই সুবিধার বিপুল অপব্যবহারের ঘটনা ঘটেছে পশ্চিমাঞ্চল রেলে। বড় বড় স্টেশনের বুকিং কাউন্টার থেকে অস্বাভাবিক হারে ডিউটি পাশের বিপরীতে বিনামূল্যে টিকিট বা ট্রাভেল পাশ ইস্যুর অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে আট ডাকাত সদস্য গ্রেপ্তার

পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিএম) সম্প্রতি বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান হিসাব কর্মকর্তার দপ্তরকে। তদন্তের প্রাথমিক পর্যায়ে ব্যাপক অনিয়ম ধরা পড়েছে বলে পশ্চিমাঞ্চল রেলওয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মাত্র চারটি স্টেশনে প্রাথমিকভাবে শনাক্ত হওয়া দুর্নীতির পরিমাণ ১ কোটি ৩ লাখ ৩৯ হাজার ৯৯ টাকা। গত তিন বছরে এই দুর্নীতির পরিমাণ ৩ কোটি টাকার বেশি বলে সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে।

এদিকে বিষয়টি সম্প্রতি জানাজানি হলে পশ্চিম রেলের সদর দপ্তর রাজশাহী ও অধীনস্থ লালমনিরহাট ও পাকশী বিভাগে তোলপাড় চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রধান হিসাব কর্মকর্তার দপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, ডিউটি বা ট্রাভেল পাশের বিপরীতে টিকিট ইস্যু দেখিয়ে কোটি কোটি টাকা মূল্যের টিকিটের কালোবাজারি হয়েছে। এমনও হতে পারে সংশ্লিষ্ট ডিউটি পাশধারী কর্মকর্তারা হয়তো বিষয়টি জানেনও না। কিন্তু তাদের পাশের বিপরীতে লাখ লাখ টাকার ফ্রি পাশ বা টিকিট ইস্যু হয়ে তা কালোবাজারে গেছে। বুকিং সহকারীদের একটি শক্তিশালী সিন্ডিকেট এই দুর্নীতির সঙ্গে জড়িত বলে হিসাব বিভাগের কর্মকর্তারা মনে করছেন।

আরও পড়ুন: পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক ছড়ানোর চেষ্টা

খোঁজ নিয়ে জানা গেছে, চুক্তিবদ্ধ রেলওয়ের সার্ভার পরিচালনাকারী প্রতিষ্ঠান সহজ-এ সংরক্ষিত ও নিবন্ধিত তথ্যানুযায়ী ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত পশ্চিমাঞ্চল রেলওয়ের চারটি স্টেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডিউটি পাশ বা ডিউটি কার্ড ব্যবহার করে মোট ৪ হাজার ৭১৬ বার ডিউটি ও ভ্রমণ পাশ ইস্যু করা হয়েছে। এসব পাশের বিপরীতে নথিভুক্ত অর্থের পরিমাণ ১ কোটি ৩ লাখ ৩৯ হাজার ৯৯ টাকা। এই বিপুলসংখ্যক পাশ ব্যবহারের বিষয়টি নিয়ে রেলওয়ের অভ্যন্তরে তোলপাড় চলছে। কোন কর্মকর্তার ডিউটি পাশের বিপরীতে কতসংখ্যক টিকিট ইস্যু করা হয়েছে, সেসব তথ্যও সংগ্রহ করছেন তদন্ত কর্মকর্তারা। পশ্চিমের হিসাব ও অর্থবিভাগ এই তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।

জানা গেছে, অস্বাভাবিক ডিউটি কার্ড পাশ ব্যবহারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে গত ১৩ জুলাই পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপকের (সিসিএম) পক্ষে উপ-প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ আল মামুন পশ্চিমাঞ্চল সদর দপ্তরের অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব কর্মকর্তার কাছে একটি চিঠি দেন।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ও রেলপথ মন্ত্রণালয়কেও বিষয়টি অবহিত করা হয়। অভিযোগ উঠেছে, ডিউটি পাশের বিপরীতে এত বিপুলসংখ্যক টিকিট ইস্যু করা হয়েছে, যা কোনোভাবেই স্বাভাবিক নয়। বুকিং সহকারীরা এই বিপুল পরিমাণ অর্থের টিকিট কালোবাজারি করেছেন বলেও তদন্তসংশ্লিষ্টরা জানিয়েছেন।

পশ্চিমের চার স্টেশনের ডিউটি পাশে কোটি টাকার হিসাব:

আরও পড়ুন: বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত

জানা গেছে, সহজের সার্ভারের রেজিস্ট্রেশন তথ্যের বরাতে পাওয়া হিসাব অনুযায়ী, পশ্চিমের চারটি স্টেশনের তথ্যাবলি পৃথকভাবে পেয়েছে অর্থ ও হিসাব বিভাগ।

দিনাজপুর রেলওয়ে স্টেশনের টি/আই-এ (ট্রাভেলিং ইন্সপেক্টর-অ্যাকাউন্টস) দিনাজপুরের কার্ড পাশ নম্বর সিপি-০৩৪১৬৭। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত এই ডিউটি পাশ বা কার্ড ব্যবহার করে ১ হাজার ৯৫০ বার ডিউটি পাশ বা ট্রাভেলস টিকিট ইস্যু করা হয়েছে। এসব পাশের বিপরীতে নথিভুক্ত ব্যয়িত অর্থের পরিমাণ ৪৪ লাখ ৮০ হাজার ৩০০ টাকা।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ডিউটি পাশ নম্বর সিপি-০৩৪১৬৮। এর বিপরীতে একই সময়ে ১ হাজার ৫০০ বার টিকিট ইস্যু বা ডিউটি পাশ ব্যবহার করা হয়েছে। এর বিপরীতে নথিভুক্ত অর্থের পরিমাণ ৩৫ লাখ ৭ হাজার ৮১৩ টাকা।

ঈশ্বরদীর ডিউটি কার্ড পাশ নম্বর সিপি-০৩৪১৬৯ এর বিপরীতে ৯৬৫ বার ডিউটি পাশ বা ট্রাভেলস টিকিট ইস্যু করা হয়েছে। এর বিপরীতে নথিভুক্ত অর্থের পরিমাণ ১৯ লাখ ৩৬ হাজার ১৪৪ টাকা।

আরও পড়ুন: পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি প্রস্তাব সোমবার উপস্থাপন করবে শ্রমিকপক্ষ

পার্বতীপুরের ডিউটি কার্ড পাশ নম্বর সিপি ০৩৪১৬১-এর বিপরীতে ৩০১ বার টিকিট ইস্যু বা ট্রাভেলস পাশ ব্যবহার করা হয়েছে। এর বিপরীতে নিরূপিত অর্থের পরিমাণ ৪ লাখ ১৪ হাজার ৮৪২ টাকা। এই চারটি ডিউটি পাশ পশ্চিম রেলের একজন সাবেক জিএমসহ বিভিন্ন পদস্থ কর্মকর্তার নামে ইস্যু করা বলে জানা গেছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, যেসব কর্মকর্তার নামে এসব ডিউটি পাশ বা ট্রাভেলস টিকিট ইস্যু করা হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকৃতই এতসংখ্যকবার ট্রেন ভ্রমণ করেছেন কিনা— সেটার নথি চেক করে দেখা হচ্ছে। চারজন কর্মকর্তার ডিউটি পাশের বিপরীতে রেলওয়ের ১ কোটি ৩ লাখ ৩৯ হাজার ৯৯ টাকা মূল্যের টিকিটের সমান ট্রেন ভ্রমণ করেছেন কিনা, তা সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে ব্যাখ্যা দিতে অনুরোধ করা হয়েছে। এসব কার্ড ব্যবহার করে হাজার হাজার ফ্রি টিকিট ইস্যু হয়ে কালোবাজারে গেছে বলে হিসাব বিভাগের প্রাথমিক তদন্তে শনাক্ত হয়েছে।

বুকিং সহকারীদের সংশ্লিষ্টতার অভিযোগ:

পশ্চিমাঞ্চল রেলওয়ের সংশ্লিষ্ট সূত্রের মতে, রাজশাহী রেলস্টেশনের দুই বুকিং সহকারী পুরো রেল অঞ্চলজুড়ে টিকিট কালোবাজারি সিন্ডিকেট পরিচালনা করছেন। একেকটি ডিউটি পাশের বিপরীতে কোনো কোনো দিন শতাধিক ফ্রি টিকিট ইস্যু করা হয়েছে। এসব টিকিট দালালের হাত ঘুরে যাত্রীদের কাছে চলে গেছে।

আরও পড়ুন: রাষ্ট্রদ্রোহীতায় জড়িতদের তালিকা প্রস্তুত হচ্ছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

পশ্চিমাঞ্চল রেলওয়ের একজন কর্মকর্তার স্ত্রী রাজশাহী সদর দপ্তরে প্রধান বাণিজ্যিক কর্মকর্তার দপ্তরে কর্মরত। ওই কর্মকর্তার স্ত্রীও ডিউটি পাশ কেলেঙ্কারি সিন্ডিকেটে জড়িত বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে পশ্চিম রেলের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মেদ হোসেন মাসুমের দপ্তরে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে কল দিলেও তিনি ধরেননি। ফলে এ বিষয়ে তার মতামত জানা সম্ভব হয়নি।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে পশ্চিম রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিএম) মোহাম্মদ আসহান উল্লাহ ভূঁইয়া বলেন, বিষয়টি নিয়ে এখনই তিনি কোনো কথা বলতে পারবেন না। পরে জানাবেন।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে পশ্চিম রেলের অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ জানান, প্রধান বাণিজ্যিক কর্মকর্তার দপ্তর থেকে এ বিষয়ে একটি চিঠি পাওয়ার পর আমরা চার সদস্যের একটি তদন্ত কমিটি করি। তদন্ত শেষে ইতোমধ্যে আমরা প্রধান বাণিজ্যিক কর্মকর্তাকে প্রতিবেদন পাঠিয়ে দিয়েছি। তারাই বিষয়টি ভালো বলতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে অস্বাভাবিকতা পাওয়া গেছে। আমরা সেটাও বলেছি; যা করার তারাই করবেন।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, আটক ৩

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিসেম্বরে চাকরিজীবীদের জন্য ৪ দিনের ছুটির সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৯ পি.এম


ডিসেম্বরে চাকরিজীবীদের জন্য ৪ দিনের ছুটির সুযোগ

চলতি বছরের শেষ মাস ডিসেম্বরে চাকরিজীবীদের সামনে আসছে টানা চার দিনের লম্বা ছুটি কাটানোর দারুণ সুযোগ। ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী, মাত্র একদিনের বাড়তি ছুটি নিলেই এই টানা ছুটির আনন্দ উপভোগ করা যাবে।

ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং পরবর্তী সাপ্তাহিক ছুটির মাঝের একদিন ছুটি নিলেই এই চার দিনের ছুটির সুযোগ মিলবে।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার সারা দেশে সাধারণ ছুটি থাকবে। পরেরদিন ১৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) কর্মদিবস। তবে কেউ যদি বৃহস্পতিবার একদিনের ছুটি নিতে পারেন, তবে শুক্র ও শনিবারের (১৮ ও ১৯ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

সাধারণত বছরের শেষ ভাগে এসে চাকরিজীবীরা পরিবার-পরিজন নিয়ে ঢাকার বাইরে ঘুরতে যাওয়ার বা বার্ষিক ছুটি কাটানোর পরিকল্পনা করেন। বিশেষ করে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন করপোরেট হাউজের কর্মীরা বছরের এই সময়টাতে ভ্রমণের জন্য মুখিয়ে থাকেন। তাদের জন্য ডিসেম্বরের এই সমীকরণটি বছরের শেষ দিকে ভ্রমণের এক দারুণ সুযোগ তৈরি করে দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক ছড়ানোর চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২০ পি.এম


পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক ছড়ানোর চেষ্টা

রাজধানীর বিভিন্ন স্থানে ঘটনার পর এবার পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে দুর্বৃত্তদের দ্বারা।

রোববার (৮ নভেম্বর) রাতে থানার অভ্যন্তরে এই বিস্ফোরণটি ঘটে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে থানার প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, দুই দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে পল্লবী থানার পাশের ফ্লাইওভারের ওপর থেকে থানার প্রাঙ্গণে একটি ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণের ফলে থানার গেটের ভেতরে অবস্থানরত এসআরবি-৪-এর এক সদস্যের শরীরে ককটেলের বিস্ফোরিত অংশের ছিটে লাগে, যার ফলে তিনি সামান্য আহত হন।

এর আগে, রাতে মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে পুলিশ জানায়, ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে আট ডাকাত সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২০ পি.এম


ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে আট ডাকাত সদস্য গ্রেপ্তার

ফেনীতে ডাকাতির প্রস্তুতির সময় পুলিশ আটজন সক্রিয় ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে। শনিবার (৭ নভেম্বর) রাত ৩টার দিকে ফেনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়া এলাকায় পুরাতন জেলখানা সংলগ্ন তিন রাস্তার মোড় থেকে তাদের আটক করা হয়। পরে রবিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, মাস্টারপাড়া এলাকায় ডাকাতির পরিকল্পনা করছিল একটি ডাকাত দল। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামিদের সহ আটজন সক্রিয় ডাকাতকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মো. ইব্রাহীম (২৫), মো. মনির হোসেন (৩০), শহিদুল আলম প্রকাশ খান সাব (৩৭), নাজিম পাটোয়ারী (৩৫), মো. ইলিয়াস (৩৩), মো. রিয়াদ (২০), মো. আরিফুল ইসলাম বাপ্পু (২৪) এবং মো. সহিদুল ইসলাম শুভ (২৮)।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম কালের কণ্ঠকে নিশ্চিত করে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে রবিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের নিয়মিত অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরায়েল ফিলিস্তিনি বন্দিদের ওপর ইউরোপের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহার করে ধর্ষণ করছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২১ পি.এম


ইসরায়েল ফিলিস্তিনি বন্দিদের ওপর ইউরোপের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহার করে ধর্ষণ করছে

ফিলিস্তিনি ভূখণ্ডের দায়িত্বপ্রাপ্ত জাতিসংঘের বিশেষ র্যাপোর্টার ফ্রান্সেসকা আলবানিজ আয়ারল্যান্ডকে তার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সভাপতিত্বের সময়কালকে কাজে লাগিয়ে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে আহ্বান জানিয়েছেন।

গত মঙ্গলবার আইরিশ পার্লামেন্টের ইউরোপীয় সংক্রান্ত বিষয়ক কমিটির সভায় বক্তব্য দেওয়ার সময় আলবানিজ অভিযোগ করেন, ইউরোপীয় দেশগুলো থেকে আনা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহার করে ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনিদের ধর্ষণ করা হচ্ছে।

তিনি বলেন, "ফিলিস্তিনের বাকি অংশকে উপনিবেশে পরিণত করতে ইসরায়েল যা করছে, তাতে ইউরোপীয় ইউনিয়নও সমপরিমাণ অংশীদার।" আন্তর্জাতিক আইনি ব্যবস্থা রক্ষার স্বার্থে ইইউ সদস্য দেশগুলোকে গতিপথ পরিবর্তনের সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের সভাপতিত্বের সময়টিতে নেতৃত্ব দিতে আইরিশ সরকারের প্রতি দাবি জানান তিনি।

আলবানিজ আরও বলেন, "ইসরায়েল বরাবরই শিশুদের হত্যা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচার আটক, নির্যাতন এবং এমনকি ধর্ষণের সাথে যুক্ত ছিল। ফিলিস্তিনিদের বিরুদ্ধে প্রথম ধর্ষণের খবর পাওয়া যায় ১৯৪৮ সালে, এরপর ১৯৬৭ সালে। তবে বর্তমানে এটি মারাত্মক আকার ধারণ করেছে। এটি অত্যন্ত ভয়াবহ এবং এর পেছনে তাদের একটি ধ্বংসাত্মক মানসিকতা কাজ করছে। এদের লক্ষ্য কেবল মানুষ মেরে ফেলা নয়, এটি আরও গভীর কিছু। জীবন্ত মানুষকে ধ্বংস করে দেওয়াই তাদের মূল উদ্দেশ্য। ইউরোপীয় দেশে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দিয়ে বন্দিদের ধর্ষণ ও নির্যাতনের যে বিবরণ নির্যাতিতদের জবানবন্দিতে উঠে এসেছে, তা পড়লেই এটি স্পষ্ট হয়।"

তিনি বলেন, "ইউরোপীয় মানুষরা এই কুকুরগুলো বিক্রি করে মুনাফা লুটছে, যা দিয়ে মানুষকে ধর্ষণ করা হবে। এটি অত্যন্ত জঘন্য। আমাদের আইনের শাসন প্রয়োগ করে এটি বন্ধ করার ব্যবস্থা না নিয়ে, উল্টো যারা এই ব্যবস্থা নিয়ে আওয়াজ তুলছে তাদেরই জেলে পোরা হচ্ছে।" আলবানিজ তার ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকি নিয়ে বলেন, "আমাকে সত্যিটা বলতে দিন, আমি সত্য বলার কারণে নিজের এবং আমার পরিবারের জীবন ঝুঁকিতে ফেলছি।"

ফিলিস্তিনি শিশুরা নির্মম হত্যাকাণ্ডের শিকার হচ্ছে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, "ইসরায়েল যা করছে আমরা কি তা উপলব্ধি করতে পারছি?" নিজের ও পরিবারের ঝুঁকির বিষয়টি উল্লেখ করে তিনি জানান, মাত্র এক মাস আগেই তার সন্তানরা যখন ঘুমিয়ে ছিল, তখন তাদের বাড়িতে কিছু লোক ঢুকে পড়েছিল। তাই ঝুঁকির সম্মুখীন হওয়া কী জিনিস, তা তিনি খুব ভালো করেই জানেন।

তিনি বলেন, আয়ারল্যান্ড সরকারের উচিত ইউরোপীয় ইউনিয়নের সভাপতি পদে থাকার সুযোগ নিয়ে শক্ত অবস্থান নেওয়া, যাতে অন্য দেশগুলোও সাহসের সাথে এগিয়ে আসতে উৎসাহিত হয়।

রাজনীতিবিদদের উদ্দেশে তিনি বলেন, "ইইউ সভাপতিত্ব আয়ারল্যান্ডের জন্য একটি ঐতিহাসিক সুযোগ, আন্তর্জাতিক আইনের প্রতি আয়ারল্যান্ডের প্রতিশ্রুতি যে যুগের দাবি, তা প্রমাণ করার সময় এসেছে। ইউরোপীয় মূল্যবোধের ওপর ভিত্তি করে একটি আদর্শিক নেতৃত্ব তৈরি করতে হবে, যা যুদ্ধ, শোষণ, নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে পরিবেশ ও সমস্ত জীবকুলকে রক্ষা করতে সক্ষম।"

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতিকে শব্দ দিয়ে প্রকাশ করার মতো নয় বলে বর্ণনা করেন তিনি। তিনি যোগ করেন, "তথাকথিত যুদ্ধবিরতি সত্ত্বেও গণহত্যা অব্যাহত রয়েছে। গাজায় ইসরায়েল ক্রমাগত তাদের নিয়ন্ত্রণ বাড়ানোর ফলে ফিলিস্তিনি জনগণ বর্তমানে তাদের ধ্বংসপ্রাপ্ত ভূখণ্ডের মাত্র এক-তৃতীয়াংশ এলাকায় বন্দি অবস্থায় জীবনযাপন করছে।"

"গত তিন বছরেরও বেশি সময়ে ইসরায়েল ৭৪,৫০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যার মধ্যে অন্তত ২১,৭০০ জন শিশু রয়েছে। অর্থাৎ গত ১,০৯৫ দিন ধরে গড়ে প্রতিদিন ২০ জন করে শিশু মারা গেছে।"

"গাজা আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পরিবারগুলো ধ্বংসাবশেষ, মানবদেহের অবশিষ্টাংশ, কীটপতঙ্গ, ইঁদুর ও নানা রোগের মধ্যে বসবাস করছে। এর ওপর ইসরায়েলি হামলা এবং ত্রাণ সহায়তার ওপর বাধা নিষেধ এখনো অব্যাহত রয়েছে। সামনে আবার শীতকাল আসছে।"

তিনি সতর্ক করে বলেন, অর্থায়নের অভাব মানবিক সহায়তা কার্যক্রমে চরম বাধা সৃষ্টি করছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'বোর্ড অব পিস'-এর মতো বহিরাগত শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়ার প্রস্তাবগুলো ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণাধিকারকে সরাসরি ক্ষুণ্ণ করছে।

আলবানিজ উল্লেখ করেন, আয়ারল্যান্ডে তার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে। গত তিন বছরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে আন্তর্জাতিক আইনকে পাশ কাটিয়ে নিজেদের ইচ্ছামতো 'আইনহীনতার শাসন' প্রতিষ্ঠা করার সুযোগ দেওয়া হয়েছে। প্রভাবশালী স্বার্থের মদদে তারা এমন এক বিশ্ব গড়ছে যেখানে ন্যায়বিচারের ওপর জোর-জুলুমের জয় হচ্ছে।

তিনি আবারও জোর দিয়ে বলেন, ইউরোপীয় ইউনিয়ন এবং এর সদস্য দেশগুলোকে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা বজায় রাখতে অবিলম্বে নিজেদের নীতি পরিবর্তন করতে হবে।

আইরিশ পার্লামেন্টে দেওয়া ফ্রান্সেসকা আলবানিজের এই কড়া বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে আয়ারল্যান্ডের একটি ইহুদি প্রতিনিধিত্বকারী গোষ্ঠী এবং ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দাবি, ফিলিস্তিনিদের অধিকার রক্ষা ও বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের দাবি করলেও আলবানিজের অতীতে ইহুদিবিদ্বেষের (অ্যান্টিসেমিটিজম) ইতিহাস রয়েছে এবং তিনি প্রায়শই ইসরায়েল ও ইহুদিদের নিয়ে চরমপন্থী মন্তব্য করে থাকেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%