০১:০৩ এম
চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা এলাকায় চাঁদাবাজির অর্থ কীভাবে আদায় হয় এবং কারা সেই অর্থের ভাগ পান, তা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান। তিনি দাবি করেছেন যে, থানা পুলিশের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে চাঁদাবাজির অর্থ ভাগবাটোয়ারা হয়ে থাকে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিওতে নাজিমুর রহমানকে এসব কথা বলতে শোনা যায়।
নাজিমুর রহমানের বক্তব্য অনুযায়ী, চট্টগ্রামের কোনো থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যোগদানের পরপরই চাঁদাবাজির উৎসগুলো চিহ্নিত করার কাজ শুরু হয়। তার অভিযোগ, থানার ওসি কিংবা উপপরিদর্শক (এসআই) বদলি হলেও প্রতিটি থানায় ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত ব্যক্তির পরিবর্তন হয় না। কারণ, এটি কোনো চাকরি নয়। নতুন ওসি যোগ দেওয়ার পর প্রথমে ওই ক্যাশিয়ারকে ডেকে কোন খাত থেকে কত টাকা চাঁদা আসে, তার খোঁজ নেন।
আরও পড়ুন: সাভারে মশাল মিছিলে ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
তিনি আরো অভিযোগ করেন, নতুন ওসি তার বিশ্বস্ত সেকেন্ড অফিসারকে পুরো থানা এলাকায় পাঠিয়ে চাঁদার উৎসগুলোর একটি তালিকা তৈরি করান। ওই তালিকায় বাসস্ট্যান্ড, টেম্পোস্ট্যান্ড, ফুটপাত, হকার মার্কেট, ট্রাকস্ট্যান্ড, বালুমহাল, জুয়ার আসর ও ইয়াবা ব্যবসা থেকে আয়ের হিসাব অন্তর্ভুক্ত থাকে। সেকেন্ড অফিসারের তৈরি করা তালিকা ওসির টেবিলে যাওয়ার পর নির্ধারণ করা হয়, মাসে ওই থানা থেকে কী পরিমাণ অর্থ আদায় হবে এবং কার ভাগে কত টাকা যাবে।
নাজিমুর রহমান আরো বলেন, মহানগরে ‘চট্টগ্রাম জেলা’ লেখা নম্বরপ্লেটযুক্ত অবৈধ টেম্পো ও সিএনজিচালিত অটোরিকশা চলাচলের বিনিময়ে আদায় করা অর্থ স্থানীয় নেতা ও থানা পুলিশের মধ্যে ভাগ হয়ে থাকে।
নিজ দলের নেতাকর্মীদের সমালোচনা করে তিনি বলেন, আগে ইয়াবা ও মাদক ব্যবসায়ীরা বিগত সরকারের স্থানীয় ও পাতি নেতাদের চাঁদা দিতেন। বর্তমানে সেই চাঁদা যাচ্ছে বিএনপির স্থানীয় পাতি নেতাদের পকেটে। এসব অর্থ সরকারি কোষাগারে না গিয়ে একটি অদৃশ্য সিন্ডিকেটের হাতে চলে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
থানা পুলিশের মাধ্যমে এসব অপরাধ দমন করা কঠিন উল্লেখ করে নাজিমুর রহমান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার ও এসআরবি কমান্ডারের প্রতি বিশেষ আহ্বান জানান। তিনি বলেন, সাধারণ থানা পুলিশের বাইরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনার জন্য একটি স্বতন্ত্র ‘স্পেশাল ফোর্স’ গঠন করতে হবে।
আরও পড়ুন: গ্রামবাসীর দোয়া ও সমর্থন নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন চেয়ারম্যান প্রার্থী মোঃ আলী হোসেন
চাঁদাবাজি দমনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা যে সুন্দর বাংলাদেশ দেখতে চাই, আগামীর প্রজন্ম ও সন্তানদের জন্য যে বাংলাদেশ রেখে যেতে চাই, সেখানে আমাদের সবাইকে সচেতন হতে হবে। লোভ-লালসার ঊর্ধ্বে উঠতে হবে। তাহলে রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে একটি সুখী বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব। যিনি সংসদ সদস্য থাকবেন, তাঁকে সৎ হতে হবে। যিনি রাষ্ট্রের প্রধান, তাকেও সৎ হতে হবে। তার সহযোগীদেরও সচেতন হতে হবে।’
অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে নাজিমুর রহমান বলেন, ‘ক্রিমিনাল ইজ ক্রিমিনাল, অলওয়েজ ক্রিমিনাল। অপরাধী যদি আমার নিজের ভাইও হয়, তবু রাজনৈতিক পরিচয়, ধর্ম বা বর্ণ বিবেচনা না করে তাকে আইনের আওতায় আনতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন