১২:২২ এম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, পলাতক আওয়ামী লীগ এবং তাদের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসকে একমাত্রিক ও একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন। তিনি উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাদ দিয়ে ইতিহাস রচনার চেষ্টা করা হয়েছে। "স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন। তাঁর ঘোষণার মধ্য দিয়ে শ্রমিক, কৃষক ও ছাত্ররা যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। তাঁকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হলেও মানুষের হৃদয়ে লেখা ইতিহাস টিকে রয়েছে।"
গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই স্মরণসভার আয়োজন করে ‘৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য’ প্ল্যাটফর্ম।
রিজভী বলেন, "১৯৭১, ১৯৭৫ সালের ৭ নভেম্বর, ১৯৯০ ও চব্বিশের জুলাই— সবই বাংলাদেশের ইতিহাসের উজ্জ্বল অধ্যায়। একটি সংগ্রামের চেতনা অন্য সংগ্রামকে প্রভাবিত করেছে। ১৯৯০ সালের গণতান্ত্রিক চেতনা ছিল একনায়ককে পরাজিত করে জনগণের শাসন প্রতিষ্ঠা করা। এই চেতনা জুলাইয়ের আন্দোলনকেও প্রভাবিত করেছে।"
আরও পড়ুন: নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত, নিরাপত্তা নিশ্চিতের দাবি
তিনি আরো বলেন, "১৯৯০ সালের চেতনা, ৭ নভেম্বরের চেতনা এবং জুলাইয়ের অর্জন ধারণ করে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন শুধু সরকার পেলেই হবে না, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার দায়িত্বও রয়েছে।"
১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের কথা স্মরণ করে রিজভী জানান, "এ সংগ্রামের অর্জিত গৌরব তাকে পরবর্তী ৩৬ বছর ধরে গণতান্ত্রিক সংগ্রামে উদ্বুদ্ধ করেছে। সেই চেতনার ধারাবাহিকতায় শেষ পর্যন্ত শেখ হাসিনার মতো স্বৈরাচারী শাসকের পতন সম্ভব হয়েছে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান। সঞ্চালনা করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
একই দিনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত আলোচনা সভায় রিজভী বলেন, "শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তি প্রতিষ্ঠা ছাড়া গণতন্ত্রকে টেকসই করা সম্ভব নয়। দেশে বারবার ফ্যাসিবাদ, স্বৈরাচার ও একদলীয় শাসনের উত্থানের কারণ হচ্ছে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তুলতে না পারা। তিনি বলেন, গণতন্ত্রকে স্থায়িত্ব দিতে হলে, চিরস্থায়ী করতে হলে প্রাতিষ্ঠানিক ভিত্তি দিতে হবে।"
আরও পড়ুন: প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরলেন
রিজভী বলেন, "শহীদ ডা. মিলনের আত্মত্যাগের মধ্য দিয়ে যে চেতনা তৈরি হয়েছে, সেই চেতনার ওপর ভর করে পরবর্তী সময়ে বিভিন্ন সংগ্রামে মানুষ উদ্দীপ্ত হয়েছে।"
অনুষ্ঠানে শহীদ মিলনের মা উপস্থিত থাকায় তার প্রতি শ্রদ্ধা জানিয়ে রিজভী বলেন, "তার মায়ের আকুতি সবাইকে অনুভব করতে হবে। তিনি একজন অসাধারণ নারী। তার উপস্থিতি ও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ গণতান্ত্রিক চেতনা এবং সহনশীলতার একটি দৃষ্টান্ত।"
তিনি বলেন, "সমাজ ও রাষ্ট্রে গণতান্ত্রিক চেতনা ও বোধ থাকা উচিত। মানুষের মধ্যে ভিন্নমত থাকতে পারে, কিন্তু একই সমাজ ও রাষ্ট্রে বসবাস করার কারণে সবার মতামত সহ্য করার মানসিকতা থাকতে হবে।"
রিজভী বলেন, "শহীদ ডা. শামসুল আলম খান মিলনের আত্মত্যাগ কেবল একজন ব্যক্তির জীবন দেওয়া নয়, বরং একটি বৃহত্তর আদর্শের জন্য আত্মদান। সেই আদর্শ হচ্ছে গণতন্ত্র। যারা কোনো আদর্শের জন্য লড়াই করে জীবন দেন, তারাই শহীদ।"
আরও পড়ুন: ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে প্রধান অতিথি তারেক রহমান
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসঙ্গে রিজভী বলেন, "ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে কি না, তা নিয়ে আস্থার সংকট থাকায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়েছিল। এ ব্যবস্থার অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে একই রাজনৈতিক দলের পুনরাবৃত্তি ঘটেনি বলে তিনি উল্লেখ করেন।"
তিনি বলেন, "গণতন্ত্র শক্তিশালী করার ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার একটি কার্যকর পদ্ধতি হিসেবে গ্রহণ করা হয়েছিল। পৃথিবীর বিভিন্ন দেশে গণতন্ত্রের কাঠামো ভিন্ন হলেও এর মূল ভিত্তি হচ্ছে জনগণের শাসন ও জনগণের মতামতের প্রতিফলন।"
রিজভী বলেন, "বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হওয়ার পর এটিকে স্থায়িত্ব দেওয়া উচিত ছিল। কিন্তু যারা আন্দোলনের মাধ্যমে এ ব্যবস্থার দাবি করেছিলেন, তারাই পরে এটি বিলুপ্ত করেছেন, যা অত্যন্ত দুঃখজনক।"
তিনি বলেন, "শহীদ ডা. শামসুল আলম খান মিলন কোনো রাজনৈতিক দলের পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নন। তিনি একজন পেশাজীবী ও চিকিৎসক ছিলেন এবং দেশের একটি মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন। বৃহত্তর গণতান্ত্রিক আদর্শের জন্য তার আত্মত্যাগকে স্মরণে রাখতে তার নামে কিছু করা উচিত, যাতে বড় ধরনের রাষ্ট্রীয় স্বীকৃতি থাকবে।"
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ঐতিহাসিক উদ্যোগে বিনা খরচে মালয়েশিয়ায় ১১২ কর্মী প্রেরণ
১৯৯০ সালের অগ্নিঝরা উত্তাল ২৭ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনকারী ডা. শামসুল আলম খান মিলন স্বৈরশাসক এরশাদ সরকারের ভাড়াটিয়া গুন্ডা বাহিনীর গুলিতে শহীদ হন। ওই দিন বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিএমএ আয়োজিত সভায় যোগ দিতে রিকশাযোগে যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার এলাকায় সন্ত্রাসীরা তার ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান ডা. মিলন।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আমানউল্লাহ আমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার.
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন