১২:৩৩ পি.এম
নাহিদ খান নামক একজন ব্যক্তি মাত্র ৫০ ডলার নিয়ে নিউইয়র্কে আসেন জীবন পরিবর্তনের স্বপ্ন নিয়ে; কিন্তু বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশের এই ব্যস্ত শহরে এসে যেন তিনি পড়েন এক অন্ধকারে। পরিচিত আত্মীয়-পরিজন, ‘গ্যারান্টার’ কেউ নেই তার। ফলে তিনি কাজ পাচ্ছেন না। অপরিচিত কাউকে কাজ দিলে টাকা-পয়সা চুরি করে পালিয়ে যাওয়ার আশঙ্কায় ভুগছেন তিনি। রাস্তার পাশে কখনো ঘুমিয়ে, কখনো দিনের পর দিন অভুক্ত থেকে, এমন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে শুরু হয় নাহিদ খানের জীবন।
তবে সময়ের সাথে পরিবর্তন এসেছে। হাডসন নদীর পানি অনেক দূর গড়িয়েছে। নিউইয়র্কের প্রকৃতির রূপও পরিবর্তিত হয়েছে। প্রতিটি মৌসুমে গাছে গাছে পাতার রঙের পরিবর্তন ঘটেছে, ঠিক তেমনি নাহিদ খানও বদলে নিয়েছেন তার ভাগ্য। মাত্র ৫০ ডলারের পুঁজি এখন মিলিয়ন ডলারের ঘরে পৌঁছেছে। একের পর এক ব্যবসা গড়ে তুলেছেন। যিনি একদিন ‘চুরি’র ভয়ে কাজ পেতেন না, তিনি এখন অসহায় নতুন লোকদের বিনা গ্যারান্টিতে কাজ দেন। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলাদেশি অধ্যুষিত ৩৭ এভিনিউ ও ৭৪ স্ট্রিটের প্রাণকেন্দ্রে তার দুটি বিখ্যাত রেস্টুরেন্ট রয়েছে। পাশাপাশি আরেকটি চালুর কাজও চলছে। বর্তমানে তার প্রতিষ্ঠানে অন্তত ৭০ জন কর্মী কাজ করছেন।
একসময় নিজে খাবার না পেয়ে কষ্টে কাটানো নাহিদ এখন প্রতিরাতে অপেক্ষাকৃত স্বল্প দামে তার রেস্টুরেন্টে খাবার বিক্রি করেন। রাত ১০টা বাজলেই তার রেস্টুরেন্টে লম্বা লাইন পড়ে যায়। মানবিক ব্যবসার কারণে জ্যাকসন হাইটসে তিনি এখন সফল উদ্যোক্তা, যাকে সবাই মামা নাহিদ বলে ডাকে। আশপাশের অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় তার রেস্টুরেন্টে খাবারের দাম কম রাখায় সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়। যেখানে অন্য রেস্টুরেন্টে এক প্লেট কাচ্চি বিরিয়ানি ১৮ থেকে ২০ ডলারে বিক্রি হয়, সেখানে মামা নাহিদের প্রতিষ্ঠানে কাচ্চি বিরিয়ানি পাওয়া যায় মাত্র ১২ ডলারে। দেশি ভাত, মাছ ও মাংসের খাবারের প্যাকেজ ৯-১০ ডলারে পাওয়া যায়। তার দোকানে আসা কাস্টমারদের মতে মামা নাহিদের আচরণ যেমন চমৎকার, তেমনি খাবারের স্বাদও অসাধারণ, ফলে দূর-দূরান্ত থেকে মানুষ এখানে খেতে আসেন।
আরও পড়ুন: হাতিরঝিলে ভোরের দৌড়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ছিলেন তারকারাও
নাহিদ খান নিজে রান্না করেন, যা বাড়তি শেফের বেতন ও মার্জিন যোগ না করেই কম দামে খাবার বিক্রির পেছনের গল্প তুলে ধরে। তিনি জানান, ব্যবসা করতে হবে, আবার কম লাভের মার্জিনে মানুষকে খাওয়াতেও হবে। শুধুমাত্র মুনাফা করাই তার লক্ষ্য নয়। মানুষের সেবা করা, মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা থেকেই তিনি এ ব্যবসা ও সহযোগিতা চালিয়ে যাচ্ছেন। তার কাছে মানুষের উপকার ও সহযোগিতা করাটাই ব্যবসা এবং এক ধরনের ইবাদত।
ফ্রেশ বেকারি অ্যান্ড সুইটসসহ তার প্রতিষ্ঠানে প্রতিদিন নিত্যনতুন ও তাজা খাবারের সমাহার থাকে। প্রতি শুক্রবার ও রবিবার বিশেষভাবে কাচ্চি বিরিয়ানি ও তেহারি বিরিয়ানি রাখা হয়। সপ্তাহের অন্যান্য দিন একেক দিন একেকটি বিশেষ আইটেমসহ প্রতিদিন তাজা খাবার সরবরাহ করা হয়। সবচেয়ে বড় বিষয় হলো, এখানে শতভাগ হালাল খাবার পরিবেশন করা হয়। হালাল সার্টিফায়েড মাংস দিয়ে প্রতিটি রান্না সম্পন্ন করা হয়। ফলে নাহিদ খানের রেস্টুরেন্টের খাবার বাংলাদেশিদের কাছে অপ্রতিদ্বন্দ্বী।
নাহিদ খান নিজেই তার কাজ করেন। কেউ না থাকলে নিজের প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতার কাজও করেন নিজে। তিনি বলেন, ‘বড়লোকি করি না, নিজের কাজ নিজে করি, কোনো কাজই আমার কাছে ছোট নয়।’
আরও পড়ুন: ঠোঁটের চারপাশে বলিরেখা: ধূমপান ছাড়াই দূর করার উপায়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন