ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ, সরকার গঠনের আরও কাছে আইজেনকোট


নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ, সরকার গঠনের আরও কাছে আইজেনকোট

ইসরাইলের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব গ্রহণকারী ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট এবং ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান জোট চুক্তি স্বাক্ষরের বিষয়ে সম্মত হয়েছেন। এই চুক্তির ফলে ইসরাইলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য সরকার গঠনের পথ আরও কঠিন হয়ে উঠেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উভয় দলের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা আনাদোলু।

একটি যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, ‘ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোট এবং ডেমোক্র্যাটস পার্টির চেয়ারম্যান ইয়ার গোলান দুই দলের মধ্যে একটি জোট চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছেন।’

আরও পড়ুন: গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের ‘মানবঢাল’ হিসেবে ব্যবহারের স্বীকারোক্তি ইসরায়েলি সেনাদের

তবে, চুক্তির শর্তাবলি প্রকাশ করেনি উভয় দল।

সরকার গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে, এর কয়েক দিন আগে আইজেনকোট ইসরাইল বেইতেনু পার্টির নেতা আভিগদর লিবারম্যানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর কথা জানিয়েছিলেন।

ইসরাইলে জোট চুক্তির মাধ্যমে সরকারে দলগুলোর পারস্পরিক সহযোগিতার ধরন, তাদের অঙ্গীকার, নীতি, আইন প্রণয়ন এবং পার্লামেন্টে ভোটের ক্ষেত্রে সমন্বয়ের বিষয়গুলো নির্ধারণ করা হয়।

আইজেনকোটের ইয়াশার, লিবারম্যানের ইসরাইল বেইতেনু, নাফতালি বেনেটের টুগেদার এবং গোলানের ডেমোক্র্যাটস পার্টি নিয়ে গঠিত হয়েছে ‘চেঞ্জ ব্লক’।

আরও পড়ুন: চলন্ত এসি ট্রেনে প্রদীপ জ্বালিয়ে পূজা ও শঙ্খধ্বনি ভারতীয় হিন্দুর

১২০ আসনের ইসরাইলি পার্লামেন্ট নেসেটে এই জোটের আসনসংখ্যা ৪৮। ইউনাইটেড তোরাহ জুডাইজম ও শাস পার্টির সমর্থন পেলে, জোটটি ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হবে।

পার্লামেন্টে ১৯টি আসন রয়েছে আরব দলগুলোর। বেনিয়ামিন নেতানিয়াহুকে নতুন সরকার গঠন থেকে রোধ করতে আইজেনকোটের নেতৃত্বাধীন সরকারকে পার্লামেন্টে সমর্থন দিতে প্রস্তুত বলে জানিয়েছে দলগুলো।

সরকার গঠনের জন্য আইজেনকোটের হাতে ৬ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে। তিনি চাইলে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে একবারের জন্য ১৪ দিনের সময় বাড়ানোর আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের নতুন প্রধান হচ্ছেন স্প্যানিশ অর্থনীতিবিদ পাবলো হার্নান্দেজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চকরিয়ায় ডাকাত দলের সর্দার তৌহিদ গ্রেফতার, ২৫ মামলার আসামি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১২:০৫ এম


চকরিয়ায় ডাকাত দলের সর্দার তৌহিদ গ্রেফতার, ২৫ মামলার আসামি

কক্সবাজারের চকরিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের কথিত সর্দার ও চাঞ্চল্যকর গিয়াস উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি তৌহিদুল ইসলাম, যিনি তৌহিদ ডাকাত নামে পরিচিত, তাকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।

তৌহিদের বিরুদ্ধে কক্সবাজার, চট্টগ্রাম ও বান্দরবানের বিভিন্ন থানায় হত্যা, অপহরণ, ডাকাতি, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ ২৫টির বেশি মামলা রয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে চকরিয়া থানা হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থানার ওসি আরিফুর রহমান। তিনি বলেন, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে চকরিয়ার বরইতলী ইউনিয়নের রসুলাবাদ এলাকায় অভিযান চালিয়ে তৌহিদকে গ্রেফতার করা হয়। জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানের দিকনির্দেশনায় চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজের তত্ত্বাবধানে চকরিয়া থানা, রামু থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গত ১২ নভেম্বর পূর্ব বড় ভেওলার ঈদমনি উত্তরপাড়া ও ফাঁসিয়াখালীর উচিতার বিল এলাকায় সংঘটিত দুটি ডাকাতির ঘটনায় স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন ও মোটরসাইকেল লুটের অভিযোগ রয়েছে তৌহিদের বিরুদ্ধে। এ ছাড়া ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর মাতামুহুরী সেতু এলাকায় গিয়াস উদ্দিন অপহরণ ও হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি তিনি।

গ্রেফতারের সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল, লুণ্ঠিত একটি ইয়ামাহা এফজেডএস মোটরসাইকেল এবং তিনটি ইমিটেশনের চেইনসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, পুলিশের প্রাথমিক অনুসন্ধানে তৌহিদের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একটি আন্তঃজেলা ডাকাত দল সক্রিয় থাকার তথ্য পাওয়া গেছে। অপরাধলব্ধ অর্থে চকরিয়ার কাকারা ও বান্দরবানের লামার ফাইতং এলাকায় বাড়িসহ সম্পদ গড়ে তোলার তথ্যও মিলেছে। তার সহযোগী ও অবৈধ সম্পদের উৎস শনাক্তে অনুসন্ধান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদ সম্মেলনে থানার ওসি ছাড়াও পরিদর্শক (তদন্ত) নুরে আলম মাছুম ছিদ্দিকী ও অপারেশন অফিসার উপপরিদর্শক (এসআই) জিয়াউল হকসহ থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরগঞ্জ জামায়াতের আমির নির্বাচিত হলেন সাবেক শিবির নেতা সামিউল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১২:০৬ এম


সুন্দরগঞ্জ জামায়াতের আমির নির্বাচিত হলেন সাবেক শিবির নেতা সামিউল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের আমির হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক শিবির নেতা মো. সামিউল ইসলাম।

গাইবান্ধা শহরের দারুল আমান ট্রাস্টের জেলা কার্যালয়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে জেলা জামায়াতের আয়োজনে নবনির্বাচিত উপজেলা আমিরদের শপথ গ্রহণের অনুষ্ঠানে তিনি শপথ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা জামায়াতের আমির ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির ডা. আব্দুর রহিম সরকার। শপথবাক্য নবনির্বাচিত আমিরদের পড়ান জেলা আমির মো. আব্দুল করিম।

সামিউল ইসলামের সাংগঠনিক জীবন শুরু হয় ছাত্রশিবিরের মাধ্যমে। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক এবং রংপুর মহানগরীর সভাপতি ছিলেন। ছাত্রসংগঠনে দায়িত্ব পালন করার পর তিনি জামায়াতে ইসলামীতে উপজেলা পর্যায়ের সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হন। ২০২৫-২৬ সেশনের শুরুতে সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারি নির্বাচিত হন। এরপর ভারপ্রাপ্ত সেক্রেটারি এবং সর্বশেষ সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। সাংগঠনিক বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের ধারাবাহিকতায় এবার উপজেলা আমির নির্বাচিত হয়ে ২০২৭-২০২৮ সেশনে সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের দায়িত্বভার গ্রহণ করলেন তিনি।

আমির হিসেবে শপথ গ্রহণের পর সামিউল ইসলাম বলেন, "দায়িত্ব কোনো পদ-পদবি বা সম্মানের বিষয় নয়, এটি মহান আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক পবিত্র আমানত। সংগঠনের গঠনতন্ত্র, আদর্শ ও শৃঙ্খলা অনুসরণ করে সব পর্যায়ের নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ঐক্য, ভ্রাতৃত্ব ও ভালোবাসার বন্ধনে সুন্দরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করতে চাই। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে এই আমানতের হক আদায়ে সবার দোয়া, সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিহত গালিবের মাকে চাকরি দিলেন বগুড়া সিটি প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১২:০৬ এম


নিহত গালিবের মাকে চাকরি দিলেন বগুড়া সিটি প্রশাসক

বগুড়ায় দুর্বৃত্তদের হামলায় নিহত স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিবের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নগর ভবনে নিহত গালিবের মা ইয়াসমিন খাতুনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন সিটি প্রশাসক।

ইয়াসমিন খাতুন বগুড়া সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের ঠনঠনিয়া নতুনপাড়া এলাকার বাসিন্দা। গত ১৯ নভেম্বর রাতে দুর্বৃত্তদের হামলায় স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিব নিহত হয়। সন্তানকে হারিয়ে পরিবারটি চরম শোক ও অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছে। এই পরিস্থিতিতে পরিবারটির আর্থিক সচ্ছলতা ও মায়ের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে বগুড়া সিটি করপোরেশন এ উদ্যোগ গ্রহণ করেছে।

নিয়োগপত্র তুলে দেওয়ার সময় সিটি প্রশাসক এমআর ইসলাম স্বাধীন বলেন, "নিহত গালিবের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। তার মায়ের কর্মসংস্থানের ব্যবস্থা করার মাধ্যমে পরিবারটির পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে বগুড়া সিটি করপোরেশন থাকবে।"

এ সময় বগুড়া সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুজ্জামান উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ ৪ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১২:০৭ এম


সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ ৪ জন গ্রেফতার

সিলেটের একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতার হওয়া নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে আব্দুল্লাহ শাওন আরমান এবং তার দুই ভাইসহ মোট চারজনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুল হাসানের আদালতে তাদের হাজির করা হলে শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

কারাগারে পাঠানো অপর তিনজন হলেন বদির ছোট ভাই আব্দুর শুক্কুর, আব্দুল আমিন এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন।

আদালত সূত্রে জানা গেছে, সম্প্রতি টেকনাফে সংঘটিত সহিংসতার ঘটনায় করা দুটি মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ এসব মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেছিল। তবে শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কক্সবাজার আদালত পুলিশের পরিদর্শক আবদুল বাতেন মৃধা জানান, টেকনাফে সহিংসতার ঘটনায় থানায় করা দুটি মামলায় চারজনকে গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, গত মঙ্গলবার (২৪ নভেম্বর) মধ্যরাতে সিলেটের একটি আবাসিক হোটেল থেকে সিলেট মহানগর পুলিশ চারজনকে গ্রেফতার করে। পরে বুধবার রাতে তাদের কক্সবাজারে নিয়ে আসা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%