বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
১১:০৬ পি.এম
ভারতের চলন্ত ট্রেনের ভিতরে তেলের প্রদীপ জ্বালিয়ে এক যাত্রীর ধর্মীয় আচার পালনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে। বহু নেটিজেন অগ্নিনিরাপত্তা এবং সহযাত্রীদের জীবন ঝুঁকিতে ফেলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ট্রেনের কামরায় বসে এক ব্যক্তি শঙ্খ বাজাচ্ছেন এবং আরতি করছেন। তার পাশে একটি ছোট টেবিলে জ্বলন্ত মাটির প্রদীপ, হিন্দু দেবতার বাঁধানো ছবি, ফুল এবং অন্যান্য পূজার সামগ্রী সাজানো রয়েছে। ধুতি পরা এবং কপালে তিলক কাটা ওই যাত্রীকে চলন্ত ট্রেনের মধ্যেই এই পূজার আনুষ্ঠানিকতা পালন করতে দেখা যায়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা তীব্র সমালোচনা শুরু করেছেন। জনাকীর্ণ একটি ট্রেনের কামরার ভেতরে কীভাবে খোলা আগুন জ্বালানোর অনুমতি দেওয়া হলো, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। যদিও ধর্মীয় আচার পালন ব্যক্তিগত পছন্দের বিষয়, তবুও বহু যাত্রীবহনকারী একটি বদ্ধ জায়গার ভেতরে তেলের প্রদীপ জ্বালানো ভয়াবহ অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি করতে পারে।
ভারতীয় রেলের প্রতিক্রিয়া
ভাইরাল হওয়া এই ফুটেজের প্রেক্ষিতে ভারতীয় রেলওয়ে ঘটনাটি তদন্তের জন্য বিস্তারিত তথ্য চেয়েছে। রেল কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল ‘রেলওয়ে সেবা’ অ্যাকাউন্টের মাধ্যমে ব্যবহারকারীদের কাছে ভ্রমণের তারিখ, ট্রেন নম্বর এবং পিএনআর নম্বর শেয়ার করার অনুরোধ জানিয়েছে, যাতে ঘটনাটি শনাক্ত করে যথাযথ তদন্ত করা যায়।
এছাড়া ট্রেনের ভেতরে খোলা আগুন বা দাহ্য পদার্থ বহনের মতো যেকোনো নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা তাৎক্ষণিকভাবে জানানোর জন্য যাত্রীদের আহ্বান জানিয়েছে রেল কর্তৃপক্ষ। যাত্রীরা ‘রেলমদদ’ পোর্টালের মাধ্যমে অথবা ১৩৯ হেল্পলাইন নম্বরে কল করে এ ধরনের ঘটনার অভিযোগ জানাতে পারবেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া
ভিডিওটি অনলাইনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সহযাত্রীদের জীবন ঝুঁকিতে ফেলার অভিযোগে ওই যাত্রীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অনেকেই। কেউ কেউ আবার সাধারণ নাগরিক সচেতনতা এবং রেলের নিরাপত্তাবিধি সম্পর্কে জ্ঞানের অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন।
এক ব্যবহারকারী লিখেছেন, "না, আমি এটি সমর্থন করি না—এমনকি কোনো সম্মানিত ব্যক্তিও যদি এটি করে থাকেন তবুও না। তিনি কেবল লাইকের আশায় এই ভিডিও বানিয়েছেন। বাস বা ট্রেনে প্রদীপ জ্বালানো ও শঙ্খ বাজানো কোনোভাবেই অনুমোদন করা উচিত নয়—এতে হিন্দু ধর্মীয় আচার-অনুষ্ঠান নিয়ে আরও বেশি উপহাস তৈরি হবে।"
আরেকজন মন্তব্য করেছেন, "শিক্ষা এবং সাধারণ নাগরিক সচেতনতার অভাব।" তৃতীয় আরেকজন লিখেছেন, "আমরা কি সত্যিই এগুলোকে স্বাভাবিক বিষয় হিসেবে মেনে নিচ্ছি? পূজা করা ব্যক্তিগত পছন্দের ব্যাপার, কিন্তু ট্রেনের ভেতরে আগুন জ্বালানো চরম কাণ্ডজ্ঞানহীন ও দায়িত্বহীন কাজ। এর ফলে শত শত যাত্রীর জীবন ঝুঁকির মুখে পড়ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–-২০২৬ উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে, যা ছিল বর্ণাঢ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁও) আসনের সংসদ সদস্য মো. আক্তারজ্জামান বাচ্চু। সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুর রহমান।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শফিকুল ইসলাম মানিক বক্তব্য রাখেন। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সফল খামারি বোরহান উদ্দিন, গফরগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌফিক হাসান শাওন এবং গফরগাঁওয়ের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব শাহ আব্দুল আল মামুন।
সংসদ সদস্য মোহাম্মদ আখরুজ্জামান বাচ্চু প্রধান অতিথির বক্তব্যে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং খামারিদের স্বাবলম্বী করে তোলার বিষয়গুলোতে গুরুত্বারোপ করেন। তিনি সকল সংশ্লিষ্টকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, খামারি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর মিরপুরে অবস্থিত ডারল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুলে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে স্টেম ফেয়ার ২০২৬। এই ফেয়ারে শিক্ষার্থীরা তাদের নিজস্ব তৈরি বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক প্রকল্প প্রদর্শন করেছে। তারা সৌরবিদ্যুৎ উৎপাদন, মাটিবিহীন কৃষি এবং বন্যা মোকাবিলার মতো বিভিন্ন সমস্যা সমাধানের উদ্ভাবনী ধারণা তুলে ধরেছে।
ব্রিটিশ কারিকুলামে তিন দশকেরও বেশি সময় ধরে পরিচালিত প্রতিষ্ঠানটির আয়োজনে এই মেলায় শিক্ষার্থীরা বইয়ে শেখা বিজ্ঞানের বাস্তব প্রয়োগ প্রদর্শন করেছে। আয়োজকরা জানিয়েছেন, চারপাশের সমস্যা চিহ্নিত করে বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে সেগুলোর সমাধানের চর্চা থেকেই ভবিষ্যতে বড় উদ্ভাবনের পথ তৈরি হতে পারে।
মেলায় শিক্ষার্থীরা সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদন, মাটি ছাড়া কৃষিকাজ বা হাইড্রোপনিক পদ্ধতিতে চাষাবাদ এবং বন্যা মোকাবিলার বিভিন্ন প্রকল্প উপস্থাপন করেছে। তারা এসব প্রকল্পের কার্যপদ্ধতিও দর্শনার্থীদের সামনে তুলে ধরেছে।
প্রতিযোগিতায় সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে স্ট্যান্ডার্ড সেভেনের ‘এন্ডোসিম্বায়োসিস অ্যান্ড হাইড্রোপনিক ফার্মিং’ প্রকল্প। মিডল বিভাগে স্ট্যান্ডার্ড সিক্সের ‘অটোমেটেড ফায়ারফাইটার’ এবং জুনিয়র বিভাগে স্ট্যান্ডার্ড থ্রির ‘ওয়াটার সাইকেল’ প্রকল্প চ্যাম্পিয়ন হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিয়ারসনের বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ম্যানেজার আবদুল্লাহ আল মামুন লিটন এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আইসিটি বিভাগের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাসুদ রানা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কক্সবাজারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনের মাধ্যমে ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে তিন দিনব্যাপী এ সপ্তাহের উদ্বোধন করা হয়। এই আয়োজন আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চলবে।
জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আবদুল মান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এড. শামীম আরা বেগম স্বপ্না।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সমন্বয়ের দায়িত্ব পালন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ এম খালেকুজ্জামান। এ সময় জেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খামারি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনের কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে অতিথিরা প্রাণিসম্পদ প্রদর্শনী পরিদর্শন করেন এবং খামারিদের উৎপাদিত পণ্য ও বিভিন্ন উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন। এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বক্তারা উল্লেখ করেন, প্রাণিসম্পদ খাত দেশের গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতের টেকসই উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে প্রাণিজ পণ্য রপ্তানির সম্ভাবনা কাজে লাগাতে সরকারি ও বেসরকারি উদ্যোগকে আরও জোরদার করার প্রয়োজন রয়েছে।
তারা প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী ও আধুনিক করার লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মন্তব্য করেছেন যে, পাকিস্তানের মতো বাংলাদেশও ভারতের ‘পানি আগ্রাসনের’ শিকার। তিনি বলেন, নয়াদিল্লি বাংলাদেশের উত্তরাঞ্চলের বিশাল অংশকে মরুভূমিতে পরিণত করার চেষ্টা করছে।
গত বুধবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পার্লামেন্ট হাউসে সফররত বাংলাদেশি সংসদ সদস্য এবং পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রতিনিধিদের মধ্যে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানের আয়োজন করেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারা।
মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন উল্লেখ করেন, ভারত থেকে ৫০টিরও বেশি ছোট-বড় নদী বাংলাদেশে প্রবেশ করেছে। কিন্তু নয়াদিল্লি একের পর এক বাঁধ নির্মাণ করে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত করছে। তিনি অভিযোগ করেন, কিছু নদীর উৎপত্তিস্থল চীনে হওয়া সত্ত্বেও ভারত বাংলাদেশকে শাস্তি দেওয়ার চেষ্টা করছে। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে এই প্রবণতা বেড়েছে বলে তিনি জানান, শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের একটি ‘উপনিবেশে’ পরিণত করেছিলেন।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রসঙ্গ টেনে স্পিকার বলেন, ১৯৭১ সালের ডিসেম্বরে স্বাধীনতার পর থেকে দেশ সামরিক ও বেসামরিক উভয় ধরনের কর্তৃত্ববাদী শাসন দেখেছে। তিনি বলেন, ‘আমাদের বেসামরিক স্বৈরশাসকরাই ছিল সবচেয়ে ভয়াবহ। শেখ হাসিনার অধীনে দেশে ১৫ বছর ধরে একদলীয় শাসন চাপিয়ে দেওয়া হয়েছিল।’
আওয়ামী লীগকে একটি ‘সন্ত্রাসী’ ও ‘দুর্বৃত্ত’ সংগঠন হিসেবে আখ্যায়িত করে তিনি জানান, দলটিকে নিষিদ্ধ করা না হলেও জনদাবির মুখে তাদের রাজনৈতিক কার্যক্রম সীমিত করা হয়েছে।
সভায় উপস্থিত বাংলাদেশি প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরাও ঢাকা ও ইসলামাবাদের মধ্যকার সম্পর্ক ইচ্ছাকৃতভাবে নষ্ট করার জন্য শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলকে দায়ী করেন। প্রতিনিধিদলের সদস্যরা বলেন, ‘তিনি বাংলাদেশকে প্রতিবেশী দেশের উপনিবেশে পরিণত করেছিলেন। তবে আমরা অতীত ভুলে একটি নতুন, বন্ধুত্বপূর্ণ এবং ভ্রাতৃত্বপূর্ণ ভবিষ্যৎ গড়ে তুলতে চাই।’
ষাটের দশকের শেষের দিকে পাকিস্তান সেনাবাহিনীতে যোগদানের আগে কাকুলের পাকিস্তান মিলিটারি একাডেমিতে ক্যাডেট হিসেবে প্রশিক্ষণের স্মৃতিচারণ করেন হাফিজ উদ্দিন। তিনি সাম্প্রতিক সেই একাডেমি সফরকে স্মৃতিকাতর অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন। তিনি উল্লেখ করেন, উভয় দেশের মানুষই ঘনিষ্ঠ যোগাযোগ ও দৃঢ় সম্পর্ক চায় এবং আন্তর্জাতিক ফোরামগুলোতে বাংলাদেশ ও পাকিস্তান অভিন্ন অবস্থানের মাধ্যমে একে অপরকে সমর্থন করবে।
অনুষ্ঠানে পাকিস্তানি সাংবাদিকদের প্রশ্নের মূল কেন্দ্রবিন্দু ছিল দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবিত করার সম্ভাবনা, এই আঞ্চলিক জোটে চীনকে অন্তর্ভুক্ত করার বিষয়, ভারত থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ এবং আগামী ১৬ ডিসেম্বর তাঁর দেশে ফেরার কথিত পরিকল্পনা।
সভার শুরুতে পাকিস্তানের স্পিকার আয়াজ সাদিক বাংলাদেশি প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, তাঁরা নিজেদের বাড়িতেই এসেছেন। তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার অতিথিদের সম্মানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়ে অবহিত করেন, যেখানে বাংলাদেশ থেকে ইসলামাবাদে নিয়ে আসা পাকিস্তানি চলচ্চিত্র অভিনেত্রী শবনমের উপস্থিতির কথাও উল্লেখ করা হয়।
এদিকে, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি গ্রহণের ওপর জোর দিয়েছেন। তিনি সংসদীয় বিনিময়, বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা, শিক্ষাগত সম্পর্ক এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ