বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
১০:১৪ পি.এম
কাতার এবং পাকিস্তানের মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে, এমনটি জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি উল্লেখ করেছেন যে, তাদের মাধ্যমে বিভিন্ন ধারণা ও প্রস্তাব তেহরানের কাছে পৌঁছানো হচ্ছে। এই তথ্যটি প্রকাশিত হয়েছে আলজাজিরার প্রতিবেদনে।
আরাগচি ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার ফলস্বরূপ নতুন কিছু প্রস্তাব সামনে এসেছে। বর্তমানে এসব প্রস্তাব পর্যালোচনা করছে ইরান।
তবে, নতুন প্রস্তাব আসার পরও তেহরানের মূল অবস্থানে কোনো পরিবর্তন হয়নি বলে স্পষ্ট করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
তিনি উল্লেখ করেন, ‘আমাদের কিছু নির্দিষ্ট দাবি রয়েছে। এসব দাবি বাস্তবায়ন করতে হবে। আমাদের নীতিগত অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গ্রামবাসীদের বক্তব্য অনুযায়ী, প্রায় ৪০০ বছর ধরে বিভিন্ন ধর্মের লোকজন দোয়া ও প্রার্থনার জন্য পীর বাবার মাজারে আসছেন। বর্তমানে একটি জাতীয় মহাসড়ক নির্মাণের হাত থেকে মাজারটিকে রক্ষা করতে তারা দিনরাত অবস্থান করছেন।
বিহারের হায়াঘাট ব্লকের চন্দনপট্টি-রঘুনাথপুর এলাকায় ‘মাজার বাঁচাও সংগ্রাম মোর্চা’র নেতৃত্বে নারী, পুরুষ ও শিশুরা তাবু টানিয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে বসেছেন। ঘটনাস্থলে দেখা যায়, বয়স্ক নারীরা তরুণীদের পাশে বসে আছেন এবং পুরুষরা একটি ব্যানারের নিচে বিশ্রাম নিচ্ছেন। ব্যানারটিতে উল্লেখ করা হয়েছে, মাজারটি সব জাতি ও ধর্মের মানুষের বিশ্বাসের স্থান।
আন্তঃধর্মীয় সম্প্রীতির এক অনন্য উদাহরণ হিসেবে রাজেশ নামে এক হিন্দু যুবক মাজারটির নিরাপত্তার জন্য দোয়া কামনায় পীর বাবার মাজারে ‘কোরআনখানি’-র আয়োজন করেছেন। দ্য অবজারভার পোস্টের হাতে আসা জেলা প্রশাসনের একটি চিঠিতে বলা হয়েছে, ক্ষমতাসীন ও বিরোধী—উভয় দলের নেতারা এবং সব সম্প্রদায়ের লোকজন মাজারটির প্রতি তাদের শ্রদ্ধা ও বিশ্বাস জানাতে সেখানে উপস্থিত হয়েছেন।
গ্রামবাসীদের প্রধান অভিযোগ হলো, সড়কটির নকশা উদ্দেশ্যমূলকভাবে মাজারের দিকে সরিয়ে আনা হয়েছে। তারা জানান, ২০২০ সালে যখন ৫২৭ই জাতীয় মহাসড়কের দ্বারভাঙ্গা-রোসেরা অংশের নকশা চূড়ান্ত করা হয়েছিল, তখন সেটি মাজার থেকে প্রায় ৫০ ফুট দূরে ছিল এবং এতে মাজারের ক্ষতির সম্ভাবনা ছিল না।
গ্রামবাসীরা আরও অভিযোগ করেন, পরবর্তীতে মহাসড়কের অ্যালাইনমেন্ট পরিবর্তন করে মাজারের কাছাকাছি নিয়ে আসা হয়েছে এবং ২০২৫ সালের সংশোধিত মানচিত্রে মাজারটিকে সরাসরি সড়কের সীমানার ভেতরে ফেলা হয়েছে। তারা এই পদক্ষেপকে মাজারটি গুঁড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করছেন এবং উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যে ঘটে যাওয়া একই ধরনের ঘটনার সাথে এর মিল খুঁজে পাচ্ছেন।
একজন গ্রামবাসী জানান, জেলা প্রশাসন নিজেই সড়ক নির্মাণ বিভাগকে চিঠি লিখে সড়কের গতিপথ পরিবর্তনের অনুরোধ জানিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রস্তাবিত পরিকল্পনার জমিতে একটি মাজার, একটি কবরস্থান, একটি পেট্রোল পাম্প এবং একটি স্কুল রয়েছে। জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে মাজার কমিটির সাথে চার দফা বৈঠকের পর প্রশাসন মনে করছে যে, সড়কের গতিপথ পরিবর্তন করাই ‘যৌক্তিক বলে প্রতীয়মান হয়’।
তবে আগস্ট মাসে এই প্রকল্পে কর্মরত এক নির্বাহী প্রকৌশলী তার প্রতিবেদনে জানান, এই রুটের ৭০ শতাংশেরও বেশি জমির ক্ষতিপূরণ ইতোমধ্যেই পরিশোধ করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, এখন নকশা পরিবর্তন করলে প্রকল্পে বিলম্ব হবে এবং ইতোমধ্যে ব্যয় হওয়া অর্থের অপচয় হতে পারে। এই যুক্তিতে তিনি প্রস্তাবটি ফেরত পাঠান। বিভিন্ন প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের (এনএইচএআই) মতে, নকশা বদলাতে হলে প্রায় দুই কিলোমিটার পেছন থেকে কাজটি আবার শুরু করতে হবে।
গ্রামবাসীদের দাবি, প্রশাসন তাদের পছন্দের যেকোনো স্থানে ছাউনিসহ মার্বেল পাথর দিয়ে মাজারটি পুনর্নির্মাণের প্রস্তাব দিয়েছিল। কিন্তু গ্রামবাসীরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। গত ২২ আগস্টের বৈঠকে কবরস্থান কমিটি ও গ্রামবাসীরা আলোচনা থেকে সরে আসেন এবং অবস্থান ধর্মঘট শুরু করেন।
এই আন্দোলনে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতারাও সমর্থন দিয়েছেন। বিহারের সমাজকল্যাণ মন্ত্রী মদন সাহনি, স্বতন্ত্র সংসদ সদস্য পাপ্পু যাদব, কংগ্রেস নেতা ও সাবেক বিধায়ক শাকিল আহমদ খান এবং সাবেক বিধায়ক ফারাজ ফাতমি মাজার রক্ষায় গ্রামবাসীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। ইন্ডিয়া জোটের নেতারা দ্বারভাঙ্গার জেলা ম্যাজিস্ট্রেটের সাথে দেখা করে মহাসড়কের গতিপথ পরিবর্তন এবং ৪০০ বছরের পুরনো মাজারটি রক্ষার দাবিতে একটি স্মারকলিপিও জমা দিয়েছেন।
গত ৭ সেপ্টেম্বর ভূমি অধিগ্রহণ কার্যালয় কবরস্থানের তত্ত্বাবধায়ককে জানায় যে, ২৪ নম্বর দাগের জমির ক্ষতিপূরণ হিসেবে ৯ লাখ ৭৬ হাজার ৪৯৩ রুপি নির্ধারণ করা হয়েছে এবং ১৩ সেপ্টেম্বরের মধ্যে জমির কাগজপত্র নিয়ে দেখা করতে বলা হয়। যে পরিবারগুলো সেখানে তাদের প্রিয়জনদের দাফন করেন, তাদের কাছে বিষয়টি এমন দাঁড়িয়েছে যেন একটি কবরস্থানেরও এখন মূল্য নির্ধারণ করে দেওয়া হলো। তবে ৩০ সেপ্টেম্বর বিহার রাজ্য সংখ্যালঘু কমিশন এ বিষয়ে আপত্তি জানিয়ে চিঠি দেয় এবং নকশা পরিবর্তনের পরামর্শ দেয়।
বিষয়টি এখন পাটনা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। সেখানে মো. নাসিম নামে এক ব্যক্তি রাজ্য সরকার ও জাতীয় মহা সড়ক কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বিবাদী করে একটি রিট আবেদন করেছেন।
গত ১৯ নভেম্বর শুনানিতে রাজ্যের আইনজীবী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও সময় চান এবং জানান যে বিশেষজ্ঞরা সড়কের গতিপথ পরিবর্তনের দাবিটি পুনরায় খতিয়ে দেখতে পারেন। বিচারপতি অজিত কুমার মামলাটির পরবর্তী শুনানির দিন আগামী ১০ ডিসেম্বর ধার্য করেছেন।
উল্লেখ্য, এটি একটি বেশ বড় প্রকল্প। ২০২২ সালের জানুয়ারিতে ৪৯৫ দশমিক ১৬ কোটি রুপি ব্যয়ে ৩৯ দশমিক ৫০ কিলোমিটার দীর্ঘ এই সড়ক প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছিল। আপাতত মাজার, কবরস্থান এবং এর সামনে অবস্থান নেওয়া মানুষগুলো একটি চূড়ান্ত সমাধানের অপেক্ষায় প্রহর গুনছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুড়িগ্রামের রাজারহাটে প্রসবজনিত ফিস্টুলা রোগী শনাক্তকরণ কার্যক্রম শুরু হয়েছে।
এই ক্যাম্পেইনের উপলক্ষ্যে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজারহাট উপজেলা স্বাস্থ্য বিভাগ এবং পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলার নাজিমখান ইউনিয়নের রামকৃষ্ণ রায়পাড়া গ্রামের লক্ষণ মেম্বারের বাড়ির উঠানে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য প্রদান করেন কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাম্মেল হক, রাজারহাট উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রেজাউল করিম, প্রসূতিজনিত ফিস্টুলা ও এমপিডিএসআর সিআইপিআরবি কুড়িগ্রাম জেলা সমন্বয়কারী সুমন দাস এবং প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত।
এ সময় উপস্থিত ছিলেন পরিবার কল্যাণ পরিদর্শক (এফপিআই) মো. শহিদুল ইসলাম, পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) মালবিকা রানীসহ পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী ও স্থানীয় নারীরা। বক্তারা জানান, প্রসবজনিত ফিস্টুলা নারীদের জন্য একটি মারাত্মক স্বাস্থ্য সমস্যা। দীর্ঘ ও জটিল প্রসব, বাল্যবিবাহ এবং সন্তান জন্মদানের মধ্যে পর্যাপ্ত বিরতি না থাকার কারণে এ রোগের ঝুঁকি বৃদ্ধি পায়।
তারা বলেন, পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাম্মেল হক মন্তব্য করেন, ‘প্রসবজনিত ফিস্টুলা একটি মারাত্মক নারী স্বাস্থ্য সমস্যা। পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ, বাল্যবিবাহ রোধ এবং সন্তান জন্মদানে উপযুক্ত বিরতি বজায় রাখলে এ রোগ প্রতিরোধ করা সম্ভব।’
জানা গেছে, ১৫ দিনব্যাপী এই ক্যাম্পেইনের আওতায় পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রসবজনিত ফিস্টুলার সম্ভাব্য রোগী শনাক্ত করবেন। প্রাথমিকভাবে সন্দেহভাজন রোগীদের কুড়িগ্রাম জেলা সদর হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। রোগ নিশ্চিত হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ফিস্টুলা সেন্টারে (ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল) রেফার করা হবে।
সংশ্লিষ্টরা জানান, সেখানে রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হবে। পাশাপাশি যাতায়াত ব্যয় এবং দরিদ্র রোগীদের প্রয়োজন অনুযায়ী পুনর্বাসন সহায়তাও প্রদান করা হবে। উপজেলা স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশের (সিআইপিআরবি) কারিগরি সহায়তায় এই ক্যাম্পেইন শুরু হয়েছে। ফিস্টুলামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজারহাট উপজেলায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম জেলা ও মহানগরীর সকল থানা এবং ক্যান্টনমেন্ট বোর্ড, চট্টগ্রাম সেনানিবাস, চট্টগ্রামের অধিক্ষেত্রভূক্ত লাইসেন্সধারীর আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ ২০২৭ সালের নবায়নের জন্য নির্ধারিত তারিখ ঘোষণা করা হয়েছে। এই তারিখ অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম এর আগ্নেয়াস্ত্র শাখায় অস্ত্র সহকারে উপস্থিত হয়ে নবায়ন সম্পন্ন করতে হবে।
ক্যান্টনমেন্ট বোর্ড, চট্টগ্রাম সেনানিবাস, চট্টগ্রামের অধিক্ষেত্রভূক্ত লাইসেন্সধারীদের লাইসেন্সসমূহ নির্ধারিত সময়সূচি অনুযায়ী ক্যান্টনমেন্ট বোর্ড, চট্টগ্রাম সেনানিবাসে উপস্থিত হয়ে নবায়ন করা যাবে।
ঘোষিত তারিখ অনুযায়ী মহানগর এলাকা ১ হতে ৮ ডিসেম্বর, মিরসরাই ও সীতাকুন্ড উপজেলা ৯ থেকে ১০ ডিসেম্বর, সন্দ্বীপ ও বাঁশখালী উপজেলা ১৩ থেকে ১৪ ডিসেম্বর, ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলা ১৫ থেকে ২০ ডিসেম্বর নবায়ন করা হবে। এছাড়া রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলা ২১ থেকে ২২ ডিসেম্বর, বোয়ালখালী ও পটিয়া উপজেলা ২৩ থেকে ২৪ ডিসেম্বর, চন্দনাইশ ও আনোয়ারা উপজেলা ২৭ থেকে ২৮ ডিসেম্বর, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা ২৯ থেকে ৩১ ডিসেম্বর এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ডে ২১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন করা হবে।
ব্যক্তি পর্যায়ে পিস্তল/ রিভলবার নবায়ন ফি ২০ হাজার, ভ্যাট (১৫%) ৩ হাজার ও উৎসে কর (১০%) ১ হাজার ৫ শত টাকা, বন্দুক/ শর্টগান/ রাইফেল নবায়ন ফি ১০ হাজার, ভ্যাট ১ হাজার ৫ শত ও উৎসে কর ১ হাজার টাকা। প্রতিষ্ঠান পর্যায়ে লং ব্যারেল এর নবায়ন ফি ২০ হাজার, ভ্যাট ৩ হাজার ও উৎসে কর ১ হাজার ৫ শত টাকা, আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক পর্যায়ে লং ব্যারেল এর নবায়ন ফি ১০ হাজার, ভ্যাট ১ হাজার ৫ শত ও উৎসে কর ১ হাজার টাকা। এই ফি চালানের মাধ্যমে ব্যাংকে জমা দিতে হবে এবং ফি এর রশীদ, ভ্যাট ও উৎসে করের এ-চালান কপি, টিআইএন, এনআইডি, লাইসেন্সের ফটোকপি, মূলকপিসহ উপস্থিত হতে হবে। এ সময় লাইসেন্সধারীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
সনদপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং জাতীয় বেতন স্কেলের ৬ষ্ঠ ও তদুর্ধ গ্রেডভূক্ত চাকুরিরত/ অবসরপ্রাপ্ত ক্যাডার সার্ভিস কর্মকর্তাদের ক্ষেত্রে লাইসেন্স নবায়ন ফি প্রযোজ্য হবে না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে জারিকৃত আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০২৫ এর ৩১ এর (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী, আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ যথাসময়ে নবায়নে ব্যর্থ হলে, কারণ উল্লেখপূর্বক নবায়নের জন্য জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করতে হবে। আবেদন সন্তোষজনক হলে পূর্ণ লাইসেন্স ফি আদায়পূর্বক লাইসেন্স নবায়ন করা হবে। ব্যর্থতার কারণ সন্তোষজনক বিবেচিত না হলে লাইসেন্স বাতিলপূর্বক আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ মন্তব্য করেছেন যে, পলাতক ফ্যাসিস্ট সরকারের প্রধানদের দেশে ফিরে আসার কোনো ইতিহাস নেই। তাই কথিত ওই সরকার দেশে ফিরে আসবে এবং দেশের জনগণ তা গ্রহণ করবে—এমন আশা বা স্বপ্ন দেখা সঠিক হবে না। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীর খাল খনন কর্মসূচির কাজ সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রীর গোবিন্দগঞ্জে এই খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর আসন্ন সফর এবং উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণের অংশ হিসেবে পানিসম্পদ প্রতিমন্ত্রী বৃহস্পতিবার প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি মইনুল হাসান সাদিক, গোবিন্দগঞ্জ থানা বিএনপির আহবায়ক ফারুক আহমেদ, স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ