শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
১২:০৬ এম
বগুড়ায় দুর্বৃত্তদের হামলায় নিহত স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিবের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নগর ভবনে নিহত গালিবের মা ইয়াসমিন খাতুনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন সিটি প্রশাসক।
ইয়াসমিন খাতুন বগুড়া সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের ঠনঠনিয়া নতুনপাড়া এলাকার বাসিন্দা। গত ১৯ নভেম্বর রাতে দুর্বৃত্তদের হামলায় স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিব নিহত হয়। সন্তানকে হারিয়ে পরিবারটি চরম শোক ও অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছে। এই পরিস্থিতিতে পরিবারটির আর্থিক সচ্ছলতা ও মায়ের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে বগুড়া সিটি করপোরেশন এ উদ্যোগ গ্রহণ করেছে।
নিয়োগপত্র তুলে দেওয়ার সময় সিটি প্রশাসক এমআর ইসলাম স্বাধীন বলেন, "নিহত গালিবের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। তার মায়ের কর্মসংস্থানের ব্যবস্থা করার মাধ্যমে পরিবারটির পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে বগুড়া সিটি করপোরেশন থাকবে।"
এ সময় বগুড়া সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুজ্জামান উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিলেটের একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতার হওয়া নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে আব্দুল্লাহ শাওন আরমান এবং তার দুই ভাইসহ মোট চারজনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুল হাসানের আদালতে তাদের হাজির করা হলে শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
কারাগারে পাঠানো অপর তিনজন হলেন বদির ছোট ভাই আব্দুর শুক্কুর, আব্দুল আমিন এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন।
আদালত সূত্রে জানা গেছে, সম্প্রতি টেকনাফে সংঘটিত সহিংসতার ঘটনায় করা দুটি মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ এসব মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেছিল। তবে শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কক্সবাজার আদালত পুলিশের পরিদর্শক আবদুল বাতেন মৃধা জানান, টেকনাফে সহিংসতার ঘটনায় থানায় করা দুটি মামলায় চারজনকে গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, গত মঙ্গলবার (২৪ নভেম্বর) মধ্যরাতে সিলেটের একটি আবাসিক হোটেল থেকে সিলেট মহানগর পুলিশ চারজনকে গ্রেফতার করে। পরে বুধবার রাতে তাদের কক্সবাজারে নিয়ে আসা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুর সদর উপজেলার চৌরাস্তা একালায় মিছিলের পরিকল্পনা করা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এই অভিযানের সময় তাদের কাছ থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট ও ৭টি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন- আশরাফুল ইসলাম (২২), সোহাগ (২৩), সাব্বির আহমেদ (২০), সাদের হাসান (১৮), রাকিবুল ইসলাম রবিন (২২), রবিউল আকন্দ (২৫), রাজু (২৪), রিফাত (২৬), ইমন শেখ (২০), হানিফ (২২), মাহাবুব (১৮), নাহিদ হাসান (১৮), মনজু (২১), মাহিত (১৮) এবং রব্বানী (১৮)।
মামলা দায়েরের পর বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে পুলিশ তাদের আদালতে পাঠিয়েছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে ওই ১৫ জন মোটরসাইকেলযোগে রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় মিছিল করার উদ্দেশ্যে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর থানা পুলিশের একটি দল হোতাপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। ভোর ৬টা থেকে সকাল ৭টার মধ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশের তথ্যমতে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে শ্রীপুর মুক্তিযোদ্ধা কলেজ, রাজেন্দ্রপুর কলেজ, গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ ও ইকবাল সিদ্দিকী কলেজের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী ও সদস্য রয়েছেন। তাদের কয়েকজন ছাত্রলীগ নেতা রিপন মোল্লার ডাকে মিছিলে অংশ নিতে যাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে গাজীপুরের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল ও ঝটিকা কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বেড়েছে। এরই ধারাবাহিকতায় রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় মিছিলের প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ