শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
১২:০৭ এম
সিলেটের একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতার হওয়া নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে আব্দুল্লাহ শাওন আরমান এবং তার দুই ভাইসহ মোট চারজনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুল হাসানের আদালতে তাদের হাজির করা হলে শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
কারাগারে পাঠানো অপর তিনজন হলেন বদির ছোট ভাই আব্দুর শুক্কুর, আব্দুল আমিন এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন।
আদালত সূত্রে জানা গেছে, সম্প্রতি টেকনাফে সংঘটিত সহিংসতার ঘটনায় করা দুটি মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ এসব মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেছিল। তবে শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কক্সবাজার আদালত পুলিশের পরিদর্শক আবদুল বাতেন মৃধা জানান, টেকনাফে সহিংসতার ঘটনায় থানায় করা দুটি মামলায় চারজনকে গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, গত মঙ্গলবার (২৪ নভেম্বর) মধ্যরাতে সিলেটের একটি আবাসিক হোটেল থেকে সিলেট মহানগর পুলিশ চারজনকে গ্রেফতার করে। পরে বুধবার রাতে তাদের কক্সবাজারে নিয়ে আসা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুর সদর উপজেলার চৌরাস্তা একালায় মিছিলের পরিকল্পনা করা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এই অভিযানের সময় তাদের কাছ থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট ও ৭টি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন- আশরাফুল ইসলাম (২২), সোহাগ (২৩), সাব্বির আহমেদ (২০), সাদের হাসান (১৮), রাকিবুল ইসলাম রবিন (২২), রবিউল আকন্দ (২৫), রাজু (২৪), রিফাত (২৬), ইমন শেখ (২০), হানিফ (২২), মাহাবুব (১৮), নাহিদ হাসান (১৮), মনজু (২১), মাহিত (১৮) এবং রব্বানী (১৮)।
মামলা দায়েরের পর বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে পুলিশ তাদের আদালতে পাঠিয়েছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে ওই ১৫ জন মোটরসাইকেলযোগে রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় মিছিল করার উদ্দেশ্যে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর থানা পুলিশের একটি দল হোতাপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। ভোর ৬টা থেকে সকাল ৭টার মধ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশের তথ্যমতে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে শ্রীপুর মুক্তিযোদ্ধা কলেজ, রাজেন্দ্রপুর কলেজ, গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ ও ইকবাল সিদ্দিকী কলেজের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী ও সদস্য রয়েছেন। তাদের কয়েকজন ছাত্রলীগ নেতা রিপন মোল্লার ডাকে মিছিলে অংশ নিতে যাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে গাজীপুরের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল ও ঝটিকা কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বেড়েছে। এরই ধারাবাহিকতায় রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় মিছিলের প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ