০৫:১০ পি.এম
‘ধনী হওয়ার অর্থ সন্তানকে নতুন প্লেস্টেশন কিনে দেওয়া নয়। বরং স্কুল থেকে তাদের নিয়ে আসা, একসঙ্গে রাতের খাবার খাওয়া এবং কাজের চিন্তা দূরে রেখে তাদের পাশে থাকা।’—এভাবেই অভিভাবকত্ব ও প্রকৃত সম্পদের সংজ্ঞা তুলে ধরেছেন হলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা কেভিন হার্ট।
চার সন্তানের বাবা কেভিন হার্টের মতে, একজন অভিভাবক সন্তানের জন্য সবচেয়ে বড় যে উপহারটি দিতে পারেন, তা কোনো অর্থ দিয়ে কেনা সম্ভব নয়। সেটি হলো নিজের সময়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সন্তানদের প্রতি দায়িত্ব ও অগ্রাধিকারের জায়গাতেও পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন এই অভিনেতা।
সম্প্রতি পিপল সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের পারিবারিক জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন কেভিন হার্ট। তিনি জানান, পরিবারের সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্তই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সপ্তাহের নির্দিষ্ট দিনে টাকো খাওয়া, রোববার চায়নিজ খাবারের আয়োজন কিংবা পরিবারের সবাই মিলে সিনেমা দেখা—এসব অভ্যাসেই তৈরি হয়েছে তাঁদের পারিবারিক বন্ধন।
আরও পড়ুন: কনসার্টে দর্শক কর্তৃক বিয়ার ছোড়ার ঘটনায় গান থামালেন সোয়ে লি
শুধু বিশেষ কোনো আয়োজন নয়, প্রতিদিনের সাধারণ মুহূর্তগুলোতেও সন্তানদের পাশে থাকতে পছন্দ করেন তিনি। রাতের খাবারের আগে ও পরে সন্তানদের সঙ্গে সময় কাটান, তাদের কথা শোনেন এবং পারিবারিক আড্ডায় অংশ নেন। তাঁর বিশ্বাস, দামি উপহার দিয়ে এসব মুহূর্তের বিকল্প তৈরি করা যায় না।
বিপুল অর্থসম্পদ ও পেশাগত সাফল্য থাকলেও সন্তানদের সময় দেওয়ার বিষয়টিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন কেভিন হার্ট। তাঁর কাছে প্রকৃত সম্পদ মানে শুধু অর্থ কিংবা বিলাসী জীবনযাপন নয়; বরং প্রিয় মানুষদের পাশে থাকার স্বাধীনতা, তাদের সঙ্গে সময় কাটানোর সুযোগ এবং সন্তানদের ভালোবাসা ও নিরাপত্তার অনুভূতি দেওয়া।
কেভিন হার্টের এই উপলব্ধি যেন অভিভাবকত্বের এক সহজ অথচ গুরুত্বপূর্ণ সত্যকে সামনে আনে—সন্তানের কাছে সবচেয়ে মূল্যবান উপহার অনেক সময় কোনো বস্তু নয়, বরং মা-বাবার সান্নিধ্য।পিপলস সাময়িকী অবলম্বনে
আরও পড়ুন: ত্রিভুজ প্রেমের গল্প ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে বানসালির বার্তা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন