মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:৩৬ পি.এম
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর মন্তব্য করেছেন যে, ঝালকাঠির জনগণের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করা অপরিহার্য। উন্নয়ন বঞ্চিত এই এলাকার উন্নয়নের জন্য সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে।
তিনি উল্লেখ করেন, সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হলো আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সুশাসন নিশ্চিত করা।
আজ ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে আহম্মদ সোহেল মনজুর এসব বিষয় তুলে ধরেন। সভাটি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণ ও উন্নয়নমূলক কার্যক্রমসহ সরকারি কার্যাবলী তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী আরও জানান, সরকারি সেবায় যেকোনো অনিয়ম, দুর্নীতি ও হয়রানি রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল উপস্থিত ছিলেন।
সভায় ঝালকাঠি জেলার চলমান ও প্রস্তাবিত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি নিয়েও আলোচনা করা হয়।
এতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তবর্গ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং ইরানি হামলার ফলে যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক ক্ষেত্রে ব্যাপক ক্ষতির একটি চাঞ্চল্যকর চিত্র প্রকাশ করেছে পেন্টাগনের প্রধান তদারকি সংস্থা। সোমবার প্রকাশিত পেন্টাগন ওয়াচডগ রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ৩০ জুনের মধ্যে মধ্যপ্রাচ্যে ইরানি হামলায় অন্তত ডজনখানেক যুদ্ধবিমান ও সামরিক ড্রোন ধ্বংস হয়েছে এবং শতাধিক ভবন ও অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংবাদমাধ্যম আল জাজিরার বিশ্লেষণে পেন্টাগন রিপোর্টের এই তথ্য উঠে এসেছে, যা ওয়াশিংটনের পূর্ববর্তী স্বীকার করা ক্ষতির তুলনায় অনেক বেশি।
সামরিক বিমান ও ড্রোনের ধ্বংসস্তূপ
রিপোর্ট অনুযায়ী, মার্কিন বাহিনী অন্তত ৩০টি এমকিউ-৯ রিপার (MQ-9 Reaper) ড্রোন হারিয়েছে। এ ছাড়া এফ-১৫ই (F-15E) যুদ্ধবিমান, অত্যাধুনিক এফ-৩৫এ (F-35A) স্টিলথ ফাইটার, এ-১০ গ্রাউন্ড-অ্যাটাক এয়ারক্রাফট, কেসি-১৩৫ (KC-135) রিফুয়েলিং ট্যাঙ্কার, এবং বেশ কয়েকটি উদ্ধারকারী ও অ্যাটাক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এমনকি ২৪০ মিলিয়ন ডলার মূল্যের এমকিউ-৪সি ট্রাইটন (MQ-4C Triton) ড্রোন এবং অ্যাপাচি (AH-64 Apache) হেলিকপ্টারও ইরানি হামলার শিকার হয়েছে।
প্রাণহানি ও আহত সেনা
প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, এই সংঘাত চলাকালীন অন্তত ১১ জন মার্কিন সামরিক কর্মকর্তা শত্রুর হামলায় (Killed in Action) নিহত হয়েছেন এবং ৭ জন অ-যুদ্ধজনিত দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। পাশাপাশি ৩০ জুনের মধ্যে অন্তত ৪১৭ জন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন।
সামরিক ঘাঁটি ও কূটনৈতিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত
সৌদি আরব, কুয়েত, ইরাক, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ইনস্টলেশনের শতাধিক ভবনে আঘাত হেনেছে ইরানি মিসাইল ও ড্রোন।
শুধু সামরিক ঘাটেই নয়, ইরাক, কুয়েত, সৌদি আরব ও ইউএই-তে অবস্থিত মার্কিন কূটনৈতিক দপ্তরগুলোও মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। এই কূটনৈতিক ভবনগুলোর ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণে প্রায় ১৮৪ মিলিয়ন ডলার খরচ হবে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে শুধু ইরাকের মার্কিন মিশনই ৬০০টিরও বেশি হামলার মুখোমুখি হয়ে প্রায় ১৫৭ মিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছে।
অস্ত্র ও গোলাবারুদের সংকট
পেন্টাগনের রিপোর্টটি ওয়াশিংটনের অভ্যন্তরীণ অস্ত্র সংকটের বিষয়টিও সামনে এনেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে প্রচুর পরিমাণ অত্যাধুনিক অস্ত্র তৈরির দাবি করলেও, পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে—অস্ত্র ও গোলাবারুদের ঘাটতির পাশাপাশি সরবরাহের ক্ষেত্রে জটিলতা (Bottlenecks) তৈরি হয়েছে।
বিশ্ববাজার ও মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে মার্কিন বাহিনীর এই বিপুল আর্থিক ও সামরিক ক্ষতি একটি বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দৈনিক আজকের সারাদেশ পত্রিকার মালিকানা হস্তান্তরের পর তা অস্বীকার এবং হস্তান্তর প্রক্রিয়ায় গড়িমসির অভিযোগে সৈয়দ নাজমুল আলম পারভেজের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ফরিদপুর প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও একাধিকবারের নির্বাচিত সাবেক সহসভাপতি শেখ ফয়েজ আহমেদ।
গত ৩০ আগস্ট শেখ ফয়েজ আহমেদ জিডিটি করেন। এর নম্বর ২৪৭৯। জিডিতে পত্রিকার মালিকানা হস্তান্তরের বিষয়টি অস্বীকার করার অভিযোগের পাশাপাশি একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে নিজের জীবনের ক্ষতির আশঙ্কার কথাও উল্লেখ করেছেন তিনি।
জিডি সূত্রে জানা যায়, আর্থিক সংকটের কারণে সৈয়দ নাজমুল আলম পারভেজ ২০২০ সালের ২৭ জুলাই ফরিদপুরের বিজ্ঞ নোটারি পাবলিকের মাধ্যমে একটি হস্তান্তরনামা সম্পাদন করে দৈনিক আজকের সারাদেশ পত্রিকার মালিকানা শেখ ফয়েজ আহমেদের কাছে হস্তান্তর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ওই হস্তান্তরনামার রেজিস্ট্রেশন নম্বর ৫৫১ বলে জিডিতে দাবি করা হয়েছে।
শেখ ফয়েজ আহমেদের অভিযোগ, মালিকানা হস্তান্তরের পর সৈয়দ নাজমুল আলম পারভেজ দীর্ঘদিন অনুপস্থিত ছিলেন। বর্তমানে একটি সংঘবদ্ধ মহলের প্ররোচনায় তিনি ওই হস্তান্তরের বিষয়টি অস্বীকার করছেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে বলেও জিডিতে উল্লেখ করা হয়।
জিডিতে আরও দাবি করা হয়েছে, সৈয়দ নাজমুল আলম পারভেজের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ গ্রহণের পর তা পরিশোধ না করার অভিযোগে বিভিন্ন সময়ে মামলা হয়েছে। ফরিদপুর ও বাগেরহাটের আদালতে তার বিরুদ্ধে চেকসংক্রান্ত মামলাও রয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। এসব মামলার কোনো কোনোটি আদালতের রায় ও সাজা হয়েছে বলেও দাবি করেছেন অভিযোগকারী।
এ বিষয়ে শেখ ফয়েজ আহমেদ বলেন, “সৈয়দ নাজমুল আলম পারভেজ একজন স্বীকৃত প্রতারক। তাঁর পক্ষে সবকিছু অস্বীকার করা সম্ভব। ফরিদপুরের আদালতে একাধিক চেক প্রতারণা মামলায় তিনি দণ্ডিত হয়েছেন—এ কথা সবাই জানেন।”
তবে সৈয়দ নাজমুল আলম পারভেজ বিভিন্ন মাধ্যমে দৈনিক আজকের সারাদেশ পত্রিকা বিক্রি বা হস্তান্তরের বিষয়টি অস্বীকার করেছেন বলে জানা গেছে।
এদিকে, গত ১ সেপ্টেম্বর ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজারে সৈয়দ নাজমুল আলম পারভেজের মালিকানাধীন ‘আজকের সারাদেশ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে সেটি সিলগালা করেছে উপজেলা প্রশাসন। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটির বৈধ অনুমোদন না থাকা এবং সেখানে অপচিকিৎসা দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়।
পত্রিকার মালিকানা হস্তান্তর সংক্রান্ত বিরোধের বিষয়ে সংশ্লিষ্ট কাগজপত্র ও উভয় পক্ষের বক্তব্য যাচাই করে আইনগত বিষয়টি নির্ধারণের দাবি উঠেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা মহানগরীর যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব সংস্থা ও অংশীজনদের নিয়ে প্রতি ১৫ দিন পর সমন্বয় সভা অনুষ্ঠিত হবে, এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি উল্লেখ করেন, ঢাকা ও আশপাশের এলাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ যেন সমন্বিতভাবে সম্পন্ন হয়, সে বিষয়টি নিশ্চিত করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে যাতে একটি সংস্থা কাজ শেষ করার পর একই স্থানে অন্য সংস্থা নতুন করে খোঁড়াখুঁড়ি না করে।
মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ঢাকা মহানগরীর চলমান এবং গৃহীতব্য মেগা প্রকল্পের নির্মাণকাজজনিত যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকারের প্রধান উদ্দেশ্য হলো নগরবাসীকে স্বস্তি প্রদান করা, ভোগান্তি কমানো এবং জনস্বার্থে সময় ও অর্থের অপচয় রোধ করা। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তা খোঁড়াখুঁড়ির প্রবণতা বৃদ্ধি পায়। আন্তঃসংস্থা সমন্বয়ের মাধ্যমে ইউটিলিটি স্থানান্তর এবং অন্যান্য নির্মাণকাজ একই সময়ে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি জানান, এমআরটি, সেতু কর্তৃপক্ষ, সড়ক বিভাগ, সিটি করপোরেশন, ওয়াসা, ডেসাসহ বিভিন্ন সংস্থার মেগা প্রকল্পের কাজ তদারকিতে ফোকাল পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনার জন্য প্রতি ১৫ দিন পর পর সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। প্রয়োজনে কর্মকর্তা পর্যায়ে সাব-কমিটির মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হবে।
ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আধুনিক ট্রাফিক ব্যবস্থা চালু করা হয়েছে, জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এর ফলে যান চলাচলে দৃশ্যমান শৃঙ্খলা ফিরছে এবং নগরবাসী এর সুফল পাচ্ছেন। ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করে ইউটিলিটি স্থানান্তরের কাজ পরিচালনার নির্দেশও দেওয়া হয়েছে।
রাজধানীর ওপর যানবাহনের চাপ কমাতে গাবতলী, মহাখালী এবং ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড শহরের বাইরে স্থানান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে, বলেও জানান তিনি। ইতোমধ্যে জমি অধিগ্রহণ এবং সার্বিক পরিকল্পনার কাজ চলছে। এ সময় পর্যন্ত শহরের ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে অন্তর্বর্তীকালীন কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।
ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচলকে রাজধানীর যানজটের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মূল সড়কে থ্রি-হুইলার বা ছোট যানবাহনের চলাচল শৃঙ্খলাবহির্ভূত। ব্যাটারিচালিত অটোরিকশাকে নীতিমালার আওতায় আনার প্রক্রিয়া চলছে। তবে আকস্মিকভাবে কাউকে পুরোপুরি বেকার না করে পর্যায়ক্রমে এসব যানবাহনকে শৃঙ্খলার মধ্যে আনা হচ্ছে।
বিভিন্ন পিলারে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে গড়ে ওঠা চার্জিং পয়েন্টের বিরুদ্ধে অভিযান চলছে, জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে অসংখ্য অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সূচি নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিক ও আইনগত এখতিয়ার অনুযায়ী কাজ করে। তবে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় প্রয়োজন। নির্বাচন কমিশন প্রকাশিত সম্ভাব্য সূচি চূড়ান্ত নয়। আগামী ১৭ সেপ্টেম্বর সচিবদের অংশগ্রহণে আন্তঃমন্ত্রণালয় সভার মতামতের ভিত্তিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল প্রসঙ্গে তিনি বলেন, আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিবাদী শক্তির দুষ্কৃতকারীরা ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটিয়ে সাময়িক আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। গুলশান ও হাইকোর্ট সংলগ্ন এলাকায় সংঘটিত ঘটনাগুলোর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে সরকার বদ্ধপরিকর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জামায়াতে ইসলামীর নায়েবে আমির এবং রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম মন্তব্য করেছেন যে, বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে গণভোটের রায় বাস্তবায়ন না করে। তিনি উল্লেখ করেন, "শপথ গ্রহণের দিন থেকেই এই প্রতারণা শুরু হয়েছে।" এ কারণে গণরায় বাস্তবায়নের উদ্দেশ্যে ১১ দলীয় ঐক্য জোট লংমার্চ কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে।
মঙ্গলবার সকালে উল্লাপাড়ার হাটিকুমরুলে ন্যাশনাল ফুড ভিলেজ হোটেলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
৮ দফা দাবির ভিত্তিতে আগামী ১৯ মার্চ ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে লংমার্চ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
নায়েবে আমির বলেন, "২৪-এর গণঅভ্যুত্থানে যে লক্ষ্য নিয়ে ছাত্রজনতা আত্মাহুতি দিয়েছিলেন, সেই লক্ষ্য বাস্তবায়ন আমাদের সবার গুরুদায়িত্ব।" তিনি অভিযোগ করেন, বিএনপি এই দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। জনগণের রায় বাস্তবায়নের জন্য তারা বারবার দাবি জানিয়েছে, কিন্তু বিএনপি নানা অজুহাতে তাদের দাবিকে উপেক্ষা করছে। তিনি আরও জানান, বিএনপি সংসদ থেকে কয়েক দফা ওয়াক আউট করেছে এবং বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়েছে, তবুও সরকার তাদের কথায় কর্ণপাত করছে না।
এমপি এটিএম আজহারুল ইসলাম যোগ করেন, বিএনপি জনগণের রায়কে অস্বীকার করেছে। তিনি হুঁশিয়ারি দেন যে, এ রায় বাস্তবায়ন না হলে তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও উল্লাপাড়ার সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খানসহ জামায়াতের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ