০৭:৫৩ পি.এম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী দেলাওয়ার হোসেনের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ জারি করা হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে তাকে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।
শনিবার, নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং ঠাকুরগাঁওয়ের যুগ্ম জেলা ও দায়রা জজ সাদিয়া আফসানা রিমা স্বাক্ষরিত একটি নোটিশে এ নির্দেশনা উল্লেখ করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়েছে, দেলাওয়ার হোসেন এবং তার সমর্থক নেতা-কর্মীদের বিরুদ্ধে ঠাকুরগাঁও-১ নির্বাচনি এলাকায় ধর্মপ্রাণ ভোটারদের উসকানি দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার অভিযোগ আনা হয়েছে। সাধারণ ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মসজিদ ও ধর্মীয় উপাসনালয় ব্যবহারের অভিযোগও রয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটের কানাইঘাটে যুবক শাহাব উদ্দিনকে কুপিয়ে হত্যার অভিযোগ
অভিযোগের প্রেক্ষিতে দাখিল করা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫’-এর ১৫(খ) অনুচ্ছেদের বিধান লঙ্ঘনের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে নোটিশে জানানো হয়।
এ অবস্থায়, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনে লিখিত সুপারিশসহ প্রতিবেদন পাঠানো হবে না, সে বিষয়ে আগামী ১৯ অক্টোবর সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালত ভবনের ২১১ নম্বর কক্ষে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযোগের সমর্থনে প্রাসঙ্গিক সাক্ষ্য-প্রমাণ উপস্থাপনের আহ্বান জানানো হয়েছে।
নোটিশে আরও জানানো হয়েছে, অভিযোগের পূর্ণাঙ্গ অনুসন্ধান শেষে প্রয়োজনীয় সুপারিশসহ বিস্তারিত প্রতিবেদন নির্বাচন কমিশনে পাঠানো হবে।
এ বিষয়ে অভিযোগকারী হিসেবে মো. পয়গাম আলীর নাম উল্লেখ করা হয়েছে। তিনি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীর নির্বাচনি এজেন্ট।
আরও পড়ুন: দেয়ালজুড়ে আলপনার মেলবন্ধন, দুর্গাপূজার উৎসবে মেতেছে কোল জনগোষ্ঠী
অন্যদিকে, অভিযোগ ও কারণ দর্শানোর নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন জানান, ‘আমাদেরকে নোটিশ করা হয়েছে। আমরা এর যথোপযুক্ত লিখিত জবাব দেব।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন