১১:৩৩ এম
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং দেশটির জলবায়ুবিষয়ক মন্ত্রী ক্রিস বোয়েন সম্প্রতি চালু মাইক্রোফোনে অশালীন রসিকতা করে সমালোচনার মুখে পড়েছেন। তাদের কথোপকথন একটি ভিডিওতে ধরা পড়েছে, যা শুক্রবার অস্ট্রেলিয়ার চ্যানেল সেভেনে প্রথম প্রচারিত হয়।
এ ঘটনা তুরস্কের আনতালিয়ায় চলমান কপ৩১ জলবায়ু সম্মেলনের সময় ঘটে। ভিডিওতে দেখা যায়, আলবানিজ এবং বোয়েনের মধ্যে মুঠোফোন ব্যবহারের বিষয় নিয়ে আলোচনা চলছিল। আলবানিজ বোয়েনকে বলেন, হৃদ্যন্ত্রের কাছাকাছি মুঠোফোন রাখা উচিত নয়, কারণ এতে হৃদ্যন্ত্রের স্বাভাবিক ছন্দে সমস্যা হতে পারে। বোয়েন জবাবে বলেন, মুঠোফোন পকেটে রাখলে কী প্রভাব পড়ে, তা নিয়ে তিনি বেশি চিন্তিত। তখন আলবানিজ তাকে প্রশ্ন করেন, ‘তোমার গোপনাঙ্গের কারণে?’ বোয়েন হাসতে হাসতে বলেন, ‘যুক্তি দিয়ে বলতে গেলে, হৃদ্যন্ত্রের চেয়েও এটি বেশি গুরুত্বপূর্ণ।’ আলবানিজের এক মুখপাত্র এএফপিকে জানান, বৈঠকের বিরতিতে তারা মজা করছিলেন।
অস্ট্রেলিয়া কপ৩১ সম্মেলনে জলবায়ু নিয়ে আলোচনায় নেতৃত্ব দিচ্ছে। তবে দেশটি বিশ্বের অন্যতম বড় জীবাশ্ম জ্বালানি রপ্তানিকারক হওয়ার কারণে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দ্বিচারিতার অভিযোগ রয়েছে। এর আগে অশালীন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন আলবানিজ। এই বছর একটি পডকাস্টে গায়িকা কাইলি মিনোগকে নিয়ে যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি এবং সুযোগ পেলে ওই গায়িকার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে চান বলে জানান।
আরও পড়ুন: ইসরাইলের বিরোধীদের সঙ্গে আরব জোটের আলোচনা, তুলে ধরল দাবিদাওয়া
এছাড়া জাপানের প্রধানমন্ত্রীর উপহার দেওয়া একটি তরমুজ নিয়েও তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন। এসব মন্তব্যের কারণে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী সমালোচনার শিকার হন। তবে চালু মাইক্রোফোনে কথা বলে বিতর্কে জড়ানো আলবানিজ প্রথম প্রধানমন্ত্রী নন। ২০১৫ সালে তৎকালীন রক্ষণশীল প্রধানমন্ত্রী টনি অ্যাবটও একই ধরনের ঘটনার কারণে সমালোচনার মুখে পড়েছিলেন। সে সময় তার অভিবাসনমন্ত্রী প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশগুলোর ভবিষ্যৎ নিয়ে রসিকতা করেন, যা জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে এসব দ্বীপ ডুবে যাওয়ার আশঙ্কার সঙ্গে সম্পর্কিত ছিল। অ্যাবট সেই রসিকতা শুনে হেসেছিলেন।
তৎকালীন অভিবাসনমন্ত্রী পিটার ডাটন বলেছিলেন, ‘আপনার দরজার কাছে যখন পানি এসে পড়ার আশঙ্কা, তখন সময়ের আর কোনো গুরুত্ব থাকে না।’ পরে তাকে জানানো হয়, ওই সময় মাইক্রোফোন চালু ছিল, যার ফলে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশগুলোর নেতারা ক্ষুব্ধ হন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন