ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় থ্রি হুইলারের যাত্রী মা-মেয়ের মৃত্যু


পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় থ্রি হুইলারের যাত্রী মা-মেয়ের মৃত্যু

পঞ্চগড়, ১৪ নভেম্বর, ২০২৬ : বোদা উপজেলায় একটি যাত্রীবাহী থ্রি হুইলারের পেছনে একটি ট্রাক ধাক্কা দিলে থ্রি হুইলারটি সড়কের পাশে ছিটকে পড়ে। এ ঘটনায় আহত আট যাত্রীর মধ্যে মা ও মেয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে।

গতকাল শুক্রবার রাত ৮টার দিকে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে রয়েছেন বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের পাঠানপাড়া এলাকার আজগর আলী খোকনের স্ত্রী মাহমুদা আক্তার (৩৫) এবং তার মেয়ে আল আকসা সুমাইয়া সম্প্রীতি (৭)।

আরও পড়ুন: হিলিতে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

নিহত মাহমুদা আক্তারের স্বামী আজগর আলী খোকন একজন সিনিয়র রিপোর্টার, যিনি অনলাইন সংবাদ মাধ্যম ধারা নিউজের সাথে যুক্ত।

দুর্ঘটনাটি ঘটেছিল শুক্রবার বিকেলে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, যাত্রীবাহী থ্রি হুইলারটি বোদা উপজেলার সাকোয়া বাজার থেকে উপজেলা শহরের দিকে যাচ্ছিল। কৈকিল্লা দিঘী এলাকায় পৌঁছানোর পর পেছন থেকে একটি ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে থ্রি হুইলারটি সড়কের পাশে পড়ে যায়। এ সময় আট যাত্রী আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের মধ্যে মাথা, নাক ও মুখে আঘাত পাওয়া অন্তত পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। অন্য দু’জনকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। গুরুতর আহত মাহমুদা ও তার মেয়েকে পরে রংপুরে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তাদের মৃত্যু হয়।

আরও পড়ুন: হাটহাজারীতে বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে কিশোরের মৃত্যু

আহতদের মধ্যে রয়েছেন উপজেলার সাকোয়া ইউনিয়নের সবুজপাড়া এলাকার আয়শা (২), বীরপাড়া এলাকার রহিদুল ইসলাম (৪৮), নগর সাকোয়া এলাকার নাসরিন আক্তার (৪৬) ও তার মেয়ে স্বীকৃতি (৭), মারেয়া বামনহাট এলাকার প্রমিলা (৩০) এবং চন্দনবাড়ি ইউনিয়নের প্রামাণিকপাড়া এলাকার আক্তারুজ্জামান (৩৩)।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল মা-মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতারণার জবাবে বিচ্ছেদ: রাজপুত্রকে বিয়ে, বিশ্বজুড়ে আলোচনায় কোরিয়ান সিরিজ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৭ পি.এম


প্রতারণার জবাবে বিচ্ছেদ: রাজপুত্রকে বিয়ে, বিশ্বজুড়ে আলোচনায় কোরিয়ান সিরিজ

স্বামী অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়েছেন। এই কারণে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ চান। এমন পরিস্থিতিতে স্ত্রীর করণীয় কী? তিনি কান্নায় ভেঙে পড়তে পারেন, স্বামীকে ফিরে পাওয়ার চেষ্টা করতে পারেন অথবা সম্পর্কের অবসানকে নীরবে মেনে নিতে পারেন। কিন্তু যদি তিনি হন একটি সাম্রাজ্যের সম্রাজ্ঞী, তাহলে কী হবে? দক্ষিণ কোরীয় সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’-এর নাভিয়ে সম্পূর্ণ ভিন্ন পথ বেছে নিয়েছেন। স্বামীর বিচ্ছেদের প্রস্তাবে সম্মতি জানিয়ে তিনি উল্টো একটি শর্ত জুড়ে দিয়েছেন। বিচ্ছেদ হলে পশ্চিম সাম্রাজ্যের রাজপুত্র হেইনরিকে বিয়ে করার অনুমতি দিতে হবে।

সম্রাট সোভিয়েশুরের এই প্রস্তাবের জবাবে নাভিয়ের এই সিদ্ধান্ত থেকেই খুলে যায় ক্ষমতা, প্রেম, প্রতিশোধ এবং রাজনীতির এক জটিল অধ্যায়। এখানে বিচ্ছেদ কেবল একটি সম্পর্কের সমাপ্তি নয়, বরং নতুন করে নিজের ভাগ্য নির্ধারণের সুযোগ। আর সেই গল্পটি এখন বিশ্বের নানা প্রান্তের দর্শকদের মুগ্ধ করছে।

৩ নভেম্বর মুক্তির পর মাত্র তিন দিনের মধ্যে ডিজনি প্লাস ও হুলুর ইতিহাসে সবচেয়ে বেশি দেখা স্থানীয় অরিজিনাল সিরিজের প্রিমিয়ার হওয়ার রেকর্ড গড়েছে ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, স্পেন, মেক্সিকো, কানাডা ও অস্ট্রেলিয়াসহ ৫০টির বেশি বাজারে কোরীয় সিরিজের প্রিমিয়ার তালিকায় এটি শীর্ষে জায়গা করে নিয়েছে। রাজকীয় আবহে নির্মিত প্রেম ও ক্ষমতার এই গল্প কেন এত দ্রুত আন্তর্জাতিক দর্শকের মনোযোগ আকর্ষণ করেছে?

তিন বিলিয়ন পাঠের জনপ্রিয়তা

সিরিজটির সাফল্যের পেছনে অন্যতম কারণ এর পরিচিত ও পরীক্ষিত গল্প। কোরীয় লেখক আলফাটার্টের লেখা ওয়েব উপন্যাস থেকে তৈরি হয়েছিল জনপ্রিয় ওয়েবটুন। ডিজনির তথ্য অনুযায়ী, মূল ওয়েবটুনটি বিশ্বজুড়ে এখন পর্যন্ত প্রায় ৩০০ কোটি বার দেখা হয়েছে। ইংরেজি, স্প্যানিশ, জাপানিসহ ১০টির বেশি ভাষায় এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে। ফলে টেলিভিশনের পর্দায় আসার আগেই নাভিয়ের গল্পের জন্য তৈরি হয়েছিল বিশাল আন্তর্জাতিক পাঠকগোষ্ঠী।

তবে কেবল জনপ্রিয় কোনো গল্পকে পর্দায় নিয়ে আসাই সিরিজটির সাফল্যের একমাত্র কারণ নয়। বরং প্রচলিত রাজকীয় প্রেমের গল্পের চেনা ছক ভেঙেছে এর মূল চরিত্র। সাধারণত এ ধরনের গল্পে স্বামীর জীবনে অন্য নারীর আগমনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বিতা, ঈর্ষা কিংবা সম্পর্ক টিকিয়ে রাখার সংগ্রাম দেখা যায়। নাভিয়ের ক্ষেত্রে এটি ভিন্ন। স্বামীর ভালোবাসা ফিরে পাওয়ার চেয়ে তিনি নিজের সম্মান ও ভবিষ্যৎকে বেশি গুরুত্ব দেন।

স্বামীর বিশ্বাসঘাতকতাকে নিজের পরাজয় হিসেবে দেখেন না নাভিয়ে। বরং পরিস্থিতিকে কাজে লাগিয়ে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার সিদ্ধান্ত নেন। এই আত্মমর্যাদাবোধই চরিত্রটিকে আলাদা করেছে। রাজপ্রাসাদের জৌলুশের আড়ালে উঠে এসেছে একজন নারীর ব্যক্তিগত স্বাধীনতা, আত্মপরিচয় এবং ক্ষমতার প্রশ্ন।

সিরিজটি মুক্তির আগে থেকেই দর্শকদের আগ্রহের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। ডিজনি প্লাসের পরিসংখ্যান বলছে, ৩ নভেম্বর মুক্তির প্রথম ৪৮ ঘণ্টায় এর প্রচারমূলক ট্রেলার সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে দেখা হয়েছে ১ কোটি ৩০ লাখ বার। মুক্তির পর সেই আগ্রহ আন্তর্জাতিক সাফল্যে রূপ নিয়েছে।

সম্রাজ্ঞী নাভিয়ে হয়ে শিন মিন-আ

সিরিজটির কেন্দ্রীয় চরিত্র নাভিয়ের ভূমিকায় অভিনয় করেছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী শিন মিন-আ। ‘হোমটাউন চা-চা-চা’ ও ‘মাই গার্লফ্রেন্ড ইজ আ গুমিহো’ দিয়ে আন্তর্জাতিক দর্শকের কাছে পরিচিতি পাওয়া এই অভিনেত্রীর জন্য নাভিয়ে একটি ভিন্নধর্মী চরিত্র। রাজকীয় আভিজাত্য, আত্মবিশ্বাস এবং সংযমের পাশাপাশি চরিত্রটির ভেতরে রয়েছে বিশ্বাসভঙ্গের যন্ত্রণা, ভালোবাসার আকাঙ্ক্ষা এবং নতুন সিদ্ধান্ত নেওয়ার দ্বিধা।

নাভিয়ের এই দ্বৈত সত্তা ফুটিয়ে তোলাই ছিল শিন মিন-আয়ের অভিনয়ের বড় চ্যালেঞ্জ। ৩ নভেম্বরের সংবাদ সম্মেলনে অভিনেত্রী জানান, সম্রাজ্ঞীর আবেগের পরিবর্তনকে খুব সূক্ষ্মভাবে পর্দায় তুলে ধরতে হয়েছে। একই সঙ্গে নতুন করে ভালোবাসতে চাওয়া একজন নারীর মানবিক অনুভূতিও প্রকাশ করতে চেয়েছেন তিনি।

সম্রাট সোভিয়েশুরের চরিত্রে আছেন জু জি-হুন। ‘কিংডম’, ‘দ্য ট্রমা কোড’ ও ‘লাইট শপ’-এর মতো কাজের মাধ্যমে পরিচিত এই অভিনেতা এবার পর্দায় হাজির হয়েছেন অহংকারী এবং বিশ্বাসঘাতক এক সম্রাট হিসেবে। নাভিয়ের সঙ্গে তাঁর সম্পর্কের টানাপোড়েনই গল্পের অন্যতম প্রধান সংঘাত তৈরি করেছে।

অন্যদিকে পশ্চিম সাম্রাজ্যের রাজপুত্র হেইনরির চরিত্রে অভিনয় করেছেন লি জং-সুক। ‘রোমান্টিক ফ্যান্টাসি’র রাজপুত্র হিসেবে তাঁর উপস্থিতি দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। চরিত্রটির দুষ্টুমি, রসবোধ এবং নাভিয়ের প্রতি ভালোবাসা গল্পে এনেছে ভিন্ন মাত্রা। বিশেষ করে নাভিয়ে ও হেইনরির নাচের দৃশ্যটি আন্তর্জাতিক দর্শকদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে। কোরিয়া ডেইলির প্রতিবেদন অনুযায়ী, বিদেশি দর্শকদের অনেকে হেইনরিকে রোমান্টিক ফ্যান্টাসির আদর্শ রাজপুত্র হিসেবে দেখছেন।

রাজপ্রাসাদের ক্ষমতার সমীকরণে গুরুত্বপূর্ণ চরিত্র রাস্তা। এই ভূমিকায় অভিনয় করেছেন লি সে-ইয়ং। উচ্চাকাঙ্ক্ষা, কৌশল এবং ব্যক্তিগত আকর্ষণের মিশেলে তৈরি চরিত্রটি গল্পে নতুন মাত্রা যোগ করেছে। চার অভিনয়শিল্পীর পারস্পরিক সম্পর্ক এবং সংঘাতই মূলত সিরিজটির নাটকীয়তা ধরে রেখেছে।

কোরীয় অভিনয়শিল্পীদের ইউরোপীয় রাজপ্রাসাদ

পরিচালক চো সু-ওনের জন্য এই সিরিজ নির্মাণ ছিল একাধিক দিক থেকে চ্যালেঞ্জের। ‘পিনোকিও’, ‘আই ক্যান হিয়ার ইয়োর ভয়েস’ এবং ‘ডক্টর জন’-এর মতো জনপ্রিয় সিরিজ নির্মাণের অভিজ্ঞতা রয়েছে তাঁর। ‘দ্য রিম্যারিড এমপ্রেস’-এর চিত্রনাট্য লিখেছেন ইয়ো জিনা ও হিউন চুং-ইয়ল।

মূল ওয়েব উপন্যাস ও ওয়েবটুনের উপস্থাপনায় ছিল কিছু পার্থক্য। উপন্যাসের গল্প তুলনামূলক গম্ভীর হলেও ওয়েবটুনে চরিত্রগুলো বেশি উজ্জ্বল এবং প্রাণবন্ত। এই দুই ধরনের আবহকে একত্র করে পর্দায় বিশ্বাসযোগ্য গল্প নির্মাণ করতে হয়েছে পরিচালককে। তাঁর লক্ষ্য ছিল, মূল গল্পের আবেদন অক্ষুণ্ন রেখে দুই মাধ্যমের বৈশিষ্ট্যের মধ্যে ভারসাম্য তৈরি করা।

সবচেয়ে বড় নির্মাণগত চ্যালেঞ্জ ছিল ইউরোপীয় মধ্যযুগীয় রাজপরিবারের পরিবেশ ফুটিয়ে তোলা। গল্পের চরিত্র, পোশাক, রাজপ্রাসাদ এবং সামাজিক রীতিনীতিতে রয়েছে পশ্চিমা রাজতন্ত্রের ছাপ। অথচ অভিনয়শিল্পী থেকে শুরু করে নির্মাণ দলের বড় অংশই দক্ষিণ কোরীয়। তাই দর্শকের কাছে কল্পনার সেই জগৎকে বাস্তবসম্মত করে তোলার জন্য লোকেশন নির্বাচনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

শুধু স্টুডিওর সেটে সীমাবদ্ধ থাকেনি নির্মাণকাজ। জার্মানির শ্লাইসহাইম প্রাসাদে ধারণ করা হয়েছে পূর্ব সাম্রাজ্যের রাজপ্রাসাদের দৃশ্য। চেক প্রজাতন্ত্রের ক্রোমেরিজ গার্ডেন ব্যবহৃত হয়েছে নাভিয়ে এবং হেইনরির সম্পর্কের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ধারণে। পোশাক, সাজসজ্জা এবং দৃশ্যসজ্জাতেও রাখা হয়েছে ইউরোপীয় রাজকীয় ঐতিহ্যের ছাপ।

‘ব্রিজারটন’-এর সঙ্গে তুলনা, তবে গল্প আলাদা

মুক্তির পর থেকেই সিরিজটির সঙ্গে নেটফ্লিক্সের জনপ্রিয় ‘ব্রিজারটন’-এর তুলনা করছেন দর্শকদের একাংশ। দুই সিরিজেই অভিজাত সমাজ, জমকালো পোশাক, প্রেম, গোপন সম্পর্ক, সামাজিক মর্যাদা এবং ক্ষমতার দ্বন্দ্ব রয়েছে। তবে ‘দ্য রিম্যারিড এমপ্রেস’ কেবল রাজকীয় প্রেমের গল্পে আটকে থাকেনি। এতে যুক্ত হয়েছে সাম্রাজ্য বিস্তার, রাজনৈতিক হিসাব-নিকাশ এবং ফ্যান্টাসির উপাদান।

দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অন স্ক্রিন’ বিভাগে সিরিজটির প্রথম তিনটি পর্ব প্রদর্শিত হয়েছিল। সেখানে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। প্রদর্শনীর পর সমালোচকদের কাছ থেকেও এসেছে ইতিবাচক প্রতিক্রিয়া।

সমালোচক জং দক-হিউনের মতে, কোরীয় নাটকের পরিচিত বাস্তবধর্মী গল্পের বাইরে গিয়ে ইউরোপীয় রাজপ্রাসাদের পরিবেশ, অভিজাতদের রাজনীতি এবং ফ্যান্টাসির সমন্বয় সিরিজটিকে আলাদা করেছে। তাঁর মূল্যায়নে, জমকালো দৃশ্যসজ্জা, পোশাক এবং সংযত পরিচালনা দর্শককে কল্পনার জগতে প্রবেশ করতে সাহায্য করেছে।

যুক্তরাষ্ট্রের বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম স্ক্রিনর‍্যান্ট প্রথম তিনটি পর্বকে ১০-এর মধ্যে ৯ নম্বর দিয়েছে। তাদের মতে, ২০২৬ সালের অন্যতম আলোচিত কোরীয় সিরিজ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে এটির। অন্যদিকে কলাইডার দিয়েছে ৭ নম্বর। শিন মিন-আয়ের অভিনয়কে প্রশংসা করলেও সিরিজের শুরুর দিকের ধীরগতি এবং সম্রাট সোভিয়েশুরের আচরণের আকস্মিক পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলেছে তারা।

বুসান চলচ্চিত্র উৎসবে প্রদর্শনী দেখে জ্যাপজি ওয়েবসাইটের এক সমালোচক দিয়েছেন ৮ নম্বর। তাঁর মতে, রাজকীয় পোশাক, দৃশ্যসজ্জা, অভিনয় এবং আবেগঘন সম্পর্কের সমন্বয় প্রত্যাশার চেয়েও ভালো হয়েছে।

অবশ্য প্রশংসার পাশাপাশি সমালোচনাও রয়েছে। কিছু দর্শকের মতে, কয়েকটি পোশাক এবং সাজসজ্জা কল্পিত রাজপ্রাসাদের পরিবেশের সঙ্গে পুরোপুরি মানানসই হয়নি। কিছু দৃশ্যের আলোকসজ্জা এবং ভিএফএক্স নিয়েও আপত্তি উঠেছে। বিশেষ করে নাভিয়ে এবং সোভিয়েশুরের সম্পর্কের রোমান্টিক উপস্থাপন নিয়ে দর্শকদের একাংশের অসন্তোষ রয়েছে।

দর্শকের আলোচনায় নাভিয়ে-হেইনরি

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে রেডিট-বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সিরিজটি নিয়ে আলোচনা চলছে। দর্শকদের বড় একটি অংশের আগ্রহের কেন্দ্রে নাভিয়ে এবং হেইনরির সম্পর্ক। তাঁদের অনেকে শিন মিন-আ এবং লি জং-সুকের পর্দার রসায়নের প্রশংসা করছেন। কেউ কেউ সিরিজটিকে বলছেন ‘কোরীয় ব্রিজারটন’।

তবে দর্শকদের কাছে নাভিয়ের জনপ্রিয়তার কারণ কেবল নতুন প্রেম নয়। বরং প্রতারণার শিকার হয়েও নিজের আত্মমর্যাদা ধরে রাখার বিষয়টি তাঁদের বেশি আকৃষ্ট করেছে। রেডিটের এক দর্শকের মন্তব্যে উঠে এসেছে, গল্পটির বিশেষত্ব হলো, নাভিয়ে নিজেকে অসহায় হিসেবে প্রতিষ্ঠা করতে চান না। পরিস্থিতির কাছে আত্মসমর্পণ না করে নিজের সিদ্ধান্তে অটল থাকেন তিনি।

এই দিকটি সিরিজটিকে নিছক প্রেমের গল্পের বাইরে নিয়ে গেছে। একজন নারী কীভাবে ব্যক্তিগত সম্পর্কের সংকটের মধ্যেও নিজের অবস্থান এবং ভবিষ্যৎ নির্ধারণ করতে পারেন, সেটিও হয়ে উঠেছে গল্পের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।

শেষ পর্বের অপেক্ষায় দর্শক

সিরিজটির প্রথম চারটি পর্ব মুক্তি পেয়েছিল ৩ নভেম্বর। এরপর ১১ নভেম্বর প্রকাশিত হয়েছে আরও দুটি পর্ব। বাকি চারটি পর্বও দুই সপ্তাহে দুই পর্ব করে মুক্তি পাবে। সূচি অনুযায়ী, ২৫ নভেম্বর প্রচারিত হবে শেষ দুটি পর্ব। যুক্তরাষ্ট্রে ডিজনি প্লাস এবং হুলুতে এবং আন্তর্জাতিক বাজারে ডিজনি প্লাসে দেখা যাচ্ছে সিরিজটি।

‘দ্য রিম্যারিড এমপ্রেস’-এর সাফল্য কোরীয় বিনোদনশিল্পের জন্যও তাৎপর্যপূর্ণ। আন্তর্জাতিক দর্শকের কাছে কোরীয় সিরিজের জনপ্রিয়তা এত দিন মূলত রোমান্স, থ্রিলার, অপরাধ, পারিবারিক সম্পর্ক কিংবা সামাজিক বাস্তবতাভিত্তিক গল্পকে ঘিরে বিস্তৃত হয়েছে। এবার ইউরোপীয় রাজতন্ত্রের আদলে নির্মিত রোমান্টিক ফ্যান্টাসিও সেই জনপ্রিয়তার পরিসর বাড়াচ্ছে।

সব মিলিয়ে ‘দ্য রিম্যারিড এমপ্রেস’ এমন এক সম্রাজ্ঞীর গল্প, যিনি স্বামীর বিচ্ছেদের সিদ্ধান্তে নিজের পৃথিবী শেষ হতে দেননি। বরং সেই বিচ্ছেদকেই করেছেন নতুন জীবনের দরজা। রাজকীয় পোশাক, প্রাসাদের ষড়যন্ত্র এবং প্রেমের উত্তেজনার আড়ালে তাই দর্শকের কাছে সবচেয়ে আকর্ষণীয় হয়ে উঠেছে নাভিয়ের একটি সিদ্ধান্ত—নিজের জীবনের গল্পটি তিনি অন্য কাউকে লিখতে দেবেন না।

কোরিয়া টাইমস, ভ্যারাইটি অবলম্বনে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্প্যানিশ ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষক হেসুস ওওনোকে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৮ পি.এম


স্প্যানিশ ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষক হেসুস ওওনোকে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) ডিসিপ্লিনারি কমিটি আন্দোরার গোলরক্ষক হেসুস ওওনোকে ১২ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। ২ নভেম্বর টেনেরিফের বিরুদ্ধে অনুষ্ঠিত ম্যাচে প্রতিপক্ষের স্ট্রাইকার হেসুস দে মিগেলকে বিপজ্জনকভাবে ট্যাকল করার কারণে তিনি সরাসরি লাল কার্ড দেখেছিলেন। ঘটনার পরদিন হাসপাতালে মারা যান দে মিগেল।

এই ঘটনার পর ডিসিপ্লিনারি কমিটি আরএফইএফের ডিসিপ্লিনারি কোডের ১০২ নম্বর ধারায় গুরুতর অপরাধ হিসেবে এটি বিবেচনা করেছে। ঘটনার বিশেষ গুরুত্বের কারণে সর্বোচ্চ শাস্তি হিসেবে ওওনোকে ১২ ম্যাচ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, ম্যাচ রেফারি তার প্রতিবেদনে উল্লেখ করেন যে, বল দখলের লড়াইয়ে অতিরিক্ত শক্তি প্রয়োগ করে উঁচুতে তোলা পা দিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়কে আঘাত করায় ওওনোকে লাল কার্ড দেখানো হয়। মাঠে চিকিৎসা দেওয়া হয় দে মিগেলকে এবং পরে স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটির দেওয়া এটি অন্যতম কঠোর শাস্তি। চলতি বছরে আর্জেন্টাইন গোলরক্ষক এস্তেবান আন্দ্রাদাও ১৩ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন। রিয়াল সারাগোসা ও এসডি হুয়েস্কার মধ্যকার ডার্বিতে হোর্হে পুলিদোর ওপর আক্রমণের ঘটনায় তাকে এই শাস্তি দেওয়া হয়েছিল।

টেনেরিফের ফুটবলার দে মিগেলের মৃত্যু স্পেনসহ বিশ্ব ফুটবলকে শোকাহত করেছে। দে মিগেল মাঝমাঠে বল নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন। এ সময় বল ক্লিয়ার করতে এগিয়ে আসেন ওওনো। একপর্যায়ে তার হাঁটু সরাসরি আঘাত করে দে মিগেলের শরীরে।

এই সংঘর্ষের ফলে পুরো স্টেডিয়ামে চাঞ্চল্য সৃষ্টি হয়। মাঠেই লুটিয়ে পড়েন টেনেরিফের এই ফরোয়ার্ড। চিকিৎসা দেওয়ার পরও হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় এবং চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।

আন্দোরার টেকনিক্যাল ডিরেক্টর কার্লেস মানসো নিশ্চিত করেছেন যে, এই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন ওওনো। তিনি জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন।

মানসো বলেন, 'হেসুস ওওনোর পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। এই ঘটনায় সবচেয়ে বেশি জড়িয়ে পড়েছে সে নিজেই। বিষয়টি যথাযথভাবে সামলানো প্রয়োজন। তার পুরো পরিস্থিতি ও ব্যক্তিগত গোপনীয়তার প্রতি আমাদের সম্মান দেখাতে হবে। সে এখন পরিবার, বন্ধু ও জীবনসঙ্গীর সঙ্গে রয়েছে। এই অত্যন্ত দুঃখজনক পরিস্থিতি কাটিয়ে উঠতে তারা তাকে যথাসাধ্য সহায়তা করবে।'

পেশাদার ফুটবল থেকে ওওনোর অবসরে যাওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। তবে মানসো জানিয়েছেন, ইকুয়েটোরিয়াল গিনির এই গোলরক্ষক অবসরের সিদ্ধান্ত নেননি। যদিও তার ভবিষ্যৎ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে তৃতীয় সভা ১৬ নভেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৮ পি.এম


গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে তৃতীয় সভা ১৬ নভেম্বর

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা গার্মেন্টস শিল্পে নিয়োজিত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে গঠিত।

এ সভাটি অনুষ্ঠিত হবে ঢাকার বিজয়নগরে ১৯৬, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণির শ্রম ভবনের ১৯ তলায় শ্রম অধিদপ্তরে, সকাল ১১টায়।

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারার বিধান অনুসারে আহূত এই সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী (জেলা ও দায়রা জজ)।

বোর্ডের নোটিশ অনুযায়ী, সভার প্রথম আলোচ্যসূচিতে গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধির পক্ষ থেকে নিম্নতম মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল করা হবে।

এছাড়া, সভায় শিল্প খাতের সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়ন নিয়েও আলোচনা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার বর্জ্যসংকট: মাতুয়াইল ও আমিনবাজারের পরিস্থিতি এবং সমাধানের প্রয়োজনীয়তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৯ পি.এম


ঢাকার বর্জ্যসংকট: মাতুয়াইল ও আমিনবাজারের পরিস্থিতি এবং সমাধানের প্রয়োজনীয়তা

মেগাসিটি ঢাকা প্রতিদিন এক বিশাল কর্মচাঞ্চল্যের মধ্যে জেগে ওঠে। এই কর্মচাঞ্চল্যের সাথে সাথে তৈরি হয় হাজার হাজার টন বর্জ্য। গৃহস্থালি ময়লা, প্লাস্টিক, পলিথিন, হাসপাতালের বর্জ্য এবং কলকারখানার রাসায়নিক—সব মিলিয়ে ঢাকা যেন একটি বিশাল বর্জ্য উৎপাদনকারী কারখানায় পরিণত হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, দুই কোটিরও বেশি মানুষের এই শহরের প্রতিদিনের ময়লা-আবর্জনা কোথায় যায়? আমরা কি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি পরিকল্পিত ও বাসযোগ্য নগরী উপহার দিতে পারছি, নাকি অজান্তেই আবর্জনার এক পাহাড় গড়ে তুলছি?

ময়লার শেষ গন্তব্য: মাতুয়াইল ও আমিনবাজার

ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি করপোরেশনের পরিসংখ্যান অনুযায়ী, এই মহানগরীতে প্রতিদিন গড়ে প্রায় ছয় থেকে সাত হাজার টন বর্জ্য উৎপাদিত হয়। বিভিন্ন বাসাবাড়ি থেকে সংগ্রহকারী ভ্যানগুলো এই ময়লা নিয়ে যায় এলাকার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস)। সেখান থেকে বড় ট্রাকে করে বর্জ্য শহরের দুটি প্রধান ল্যান্ডফিলে নিয়ে যাওয়া হয়।

ঢাকা দক্ষিণের বর্জ্য যাত্রাবাড়ীর অদূরে অবস্থিত মাতুয়াইল ল্যান্ডফিলে যায়, আর উত্তর সিটির বর্জ্য জমা হয় সাভারের কাছাকাছি আমিনবাজার ল্যান্ডফিলে। মূলত এই দুটি উন্মুক্ত ডাম্পিং স্টেশনই ঢাকার ময়লার শেষ ঠিকানা। বছরের পর বছর ধরে এখানে উন্মুক্ত অবস্থায় ময়লা ফেলতে ফেলতে এখন তা বিশাল পাহাড়ে রূপ নিয়েছে। এই দুই ল্যান্ডফিলের ধারণক্ষমতা বহু আগেই শেষ হয়ে গেছে, কিন্তু বিকল্প জায়গা না থাকায় বাধ্য হয়ে এখানেই উপচে পড়া বর্জ্য ফেলা হচ্ছে।

পরিবেশ ও জনস্বাস্থ্যের চরম হুমকি

এভাবে উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলে রাখার সনাতন পদ্ধতি শুধু ঢাকার সৌন্দর্যকে নষ্ট করছে না, বরং তা মাটি, বাতাস এবং ভূগর্ভস্থ পানির অপূরণীয় ক্ষতি করছে। বর্ষাকালে ময়লা পচে যে বিষাক্ত তরল বা ‘লিচেট’ তৈরি হয়, তা চারপাশের জলাশয় ও মাটির নিচে প্রবেশ করে পানি মারাত্মকভাবে দূষিত করছে। এর ফলে বুড়িগঙ্গা ও তুরাগের মতো নদীগুলোর পানি এখন ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।

এছাড়া, ময়লার স্তূপ থেকে অনবরত নির্গত হচ্ছে মিথেন ও কার্বন ডাই-অক্সাইডের মতো গ্রিনহাউস গ্যাস, যা ঢাকার বায়ুর মানকে প্রতিনিয়ত বিপজ্জনক স্তরে নিয়ে যাচ্ছে। এ অঞ্চলের মানুষ শ্বাসকষ্ট, চর্মরোগ এবং ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে দিন কাটাচ্ছেন।

উন্নত বিশ্বের উদাহরণ: বর্জ্য যেখানে সম্পদ

যখন আমরা বর্জ্যের স্তূপে হাবুডুবু খাচ্ছি, তখন বিশ্বের উন্নত দেশগুলো বর্জ্যকে সমস্যা না ভেবে সম্পদে রূপান্তরিত করেছে। তাদের গৃহীত কিছু কার্যকর মডেল আমাদের চোখ খুলে দিতে পারেÑ

১. জাপানের ‘জিরো ওয়েস্ট’ মডেল : জাপান বর্জ্য ব্যবস্থাপনায় বিশ্বের অন্যতম সেরা। তারা শুরুতেই বর্জ্যকে কাচ, প্লাস্টিক, কাগজসহ বহু স্তরে সুনির্দিষ্টভাবে পৃথক করে। এরপর পুনর্ব্যবহারযোগ্য অংশ রিসাইকেল করা হয়। বাকি অংশ পরিবেশবান্ধব ‘ইনসিনারেটর’ বা চুল্লিতে পুড়িয়ে ফেলা হয়। টোকিও শহরের মাঝখানে থার্মাল প্ল্যান্ট থাকলেও সেখান থেকে কোনো ক্ষতিকর ধোঁয়া বা গন্ধ বের হয় না।

২. সুইডেনের বর্জ্য আমদানির অর্থনীতি : সুইডেন তাদের উৎপাদিত বর্জ্যের ৯৯ শতাংশই রিসাইকেল এবং ‘ওয়েস্ট-টু-এনার্জি’ (বর্জ্য থেকে বিদ্যুৎ) প্রযুক্তির মাধ্যমে পুনর্ব্যবহার করে। দেশটিতে বর্জ্যের এতটাই অভাব যে, তাদের নিজস্ব রিসাইকেলিং ও বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্ট চালু রাখতে তারা প্রতিবছর নরওয়ে, যুক্তরাজ্যসহ পাশের দেশগুলো থেকে বিপুল পরিমাণ ময়লা আমদানি করে।

৩. সিঙ্গাপুরের সেমাকাউ ল্যান্ডফিল : সিঙ্গাপুর তাদের পুড়িয়ে ফেলা বর্জ্যের ছাই দিয়ে সাগরের বুকে গড়ে তুলেছে ‘সেমাকাউ’ নামের একটি কৃত্রিম দ্বীপ, যা এখন একটি চমৎকার বিনোদন কেন্দ্র ও বন্যপ্রাণী অভয়ারণ্য। অত্যন্ত বৈজ্ঞানিক উপায়ে তৈরি করায় এই ল্যান্ডফিল থেকে চারপাশের সামুদ্রিক পরিবেশের বিন্দুমাত্র ক্ষতি হয় না।

ঢাকার জন্য করণীয় এবং উত্তরণের পথ

ঢাকা শহরের বর্জ্য সংকট কাটাতে হলে আমাদেরও দ্রুত আধুনিক ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় যেতে হবে। এ ক্ষেত্রে নিচের পদক্ষেপগুলো জরুরিÑ

উৎসস্থলে বর্জ্য পৃথককরণ : বাসাবাড়ি থেকেই পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করার নিয়ম চালু করতে হবে।

ওয়েস্ট-টু-এনার্জি প্রকল্প দ্রুত বাস্তবায়ন : আমিনবাজারে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তা দ্রুত ও কার্যকরভাবে চালু করতে হবে।

থ্রি-আর (3R) নীতির প্রয়োগ : হ্রাস (Reduce), পুনর্ব্যবহার (Reuse) এবং রিসাইকেল (Recycle)—এই তিন নীতিকে আইনি কাঠামোর আওতায় এনে বাস্তবায়ন করতে হবে।

প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার বন্ধ : পরিবেশের পরম শত্রু ওয়ান-টাইম প্লাস্টিক এবং নিষিদ্ধ পলিথিনের উৎপাদন ও ব্যবহার কঠোর হস্তে দমন করতে হবে।

বর্জ্য কোনো ফেলনা বস্তু নয়, যদি একে সঠিকভাবে কাজে লাগানো যায়। ঢাকার দুই প্রধান ল্যান্ডফিলকে আর কতদিন ডাম্পিং ইয়ার্ড হিসেবে ব্যবহার করা যাবে, তার কোনো সুনির্দিষ্ট উত্তর নেই। তাই সনাতন পদ্ধতি পরিহার করে পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তির সমন্বয় এখন সময়ের দাবি। সিটি করপোরেশন, সরকার এবং সাধারণ নাগরিকদের সম্মিলিত সচেতনতাই পারে ঢাকাকে একটি পরিচ্ছন্ন, সবুজ এবং স্বাস্থ্যকর মেগাসিটি হিসেবে পুনর্জন্ম দিতে।

লেখক: প্রভাষক, ঢাকা কলেজ, ঢাকা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%